ইজরায়েলের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনের পর কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় ধাক্কা খেলেন। সরকার গঠনের দায়িত্ব পেলেন না তিনি। বরং তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে সরকার গঠনের জন্য ডাকলেন প্রেসিডেন্ট। ফলে ইজরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও নতুন সরকার গঠন এখনও সহজ নয়।
ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের দফতর থেকে জানানো হয়েছে, রবিবার আনুষ্ঠানিক ভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে। গত সপ্তাহে টানা দু’দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট। সেই আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইজরায়েলের সংসদে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ জন সদস্যের সমর্থন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্য দিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ঝুলিতে রয়েছে ৫৩টি আসন। আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন, যা উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে।
তবে সংসদে সমর্থনের হিসাবে আইজেনকোট এগিয়ে রয়েছেন। নবনির্বাচিত সদস্যদের মধ্যে ৬৭ জন তাঁকে সমর্থন করেছেন। এই তালিকায় রয়েছেন আরব দলগুলির ১৯ জন সদস্যও। অন্য দিকে, নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন সদস্য। এক সময়ের রাজনৈতিক সহযোগী ইউনাইটেড তোরাহ জুডাইজমও এবার তাঁকে সমর্থন করেনি।
তবে সরকার গঠনের দায়িত্ব পেলেও আইজেনকোটের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তিনি একটি জরুরি সরকার গড়তে চান। তার জন্য চারটি শর্তও রেখেছেন। তাঁর দাবি, ইজরায়েলকে ইহুদি, গণতান্ত্রিক, উদার এবং সমানাধিকারের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে মানতে হবে। এই শর্তের কারণে আরব দলগুলি নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আগামী কয়েক দিন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা ও দর কষাকষি চলবে। মন্ত্রিত্ব বণ্টন থেকে শুরু করে জোটের শর্ত, সব বিষয়েই সমঝোতায় পৌঁছতে হবে আইজেনকোটকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারলে তবেই নতুন সরকার গঠন সম্ভব হবে।
তবে আইজেনকোট ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনও সংসদ সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২৮ দিনের মধ্যে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে হবে। তিনিও ব্যর্থ হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনও প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। সেই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন।
এর পরেও যদি সরকার গঠন সম্ভব না হয়, তা হলে ভেঙে দেওয়া হতে পারে ইজরায়েলের সংসদ নেসেট। সে ক্ষেত্রে দেশে নতুন করে নির্বাচন হবে। ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যেমন অনিশ্চিত, তেমনই ইজরায়েলে শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
- More Stories On :
- Israel
- Benjamin Netanyahu
- Eisenkot

