• ৮ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Kolkata

কলকাতা

ভোটের মাঝেই অ্যাপ ক্যাবে ২৫ লক্ষ! নিউটাউনে পুলিশের হানা, গ্রেফতার এক

রাজ্যে ভোটের আবহের মধ্যেই কলকাতায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার নিউটাউনের সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি গুজরাতের বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে সকাল থেকেই নিউটাউনের ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল বিধাননগর গোয়েন্দা পুলিশ এবং ইকোপার্ক থানার পুলিশ। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাবকে থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরেশ ঠাকুর। পুলিশ জানিয়েছে, তিনি গুজরাতের বাসিন্দা। তাঁর দাবি, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনে যাচ্ছিলেন। তবে এত বড় অঙ্কের টাকার সঠিক নথি তিনি দেখাতে পারেননি বলে জানা গেছে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।উল্লেখযোগ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় নাকাতল্লাশির সময় নগদ টাকা উদ্ধার হয়েছে। কয়েকদিন আগে আলিপুরদুয়ারে একটি গাড়ি থেকে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই ক্ষেত্রেও টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।গত ১৫ মার্চ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়েছে। নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকার বেশি নগদ বা ১০ হাজার টাকার বেশি মূল্যের জিনিস নিয়ে যাতায়াত করলে তার সঠিক নথি দেখাতে হয়। এই নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।এই ঘটনার পর ভোটের আগে নগদ টাকার লেনদেন এবং তার উৎস নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্চ ২০, ২০২৬
কলকাতা

অটো নেই, বাসও উধাও! গ্যাসের দাম বাড়তেই শহরে যাতায়াতে চরম সঙ্কট

কলকাতায় গ্যাসের দামের বড় বৃদ্ধি এবং ভোটের প্রস্তুতির জেরে পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অটোতে ব্যবহৃত এলপিজির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই বহু অটো রাস্তায় নামছে না। তার উপর ভোটের কাজে বাস তুলে নেওয়া শুরু হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কলকাতায় অটোতে ব্যবহৃত এলপিজির নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি লিটার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। এক ধাক্কায় প্রায় ৮ টাকা বেড়েছে দাম। এর আগেও মার্চের শুরুতে দাম বেড়েছিল। তখন লিটার প্রতি দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। বারবার দাম বাড়ায় অটো চালকদের অনেকেই রাস্তায় নামতে চাইছেন না। ফলে ইতিমধ্যেই প্রায় ৩০ শতাংশ অটো বন্ধ হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যেগুলি চলছে, সেগুলিও অনিয়মিত এবং অনেক ক্ষেত্রে ভাড়াও বেড়েছে।এর মধ্যে আবার ভোটের জন্য ধীরে ধীরে বাস কমতে শুরু করবে। নির্বাচন কমিশনের কাজে বহু বাস তুলে নেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ১৬০০ বেসরকারি বাস নেওয়া হয়েছে বলে বাসমালিকদের দাবি। এই বাসগুলি নির্বাচনী কাজে ব্যবহার করা হবে। সামনে আরও বাস নেওয়া হতে পারে। কলকাতা ও আশপাশের বিভিন্ন দপ্তর থেকে বাস তোলার প্রস্তুতি চলছে।বাসমালিকদের মতে, শহরে প্রায় আড়াই হাজার বেসরকারি বাস চলে। তার মধ্যে প্রায় দুই হাজার বাস রাস্তায় কমে যেতে পারে। ফলে যাত্রীদের সমস্যার শেষ থাকবে না। সরকারি বাসের সংখ্যাও এমনিতেই কম, ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।অন্যদিকে শুধু বাস নয়, স্কুলবাস, অ্যাপ ক্যাব, পুলকারসব ধরনের গাড়িই নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এতে রাস্তায় সাধারণ মানুষের জন্য গাড়ির সংখ্যা আরও কমে যাবে। সাধারণত এমন পরিস্থিতিতে অটো কিছুটা ভরসা দেয়, কিন্তু এবার গ্যাসের সঙ্কটের কারণে সেই সুযোগও কমে গেছে। গ্যাস ভরার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের, ফলে রাস্তায় অটো কম দেখা যাচ্ছে।পরিবহণ সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী মাসের শুরু থেকেই এই সমস্যা আরও বাড়বে। ভোটের কারণে একসঙ্গে অনেক গাড়ি তুলে নেওয়া হলে শহরের রাস্তায় বের হওয়া মানুষের জন্য চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হতে পারে।

মার্চ ২০, ২০২৬
কলকাতা

কলকাতা বিমানবন্দরে সিনেমার মতো গ্রেফতার! কে এই বিদেশি ‘চর’ ম্যাথু?

কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইককে। তিনি কলকাতা থেকে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে তিনি মায়ানমার ঘুরে এসেছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে চরবৃত্তি এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ উঠেছে।গত ১২ মার্চ কলকাতা বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। ওই দিন রাতে তিনি দুবাই যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন। সেখান থেকে তাঁর পোল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল। বিমান ছাড়ার কিছুক্ষণ আগেই তাঁকে নাটকীয়ভাবে নামিয়ে আনা হয়।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সমস্ত নিয়ম মেনে তিনি বিমানে উঠেছিলেন এবং তাঁর লাগেজও বিমানে তুলে দেওয়া হয়েছিল। রাত প্রায় একটা নাগাদ তিনি বিমানে বসে ছিলেন। সেই সময়ই গোপন সূত্রে খবর আসে যে তিনি একজন সন্দেহভাজন বিদেশি চর।তারপরই নিরাপত্তা বাহিনী এবং অভিবাসন দফতরের আধিকারিকরা বিমানে গিয়ে তাঁকে নামিয়ে নিয়ে আসেন। বিমানবন্দরের একটি ঘরে রেখে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে দিল্লি থেকে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।১২ মার্চ রাত থেকে ১৪ মার্চ পর্যন্ত তাঁকে কলকাতায় আটক রাখা হয়। এরপর তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। তদন্তে জানা গিয়েছে, তিনি প্রথমে দিল্লিতে আসেন, তারপর কলকাতা হয়ে মিজোরাম যান এবং সেখান থেকে মায়ানমারে প্রবেশ করেন। অভিযোগ, সেখানে তিনি বিদ্রোহীদের অস্ত্র এবং ড্রোন চালানোর প্রশিক্ষণ দিতেন।এছাড়াও জানা গিয়েছে, তিনি সিরিয়ার সংঘর্ষে যুক্ত ছিলেন এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে প্রশিক্ষণ দিতেন। গেরিলা কৌশলেও তিনি দক্ষ বলে জানা গিয়েছে। তদন্তকারী সংস্থার আশঙ্কা, এই ধরনের আধুনিক প্রযুক্তি যদি বিদ্রোহী গোষ্ঠীর হাতে পৌঁছয়, তাহলে উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।এই ঘটনায় আন্তর্জাতিক চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মার্চ ১৯, ২০২৬
কলকাতা

'দিদিমা' বলে ডেকে গলা কেটে খুন! শহরের বুকে ফের প্রবীণ নাগরিকদের ওপর হামলা

দক্ষিণ কলকাতার নেতাজিনগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একা থাকা এক বৃদ্ধার উপর নৃশংস হামলা চালিয়ে বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে এক পরিচিত ফল বিক্রেতার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন।পুলিশ জানিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম কৃষ্ণা রায়চৌধুরি। তাঁর বয়স ছিয়াত্তর বছর। তিনি একাই বাড়িতে থাকতেন। এলাকার পরিচিত ফল বিক্রেতা সুকুমার বৈদ্য প্রায়ই তাঁর বাড়িতে যেত। বৃদ্ধা তাঁর কাছ থেকে ফল কিনতেন এবং গাছের প্রতি শখ থাকায় সুকুমার মাঝে মধ্যে গাছও এনে দিত।এই পরিচয়ের সুযোগ নিয়েই অভিযুক্ত বাড়ির ভিতরে যাতায়াত শুরু করে। দিদিমা বলে ডাকত সে। কিন্তু তার নজর ছিল বৃদ্ধার সোনার গয়নার দিকে। গত শুক্রবার কাজের অছিলায় একটি ছুরি নিয়ে বাড়িতে ঢোকে সুকুমার। সেই সময় বৃদ্ধা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। হঠাৎ পিছন থেকে গলায় ছুরি চালায় সে। গুরুতর জখম হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। এরপর তাঁর গয়না নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।প্রায় কুড়ি মিনিট পরে বাড়ির পরিচারিকা এসে দরজা খোলা দেখে সন্দেহ করেন। ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে সরকারি হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে নেতাজিনগর থানার পুলিশ এবং গোয়েন্দারা। আশেপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। তবে ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ ছিল।পুলিশ তার খোঁজে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। প্রথমে নিজের বাড়ি ছেড়ে সে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। পরে সেখান থেকেও পালিয়ে যায়। নামখানা, বকখালি ঘুরে শেষ পর্যন্ত বারুইপুরের সূর্যপুর এলাকায় পৌঁছয় সে।অবশেষে পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে লুট করা সোনার গয়নাও উদ্ধার হয়েছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং একা থাকা বয়স্কদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মার্চ ১৮, ২০২৬
কলকাতা

মরশুমের প্রথম কালবৈশাখীতেই লণ্ডভণ্ড কলকাতা, ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা

মরশুমের প্রথম কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির দফা চলছিল। তারই মধ্যে সোমবার সন্ধ্যা নামতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় শহরে। এরপরই তীব্র ঝড় বয়ে যায়। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে আসে। কলকাতায় ঝড়ের গতিবেগ পৌঁছে যায় ঘণ্টায় প্রায় বাহাত্তর কিলোমিটার।আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল। সোমবার রাতে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়। ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছিল। উত্তর চব্বিশ পরগনায় জারি ছিল কমলা সতর্কতা। সেই সতর্কতার মধ্যেই শুরু হয় ঝড়ের তাণ্ডব।শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়। জিনজিরা বাজারের কাছে একটি বড় হোর্ডিং ভেঙে পড়ে রাস্তা আটকে দেয়, ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়। কলকাতার কিছু এলাকায় শিলাবৃষ্টিও দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ায়।পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায় একাধিক জায়গায় গাছ ভেঙে রাস্তার উপর পড়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে যায়। দাসপুর এলাকায় একটি বড় দুর্ঘটনাও ঘটে। ঝড়বৃষ্টির মধ্যে একটি মোটরসাইকেলের উপর গাছ ভেঙে পড়ায় তিনজন গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর আগে রবিবার সন্ধ্যাতেও বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরে বৃষ্টির দেখা মিলেছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড দিক থেকে বজ্রগর্ভ মেঘ ঢোকার কারণেই এই ঝড়বৃষ্টি। আগামী দিনেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। হঠাৎ আবহাওয়ার এই বদলে যাওয়ায় আগামী কয়েকদিন রাজ্যে এমন পরিস্থিতি আরও তৈরি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মার্চ ১৭, ২০২৬
রাজ্য

