• ৬ অগ্রহায়ণ ১৪৩৩, বুধবার ২৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Dev

কলকাতা

আজ থেকে খুলল কালীঘাট মন্দির

রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতির একটু উন্নতি হতেই বিভিন্ন মন্দির খুলছে ভক্তদের জন্য। মঙ্গলবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের (Kalighat Temple) দুয়ার। সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। এই সময়ের মধ্যে ভক্তরা পুজোর ডালা নিয়ে প্রবেশ করতে পারবেন। পুজো দেওয়ায় কোনও বাধা নেই। তবে যথাযথ কোভিড বিধি মেনেই হবে মা কালীর আরাধনা। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। শারীরিক দূরত্ব মেনে পুজোর লাইনে দাঁড়াতে হবে। এমনই বেশ কয়েকটি নিয়ম মেনে তবেই ভক্তদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে বেশ খুশি দর্শনার্থীরা। অনেকদিন পর পুজো দেওয়ার সুযোগ পেয়ে এদিন সকালেই ভক্তরা ভিড় করেন মন্দির চত্বরে।আরও পড়ুনঃ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রীকরোনা আবহে রাজ্যে মে মাসের ৫ তারিখ থেকে কড়া বিধিনিষেধ লাগু হওয়ার পরপরই প্রসিদ্ধ মন্দিরগুলি একে একে বন্ধ হতে থাকে। তার আগে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল বেশ কয়েকটি মন্দিরে। সংক্রমণ এড়াতেই এই সিদ্ধান্ত নেয় বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ। তবে মাস দুই পর রাজ্যের করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এলে ফের কোভিড (COVID-19) বিধি মেনে মন্দির খুলতে থাকে। তারকেশ্বর এবং তারাপীঠের মন্দির খোলা হয়েছিল গত সপ্তাহেই। চলতি সপ্তাহে আবার তারকেশ্বরের মন্দিরে ভক্তদের প্রবেশের সময়সীমাও বাড়ানো হয়েছে। জানানো হয়, সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুদফায় মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা। গর্ভগৃহে প্রবেশেও অনুমতি দেওয়া হয়েছে।

জুন ২২, ২০২১
রাজ্য

Tarapith Temple: ১৬ জুন থেকে ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দির

অপেক্ষার অবসান। রাজ্যে করোনার সংক্রমণ (Corona Pandemic) অনেকটাই নিম্নমুখী। আর তাই আগামী ১৬ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের (Birbhum) তারাপীঠের মন্দির (Tarapith Temple)। সোমবার সেবাইতদের বৈঠকের পর এমনটাই জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। তবে জারি থাকবে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ। ৩৩ দিন পর খুলতে চলেছে মন্দির।করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল তারাপীঠের মা তারার মন্দিরও। সংক্রমণ রুখতে রাজ্যের তরফে কড়া বিধিনিষেধ জারি করার পরই ওই সিদ্ধান্ত নেওয়া ছিল। এই সময় কেবল সেবাইতদেরই পালা করে মায়ের পুজো করার অনুমতি ছিল। তবে মন্দিরের দ্বার বন্ধ থাকলেও ভিডিও কলের মাধ্যমেই মায়ের দর্শন করছিলেন ভক্তরা। এজন্য উদ্যোগ নিয়েছিল তারাপীঠ মন্দিরের সেবাইত সংঘই। সেবাইতরাই ভক্তদের ভিডিও কল করে মায়ের দর্শনের ব্যবস্থা করছিলেন। এমনকী পুণ্যার্থীদের দাবি মেনে ভিডিও কল করে তাঁদের নাম, গোত্র ধরে পুজোও দিয়ে দেন তাঁরা। এখানেই শেষ নয়, দূর-দূরান্তের পুণ্যার্থীদের কাছে সংকল্প করা পুজোর ফুলও পাঠিয়ে দেওয়া হচ্ছিল ডাকযোগে। তবে শেষপর্যন্ত রাজ্যে সংক্রমণের গ্রাফ কমতেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল।তবে ১৬ তারিখ থেকে মন্দির খুললেও ভক্তদের জন্য জারি থাকবে একাধিক বিধিনিষেধ। প্রত্যেককেই সেই বিধিনিষেধ মেনে চলতে হবে। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তোলা যাবে না কোনওপ্রকার সেলফি। মায়ের বিগ্রহকে স্পর্শ করা কিংবা জড়িয়ে ধরা যাবে না। এছাড়া করোনা সংক্রান্ত অন্যান্য সতর্কতাও মেনে চলতে হবে।

