সিঙ্গুরে কি এ বার সত্যিই ফিরতে চলেছে শিল্প? টাটাদের ন্যানো কারখানা ঘিরে এক সময় যে সিঙ্গুর রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সেখানে এ বার ভারী শিল্প গড়ার পরিকল্পনা করছে অশোক লেল্যান্ড। সংস্থার কর্তা অশোক হিন্দুজা নিজে ফোন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চেয়েছেন, কারখানা তৈরির জন্য জমি প্রস্তুত কি না। রাজ্য সরকার জমি দিতে তৈরি বলে তাঁকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অশোক হিন্দুজা তাঁকে ফোন করেছিলেন। প্রথমে ছেলের বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্যই ফোন করেছিলেন তিনি। কিন্তু দু’জনের কথাবার্তায় উঠে আসে বাংলায় শিল্প গড়ার প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর কথায়, অশোক তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, জমি তৈরি রয়েছে কি না। উত্তরে শুভেন্দু জানান, জমির ব্যবস্থা করতে রাজ্য সরকার প্রস্তুত।
এই শিল্পের সম্ভাবনা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতে মুম্বই যেতে পারেন তিনি। সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অশোক লেল্যান্ডের কারখানা নিয়ে আগামী দিনে আরও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল শিল্প ফিরিয়ে আনা। নির্বাচনের আগে বিজেপি বারবার জানিয়েছিল, ক্ষমতায় এলে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগ আনার ব্যবস্থা করা হবে। রাজ্যের হারানো শিল্পের গৌরব ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সিঙ্গুরকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
গত নভেম্বরের শুরুতে নিউ টাউনে রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশের সময়ও সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা চলছে। সিঙ্গুরে নতুন করে শিল্প গড়ার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করেছিলেন, সিঙ্গুরে ভারী শিল্প আসতে পারে। সেই শিল্পের সঙ্গে অশোক লেল্যান্ডের নামও জড়িয়েছিল। এ বার মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হল।
শিল্পের জন্য জমি পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থার হাতে তুলে দেবে। জমি অধিগ্রহণ নিয়ে যাতে নতুন করে কোনও সমস্যা তৈরি না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে।
সূত্রের খবর, জমি জোগাড়ের জন্য জমি একত্র করার বিশেষ পদ্ধতি নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে যাঁরা জমি দিতে রাজি, তাঁদের নিয়ে একটি সমবায় তৈরি করা হবে। সেই সমবায়ের মাধ্যমে জমি বিক্রি বা শিল্পের জন্য হস্তান্তরের ব্যবস্থা করা হতে পারে। রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হুগলি জেলায় জমির ব্যবস্থা করার দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে। মঙ্গলবার অশোক হিন্দুজার সঙ্গে কথাবার্তার বিষয়টি প্রকাশ্যে আসায় সিঙ্গুরে শিল্প গড়ার জল্পনা আরও বেড়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পিছনে সিঙ্গুরের জমি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে টাটাদের ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু জমি দিতে অনিচ্ছুক কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা গোষ্ঠী।
তার পর বহু বছর কেটে গেলেও সিঙ্গুরে সেই জমিতে বড় কোনও শিল্প গড়ে ওঠেনি। জমিতে চাষের কাজও পুরোপুরি শুরু হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে জমি দেওয়া কৃষকদের একাংশের মধ্যে এখনও হতাশা রয়েছে। তাঁদের প্রশ্ন, এত বছর পরেও কেন সেই জমি কাজে লাগানো গেল না?
এ বার অশোক লেল্যান্ডের হাত ধরে সিঙ্গুরে ভারী শিল্প গড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। তবে কারখানা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত, জমির পরিমাণ এবং প্রকল্পের সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে সিঙ্গুরে সত্যিই কবে শিল্পের চাকা ঘুরবে, এখন সেটাই দেখার।
- More Stories On :
- CM Suvendu Adhikari
- Ashok Layland