হলুদ সতর্কতা জারি! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে রবিবার থেকে

শীতের পর বসন্তের আবহ উপভোগ করতে না করতেই বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। এবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ায় জারি করা হচ্ছে হলুদ সতর্কতা।আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার সেই বৃষ্টি আরও জোরালো হতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় রবিবার ও সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুধু দুদিন নয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।শনিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।তবে রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এদিকে কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল বাহান্ন থেকে চুরানব্বই শতাংশের মধ্যে।

মার্চ ১৪, ২০২৬
রাজ্য

বসন্তেই হঠাৎ বৃষ্টির দাপট! কোন কোন জেলায় নামবে ঝড়বৃষ্টি, নতুন সতর্কবার্তা আবহাওয়া দফতরের

বসন্তের মাঝেই হঠাৎ বদলে গেল আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অনেক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আবার কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টিও দেখা গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।এই বৃষ্টির জেরে আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ। গত বছর এই সময়েই পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল। কলকাতাতেও তখন তীব্র ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল। তবে এ বার পরিস্থিতি কিছুটা আলাদা। বৃষ্টির কারণে এখনো সেই তীব্র গরমের মুখে পড়তে হয়নি রাজ্যবাসীকে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।শুক্রবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গায় আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে পারে। বিশেষ করে রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় কলকাতাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।অন্য দিকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও পাহাড় এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রবিবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার সকালে কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ কিছুটা বেড়েছে। আজ শহরে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে আবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

মার্চ ১৩, ২০২৬
কলকাতা

অটোর গ্যাসের দামে হঠাৎ বড় ধাক্কা, লম্বা লাইনে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন চালকরা

রান্নার গ্যাসের দাম বাড়ার পর থেকেই জ্বালানির বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল। এবার সেই উদ্বেগ আরও বাড়িয়ে লিটার প্রতি পাঁচ টাকা বেড়ে গেল অটোয় ব্যবহৃত এলপিজির দাম। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন শহরের অটোচালকরা।চালকদের অভিযোগ, এতদিন লিটার প্রতি গ্যাসের দাম ছিল সাতান্ন টাকা আটষট্টি পয়সা। কিন্তু হঠাৎ করেই পাঁচ টাকা বাড়িয়ে এখন সেই দাম দাঁড়িয়েছে বাষট্টি টাকা আটষট্টি পয়সা।এদিকে বুধবার ভোররাত থেকেই শহরের প্রায় সব গ্যাস পাম্পে রিফিলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। বেঙ্গল কেমিক্যাল পাম্প থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রায় একই ছবি চোখে পড়েছে। গ্যাস ভরার জন্য অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।পাম্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কয়েক মিনিট আগেও পুরনো দামেই গ্যাস দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ নতুন নির্দেশিকা আসায় দাম বাড়াতে হয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি হল, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অনেকেই।অটোচালকদের অভিযোগ, একদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস ভরাতে হচ্ছে, অন্যদিকে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় তাঁদের সমস্যা আরও বেড়েছে। অনেকেই বলছেন, গ্যাস ভরতে কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। কেউ কেউ আবার জানিয়েছেন, আগের দিন দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি।এর ফলে সময়মতো রুটে পৌঁছাতে না পারায় তাঁদের রোজগারেও প্রভাব পড়ছে। অনেক চালকই বলছেন, এই পরিস্থিতিতে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।অন্যদিকে গ্যাস সরবরাহকারী সংস্থার কর্মীরাও স্বীকার করছেন যে সরবরাহ কম হয়েছে। তাঁদের মতে, প্রতিদিন যে পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, তার প্রায় অর্ধেকই এখন পাম্পে পৌঁছাচ্ছে। ফলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

মার্চ ১১, ২০২৬
কলকাতা

ধরনা শেষ করেই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা মমতার! কেন্দ্রকে নিশানা করে বড় মন্তব্য

ধর্মতলায় একশো এক ঘণ্টা ধরে চলা ধরনা কর্মসূচি শেষ করার পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য সরকারের অতিথিশালায় রয়েছেন প্রাক্তন রাজ্যপাল। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলা থেকে সোজা সেখানে যান মুখ্যমন্ত্রী। দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। সেই সময় আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু প্রাক্তন রাজ্যপাল পরের দিন রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি জানান, আনন্দ বোসের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর এবং তাঁদের মধ্যে ভালো সম্পর্কও ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটের আগে আচমকা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, নিজের মনের কথাও আনন্দ বোসকে জানিয়েছেন। পাশাপাশি তাঁকে আবার বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছেন।এই সাক্ষাৎ নিয়ে সামাজিক মাধ্যমে একটি বার্তাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসের প্রশংসা করেন। মমতা লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। ধর্মতলায় পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করার পর তিনি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী আরও লেখেন, আনন্দ বোস অত্যন্ত পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর দায়িত্ব পালনের সময় রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছিল। সেই আলাপচারিতা তাঁর কাছে সবসময় মূল্যবান হয়ে থাকবে বলেও উল্লেখ করেন মমতা।মুখ্যমন্ত্রী আরও জানান, আনন্দ বোসের আগামী দিনের সমস্ত উদ্যোগ ও দায়িত্বের জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতের পথচলায় আরও বড় সাফল্য এনে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মার্চ ১০, ২০২৬
কলকাতা

