ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার পর এবার পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির পথে এগোচ্ছে ভারত। উপসাগরীয় সহযোগিতামূলক পর্ষদ বা গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করল নয়াদিল্লি। এই পর্ষদে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, ওমান এবং বাহরিন।
এই ছ’টি দেশের সঙ্গে ভারতের আগে থেকেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ও জিসিসি-র দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে প্রায় ১৭ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে। এবার সেই সম্পর্ক আরও শক্ত করতে মুক্ত বাণিজ্যচুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই চুক্তি চূড়ান্ত হলে জিসিসি-র ছ’টি দেশে শুল্ক ছাড়াই পণ্য রপ্তানি করতে পারবে ভারত। গত বৃহস্পতিবারই এই নিয়ে প্রাথমিক চুক্তিতে সই হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, হাজার হাজার বছর ধরে ভারতের সঙ্গে এই দেশগুলির বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। নতুন চুক্তি হলে সেই সম্পর্ক আরও গভীর হবে।
বাণিজ্যমন্ত্রী জানান, খাদ্যশস্য উৎপাদনে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে রয়েছে। অন্য দিকে, জিসিসি-র দেশগুলি তেল ও গ্যাস রপ্তানিতে এগিয়ে। ফলে এই চুক্তি কার্যকর হলে দু’পক্ষই লাভবান হবে বলে মত তাঁর।
এই প্রসঙ্গে প্রখ্যাত অর্থনীতিবিদ ও রাষ্ট্রসংঘের উপদেষ্টা জেফ্রি স্যাক্স বলেন, উপসাগরীয় অঞ্চল ভারতের জন্য একটি বড় বাজার। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিও দ্রুত বাড়ছে। চিনের সঙ্গেও ভারতের বাণিজ্যের সুযোগ রয়েছে। তাঁর মতে, শুধু আমেরিকার বাজারের উপর নির্ভর না করে ভারতের উচিত বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা।
- More Stories On :
- Trade Deal
- Middle East
- India

