তৃণমূল কংগ্রেস ভেঙে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এনসিপিআই সাংসদ হওয়ার এক মাসের মধ্যেই কি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা আবার দল বদল করবেন? তাঁরা কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন?
সূত্রের খবর, এনডিএ-তে এনসিপিআই সাংসদদের অন্তর্ভুক্তি নিয়ে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়ে সুদীপদের সাংসদ পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই আইনি বিতর্ক এড়াতেই বিদ্রোহী সাংসদদের সরাসরি বিজেপিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানা গিয়েছে।
এই ২০ জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন জল্পনার কেন্দ্রে। বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার তাঁর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
সংসদের বাদল অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে এনসিপিআই সাংসদদের ডাক দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। কালীঘাট তৃণমূল-সহ বিরোধী দলগুলি প্রতীকী ওয়াকআউট করে। তাঁদের প্রশ্ন ছিল, এনসিপিআই এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও কেন তাদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হল?
এই বিতর্কের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এনসিপিআই সাংসদদের বিজেপিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা কি সেই জটিলতা কাটানোরই একটি উপায়?
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওদের দলের যিনি নেতা আছেন, তিনি বলতে পারবেন। আমি বিজেপির কথা বলতে পারি। আমি এনডিএ-র নেতা নই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি একা লড়ে জয়ী হয়েছে। কোনও শরীকের প্রয়োজন হয়নি।” যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও সুদীপ-কাকলিদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