কলকাতায় ভোরের বিস্ফোরণে চাঞ্চল্য! বন্ধ ক্লাবঘরের ভিতর থেকে উদ্ধার বোমা

শনিবার ভোরে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলকাতার পাইকপাড়া এলাকা। সকাল প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, পাইকপাড়ার একটি পরিত্যক্ত ক্লাবঘর থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। বহুদিন ধরেই যুবশক্তি ক্লাব নামে ওই ক্লাবঘরটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কেউ যাতায়াতও করে না। তাই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বিস্ফোরণের জেরে ক্লাবঘরের টিনের চাল ফেটে যায় এবং সেখানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি বুঝতে পেরে দমকলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।এরপর বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। পুলিশ ক্লাবঘরের ভিতরে তল্লাশি চালাতেই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। পরিত্যক্ত ওই ঘরের ভিতর থেকেই একাধিক বিস্ফোরক এবং তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে ওই ক্লাবটি বন্ধ রয়েছে। তাঁর কথায়, এতদিন ধরে ক্লাব বন্ধ। কিন্তু ভিতরে যে বোমা রাখা ছিল তা কেউ বুঝতেই পারেনি। এখনও কয়েকটি বোমা রয়েছে। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই এলাকায় কিছু বহিরাগত যুবকের যাতায়াত বেড়ে গিয়েছিল। তারা মাঝে মাঝেই ওই পরিত্যক্ত ক্লাবঘরে ঢুকত এবং সেখানে নেশা করার চেষ্টা করত বলে অভিযোগ। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সেখানে স্নিফার কুকুরও আনা হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, খুব শিগগিরই বাংলায় নির্বাচন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তার আগেই কলকাতার মতো জায়গায় পরিত্যক্ত ঘর থেকে বোমা উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেকেরই প্রশ্ন, নির্বাচনকে ঘিরে অশান্তি তৈরির উদ্দেশ্যে কি কোথাও গোপনে বোমা মজুত করা হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মার্চ ০৭, ২০২৬
কলকাতা

দুবাই-দোহা-আবুধাবি রুট বন্ধ! মাঝআকাশের সংঘাতে নাজেহাল কলকাতার যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই তার সরাসরি প্রভাব পড়ল কলকাতায়। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার একের পর এক আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিগামী একাধিক বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী এমিরেটসের একটি উড়ান, দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি উড়ান, আবুধাবিগামী এয়ার আরবিয়ার একটি উড়ান এবং আবুধাবিগামী এতিহাদ এয়ারওয়েজের একটি উড়ান বাতিল করা হয়েছে। মোট চারটি উড়ান বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।যাত্রীদের একাংশের অভিযোগ, সকাল থেকেই আন্তর্জাতিক সংঘাতের খবর শোনা যাচ্ছিল। কিন্তু উড়ান বাতিল হওয়ার বিষয়ে আগাম কোনও বার্তা বা তথ্য তাঁদের কাছে পৌঁছয়নি। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে কোনও স্পষ্ট বার্তা না পেয়ে তাঁরা বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা, অনিশ্চয়তা ও চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে বহু যাত্রীকে।শনিবার সকালে তেহরানের উপর পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। পরে মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেন, ওই অভিযানে আমেরিকারও অংশগ্রহণ ছিল। ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এর পরেই ইরান পাল্টা হামলা শুরু করে। ইজরায়েল ছাড়াও সৌদি আরব ও কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলিতেও হামলার খবর সামনে আসে। এই সংঘাতের জেরেই পশ্চিম এশিয়ার আকাশসীমা কার্যত অচল হয়ে পড়ে এবং তার প্রভাব এসে পড়ে ভারতের বিমান পরিষেবাতেও।পরিস্থিতি কত দিন স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক উত্তেজনার আবহে কলকাতা সহ দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মার্চ ০১, ২০২৬
কলকাতা

দুপুরে আচমকা কাঁপল কলকাতা, পঁয়তাল্লিশ সেকেন্ডের কম্পনে রাস্তায় নেমে আতঙ্কিত মানুষ

শুক্রবার দুপুরে আচমকাই কেঁপে উঠল কলকাতা। দুপুর একটা বেজে বাইশ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় শহর জুড়ে। প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে কম্পন স্থায়ী হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে। উৎসস্থল খুব বেশি গভীরে না হওয়ায় পরবর্তী কম্পনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।শুধু কলকাতাই নয়, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং সুন্দরবন এলাকাতেও প্রবল ঝাঁকুনি অনুভূত হয়েছে। বহুতল ভবনে থাকা মানুষ আতঙ্কে দ্রুত নিচে নেমে আসেন। আদালত এলাকা থেকে তথ্যপ্রযুক্তি কেন্দ্র পর্যন্ত বহু জায়গায় কম্পন টের পাওয়া যায়।বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক তিন বলে জানা গেছে। সাতক্ষীরার কাছাকাছি পশ্চিমবঙ্গের বসিরহাট ও টাকি এলাকাতেও তীব্র কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
রাজ্য

