পোল্যান্ডের ক্র্যাকো শহরে ভয়াবহ গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। শনিবার শহরের একটি বাজার এলাকায় আচমকাই গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। প্রথমে এই ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হন অন্তত ১৫ জন। পরে হামলাকারীর বাড়ি থেকে আরও তিন জনের দেহ উদ্ধার হয়। তাঁদের মধ্যে দু’জন মহিলা ও এক জন পুরুষ। তাঁরা হামলাকারীর আত্মীয় বলে মনে করা হচ্ছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই তথ্য জানিয়েছেন।
সংবাদসংস্থা এপি সূত্রে খবর, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হওয়ার পর ওই বন্দুকবাজকে গ্রেফতার করা হয়। অভিযোগ, গাড়ি চালিয়ে শহরের প্রধান চত্বরের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার সাধারণ মানুষের দিকে এলোপাথাড়ি গুলি চালায় সে। এই ঘটনায় কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন।
কেন এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীর কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের পরিচয় বা হামলার পিছনে থাকা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।
ক্র্যাকো পুলিশের মুখপাত্র কাতারজিনা সিসলো জানিয়েছেন, হামলার সময় সামরিক বাহিনীর পোশাক পরেছিল ওই বন্দুকবাজ। গুলি চালানোর জন্য সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় এমন এক ধরনের লম্বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সে। অভিযুক্তের গাড়ি থেকে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, এই হামলায় একাই জড়িত ছিল ওই বন্দুকবাজ। তবে কেন সে এমন ভয়াবহ ঘটনা ঘটাল, তার উত্তর এখনও মেলেনি। গোটা ঘটনার তদন্ত চলছে।
- More Stories On :
- Poland
- Gunman Attack

