• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Explosion

কলকাতা

কলকাতায় ভোরের বিস্ফোরণে চাঞ্চল্য! বন্ধ ক্লাবঘরের ভিতর থেকে উদ্ধার বোমা

শনিবার ভোরে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলকাতার পাইকপাড়া এলাকা। সকাল প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, পাইকপাড়ার একটি পরিত্যক্ত ক্লাবঘর থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। বহুদিন ধরেই যুবশক্তি ক্লাব নামে ওই ক্লাবঘরটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কেউ যাতায়াতও করে না। তাই হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বিস্ফোরণের জেরে ক্লাবঘরের টিনের চাল ফেটে যায় এবং সেখানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি বুঝতে পেরে দমকলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।এরপর বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। পুলিশ ক্লাবঘরের ভিতরে তল্লাশি চালাতেই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। পরিত্যক্ত ওই ঘরের ভিতর থেকেই একাধিক বিস্ফোরক এবং তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে ওই ক্লাবটি বন্ধ রয়েছে। তাঁর কথায়, এতদিন ধরে ক্লাব বন্ধ। কিন্তু ভিতরে যে বোমা রাখা ছিল তা কেউ বুঝতেই পারেনি। এখনও কয়েকটি বোমা রয়েছে। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই এলাকায় কিছু বহিরাগত যুবকের যাতায়াত বেড়ে গিয়েছিল। তারা মাঝে মাঝেই ওই পরিত্যক্ত ক্লাবঘরে ঢুকত এবং সেখানে নেশা করার চেষ্টা করত বলে অভিযোগ। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সেখানে স্নিফার কুকুরও আনা হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, খুব শিগগিরই বাংলায় নির্বাচন ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তার আগেই কলকাতার মতো জায়গায় পরিত্যক্ত ঘর থেকে বোমা উদ্ধার হওয়ায় উদ্বেগ বাড়ছে। অনেকেরই প্রশ্ন, নির্বাচনকে ঘিরে অশান্তি তৈরির উদ্দেশ্যে কি কোথাও গোপনে বোমা মজুত করা হচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মার্চ ০৭, ২০২৬
রাজ্য

২০০ লিটার ডিজেল ভরা ড্রাম ফেটে তাণ্ডব! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হল চার নাবালক। রাস্তার ধারে খেলতে খেলতেই পাশে রাখা রাসায়নিক ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণ ঘটে। আগুনে দগ্ধ হয়ে চার জনই গুরুতর আহত হয়। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এক নাবালক পাশের পুকুরে ঝাঁপ দেয়।ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত চলা রাস্তা মেরামতির কাজে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগে শুরু হওয়া সংস্কারের সময় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল ভর্তি একটি ড্রাম রাস্তার ধারে ফেলে রাখা ছিল। সেই ড্রামের কাছেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সী চার পড়ুয়া। হঠাৎ বিকট শব্দে ড্রামটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় এক শিশু মারাত্মকভাবে ঝলসে যায়। বাকি তিনজনও দগ্ধ হয়।আহতদের নাম সাদিকুল মোল্লা, সামিউল মোল্লা, রায়হান মোল্লা এবং রিয়াজ হাসান মোল্লা। তারা সকলেই স্থানীয় খড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এনআ. বাঙুর পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছান। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি।পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা মেরামতির সময় যথাযথ নিরাপত্তা ছিল কি না এবং দাহ্য পদার্থ খোলা রাস্তায় কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। শিশুদের নিরাপত্তা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
বিদেশ

কারাকাসে রাতভর বিস্ফোরণ, শুরু কি আমেরিকার সরাসরি হামলা?

মাথার উপর দিয়ে একের পর এক বিমান উড়ছে, লাগাতার বিস্ফোরণের শব্দ। শনিবার ৩ জানুয়ারি ভোর থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শহরের বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ ও বিস্ফোরণের খবর মিলেছে। প্রশ্ন উঠছে, তবে কি ভেনেজুয়েলার উপর সরাসরি মার্কিন হামলা শুরু হয়ে গেল?সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টো নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কারাকাস। ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টিউনা এবং লা কার্লোটা এলাকায় সামরিক বিমান উড়তে দেখা গিয়েছে। রাজধানীর প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে বারবার মার্কিন সেনার অ্যাপাচে ও চিনুক হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে। মিরান্ডা এলাকার বিমানবন্দরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত মার্কিন সরকার বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেননি।অন্যদিকে, ভেনেজুয়েলার সেনা এক বিবৃতিতে জানিয়েছে, দেশের উপর হামলা হয়েছে। রাজধানী কারাকাসে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং গোটা শহর অন্ধকারে ডুবে রয়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সেনা পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে প্রশাসন। মার্কিন আগ্রাসনের ফলে বিপুল প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মাদুরো সরকার দাবি করেছে, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের দখল নিতেই এই হামলা চালানো হচ্ছে।এর আগেও ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই অভিযোগে অতীতে মাদক বোঝাই জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। তবে রাজধানী কারাকাসে এই ধরনের ব্যাপক বিস্ফোরণের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

জানুয়ারি ০৩, ২০২৬
বিদেশ

ইউক্রেনে বিধ্বংসী হামলা রাশিয়ার! ভয়াবহ আগুনে জ্বলে খাক জেলেনস্কির অফিস, পরপর মৃত্যু