উত্তরবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, দক্ষিণে বাড়বে গরম, কী বলছে হাওয়া অফিস

ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দুপুরের দিকে বাইরে বেরলেই গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে। তবে এর মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে, যদিও বেলা বাড়লে গরম অনুভূত হবে।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকলেও সকালে ও সন্ধ্যায় সামান্য ঠান্ডা লাগবে। তবে গভীর শীতের মতো পরিস্থিতি আর থাকবে না এবং দুপুরের দিকে গরম বাড়বে। আগামী সাতদিন রাজ্যের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। দুই মার্চ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদদের মতে, মার্চের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং এক মার্চ নাগাদ তাপমাত্রা প্রায় চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।পার্বত্য উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এলাকায় মাটির কাছাকাছি তুষারপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে এবং পরবর্তী সাতদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সিকিম ও সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও পড়তে পারে। ফেব্রুয়ারির শেষ দুদিন এই আবহাওয়ার ধারা বজায় থাকতে পারে।

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
কলকাতা

ঘুম ভাঙল আগুনের তাণ্ডবে, একসঙ্গে পুড়ল পনেরো দোকান, আতঙ্কে রাত কাটালেন স্থানীয়রা

গৌরাঙ্গ নগর বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে গেল। অন্তত চোদ্দ থেকে পনেরোটি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। বছরের শুরুতেই বড় ক্ষতির মুখে পড়ে অনেকেই হতাশায় ভেঙে পড়েছেন।রাজারহাট নিউটাউন সংলগ্ন বাগজোলা খাল পাড়ের এই ব্যস্ত বাজারে প্রতিদিন সকাল থেকেই ভিড় থাকে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। সারারাত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে বহু দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পর একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায় বলে অভিযোগ। এর ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকল আপাতত আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে।নিজেদের দোকান চোখের সামনে জ্বলতে দেখে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। দমকলের জন্য বারবার আর্জি জানাতে দেখা যায় তাঁদের। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর কিছু সময় দমকল পৌঁছতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়ে যায়।ঘটনার খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণ করা হবে বলে জানান। বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতকেও ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
কলকাতা

বসন্তের মাঝেই আচমকা বৃষ্টি ও ঠান্ডা হাওয়া, কলকাতায় ফের শীতের ছোঁয়া

ক্যালেন্ডারে বসন্ত শুরু হলেও গত কয়েকদিন ধরেই উষ্ণতার ইঙ্গিত মিলছিল। তবে মঙ্গলবার ভোররাতে আচমকা ঝড় ও হালকা বৃষ্টিতে সেই ছন্দে বদল আসে। ভিজে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সকালে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় তাপমাত্রা কিছুটা নেমে যায় এবং অনেককেই ফের হালকা শীতপোশাক ব্যবহার করতে দেখা যায়। বৃষ্টি কতদিন চলবে তা স্পষ্টভাবে জানাতে পারেনি আবহাওয়া দপ্তর, তবে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকার সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও বৃষ্টির খবর মিলেছে।আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে মূল কারণ হিসেবে জানা যাচ্ছে বঙ্গোপসাগর-এ তৈরি হওয়া নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে রাজ্যজুড়ে আবার স্বাভাবিক বসন্তের আবহাওয়া ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রাজ্য

গেল শীত, হঠাৎই বাড়ছে গরম—বসন্ত না আসতেই বদলে গেল আবহাওয়া

শীত বিদায় নিতেই বাংলায় দ্রুত বাড়ছে গরমের প্রভাব। বসন্তের স্বস্তি প্রায় দেখা না মিলতেই গ্রীষ্মের পথে হাঁটছে রাজ্য। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং রোদের তেজও বেড়েছে। ভোর ও রাতে সামান্য ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম স্পষ্ট অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী প্রায় দীর্ঘ সময় পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির ঘরে নেমেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের দিকে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্নদুই তাপমাত্রাই বাড়বে। সকালে ও রাতে শীতের আমেজ দ্রুত কমে যাবে। ইতিমধ্যেই দিনের বেলায় শীতের অনুভূতি প্রায় নেই বললেই চলে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছাড়াতে পারে।বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে সক্রিয় রয়েছে এবং নতুন করে আরেকটি ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হলেও আবার নতুন নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে। এর প্রভাবে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে এবং আবহাওয়ার পরিবর্তন ঘটবে।দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে দিনের গরম বেশি অনুভূত হচ্ছে। বাগডোগরা ও জলপাইগুড়িতে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। পুরুলিয়াতেও পারদ বত্রিশ ডিগ্রি ছুঁয়েছে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ত্রিশ ডিগ্রির আশেপাশে রয়েছে। কলকাতায় টানা কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রির ঘরে থাকায় গরমের অস্বস্তি বাড়ছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে রাতের তাপমাত্রাও আরও কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস।দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি, অন্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। নিম্নচাপের প্রভাবে বাতাসে আর্দ্রতা বাড়বে।শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গেও তাপমাত্রা দ্রুত বাড়ছে। পাহাড়ে হালকা কুয়াশা থাকলেও দিনের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং পার্বত্য এলাকায় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সমতল সংলগ্ন এলাকায় এগারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে থাকবে। শিলিগুড়ি ও মালদা সহ সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারি ২০, ২০২৬
রাজ্য

