জাতীয় নির্বাচন কমিশনের ফের তলব। তবে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নয়, ডাকা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী কালীঘাট তৃণমূল কংগ্রেসকে। ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে তৃণমূলের দুই শিবিরই নির্বাচন কমিশনের মুখোমুখি হয়েছিল এবং প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল। তার পরেই মমতা-পন্থী শিবিরকে ফের ডাকার ঘটনায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টেয় কালীঘাট তৃণমূল কংগ্রেসকে নির্বাচন কমিশনে ডাকা হয়েছে। প্রয়োজনে ১৭ সেপ্টেম্বরও ফের শুনানি হতে পারে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিশনের তরফে ইমেইল পৌঁছেছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও চিঠি পাঠানো হয়েছে।
কেন হঠাৎ কালীঘাট তৃণমূলকে ফের ডাকা হল, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ১২ সেপ্টেম্বরের শুনানিতে ঋতব্রত-পন্থী তৃণমূল যে সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে, সেগুলি মমতা-পন্থী শিবিরকে দেওয়া হয়েছে। সেই নথিগুলি খতিয়ে দেখে লিখিত জবাব দিতে বলা হয়েছে কালীঘাট তৃণমূলকে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে সেই লিখিত জবাব জমা দিতে হবে বলে জানা গিয়েছে। প্রয়োজনে পরের দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টেয় নয়াদিল্লির অশোকা রোডের দফতরে ফের শুনানি হতে পারে। সেখানে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিদের ডাকা হতে পারে বলে সূত্রের খবর।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৬ সেপ্টেম্বরই নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ফলে তার ঠিক আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের এই তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস দুই শিবিরে ভাগ হয়েছে বলে দাবি করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬৫ জন বিধায়ক আলাদা শিবির তৈরি করেছেন বলে জানা গিয়েছে। অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল নিজেদেরই আসল দল বলে দাবি করছে।
দলের নাম এবং প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ দুই শিবিরই। এর আগে শিবসেনার ভাঙনের সময়ও দলের নাম ও প্রতীক নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আইনি এবং সাংগঠনিক লড়াই হয়েছিল। তৃণমূলের ক্ষেত্রেও এখন একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে নির্বাচন কমিশন তৃণমূলের কোন শিবিরকে আসল দল হিসেবে স্বীকৃতি দেয় কি না, সেটাই এখন দেখার। অথবা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে দলের নাম ও প্রতীক সাময়িক ভাবে আটকে রাখা হয় কি না, সেদিকেও নজর রয়েছে।
তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। ১৬ সেপ্টেম্বরের শুনানি এবং তার পরের পদক্ষেপেই তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে পরবর্তী ছবি আরও স্পষ্ট হতে পারে।
- More Stories On :
- Election Commission
- Kalighat TMC