রাশিয়ার নতুন আক্রমণের পর ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রশাসনিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে বলে জানিয়েছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান টিমার তাকাচেঙ্কো। আগুন লাগার পর পেচেরস্কি জেলার ওই ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, যা ইউক্রেনীয় সরকারের কেন্দ্রীয় ভবনের কাছাকাছি অবস্থিত।ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এই প্রথমবার রুশ হামলায় কোনো সরকারি ভবনের ছাদ ও উপরের তলা ক্ষতিগ্রস্ত হলো। কিয়েভে এই আক্রমণে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন, এবং সরকারি ভবন ছাড়াও একাধিক স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে।কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, প্রথমে ড্রোন হামলা এবং পরবর্তীতে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে ভবনে আগুন ধরে যায়। জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত একটি আবাসিক ভবনের চারটির মধ্যে দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। সভিয়াতোশিনস্কি জেলায় নয়তলা একটি ভবনের কয়েকটি অংশ ধসে পড়েছে। এছাড়া, ধ্বংসাবশেষ পড়ে ১৬ তলা ও দুটি নয়তলা ভবনে আগুন লাগে। তাকাচেঙ্কোর মতে, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।অন্যদিকে, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে একাধিক বিস্ফোরণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন মেয়র ভিতালি মালেটস্কি। একই অঞ্চলের ক্রিভি রিহ শহরে রুশ হামলায় পরিবহন ব্যবস্থা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিলকুল।

সেপ্টেম্বর ০৭, ২০২৫
রাজ্য

বর্ধমানে বিকট শব্দে বিষ্ফোরণ, মৃত ১, জখম বহু

কারখানার ব্রয়লার বিষ্ফোরণে মৃত্যু হল এক শ্রমিকের। এই ঘটনায় জখম ১১ জন। বর্ধমানের পালিতপুরে একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে ১ জনের মৃত্যুর পাশাপাশি ১১জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পূর্ব বর্ধমানের পালিতপুর দেওয়ানদিঘিতে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রণ ও রড তৈরির কারখানা রয়েছে। এই কারখানাগুলি অনেক সময় পরিবেশ বিধি মানে না বলেও অভিযোগ। জানা গিয়েছে, সোমবার বিকেলে এনএন ইস্পাত নামে একটি কারাখানার ব্রয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।কারখানার সিকিউরিটি ম্যানেজার অনুপ দত্ত জানিয়েছে, হঠাৎই ব্রয়লারে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় চালা ভেঙে একজন ড্রাইভার দুর্ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার শ্রমিক পরমবীর যাদব বলেন, এই শ্রমিকদের অনেকেই ভিন রাজ্যের। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা বুঝে উঠতে পারেননি তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জুন ০৯, ২০২৫
রাজ্য

ভয়ংকর বিস্ফোরণ কেতুগ্রামে, উড়লো ছাদ - ভাঙলো ইটের দেওয়াল

গুলি, বিষ্ফোরণের পালা চলছে। এবার ভয়ংকর বিস্ফোরণ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেঁচুড়া গ্রামে। বিস্ফোরণে উড়ে গেল পরিত্যক্ত বাড়ির শৌচাগারের কংক্রিটের ছাদ। গুড়িয়ে গিয়েছে শৌচাগারের ইটের দেওয়ালের একাংশ। গতকাল, রবিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে চেঁচুড়া গ্রামে। খবর পেয়ে কেতুগ্রাম থানার আই সি ও কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কিশিনাথ মিস্ত্রির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ গোপনে ওই পরিত্যক্ত বাড়ির শৌচাগারে প্রচুর বোমা বা বিস্ফোরক পদার্থ মজুত করে রেখেছিল। কারা কি উদ্দেশ্যে পরিত্যক্ত ওই শৌচাগার শক্তিশালী বোমা মজুত রেখেছিল তা পুলিশ খতিয়ে দেখছে । উল্লেখ্য, দুদিন আগে কল্যাণীতে বেআইনি বাজির কারখানায় বিষ্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়ির শৌচাগারে এদিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির মালিকরা কর্মসূত্রে বাইরে থাকেন। বছরে একবার তাঁরা আসেন। ঘটনাস্থল মুর্শিদাবাদের বর্ডার সংলগ্ন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির বাসিন্দারা বলেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাঁদের বাড়ি পর্যন্ত কেপে উঠেছিল। তাই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে তটস্থ ঘুম ছুটেছে চেঁচুড়ি গ্রামের বাসিন্দাদের।বিগত লোকসভা ভোটের আগের রাতেই বাইকে চড়ে বাড়ি ফেরার সময় দুস্কৃতি হামলায় খুন হন চেঁচুড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি মিন্টু শেখ। বোমা মেরে ও কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। ওই হামলায় মিন্টুর এক সঙ্গী মিশির শেখ ওরফে নজরুল ইসলাম গুরুতর জখম হয়েছিল। আজও ওই খুনের হামলাকারী দুস্কৃতীদের নাগাল পায়নি পুলিশ। সেই আতঙ্ক আজও কাটিয়ে উঠতে পারেনি চেঁচুড়ি গ্রামবাসী। তারই মাঝে ভয়ংকর বিস্ফোরণে একটা পরিত্যক্ত বাড়ির শৌচাগারের কংক্রিটের ছাদ উড়ে যাওয়ার ঘটনায় সিঁদূরে মেঘ দেখছে গ্রামবাসীরা।কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) কাশিনাথ মিস্ত্রি জানিয়েছেন,ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে বাড়ির শৌচাগারে বিস্ফোরণ ঘটেছে ওটি পোড়ো বাড়ি। ১৫-১৬ বছর ধরে ওই বাড়িতে কেউ থাকেন না। আমারা সুয়োমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি ।