বিদায় নিচ্ছে শীত! রাতের তাপমাত্রাও বাড়বে ২-৩ ডিগ্রি, সপ্তাহের শেষে বদলে যাবে আবহাওয়া

পশ্চিমবঙ্গে শীতের মরশুম প্রায় শেষের পথে। এতদিন দিনে তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। সোয়েটার বা মাফলারের প্রয়োজনও কমে গিয়েছিল। তবে রাতে হালকা ঠান্ডা থাকছিল। এবার সেই রাতের ঠান্ডাও কমতে চলেছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার জোগান কমে গিয়েছে। ফলে রোদের তেজও বাড়বে।আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এটি পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এই নিম্নচাপের জেরে বৃষ্টি হবে কি না তা এখনও স্পষ্ট নয়। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক।শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।সকালে হালকা কুয়াশা বা শিশিরের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার প্রভাব কিছুটা বেশি থাকতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। সপ্তাহের শেষে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই কিছুটা বাড়বে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কালিম্পং ও সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি, মালদা ও আশপাশের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৮২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে শীতের আমেজ ফুরিয়ে এখন ধীরে ধীরে গরমের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ! বসন্তের মুখে আবহাওয়ার নতুন বার্তা, বাড়বে নাকি বৃষ্টি?

দুয়ারে বসন্তের আমেজ। সকাল ও রাতে হালকা শীতের ছোঁয়া এখনও রয়েছে। ঠিক এই সময়েই দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত বাংলায় এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেটিই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী দিনে এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় তার কোনও বড় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।এদিকে রাজ্যে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৫ থেকে ৮২ শতাংশের মধ্যে রয়েছে। সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমছে।আবহাওয়া দফতর জানিয়েছে, আরও দুদিন একই রকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলা শীত কার্যত বিদায় নেবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সপ্তাহের শেষে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।দক্ষিণবঙ্গে আপাতত রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি কম রয়েছে। তবে ধীরে ধীরে তা বাড়বে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সপ্তাহের শেষের দিকে গরমের আভাস মিলতে পারে।উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় কুয়াশার পরিমাণ কিছুটা বেশি হতে পারে। সকালবেলায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।সব মিলিয়ে বসন্তের শুরুতে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও সমুদ্রের নিম্নচাপ নিয়ে নজর রাখছে আবহবিদরা।

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রাজ্য

কলকাতায় রোদের তেজ বাড়ছে, সপ্তাহেই ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! কী বলছে হাওয়া অফিস?

বসন্তের শুরুতেই গরমের আভাস মিলতে শুরু করেছে। শীতের মেয়াদ কার্যত শেষের পথে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের বেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং রোদের তেজও বাড়তে পারে। তার ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অনুভূতি বাড়বে। তবে ভোর ও রাতের দিকে এখনও কয়েক দিন হালকা ঠান্ডা থাকবে।রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ।হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। চলতি সপ্তাহেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং এই সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।উত্তরবঙ্গেও একই ছবি দেখা যেতে পারে। সপ্তাহের শেষে সেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পং-সহ সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। মালদহ-সহ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।তবে আগামী তিন থেকে চার দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় কুয়াশার প্রকোপ কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে শীত বিদায়ের মুখে, আর ধীরে ধীরে গরমের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা।

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
রাজ্য

শীত কি তবে বিদায় নিচ্ছে? ৩০ ডিগ্রির পথে কলকাতা, হাওয়া অফিসের বড় ইঙ্গিত

শীতের আমেজ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। তবে নতুন সপ্তাহেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিউড়ি ও কল্যাণীতে। সেখানে পারদ নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের সমতলেও ঠান্ডা রয়েছে। পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে পাহাড়ে শীতের আমেজ এখনও স্পষ্ট। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস।তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত মিলছে। ফেব্রুয়ারি শেষ হতে আর কয়েকদিন বাকি। শেষ সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ ৩০ ডিগ্রি ছুঁয়েছে। উত্তরবঙ্গেও রোদের তেজ বাড়ছে। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।একই সঙ্গে রাজ্যের দুই প্রান্তেই কুয়াশার দাপট রয়েছে। সকালে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। দৃষ্টিসীমা ছিল ২০০ মিটার থেকে ১০০০ মিটারের মধ্যে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে কুয়াশা বেশি ছিল।আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে ফেব্রুয়ারির শেষেই শীত আরও কমে গিয়ে গরমের আভাস স্পষ্ট হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 31
  • 32
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ফুচকার ভিতরে কী লুকিয়ে দিয়েছিল বন্ধুরা? খেতে গিয়েই অসুস্থ নবম শ্রেণির ছাত্র, বালুরঘাটে চাঞ্চল্য