জুন ১৪, ২০২১
রাজ্য

Relief Work: মৌসুনি দ্বীপের যশ বিপর্যস্ত মানুষদের পাশে ইছলাবাদ কিরণ সঙ্ঘ ক্লাব

যশ বিধ্বস্ত এলাকাগুলোতে অসহায় মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন রাজনীতিবিদ থেকে সমাজের সব স্তরের মানুষরা। ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার মৌসুনি দ্বীপের বালিয়ারার একটি আদিবাসী অধ্যুষিত দ্বীপের মানুষদের অবস্থাও তথৈবচ বলে জানতে পেরেছিল বর্ধমানের ইছলাবাদ কিরণ সঙ্ঘ ক্লাবের সদস্যরা। দ্বিতীয়বার ভাবার অপেক্ষায় না থেকে প্রত্যন্ত দ্বীপে গিয়ে বিধ্বস্ত মানুষগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবের সদস্যরা। বুধবার দিনটিকেই এই মহৎকাজের জন্য বেছে নিয়েছিলেন ক্লাবের সদস্যরা। প্রয়োজনীর সামগ্রী জোগার করে কয়েকজন সদস্য মিলে পাড়ি দিয়েছিলেন দ্বীপে। সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিনের কর্মকাণ্ডে নিজেদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছেন তাঁরা। ক্লাবের সদস্য সুবির বল জানিয়েছেন, সকালে বালিয়ারা পৌঁছে সেখানকার প্রায় ৩০০ বাচ্চাকে এক পোয়া করে দুধ ও ২ প্যাকেট করে বিস্কুট খাইয়েছেন। এছাড়াও দুপুরে ছিল দ্বীপের প্রায় ১০০০ জনের খাওয়াদাওয়ার ব্যবস্থা। ক্লাবের সদস্যরা সেখানেই রান্না করে বাসিন্দাদের নিজেরাই পাত পেড়ে খাওয়ান। মেনুতে ছিল, ভাত, ডাল, সোয়াবিন-আলুর তরকারি ও ডিমের কারি।বাসিন্দাদের জন্য কিছু শুকনো খাবারও দিয়ে আসা হয়েছে ক্লাবের তরফে। এর মধ্যে রয়েছে চিঁড়ে, মুড়ি, চাল, আলু। এছাড়াও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি ও দেশলাই দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে গিয়েছে ঘরবাড়ি। কিন্তু ভাঙেনি মনের জোর। বার বার বিপর্যয়ে মুখোমুখি হয়ে দ্বীপের মানুষগুলো বিপর্যয়কেই সঙ্গী বানিয়ে ফেলেছেন অমায়িক মানুষগুলো। সাহায্য আসছে জানতে পেরে তাই বিপদের মাঝেই পাতিবুনিয়া থেকে মৌসুনি দ্বীপে নৌকো করে নদী পাড় করিয়ে নিয়ে গিয়েছে ক্লাবের সদস্যদের। আবার দিনশেষে সেভাবেই পাড়ে পৌঁছে দিয়ে গিয়েছেন।দ্বীপের বাসিন্দাদের এমন অমায়িক ব্যবহারে অভিভূত ক্লাবের সদস্যরা।জীব সেবাই শিব সেবা। এই নীতিতেই ইছলাবাদ কিরণ সঙ্ঘ ক্লাবের সদস্যরা মানুষের পাশে থাকার কাজ করে চলেছেন। তার বদলে, এই সব অসহায় মানুষদের মুখের হাসি ও আশীর্বাদটুকুই তাঁদের বড় পাওনা। এর আগে কোভিড রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে বহু মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন ক্লাবের সদস্যরা। এবার দুর্যোগে বিপর্যস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তৃপ্তির হাসি হাসছেন ক্লাবের প্রত্যেক সদস্যরা।