ফেব্রুয়ারি ১০, ২০২৫
রাজ্য

এগরার পর বজবজ, বেআইনি বাজি কারখানায় বিষ্ফোরণে মৃত ৩, জখম বহু

এগরার পর এবার বজবজ। পূর্ব মেদিনীপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনা। রবিবার রাতে বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানার গোডাউনে বিধ্বংসি আগুন লেগে তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মা জয়শ্রী হাটি, মেয়ে পম্পা হাটি ছাড়া আরও একজনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। জখম কয়েকজনকে আইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রাত আটটার একটু আগে এই ঘটনা ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জানা গিয়েছে, এই গ্রামে প্রতিটা বাড়িতেই কুটির শিল্পের মতো আতশ বাজি তৈরি হয়। ঘটনাস্থলের আশাপাশে চকোলেট বাজি পড়ে থাকতে দেখা গিয়েছে। এদিনই ঘটনার পর বিপুল পরিমান বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বাজি নিয়ে যায় পুলিশ। এক ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার এগরার বাজি কারখানায় বিষ্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল।

মে ২১, ২০২৩
রাজ্য

এগরায় বেআইনি বাজি কারখানায় বিষ্ফোরণে মৃত ৯, তদন্তে সিআইডি, এনআইএ দাবি বিরোধীদের

পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের। জখম ৭ জন। নবান্নে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি জানিয়ে দেন, এই ঘটনার সিআইডি তদন্ত হবে। তবে এনআইএ-কে ঘটনার তদন্তভার দেওয়া হলেও তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ও জখমদের ১ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে এই বিষ্ফোরণের পর বঙ্গ বিজেপি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। সাদা-কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। গ্রামের লোকজন বাড়ি ছেড়ে সবাই রাস্তায় বেড়িয়ে পড়েন। ছোটাছুটি শুরু করে দেন। দেখা যায়, গ্রামেরই একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি দেহ ও দেহাংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান গ্রামবাসীরা। বিষ্ফোরণে বাড়িটি উড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ।এদিন ঘটনার পর খাদিকুল গ্রামে পুলিশ পৌঁছালে সাধারণ মানুষ ব্যাপক বিক্ষোভ দেখায়। এমনকী পুলিশকে তেড়ে যেতেও দেখা যায়। এদিকে মুখ্যমন্ত্রীর দাবি, তৃণমূল বিধায়ককেও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগেও বেআইনি ওই বাজি কারখানার মালিককে পুলিশ গ্রেফতার করেছিল। জামিন পেয়ে বেরিয়ে ফের বেআইনি বাজি তৈরি করছিল। বাজি কারখানার মালিক ওড়িশা কেন যেখানেই পালাক আমরা টেনে আনব। এখান থেকে বাজি তৈরি করে ওড়িশায় বিক্রি হয়। আমি তো শুনেছি উনি বাংলাদেশ, ওড়িশায় সাপ্লাই করে।

মে ১৬, ২০২৩
বিদেশ

Kabul Blast: জোড়া বিস্ফোরণ, গুলিতে কাঁপল কাবুল বিমানবন্দর চত্বর, মৃত কমপক্ষে শিশু-সহ ১৩

তালিবান তাণ্ডবে কাঁপছে আফগানিস্তান। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমানবন্দরের বাইরের চত্বর। বিস্ফোরণের পর পাগলের মতো ছুটতে থাকা জনতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। যার জেরে গোটা ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ কমপক্ষে ১৩ জনের প্রাণ গিয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। সামরিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, সাধারণত এই কৌশলে হামলা চালিয়ে থাকে আইএস (ইসলামিক স্টেট)।Video: Aftermath of attack close to Kabul airport. US Pentagon confirms at least two blasts. Taliban spokesperson Zabiullah Mujahid told TOLOnews at least 52 people are wounded. #Afghanistan pic.twitter.com/pBztAtS7oB TOLOnews (@TOLOnews) August 26, 2021গোটা এলাকাজুড়ে অসহায়দের চিৎকার আর হাহাকার। অ্যাবি গেটের সামনে পড়ে রয়েছে সার সার রক্তাক্ত দেহ। রক্তজলে ভাসছে কিছু। হাত, পা টেনে শুকনো জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন পরিবার-পরিজনেরা। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এমনই সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে। আমেরিকার সেনা-ঘেরা অ্যাবি গেটের সামনে প্রথমে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঠিক পরেই শুরু হয় এলোপাথাড়ি গুলি-বর্ষণ। গোটা ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ ১৩ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত ৫২ আহত হয়েছে দুই বিস্ফোরণের জেরে, এমনটাই জানিয়েছেন এক তালিবান মুখপাত্র। কিন্তু মৃত্যু ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারেই বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রে।আরও পড়ুনঃ বড় ঘোষণা: চিকিৎসক-নার্সদের জন্য কল্পতরু মমতাসম্প্রতি আমেরিকা দাবি করেছিল, নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলাকালীন কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএস জঙ্গি সংগঠন। তেমন হুমকি-বার্তাও দিয়েছে বলে জানা গিয়েছিল পেন্টাগন সূত্রে। তার পরই এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অভিযোগের আঙুল আইএসের বিরুদ্ধে। আমেরিকার দাবি, আফগানিস্তানে আইএসের খোরাসান শাখা সংগঠন এই হামলা চালিয়ে থাকতে পারে।সামরিক বিশেষজ্ঞদের দাবি, প্রথমে বিস্ফোরণ, তার পর এলোপাথাড়ি গুলি চালিয়ে এই হামলা পদ্ধতিকে কমপ্লেক্স অ্যাটাক বলা হয়। সাধারণত বিস্ফোরণ ঘটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে তাঁদের উপর গুলি চালানো হয় এই পদ্ধতিতে। কাবুল বিমানবন্দরেও ঠিক তাই ঘটেছে। আফগানিস্তান ছাড়তে চেয়ে বিমানবন্দরের অ্যাবি গেটের বাইরে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। ওই এলাকা তখনও আমেরিকার সেনার দখলেই ছিল। সেখানেই হয় প্রথম আত্মঘাতী বিস্ফোরণ। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা জনতা পালাতে আরম্ভ করতেই তাঁদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল, এমনটাই দাবি করেন এক প্রত্যক্ষদর্শী।৩১ অগস্টের আগে বিমানবন্দরে চলছে বিভিন্ন দলের উদ্ধারকারী দলের তৎপরতা। সূত্রের খবর, ইতালির উদ্ধারকারী বিমান লক্ষ্য করে গুলি চালানো হয়। বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে বহু মানুষ। পেন্টাগনের প্রেস সচিব জন কিরবি টুইটে জানিয়েছেন বিস্ফোরণের কথা।

আগস্ট ২৬, ২০২১
রাজ্য

Bomb Explosion: ভাতারের বোমা বিস্ফোরণের পিছনে রহস্য কি?

বোমা বিস্ফোরণে আস্ত একটি মাটির বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে জেলা পুলিশের কর্তাদের। শুক্রবার ভোররাতে পূর্ব বর্ধমানের ভাতার থানার বাণেশ্বরপুরের এই ঘটনার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই বাড়ির সদস্য লালচাঁদের নামে এর আগেও থানায় নানা অভিযোগ আছে। কয়েকদিন আগে সে একটি ঝামেলায় জড়িয়ে ছিল। কেন বাড়িতে বোমা রাখা ছিল, কোথা থেকেই বা তা সংগ্রহ করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ জামরুল মল্লিকের বাড়িতে তদন্তে যায়। সমস্তকিছু খতিয়ে দেখার পর পুলিশ কর্তারা একপ্রকার নিশ্চিৎ হন মাটির বাড়ির ভিতরেই মজুত রাখা ছিল বোমা। সেই বোমার বিস্ফোরণ ঘটাতেই গোটা মাটির বাড়িটি ভেঙে পড়েছে। আরও পড়ুনঃ স্প্যানিশ তারকা এডু গার্সিয়াকে ছেড়ে দিচ্ছে এটিকেমোহনবাগানতদন্তের প্রয়োজনে ওই বাড়িটি ও তার চারপাশ পুলিশ ঘিরে রেখেছে। বাড়ির ভিতরে আর বোমা রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। ভাতার থানার পুলিশ জামরুল ও তাঁর ছেলে লালচাঁদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপরাধমূলক কাজে জড়িত থাকার জন্য অনেকদিন আগেই পুলিশের খাতায় স্থান পায় লালচাঁদের নাম। বেআইনি ভাবে আগ্নেআস্ত্র রাখার অভিযোগে বছর দেড়েক আগে লালচাঁদ পুলিশের হাতে ধরাও পড়ে।যদিও পড়ে সে ছাড়া পায়। এছাড়াও কয়েকবছর আগে ভাতার কলেজে অশান্তির ঘটনাতেও লালচাঁদের নাম জড়ায়। তারপর সে কেরলে গিয়ে বাবা জামরুল মল্লিকের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজে যোগ দেয়। দিন কুড়ি আগে বাবা ও ছেলে কেরল থেকে ভাতারের বাণেশ্বরপুর গ্রামের বাড়িতে ফেরে । তার পর এদিনই তাঁদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো ।আরও পড়ুনঃ জেলাশাসক থেকে সফল ব্যবসায়ী, মেধাবী অশ্বিনী এখন দেশের বড় দায়িত্বেতদন্তে নেমে পুলিশ জেনেছে, লালচাঁদ বাড়ি ফেরার পর গত বৃহস্পতিবার রাতে পাশের কুলনগর গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে লালচাঁদ ও তাঁর বন্ধুদের বচসা হয়েছিল। কি নিয়ে বচসা হয়েছিল তা এখনও পরিস্কার জানা যায়নি। তবে ওই বোমা মজুতের সঙ্গে ওই গোলযোগের কোনও সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ খোঁজ নেওয়া শুরু করেছে। বোমা বিস্ফোরণের তদন্তে ভাতার থানার পুলিশ বোম স্কোয়াডে ও ফরেনসিক বিভাগেরও সাহায্যা নিচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুর হয়েছে । ওই বাড়ির দুইজনকে আটক করে ঘটনা বিষয়ে জিজ্ঞাসাবাদ চলানো হচ্ছে। আরও পড়ুনঃ জন্মদিনে বাড়িতে গিয়ে সৌরভকে শুভেচ্ছা মমতার, দিদিকে দাদার দুর্দান্ত উপহারএদিকে খবর পেয়ে এদিন দুপুর নাগাদ ঘটনাস্থলে আসে বোম্ব স্কোয়াড। আর কোথাও বোমা মজুত আছে কিনা তল্লাশি করে পুলিশ । শেষে ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বোম্ব স্কোয়াডের সদস্যরা।