ফুচকা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই ফুচকাই যে এমন বিপত্তির কারণ হতে পারে, তা ভাবতে পারেননি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক নবম শ্রেণির ছাত্র। অভিযোগ, ছাত্রাবাসে বন্ধুদের আনা ফুচকা খেতে গিয়ে অস্বস্তিকর কিছু টের পায় সে। পরে জানা যায়, ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারই চার সহপাঠী। ঘটনাটি জানাজানি হতেই স্কুলের ছাত্রাবাসে শোরগোল পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বালুরঘাটের একটি নামী স্কুলের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ওই নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। তার মা কৃষিকাজ করেন এবং বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন।অভিযোগ, বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। এরপর তারা ওই ছাত্রকে ফুচকা খেতে দেয়। কিন্তু ফুচকা মুখে দিতেই অস্বস্তি বোধ করে সে। পরে সহপাঠীরাই জানায়, মজা করার জন্য ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারা।বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ওই পড়ুয়ার অভিযোগ, কিছু না বুঝেই সে ফুচকা খেয়ে ফেলেছিল। পরে বন্ধুরা বিষয়টি জানালে সে শিক্ষকদের কাছে গিয়ে সব জানায়।এর পর থেকেই পেটে ব্যথা শুরু হয় ওই ছাত্রের। দেরি না করে তাকে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার কথা জানার পর অভিযুক্ত চার পড়ুয়ার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।এই ঘটনা সামনে আসার পর আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রাবাসের পড়ুয়ারা কন্ডোম পেল কোথা থেকে? কী ভাবে তাদের হাতে সেটি এল? নিছক মজা করার জন্যই কি এমন ঘটনা ঘটানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তায় নামবে রাফালে? নীতীন গড়করির কাছে বড় আবদার শুভেন্দুর, কী পরিকল্পনা কেন্দ্রের?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। রাজ্যের সড়ক উন্নয়নের জন্য ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে শুধু যাতায়াত নয়, প্রয়োজনে যাতে নতুন রাস্তা যুদ্ধবিমান অবতরণের কাজেও ব্যবহার করা যায়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসমের ডিব্রুগড়ে একটি ঘটনা দেশজুড়ে নজর কেড়েছিল। মোরান বাইপাসের নতুন তৈরি সড়কে সফল ভাবে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। সাধারণ রাস্তার উপর যুদ্ধবিমান নামার সেই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে।আসলে এর পিছনে রয়েছে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু সড়কপথকে ব্যবহার করা যায়। সেই কথা মাথায় রেখেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এমন রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজন হলে যুদ্ধবিমান এবং সামরিক পরিবহণের বড় বিমানও অবতরণ করতে পারে।বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে সেই প্রসঙ্গই তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাংলার নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিও এমন ভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজনে সেখানে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে আবেদন জানান তিনি।এ দিন অনুষ্ঠানে শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে। এই রাস্তা তৈরি হলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে পারে। পাশাপাশি এলাকার যানজট কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের নিরাপত্তার দিক থেকেও এই ধরনের সড়ক পরিকাঠামোর গুরুত্ব রয়েছে। শিলিগুড়ির কাছে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু ভূখণ্ড, যা সাধারণ ভাবে চিকেন নেক নামে পরিচিত। এই পথ দিয়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ। ফলে কৌশলগত দিক থেকে এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন সীমান্তের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র।শিলিগুড়ির বাগডোগরায় বায়ুসেনার ঘাঁটি এবং আলিপুরদুয়ারের হাসিমারায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।তবে সাধারণ রাস্তা আর যুদ্ধবিমান অবতরণের উপযোগী রাস্তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যুদ্ধবিমানের ওজন ও অবতরণের সময় তৈরি হওয়া চাপ সামলাতে অত্যন্ত মজবুত সড়ক পরিকাঠামো প্রয়োজন। তার জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্তর এবং উন্নত নির্মাণপ্রযুক্তি ব্যবহার করতে হয়। ফলে গোটা রাস্তা সেই মানে তৈরি করা যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও প্রযুক্তিগত ভাবে জটিল।এ বার বাংলার সড়ক উন্নয়নের প্রকল্পে সেই বিশেষ পরিকাঠামো কতটা যুক্ত করা সম্ভব, সেটাই দেখার। ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়েতে! বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের, শুরু হল কোন কাজ?

রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ভাবনা রাজ্য সরকারের। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এমনই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠে সারা বছরই প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গাড়ি, ট্যাক্সি এবং বাসের মতো সড়কপথের যানবাহন রয়েছে। জিটি রোড এবং বালি সেতু হয়ে যাতায়াত করা যায়। এ ছাড়া গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও চালু রয়েছে।এ বার সেই যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বা কবে পরিষেবা চালু হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।শুধু দক্ষিণেশ্বর-বেলুড় মঠ নয়, পাহাড়েও রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে।বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হিলকার্ট রোড-সহ বিভিন্ন পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের মরসুমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। আবার বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই সমস্যার সমাধান করতেই রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে।অন্য দিকে, দার্জিলিংয়ের যানজট সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দার্জিলিং পুলিশের অনুরোধেই এই দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের এই দলে রয়েছেন এক জন উপ-পুলিশ কমিশনার, তিন জন পরিদর্শক এবং এক জন সার্জেন্ট। চার দিন ধরে তাঁরা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখবেন। দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।aসমীক্ষার পর যানজট কমানো, গাড়ি রাখার জায়গার সমস্যা মেটানো এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত করার জন্য একাধিক সুপারিশ করা হবে। কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাহাড়ের যান চলাচল ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা ঠিক করা হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তা হবে আমেরিকার মতো! ২৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা নীতীন গড়করির, বদলে যাবে কোন কোন এলাকা?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং উড়ালপথ তৈরির জন্য মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই প্রকল্পের দাবি করুন, কেন্দ্রের তরফে অর্থের অভাব হবে না।এ দিন অনুষ্ঠানে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়াও ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন করেন নীতীন গড়করি। এই প্রকল্পে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। নতুন সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।তবে এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হবে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি করবে এই রিং রোড। এর ফলে শহরের ভিতরে গাড়ির চাপ কমবে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের জন্যও রয়েছে বড় পরিকল্পনা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হবে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।কলকাতার বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল আরও সহজ করতে হুগলি নদীর নীচে জোড়া সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হলে ২৪ ঘণ্টাই বন্দরের সঙ্গে পণ্যবাহী গাড়ির যোগাযোগ রাখা সম্ভব হবে। পাশাপাশি জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।এ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে। চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক রামনগর বাইপাস-সহ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা। ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের উন্নয়নে খরচ হবে ৪৬৯ কোটি ৩৫ লক্ষ টাকা। নামখানা থেকে বকখালি পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা।বীরভূমেও একাধিক রাস্তার উন্নয়ন করা হবে। ভীমগড় থেকে মল্লারপুর পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের জন্য ২৫৭ কোটি টাকা এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত রাস্তার জন্য ১০০ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রঙাইপুর পর্যন্ত রাস্তার উন্নয়নেও ১৫১ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করা হবে।পূর্ব মেদিনীপুরের নরঘাটে ১১৬ বি জাতীয় সড়কের উপর নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ২৩১ কোটি ৭১ লক্ষ টাকা। মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ১৫১ কোটি ৯৯ লক্ষ টাকা এবং বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত রাস্তার উন্নয়নে ১৭২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রঘুনাথপুর থেকে চন্দনকিয়ারি হয়ে চাস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ২৩৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে। মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা রাস্তার সংযুক্তিকরণে বরাদ্দ হয়েছে ১৮৭ কোটি ৩৩ লক্ষ টাকা। বিষ্ণুপুর-বেলেঘাটা রাস্তার লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা।এ ছাড়া বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত এসটিকেকে রাস্তা সম্প্রসারণে ২৯১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নে খরচ হবে ২৩৫ কোটি ২০ লক্ষ টাকা। রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা।অন্য দিকে, যানজট কমাতে একাধিক জাতীয় সড়কে যানবাহন চলাচলের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রাস্তায় ২০টি এমন পথ তৈরি করতে ৭৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রাস্তায় ২৫টি ভূগর্ভস্থ পথ তৈরিতে খরচ হবে ৬৯০ কোটি টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি এমন পথ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি টাকা।এ ছাড়া ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা খরচ করা হবে।সব মিলিয়ে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং রিং রোড তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। নীতীন গড়করির আশা, আগামী দিনে বাংলার সড়কপথের মান আমেরিকার মতো উন্নত হবে। এখন দেখার, ঘোষিত প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় এবং সাধারণ মানুষ কবে থেকে তার সুবিধা পান।

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: ২৬ নভেম্বর বৃহস্পতিবার কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে আসবে সুখবর?

আজ বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিনটি জ্ঞান, ধর্মীয় চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আজ ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন।চলুন, দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে।১. মেষ রাশি (Aries)কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ রং: লাল।শুভ সংখ্যা: ৯২. বৃষ রাশি (Taurus)আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা:৬৩. মিথুন রাশি (Gemini)নতুন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৫৪. কর্কট রাশি (Cancer)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সংসারের খরচ নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: ক্রিম। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সম্মান বাড়বে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না। শুভ রং: গাঢ় সবুজ। শুভ সংখ্যা: ৫৭. তুলা রাশি (Libra)আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে বাজেট মেনে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ কিছু কাজে বাধা বা হতাশা আসতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৯৯. ধনু রাশি (Sagittarius)আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)=কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনায় সফলতা আসতে পারে। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনা এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৭

নভেম্বর ২৬, ২০২৬
কলকাতা

সাতসকালে পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, ঘিরে বাড়ছে প্রশ্ন

সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

রেখা পাত্রের শরীরে কী ভাবে ঢুকল বিষ? ‘গভীর ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ দিদির, পাল্টা শ্বশুর-শাশুড়ি

রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

সুজিত বসুর পর এবার শ্যালককে তলব সিবিআইয়ের! চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে কী দুর্নীতি?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার দাবি, শ্যালকের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজিত। শুধু তাই নয়, বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। এই মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক দিন আগে জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করা হল।তদন্তকারীদের অভিযোগ, সুজিতের শ্যালককে শুধু দুর্নীতির কাজে ব্যবহার করা হয়নি, তাঁকেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিয়োগ হয়েছিল, দুর্নীতির মাধ্যমে সুজিত কী কী সুবিধা পেয়েছিলেন এবং গোটা ঘটনায় তাঁর শ্যালকের ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা।সিবিআই সূত্রে খবর, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাই তাঁকে ফের জেরা করা হতে পারে। এর আগে এই মামলায় সুজিতের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ এপ্রিল তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। সেই সময় হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর ১১ মে তাঁকে ফের তলব করা হয়। সেই দিনই গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা। তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী।তদন্ত যত এগিয়েছে, সুজিতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও তত বেড়েছে। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাধিক আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে এসেছে।তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও উঠেছে। ইডির দাবি, গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এ বার সেই মামলায় সুজিতের শ্যালককে জিজ্ঞাসাবাদ করে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal