হঠাৎ অসুস্থ রেখা পাত্র! আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি, চলছে ভেন্টিলেশন সাপোর্ট
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় বিধায়ককে।বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেখা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের তৎপরতায় প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পর পর দুই হাসপাতালে চিকিৎসার পরেও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা।