জুলাই ০৯, ২০২১
রাজনীতি

বিজেপি বিস্ফো্রণের ঘটনা নিয়ে রাজনীতি করছেঃ ফিরহাদ

কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণের ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যে মালদা এসেই মৃত ও আহতদের পরিবারের হাতে দুই লক্ষ টাকা এবং ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি মৃত ও আহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন বিকেলে সুজাপুরে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণের ঘটনার পর হেলিকপ্টারে মালদায় আসেন ফিরহাদ হাকিম। মালদার বিমানবন্দর থেকে সরাসরি কনভয় নিয়ে চলে যান সুজাপুরের স্কুলপাড়া এলাকায় । সেখানে মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এর পাশাপাশি সুজাপুর থেকে ফিরে মালদা মেডিকেল কলেজে আহতদের সঙ্গে দেখা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আরও পড়ুন ঃ বহিরাগতদের মানে না বাংলার মানুষঃ চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বিকালে সুজাপুরে বিস্ফোরণকাণ্ডে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করার পর সরাসরি বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন , বিজেপি সব কথাতেই এনআইএর তদন্তের দাবি তোলে। অথচ এই পরিস্থিতির পর ওদের দলের কোনও নেতৃত্বকেই দেখা যায়নি। মুখ্যমন্ত্রী এই ঘটনার পর সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। কলকাতা থেকে হেলিকপ্টারে মালদা এসেই সেই আর্থিক ক্ষতিপূরণ ওই পরিবারগুলির হাতে তুলে দিয়েছি। এই মর্মান্তিক ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়িয়ে তাদের সমবেদনা জানানো উচিৎ। কিন্তু এখন বিজেপি রাজনীতি করছে। এদিকে সুজাপুরে প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ কাণ্ডে বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু এনআইএর তদন্তের দাবি জানিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন। যদিও বিজেপি সাংসদের এই বক্তব্যকে তুলোধনা করে তৃণমূল সাংসদ তথা দলের জেলা সভাপতি মৌসুম নূর বলেন , এই মর্মান্তিক পরিস্থিতিতে বিজেপি এখন রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছে। পুলিশ প্রশাসন যেখানে বলছে প্লাস্টিকের কারখানায় কাটিং মেশিন বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে বিজেপি সাংসদ এরকম কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এবং আহতদের সঙ্গে দেখা করতে আসেননি বিজেপির জেলা নেতৃত্ব। অথচ তারা ঘরে বসে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। তৃণমূল সাংসদ মৌসুম নূর আরও বলেন, এদিন বিস্ফোরণকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । আমিও তাঁর সঙ্গে ছিলাম । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় আহতদের সঙ্গে সঙ্গেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন সাংসদ মৌসুম নূর সহ জেলা পুলিশ প্রশাসনের কর্তারা।

নভেম্বর ১৯, ২০২০
রাজ্য

চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ , এলাকায় আতঙ্ক

চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হল। স্থানীয়দের মতে, বুধবার বেলা ১২টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান। দৌড়ে গিয়ে দেখেন বাজি কারখানাটি দাউদাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চতুর্দিক। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। আজ যারা বাজি কিনতে গিয়েছিলেন , সকলকে নিরাপদ এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। এছাড়াও বারুইপুর থানার পুলিশ আধিকারিকরাও খবর পেয়ে ঘটনাস্থলে যান। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরও পড়ুন ঃ আজ দুদিনের রাজ্য সফরে অমিত শাহ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , কারখানায় মজুত থাকা বাজি থেকেই এই বিস্ফো্রণের ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণে বাজি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে এলাকাবাসী ব্যাপক আতঙ্কে রয়েছেন। সামনেই কালীপুজো। তার আগে এই বিস্ফো্রণের ঘটনায় কয়েক লক্ষ টাকার বাজি নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। কারখানায় অবৈধভাবে বাজি মজুত ছিল কিনা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছিল কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ।

নভেম্বর ০৪, ২০২০
রাজ্য

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে বিস্ফোরণ , মৃত ১

দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হল। মৃতের নাম ওমপ্রকাশ চৌহান। তিনি একজন ঠিকাকর্মী। এই বিস্ফোরণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত কর্মীর নাম বাম রুইদাস। তিনি ডিপিএলের নিরাপত্তারক্ষী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আরও পড়ুন ঃ রাষ্ট্রদ্রোহীদের হাত ধরে পাহাড়ে উঠতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ দিলীপ তাকে ভরতি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে , মঙ্গলবার সকাল ১১ টা ১০ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ডিপিএলের ৭ নম্বর কনস্ট্রাকশন গেট এলাকা। ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিন্তু কীভাবে এই বিস্ফোরণ হল , তার তদন্ত শুরু করেছে পুলিশ।

নভেম্বর ০৩, ২০২০
বিদেশ

পাকিস্তানের মাদ্রাসায় কোরানের ক্লাস চলাকালীন বিস্ফোরণ, মৃত ৭

মঙ্গলবার সকালে পাকিস্তানের পেশোয়ারের দীর কলোনির কাছে একটি মাদ্রাসায় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে ৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জখম ৭০ জনেরও বেশি। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১৯ জন শিশুও রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আরও পড়ুনঃ করাচিতে বিস্ফোরণ , মৃত ৩ জানা গিয়েছে , জামিয়া জুবাইরিয়া মাদ্রাসায় কোরানের ক্লাস চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। সেই ক্লাসে হাজির ছিল বহু শিশুও। জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক রেখে গিয়েছিল। ক্লাস চলাকালীন বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই চার শিশু প্রাণ হারায়। আহতদের ততক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি।

