বিয়েবাড়ির জন্য ১২০ কেজি খাসির মাংসের অর্ডার! রান্না করতে গিয়ে যা দেখলেন, তাতেই শোরগোল
বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ১২০ কেজি খাসির মাংস। অভিযোগ, সেই মাংসের সঙ্গেই মিশিয়ে দেওয়া হয়েছিল পচা মাংস। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। অভিযোগের ভিত্তিতে মাংসের দোকানের বিক্রেতাকে আটক করেছে পুলিশ। দোকান থেকে মাংসের নমুনা সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপের বামুনের মোড় এলাকার একটি খাসির মাংসের দোকান থেকে ওই ১২০ কেজি মাংসের অর্ডার দেওয়া হয়েছিল। একটি পরিচিত মাংসের প্রতিষ্ঠানের নামে চলা দোকানটি এলাকায় বেশ জনপ্রিয়। কিন্তু বিয়েবাড়িতে রান্নার সময় বিপত্তি ঘটে। পরিবারের অভিযোগ, সরবরাহ করা মাংসের মধ্যে টাটকা মাংসের পাশাপাশি বেশ কিছু পচা মাংসও মিশিয়ে দেওয়া হয়েছিল।রান্নার সময় বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ পরিবারের লোকজন মাংস নিয়ে দোকানে ফিরে যান। প্রথমে তাঁদের অভিযোগ মানতে চাননি দোকানের বিক্রেতা। তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে দোকানদার অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি ওই পরিবারের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ। দোকান থেকে সরবরাহ করা মাংসের নমুনা সংগ্রহ করা হয়। অভিযোগের ভিত্তিতে বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মাংসের নমুনা পরীক্ষার পরই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।অন্য দিকে, খাবারের গুণমান ও নিরাপত্তা খতিয়ে দেখতে কাকদ্বীপের উকিলের বাজার এবং নামখানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। বিভিন্ন সবজি, মুদিখানা এবং খাবারের দোকানে গিয়ে জিনিসপত্রের দাম ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন আধিকারিকেরা।খাবারে কৃত্রিম রং বা ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হয়। এ বিষয়ে দোকানদারদের সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে।তবে এর মধ্যেই বিয়েবাড়ির জন্য সরবরাহ করা খাসির মাংসে পচা মাংস মেশানোর অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মাংসের নমুনা পরীক্ষার রিপোর্টে কী উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।

