ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার দেশের পূর্ব উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা যথেষ্ট বেশি হলেও এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
জাপান সরকারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায়। সমুদ্রপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস ছিল। বিশেষজ্ঞদের মতে, সুনামির আশঙ্কা না থাকলেও সমুদ্রের জলে সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।
পরিস্থিতির উপর নজর রাখতে জরুরি ভিত্তিতে বিশেষ পর্যবেক্ষক দল গঠন করেছে জাপান সরকার। সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলিকেও প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, মাত্র এক দিন আগেই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে ভেনেজুয়েলা। সেখানে ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। এই বিরল ঘটনার জেরে রাজধানী-সহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভেনেজুয়েলার সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভেনেজুয়েলার সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই জাপানে নতুন ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
- More Stories On :
- Japan Earthquake