অক্টোবর ২৭, ২০২০
রাজ্য

কামারহাটিতে ওষুধের দোকানে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

কামারহাটির একটি ওষুধের দোকানে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য । রবিবার দুপুর একটা নাগাদ ওষুধের দোকানে বিস্ফোরণ ঘটে৷ ওই ওষুধের দোকানের মালিক জাকির হোসেন। জানা গিয়েছে, কয়েকদিন আগে ১০ লক্ষ টাকা দাবি করে তার কাছে হুমকি ফোন আসে। টাকা না দিলে ছেলেকে গুলি করার হুমকিও দেওয়া হয় । তখন বেলঘরিয়া থানায় অভিযোগ জানিয়েছিলেন জাকির । আরও পড়ুনঃ ভারত সীমান্তের সমস্যার শেষ চায়ঃ রাজনাথ সিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে ওষুধের দোকানে আসে এক ব্যক্তি । ওষুধ কেনার নাম করে একটি ব্যাগ দোকানে রেখে চলে যায় । ওই ব্যক্তি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বোমা বিস্ফোরণ হয় । দোকানের সিসিটিভি ফুটেজেও সেই ছবি দেখা যাচ্ছে। ঘটনার সময় ওই ওষুধের দোকানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন৷ হঠাৎ দোকানের মধ্যে রাখা একটি ব্যাগের ভিতরে বিস্ফোরণ হয়৷ আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ দুর্ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে তারা ।

অক্টোবর ২৫, ২০২০
বিদেশ

করাচিতে বিস্ফোরণ , মৃত ৩

করাচির এক বহুতলে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার গুলশন-এ-একবালে করাচি ইউনিভার্সিটির গেটের ঠিক উল্টোদিকের বহুতলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১৫। আরও পড়ুনঃ নতুন বছরের আগেই শেষ হতে চলেছে পদ্মা সেতুর কাজ তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট করে কিছু জানতে পারেনি। বম্ব ডিজপোজাল স্কোয়াডকেও আনা হয়েছে ঘটনাস্থলে। কোনও শক্তিশালী বোমা এই বিস্ফোরণের কারণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অক্টোবর ২১, ২০২০
কলকাতা

সাতসকালে বেলেঘাটায় তীব্র বিস্ফোরণ , এলাকায় চাঞ্চল্য

বেলেঘাটায় তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের পর ব্যাপক শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সকাল সাড়ে ছটা নাগাদ বেলেঘাটা গান্ধী ভবনের কাছেই একটি ক্লাবের চিলেকোঠার ঘরে ওই তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। দেওয়ালও ভেঙে নীচে পড়ে যায়। এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য ইটের টুকরো। কীভাবে এই ঘটনা ঘটেছে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। আরও পড়ুনঃ রাজ্যে ফের একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দাদের দাবি , ওই ক্লাবেই নাকি বিস্ফোরক মজুত করা ছিল। তদন্তকারীরা সমস্ত দিকই খতিয়ে দেখছেন। তবে সকাল ৭ টারও আগে এই বিস্ফোরণ হওয়ায় সে সময় কেউ ক্লাবে ছিল না বলে জানা গিয়েছে। ক্লাবের মেইন গেটে ছিল তালা লাগানো। ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

অক্টোবর ১৩, ২০২০

ট্রেন্ডিং

দেশ

পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘূর্ণিঝড়ের জেরে বদলে গেল ট্রেনের সময়, বাতিল একাধিক এক্সপ্রেস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
টুকিটাকি

ডিজিটাল ডিটক্স আসলে কী? কিভাবে করবেন অভ্যাস? ফিরিয়ে আনুন নিজের জন্য সময়

ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত হাতে স্মার্টফোন! সোশ্যাল মিডিয়া, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে নিজের সময়। মানসিক চাপ কমাতে ও মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ডিজিটাল ডিটক্স।সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ মোবাইল দেখা। সারাদিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা ভিডিও দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন হাতছাড়া হয় না। অজান্তেই স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এই অভ্যাস থেকে সাময়িক বিরতি নেওয়ার নামই ডিজিটাল ডিটক্স।ডিজিটাল ডিটক্স আসলে কী?ডিজিটাল ডিটক্স হল নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা। এর উদ্দেশ্য প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনে মনোযোগ বাড়ানো।সপ্তাহে একদিন ফোন থেকে দূরে থাকবেন কেন?দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে অনেকের ঘুমের সময় কমে যায়, মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অকারণে সোশ্যাল মিডিয়া দেখার অভ্যাস তৈরি হয়। সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে দূরে থাকলে নিজের পছন্দের কাজে সময় দেওয়া সম্ভব। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাগান করা কিংবা বাইরে হাঁটতে যাওয়াএমন অভ্যাস মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করতে পারে।কীভাবে শুরু করবেন ডিজিটাল ডিটক্স?১. সপ্তাহের একটি দিন বা নির্দিষ্ট কয়েক ঘণ্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন।২. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. খাওয়ার সময় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখুন।৪. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন সরিয়ে রাখার চেষ্টা করুন।৫. অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, শরীরচর্চা বা পছন্দের কোনও শখে মন দিন।মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। তাই প্রযুক্তি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং তার ব্যবহার নিয়ন্ত্রণ করাই ডিজিটাল ডিটক্সের আসল উদ্দেশ্য। সপ্তাহে একদিনের ছোট্ট বিরতিই আপনাকে নিজের জন্য কিছুটা সময় খুঁজে পেতে সাহায্য করতে পারে।

নভেম্বর ১৯, ২০২৬
নিবন্ধ

আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে অচেনা যুবকের সুরে মুগ্ধ বিশ্ব, কে ছিলেন তিনি?

সুরের সীমানা ভেঙে এক বিশ্বনাগরিক সলিল চৌধুরীলোকসুর, পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত আর মানুষের জীবনের কথায় যিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র সংগীতভুবনবাংলা তথা হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে সলিল চৌধুরী এমন এক নাম, যাঁকে কোনও একটি ভাষা, কোনও একটি ঘরানা কিংবা কোনও একটি সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। তিনি ছিলেন সুরকার, গীতিকার, গল্পকার, চিত্রনাট্যকার, কবি এবং এক অসাধারণ সংগীত-পরীক্ষক। তাঁর সুরে কখনও মিশেছে বাংলার মাটির গন্ধ, কখনও অসমের লোকসংগীত, আবার কখনও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জটিল অর্কেস্ট্রেশন।১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম। আজ তাঁর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে ফিরে দেখা যাক এমন এক শিল্পীকে, যাঁর সংগীতের ভাষা ছিল আন্তর্জাতিক, অথচ অনুভূতির শিকড় ছিল একেবারে মাটির কাছাকাছি।সংগীতের ভিত গড়ে উঠেছিল শৈশবেইসলিল চৌধুরীর সংগীতজীবনের সূচনা কোনও প্রথাগত সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে নয়, বরং পারিবারিক পরিবেশে। অসমের চা-বাগান অঞ্চলে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরীর সংগ্রহে ছিল ভারতীয় ও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের বহু রেকর্ড।ছোটবেলা থেকেই তিনি শুনতেন মোৎসার্ট, বিটোফেন, চাইকোভস্কি, শোপাঁর মতো বিশ্বখ্যাত সুরকারদের সৃষ্টি। অন্যদিকে চা-বাগানের শ্রমিকদের গান, অসমের লোকসংগীত এবং বাংলার গ্রামীণ সুরও তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।বাঁশি, হারমোনিয়াম, এসরাজ, বেহালা ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর ছিল স্বাভাবিক আকর্ষণ। বিশেষ করে সংগীতের কাঠামো বোঝার এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে একত্রে ব্যবহার করার অসাধারণ ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।পাশ্চাত্য সংগীতের সঙ্গে ভারতীয় সুরের মেলবন্ধনসলিল চৌধুরীর সংগীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের সুরকে একসূত্রে বাঁধার অসাধারণ দক্ষতা। তিনি পাশ্চাত্য সংগীতের অন্ধ অনুকরণ করেননি। বরং তার হারমনি, কাউন্টার মেলোডি, অর্কেস্ট্রেশন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারকে ভারতীয় সুরের আবহে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন, যা আগে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতে খুব একটা দেখা যায়নি।তাঁর সংগীতে মোৎসার্টের প্রভাব যেমন স্পষ্ট, তেমনই রয়েছে হাঙ্গেরীয় লোকসুর, রুশ সংগীত এবং লাতিন আমেরিকার ছন্দের অনুষঙ্গ।১৯৬১ সালের হিন্দি ছবি ছায়ার ইতনা না মুঝসে তু পেয়ার বাড়া গানটির কথাই ধরা যাক। মোৎসার্টের ৪০তম সিম্ফনির সুরের অনুপ্রেরণায় তৈরি এই গানটি ভারতীয় চলচ্চিত্র সংগীতে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের এক অনন্য উদাহরণ।আবার মধুমতীর দিল তড়প তড়প কে গানে শোনা যায় হাঙ্গেরীয় লোকসুরের প্রভাব। কাবুলিওয়ালার অ্যায় মেরে প্যারে ওয়তন গানে ফুটে উঠেছে এক ভিন্ন সাংগীতিক আবহ।তাঁর সংগীতে মূল সুরের পাশাপাশি অন্য বাদ্যযন্ত্রের চলমান সুরও সমান গুরুত্ব পেত। একে বলা হয় কাউন্টার মেলোডি। ফলে গান শুনতে শুনতে শ্রোতা যেন একাধিক সুরের আলাদা আলাদা গল্প আবিষ্কার করতে পারতেন। আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে এক বিস্ময়কর ঘটনাসলিল চৌধুরীর জীবনের একটি ঘটনা তাঁর অসাধারণ বহুমুখী সংগীতপ্রতিভার পরিচয় দেয়।১৯৫৮ সাল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরা এক ভারতীয় যুবক। দোকানের কর্মী ক্রিস্টিনা প্রথমে তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর ধারণা হয়েছিল, আর পাঁচজন কৌতূহলী ক্রেতার মতোই হয়তো এই যুবকও বাদ্যযন্ত্র দেখতে এসেছেন।যুবকটি দোকানে রাখা বিভিন্ন সেতার দেখলেন। কিন্তু কোনওটিই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত দোকানের অনেক উঁচু তাকে রাখা একটি অত্যন্ত দামি ও বিশেষ ধরনের সেতারের দিকে তাঁর নজর পড়ল। তিনি সেটি নামিয়ে বাজিয়ে দেখতে চাইলেন।প্রথমে কর্মী ক্রিস্টিনা আপত্তি জানালেও দোকানের মালিক ডেভিড বার্নার্ডের অনুমতিতে শেষ পর্যন্ত সেতারটি নামানো হল।যন্ত্রটির তারে সুর বাঁধতে বাঁধতে যুবকটি জানালেন, দোকানে যেটিকে বস সেতার বলা হচ্ছে, ভারতীয় সংগীতের পরিভাষায় সেটি সুরবাহার।এরপর শুরু হল তাঁর বাজনা।কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে এবং বাইরে মানুষের ভিড় জমে গেল। তাঁর বাজনায় মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সংগীতপ্রেমীরা। দোকানের মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এসে জানালেন, এমন অসাধারণ বাজনা তিনি আগে কেবল পণ্ডিত রবিশঙ্করের পরিবেশনায় শুনেছেন।তিনি যুবকটির পরিচয় জানতে চাইলেন। যুবকটি জানালেন, তিনি যন্ত্রটি কিনতে চান। কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে দোকানের মালিক সেটি তাঁকে উপহার দিতে চাইলেন।এখানেই শেষ নয়। দোকানের কর্মী ক্রিস্টিনা আবেগাপ্লুত হয়ে নিজের একটি ডলারের নোট এগিয়ে দিয়ে তাঁর অটোগ্রাফ চাইলেন। সেই নোটে সই করে নিজের নাম লিখে দিলেন যুবকটি।নামটি ছিল সলিল চৌধুরী।এই ঘটনার আরও একটি সুন্দর পরিণতি রয়েছে। সেই সুরবাহার পরবর্তীকালে তাঁর সংগীতসৃষ্টিতে ব্যবহৃত হয়। ১৯৫৮ সালে তৈরি হয় না যেয়ো না, রজনী এখনও বাকি....। সেই গানে ইন্টারলুডে বাজানো সেতারের সুর সেই সেতাররেই। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণও তৈরি হয়।একজন ভারতীয় সংগীতকারের প্রতিভা কীভাবে বিদেশের মাটিতেও মানুষকে মুগ্ধ করতে পারে, এই ঘটনাটি তারই এক স্মরণীয় উদাহরণ। গণসংগীত থেকে চলচ্চিত্রের রোমান্টিক সুরসলিল চৌধুরীর সংগীতজীবন শুধু চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে শুরু হয়নি। ১৯৪০-এর দশকে তিনি যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে। সেই সময় তাঁর কলম ও সুরে উঠে এসেছিল সাধারণ মানুষের বঞ্চনা, কৃষকের সংগ্রাম, দুর্ভিক্ষ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।হেই সামালো ধান হো, বিচারপতি তোমার বিচার করবে যারা, ঢেউ উঠছে কারা টুটছে এই গানগুলি শুধুমাত্র সংগীত ছিল না, ছিল সময়ের প্রতিবাদী ভাষা।১৯৫৩ সালে বিমল রায়ের দো বিঘা জমিন ছবির সংগীত পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা নতুন মাত্রা পায়। এরপর মধুমতী, কাবুলিওয়ালা, ছায়া, আনন্দ, মেরে আপনে, রজনীগন্ধা এবং ছোটি সি বাত-এর মতো ছবিতে তিনি সৃষ্টি করেছেন একের পর এক স্মরণীয় সুর।বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে তাঁর অসংখ্য আধুনিক বাংলা গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার, মহম্মদ রফি-সহ ভারতীয় সংগীতের বহু কিংবদন্তি শিল্পী। সুরের কোনও সীমানা হয় নাসলিল চৌধুরী ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সংগীত আজও জীবন্ত। বাংলা, হিন্দি, মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষার চলচ্চিত্রে তাঁর সৃষ্টির বিস্তার প্রমাণ করে, সংগীতের কোনও ভাষাগত সীমানা নেই।তাঁর কাছে সংগীত ছিল একদিকে মানুষের প্রতিবাদের হাতিয়ার, অন্যদিকে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশের মাধ্যম।তিনি দেখিয়েছিলেন, মোৎসার্টের সিম্ফনি, অসমের চা-বাগানের লোকসুর, বাংলার মাটির গান এবং ভারতীয় রাগসংগীত সবকিছুই একই সুরের সংসারে সহাবস্থান করতে পারে।তাই সলিল চৌধুরীকে শুধু একজন সুরকার বললে তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন এমন এক সংগীত-স্থপতি, যিনি ভারতীয় চলচ্চিত্রের সুরের ভাষাকে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।তাঁর সুরে সময় থেমে থাকে না, বরং প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসে।তথ্যসূত্র1. আনন্দবাজার পত্রিকা অটোগ্রাফ দিলেন ডলারের উপর2. Sangeet Natak Akademi Salil Chowdhury.3. ThePrint Salil Chowdhury: So much more than a Hindi-Bengali film music composer.4. The Tribune Dharti Kahe Pukar Ke

