আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত। একই সঙ্গে দেশের সামরিক শক্তি আরও বাড়ানোর লক্ষ্যে এবার নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত। এই পরীক্ষাকে ঘিরে বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকায় নোটিস টু এয়ারমেন বা NOTAM জারি করা হয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই নোটিস কার্যকর থাকবে। ওই সময়ে নির্দিষ্ট আকাশসীমায় সমস্ত ধরনের বেসামরিক বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, যে NOTAM জারি করা হয়েছে তার দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫৩০ কিলোমিটার। এত বড় এলাকাজুড়ে আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে জল্পনা তৈরি হয়েছে, এবার সম্ভবত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চল দেখে অনুমান করা হচ্ছে যে এটি সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা হতে পারে। স্ট্র্যাটেজিক কিংবা হাইপারসনিক শ্রেণির কোনও ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও হতে পারে বলে ধারণা।
তবে কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা হবে বা কোন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, সমুদ্রের উপর এই ধরনের বড় সামরিক পরীক্ষার আগে NOTAM জারি করা সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হল পরীক্ষার সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং বেসামরিক বিমানকে ওই এলাকা থেকে দূরে রাখা।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগরের উপর প্রায় ৩ হাজার ২৪০ কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে একই ধরনের NOTAM জারি করা হয়েছিল। তখনও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা তৈরি হয়েছিল।
NOTAM বা নোটিস টু এয়ারমেন এমন একটি বিজ্ঞপ্তি, যার মাধ্যমে সাময়িকভাবে কোনও আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। অতীতেও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার সময় এই ধরনের নোটিস জারি করা হয়েছে, যাতে কোনও যাত্রীবাহী বিমান সামরিক কার্যকলাপের মধ্যে পড়ে না যায়। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় এবং বিমান বাহিনী নির্বিঘ্নে তাদের অভিযান বা পরীক্ষা চালাতে পারে।
- More Stories On :
- Notam
- Bay of Bengal
- Long range

