শনিবার ভোরে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলকাতার পাইকপাড়া এলাকা। সকাল প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, পাইকপাড়ার একটি পরিত্যক্ত ক্লাবঘর থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। বহুদিন ধরেই যুবশক্তি ক্লাব নামে ওই ক্লাবঘরটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কেউ যাতায়াতও করে না। তাই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বিস্ফোরণের জেরে ক্লাবঘরের টিনের চাল ফেটে যায় এবং সেখানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি বুঝতে পেরে দমকলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। পুলিশ ক্লাবঘরের ভিতরে তল্লাশি চালাতেই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। পরিত্যক্ত ওই ঘরের ভিতর থেকেই একাধিক বিস্ফোরক এবং তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে ওই ক্লাবটি বন্ধ রয়েছে। তাঁর কথায়, “এতদিন ধরে ক্লাব বন্ধ। কিন্তু ভিতরে যে বোমা রাখা ছিল তা কেউ বুঝতেই পারেনি। এখনও কয়েকটি বোমা রয়েছে। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।”
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই এলাকায় কিছু বহিরাগত যুবকের যাতায়াত বেড়ে গিয়েছিল। তারা মাঝে মাঝেই ওই পরিত্যক্ত ক্লাবঘরে ঢুকত এবং সেখানে নেশা করার চেষ্টা করত বলে অভিযোগ। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সেখানে স্নিফার কুকুরও আনা হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, খুব শিগগিরই বাংলায় নির্বাচন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তার আগেই কলকাতার মতো জায়গায় পরিত্যক্ত ঘর থেকে বোমা উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেকেরই প্রশ্ন, নির্বাচনকে ঘিরে অশান্তি তৈরির উদ্দেশ্যে কি কোথাও গোপনে বোমা মজুত করা হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