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ দুর্যোগের আশঙ্কা বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ নজরে রয়েছে পর্যটনকেন্দ্র পুরী। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল, শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গোপালপুরের আশপাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রকাশিত IMD-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পুরী-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে।এমন পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রসৈকতে না যাওয়ার এবং সমুদ্রে স্নান বা জলক্রীড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী ও গঞ্জাম জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় নিচু উপকূলবর্তী এলাকায় প্রায় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল বাড়ি, কাঁচা ঘর এবং সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সব মিলিয়ে শুক্রবার পুরী-সহ দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাতে পারে বলে পূর্বাভাস। তবে তার আগে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতি নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দীঘায় দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই বৃষ্টি, সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি-সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় আকাশের মুখ ভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি গোপালপুরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে সরাসরি দীঘায় আছড়ে পড়ার পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দীঘায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্র উত্তালও হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই দীঘা সৈকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দীঘার পর্যটন ও উপকূলবর্তী জনজীবনে সতর্কতার আবহ তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর সমুদ্রে ভয়াবহ ঢেউ, সৈকতে লাল পতাকা! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। গতকাল সকাল থেকেই পুরীতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। পরের দিন সকাল থেকে জগন্নাথধাম পুরীতে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা লাগানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।পর্যটকেরা যাতে কোনও ভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে না যান, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকতে সতর্ক রয়েছেন দমকলকর্মীরাও। যে কোনও জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাঁদের।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরী শহরের গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন এবং মন্দির পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।অন্য দিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার কাছে তালসারি থানা এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মাইক প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সচেতন করছেন প্রশাসনের কর্মীরা। মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরে যেতে এবং কোনও ভাবেই সমুদ্রে না নামতে বলা হচ্ছে।

নভেম্বর ১৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal