প্রযুক্তি দুনিয়ায় কর্মী কমানোর প্রবণতা অব্যাহত। গুগল এবং মাইক্রোসফটের পর এবার কর্মীদের স্বেচ্ছাবসরের প্রস্তাব দিল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। ফ্রান্সে কর্মরত কর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের বিনিময়ে চাকরি ছাড়ার সুযোগ দিচ্ছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। একটি ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে প্রায় ১০০ জন কর্মীর উপর। তবে ঠিক কোন কোন বিভাগের কর্মীদের এই প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা লেত্র’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে মেটার মোট কর্মী সংখ্যা প্রায় ৩০০। তাঁদের মধ্যে প্রায় ১০০ জনকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হতে পারে। তবে গুগল বা মাইক্রোসফটের মতো প্রত্যেক কর্মীকে আলাদা ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার পরিবর্তে মেটা ফ্রান্সে একটি বিশেষ যৌথ চুক্তির মাধ্যমে কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করেছে।
ফ্রান্সে এই পদ্ধতিকে বলা হয় ‘সম্মিলিত চুক্তিভিত্তিক কর্মী বিচ্ছেদ’। এই ব্যবস্থায় সংস্থা এবং কর্মীরা পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাকরির সম্পর্ক শেষ করতে পারেন। এর জন্য সংস্থাকে আর্থিক কারণে কর্মী ছাঁটাইয়ের প্রমাণ দিতে হয় না। পাশাপাশি সাধারণ কর্মী ছাঁটাইয়ের মতো দীর্ঘ আইনি প্রক্রিয়াতেও যেতে হয় না। যাঁরা এই প্রস্তাবে রাজি, তাঁদের ৫ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রকল্পে চাকরি ছাড়তে রাজি হওয়া কর্মীরা কাজের প্রতি বছরের জন্য ২.১৫ মাসের বেতনের সমান অর্থ পাবেন। পাশাপাশি তাঁরা ১০ মাসের বিশেষ ছুটিও পাবেন। সেই সময় তাঁদের মোট বেতনের ৮০ শতাংশ দেওয়া হবে। ফলে চাকরি ছাড়ার পরেও বেশ কিছু দিন আর্থিক সুবিধা পাবেন কর্মীরা।
জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই এই যৌথ চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে মেটার এই সিদ্ধান্ত আপাতত ফ্রান্সের কর্মীদের জন্যই। বিশ্বের অন্যান্য দেশে কর্মীদেরও একই ধরনের প্রস্তাব দেওয়া হবে কি না, তা এখনও জানা যায়নি। গোটা বিশ্বে মেটার কর্মী সংখ্যা প্রায় ৬৬ হাজার।
এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা নিয়ে মুখ খুলেছিলেন মেটার প্রধান মার্ক জুকারবার্গ। তাঁর বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন এমন অনেক কাজ করা সম্ভব, যার জন্য আগে বড় কর্মীদল প্রয়োজন হত। একজন কর্মীও প্রযুক্তির সাহায্যে সেই কাজ করতে পারেন। তাঁর এই মন্তব্যের পর থেকেই প্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী সংখ্যা কমানো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুধু মেটা নয়, কর্মী কমানোর পথে হাঁটছে আরও একাধিক বড় প্রযুক্তি সংস্থা। গুগল ইতিমধ্যেই পাঁচটি দেশের কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে। অন্য দিকে, মাইক্রোসফট আমেরিকা, কানাডা, ভারত এবং ব্রিটেনের প্রায় ৬০ হাজার যোগ্য কর্মীর জন্য বিশেষ আর্থিক সুবিধা-সহ চাকরি ছাড়ার প্রকল্প ঘোষণা করেছে।
এ ছাড়াও চলতি সপ্তাহের শুরুতে নকশা তৈরির সংস্থা ক্যানভা ১২৭১ জন কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। তাঁদের জন্যও মোটা অঙ্কের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল বিনিয়োগের পাশাপাশি কর্মী কাঠামোয় বড় পরিবর্তন আনছে বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থাগুলি। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়েও বাড়ছে উদ্বেগ।
- More Stories On :
- Meta
- Voluntary Exit
- Microsoft