জুন ১১, ২০২১
রাজ্য

যশ-এ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা

অতি তীব্র ঘূর্ণিঝড় যশ কতটা ক্ষয়ক্ষতি করল তার হিসেব এখনও স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার। এই ঘূর্ণিঝড়ের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কোনও জেলা হয়ে থাকে তা হল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। উপকূলবর্তী এই দুই জেলা রীতিমতো লণ্ডভণ্ড হয়ে হয়ে গিয়েছে যশের জেরে। সব মিলিয়ে ১ কোটির বেশি মানুষ প্রভাবিত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে ক্ষতির পরিমাণ বুঝতে বিকেলেই দুই জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের ৫ টি এবং দক্ষিণ ২৪ পরগনার ৭ টি পুরসভা এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই জেলার মোট ১২ টি পুরসভা এলাকার ১০ হাজার ৬০০ টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় একজনের মৃত্যুও হয়েছে। এখনও জলের তলায় রয়েছে বহু এলাকা। যদিও এখনও পর্যন্ত দুই জেলায় আর্থিক ক্ষতির পরিমাণ কত তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সমগ্র ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুর দপ্তর।বৈঠক শেষে এ দিন মন্ত্রী চন্দ্রিমা আরও জানান, দুই জেলাতেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। জল নিকাশির জন্য রাজ্য জুড়ে বর্তমানে ৭,৮১৬ টি দল কাজ করছে। পানীয় জলের সমস্যা রুখতে কাজ করছে ৯৬৫ টি দল। পুজালি এবং বজবজের মতো পুর এলাকাগুলির ৯ টি বাঁধ এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুটে আরও একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

মে ২৬, ২০২১
কলকাতা

বিপর্যস্ত রাজ্যের ১ কোটি মানুষ, শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আছড়ে পড়ার পর কয়েকঘণ্টা কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় যশ। উত্তাল হয়েছে সমুদ্র। দিঘা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ গিয়েছে ১ জনের, নবান্ন থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি।ঘূর্ণিঝড় মোকাবিলায় মঙ্গলবার সারারাত নবান্নেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর কন্ট্রোলরুম থেকে নজর রেখেছেন পরিস্থিতির উপর। বুধবার সকালেও একাধিকবার সাংবাদিক বৈঠক করে পরিস্থিতির কথা জানিয়েছেন রাজ্যবাসীকে। যশের ল্যান্ডফল শেষ হতেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। জানিয়েছেন, ১৫লক্ষ ৪ হাজার ৫০৬ জনকে সরানো হয়েছিল। তা সত্ত্বেও প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩ লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙেছে। নোনা জলের কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। মাছেরও ক্ষতি হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে ১০ লক্ষ ত্রিপল পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ১০ কোটি চাল ও শুকনো খাবার পাঠানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ত্রাণ শিবিরে ওঠার পরও ১ ব্যক্তি মাছের জন্য জাল ফেলতে গিয়েছিলেন। জলে ডুবে গিয়েছেন তিনি। সন্দেশখালি, নামখানা, পাথরপ্রতিমা, বাসন্তী, ক্যানিং ১ ও ২ নম্বর ব্লক, বজবজ, দিঘা, শংকরপুর, তাজপুর, রামনগর, কাঁথি, নন্দীগ্রাম, সুতাহাটা, দেশপ্রাণ, কোলাঘাট, শ্যামপুর, এদিকে কালীঘাট, চেতলা, রাসবিহারী-সহ গঙ্গার সামনের বহু এলাকা জলে প্লাবিত হয়েছে। আরও পড়ুন: ঘণ্টায় ১৫৫ কিমি বেগে বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল যশমুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামিকালও দুর্যোগ থাকবে। তাই প্রত্যেককে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। যারা নদী বা সমুদ্রের পাশে থাকেন, তাঁদের সতর্ক থাকতে বলেছেন। ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে গিয়ে বিঁধেছেন কেন্দ্রকেও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। পাশাপাশি বিপর্যস্তদের সবরকম সহযোগিতার নির্দেশও দিয়েছেন। ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছে শহর কলকাতা। তবে ভরা কোটালের জেরে জলমগ্ন শহরের একাধিক এলাকা। সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। সেই জল নামতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। দ্রুত জল নামাতে ম্যানহোল খুলে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার। তবে বিপদ এড়াতে শহরের একাধিক এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করেছে সিইএসসি। জল না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না বলে খবর।পূর্ণিমা, চন্দ্রগ্রহণ এবং ভরাকোটালের জেরে জলস্তর বেড়েছে গঙ্গা ও আদিগঙ্গার জলস্তর। আর তার জেরেই জলমগ্ন দক্ষিণ কলকাতার কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা। বসতি এলাকায় ঘরে ঢুকেছে নোংরা জল। এদিকে রাতে জোয়ার এলে জলস্তর আরও বাড়বে। সেই সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আর এই জমা জল থেকে ঘটতে পারে বিপদ। দুর্ঘটনা এড়াতে সাঁকরাইল, বাউড়িয়া, বজবজ ও কালীঘাটের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, তড়িদাহত হওয়ার ঘটনা এড়াতে প্রয়োজনে জলমগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ এড়াতে পরিষেবা বন্ধ রাখার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।এদিন রাজ্যের বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়েছে। প্রচুর বৈদ্যুতিক পোস্টের ক্ষতি হয়েছে। তবে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। বিকেলের পর ক্ষয়ক্ষতির আঁচ পাওয়া যাবে। এদিকে বিদ্যুৎহীন হয়ে রয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা। কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি? এই প্রশ্নের জবাবে সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত এলাকায় জমা জলের স্তর বেড়ে গিয়েছে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে সাঁকরাইল, বাউড়িয়া, বজবজ ও কালীঘাটের একাংশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সংযোগ ফিরিয়ে দেওয়া হবে।

মে ২৬, ২০২১
বিনোদুনিয়া

অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘৮৩’

কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামা ৮৩ অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে। ছবির মুক্তির দিন ঘোষণা করা হল। খবরটি জানান স্বয়ং ছবির কপিলদেব রণবীর সিংহ।রণবীর জানান, আগামী ৪ জুন বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে রণবীর লেখেন, ৪ জুন, ২০২১!!!! হিন্দি সহ তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। দেখা হচ্ছে সিনেমায়। রনবীর সিং #thisis83 হ্যাশট্যাগ দেন। ওই পোস্টে তিনি ছবির সমস্ত টিম মেম্বারদের ট্যাগ করেন, সকলের সঙ্গে এই খুশির মুহূর্ত ভাগ করে নেন।১৯৮৩ সালটি ভারতের ক্রিকেট ইতিহাসে এক মাইলস্টোন। এক ক্রিকেটীয় রূপকথার বাস্তবতা। দ্বিধাহীনভাবে বলে দেওয়া যায় যে, সে উপাখ্যানের অবিসংবাদী নায়ক কপিলদেব নিখাঞ্জ। ২৫শে জুন ১৯৮৩-র ফাইনালে অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ওপর আধারিত এই ছবি। সেই অসম্ভবকে জয় করা ম্যাচের অন্যতম নায়ক এবং তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিলদেবের নামভূমিকায় দেখা যাবে রণবীরকে সিংকে। এবং কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে। এ ছাড়াও বোমান ইরানি, হার্ডি সান্ধু, পঙ্কজ ত্রিপাঠি, যতীন শরণার মতো পরিচিত আভিনেতাদের দেখা যাবে পার্শচরিত্রে।View this post on InstagramA post shared by Ranveer Singh (@ranveersingh)করোনা অতিমারির জন্য সিনেমাহলগুলি বন্ধ থাকায় অনলাইন প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির সম্ভবনা তৈরি হয়েছিল। বিভিন্ন প্রলোভন ও পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করে অবশেষে বড় পর্দাতেই ছবির মুক্তির সিদ্ধান্ত নেন পরিচালক কবীর খান।জয়ন্ত চট্টোপাধ্যায়

ফেব্রুয়ারি ২২, ২০২১
কলকাতা

১০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের

রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার দিনই গত দশ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করল তৃণমূল। বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট কার্ড এ কথাই তুলে ধরলেন দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো রাজ্যের একাধিক দফতরের হেভিওয়েট মন্ত্রীরা। বৃহস্পতিবার দলের সদর দফতর তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির। আগামীকাল থেকে এই রিপোর্ট কার্ড নিয়ে রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছাবেন তৃণমূলকর্মীরা। রাজ্যের মানুষ গত দশ বছরের মধ্যে যা যা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন তাই তুলে ধরা হয়েছে রিপোর্ট কার্ডে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের দুয়ারে সরকার কর্মসূচিকেও তুলে ধরা হয়। এই কর্মসূচির সাফল্য নিয়ে কথা বলেন দলের নেতারা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ১১টি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা দিতে সাধারণ মানুষের বাড়ির দুয়ারে পৌঁছে গিয়েছে সরকার। এদিন দলের মহাসচিব ও রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সরকার দশ বছরের মধ্যে ৮ বছর কাজ করার সুযোগ পেয়েছে। করোনার জন্যে এক বছর, উপনির্বাচনের জন্যে বাকি ১ বছর কাজ করার সম্ভব হয়নি। তাও সরকার সমস্ত রকম ভাবে মানুষের পাশে থেকে কাজ করেছে। আর সেই কাজের খতিয়ান নিয়েই মানুষের দোরগোড়ায় এবার পৌঁছবে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রের যে উদাহরণ তিনি টেনেছেন সেখানে উল্লেখ রয়েছে, ২০১১ সাল থেকে শিক্ষা খাতে বরাদ্দ তিন গুণ বেড়েছে। এছাড়া স্বাস্থ্য ও খাদ্য এই দুটি ক্ষেত্রেও বেড়েছে বরাদ্দ। যা উল্লেখ রয়েছে রিপোর্ট কার্ডের মধ্যে। গত দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার কী কী কাজ করেছে বাংলার মানুষের জন্যে, তার যাবতীয় খতিয়ান তুলে ধরা হয়েছে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। যাকে এদিন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় বলেন, এটা আসলে শ্বেতপত্র। দিদিকে বলো, বাংলার গর্ব মমতার পরে চালু হচ্ছে নয়া প্রকল্প বঙ্গধ্বনি। যার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছবেন জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক পদের ব্যক্তিরা। তারাই মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে দেবেন। সেই উন্নয়নের চেহারাই প্রকাশ পাবে এই রিপোর্ট কার্ড পেশের মাধ্যমে। বারবারই মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না। কিন্তু আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও উন্নয়নের গতি থামেনি। আর্থিক সঙ্কটের মধ্যেও প্রতি মাসে সরকারি কর্মীদের বেতন ও পেনশন দেওয়া হয়। এছাড়াও বিনাপয়সায় চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে, যা তুলে ধরা হয়েছে রিপোর্ট কার্ডে। আরও পড়ুন ঃ নাড্ডার সফরে পুলিশি নিরাপত্তায় ঢিলেমির অভিযোগ, শাহকে চিঠি দিলীপের পাশাপাশি, গত ১০ বছরে রাস্তা থেকে পানীয় জল। বিদ্যুৎ থেকে সকলের জন্যে খাদ্যসাথী। স্বাস্থ্যসাথীর মতো বিশেষ সুবিধাও এনেছে রাজ্য সরকার। বিরোধীরা উন্নয়ন ইস্যুতে একাধিকবার আক্রমণ শানালেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের নেতা মন্ত্রীরা একপ্রকার নিশ্চিত মানুষের কাছে তাঁদের উন্নয়নের খতিয়ান পৌঁছে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষ আস্থা রাখবে সেই উন্নয়নের উপরেই। তাই আজ থেকেই এই প্রচারে কোমর বেঁধে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস। এরপর জেলা নেতৃত্ব সেই বিষয়ে নিজেদের জেলায় কেন্দ্রীয়ভাবে প্রচার করবেন। শুক্রবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন এবং মিছিল করে শুরু হবে বঙ্গধ্বনি যাত্রার প্রচার অভিযান। আগামী দশ দিনে প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিন থেকে পাঁচটি দল যাত্রা শুরু করবে ধারাবাহিকভাবে। জানা গিয়েছে, ওই যাত্রায় চার হাজার নেতা ৯৫০টি দলে ভাগ হয়ে ২৭ হাজার ৫০০ এলাকায় যাবেন। রাজ্যের প্রায় আড়াই লক্ষ কিলোমিটার জুড়ে ১ কোটি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন ওই প্রচারের দায়িত্বে থাকা নেতানেত্রীরা। তৃণমূলের দশ বছরের রিপোর্ট কার্ড বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। সেই সঙ্গে দেওয়া হবে ২০২১ সালের দিদিকে বলো পকেট ক্যালেন্ডার।

ডিসেম্বর ১০, ২০২০
রাজ্য

রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে বৈঠকের পরও একই অবস্থানে মিহির গোস্বামী

তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে দেখা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সকালে দুজনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, বিজয়া করতেই মূলত মিহির গোস্বামীর বাড়িতে এসেছিলেন। তবে সাক্ষাৎ হওয়ার পর নানা বিষয়ে কথা হয়েছে দুজনের। ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা যদিও খোলসা করে বলেননি রবীন্দ্রনাথ ঘোষ। মিহির গোস্বামীর দলের অভিমান প্রসঙ্গেও সেভাবে কিছু বলেননি মন্ত্রী। তবে তাঁর কথায়, মিহিরদা পুরনো লোক। ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। মিহিরবাবু দলে ছিলেন, আছেন ও থাকবেন। আরও পড়ুনঃ ত্রিপুরায় বাঙালি হত্যার প্রতিবাদে পথে বাংলা পক্ষ কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী জানান, ফেসবুক পোস্ট ও কলকাতার নেতাদের একাংশের ভূমিকা নিয়ে একই অবস্থানে রয়েছেন তিনি। তবে রাজ্য নেতৃত্ব তথা দলনেত্রীর বার্তা পাওয়ার পরে যে সব কিছু গভীরভাবে তলিয়ে দেখে পদক্ষেপ করবেন। চিন্তন ও মন্থনের পরে যে সিদ্ধান্ত নেব, তা জনসমক্ষে জানিয়ে দেব।

নভেম্বর ২৪, ২০২০
রাজ্য

জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের জন্য বন্ধ বেলুড়ের সারদা পিঠ

করোনা জনিত কারণে বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ। ভোগ বিতরণ বন্ধ থাকবে। জানা গিয়েছে, দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষেই। তবে পুজোর সরাসরি সম্প্রচার সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে। সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো। অষ্টমীতে মায়ের অধিবাস ও আমন্ত্রণ। নবমী দিন সপ্তমী ও অষ্টমীর পুজো হবে। আরও পড়ুনঃ হাওড়া ব্রিজে মিনিবাসে অগ্নিকাণ্ড , উত্তেজনা দশমীতে সকাল সাতটায় দেবীর পুজো ও সাড়ে আটটায় দর্পণ বিসর্জন হবে। বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ বলেন, এবার শারীরিকভাবে ভক্তদের পুজো দেখার অনুমতি দেওয়া যাচ্ছে না। তবে পুজো যে নিয়মে, যে রীতিতে এতদিন হয়ে এসেছে সেই ভাবেই হবে।

নভেম্বর ২০, ২০২০
কলকাতা

দেবদারু ফটকের পুজোয় এবার দর্শনার্থীদের প্রবেশাধিকার নিষিদ্ধ

এবার বেহালা দেবদারু ফটকের পুজোয় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সন্তোষ মিত্র স্কোয়ারের পর দ্বিতীয় পুজো প্যান্ডেল হিসেবে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলল বেহালা দেবদারু ফটক পুজো কমিটি। এ বছর তাদের পুজো ৪৮ তম বর্ষে পা দিয়েছে। ক্লাবের সভাপতি শক্তিপদ মণ্ডল বলছিলেন, বেহালা ক্লাব, আদর্শ পল্লি আর দেবদারু ফটক- এই তিন ক্লাবের হাত ধরেই বেহালায় থিম পুজোর খাতে খড়ি। সেই ৯৮ সাল থেকে দেবদারু ফটকে থিম পুজো আয়োজিত হচ্ছে। এবারও যতটা সম্ভব কম পরিসরে পুজোর আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে রাস্তার অনেকটা কাছে এগিয়ে আনা হয়েছে মণ্ডপ। যাতে প্যান্ডেলে না ঢুকেও মায়ের দর্শন করে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারেন মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতি ক্লাবকে এ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। দর্শনার্থীদের প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পর এই পরিস্থিতিতে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। কিন্তু মেন রোডের উপর একটি জায়ান্ট স্ক্রিনে প্যান্ডেল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পুজো যাতে বাড়ি বসেই লাইভ দেখা যায়, সেই চেষ্টাও করছেন উদ্যোক্তারা। এছাড়া পুজো দেখাতে একাধিক অ্যাপের সঙ্গেও হাত মিলিয়েছে দেবদারু ফটক। আর ক্লাবের ফেসবুক পেজ থেকেও দেখে নেওয়া যাবে মণ্ডপ সজ্জা। এবার তাদের থিম শব্দযাপন। একদিকে শহরের ক্যাকোফনি আর অন্যদিকে আচমকা লকডাউনে ফিরে পাওয়া প্রকৃতি ও পাখিদের কলরব- এই দুই শব্দের সহাবস্থান ঘটিয়েছেন শিল্পী শুভদীপ ও সুমি মজুমদার। একচালায় মায়ের মমতাময়ী রূপ ফুটিয়ে তুলেছেন প্রতিমাশিল্পী সৌমেন পাল। এসবই দেখতে পাবেন বাঙালি। তবে ভারচুয়ালি। আরও পড়ুনঃ শহরের পুজো প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শন স্বয়ং নগরপালের প্রসঙ্গত, বুধবারই শহরের ঐতিহ্যবাহী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়্যার জানিয়েছিল, অনেক চিন্তাভাবনা, আলাপ-আলোচনার পর দর্শকহীন পুজোই করবে তারা। অর্থাৎ ক্লাব সদস্য ছাড়া আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

অক্টোবর ১৫, ২০২০
কলকাতা

করোনায় প্রয়াত শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়

করোনায় প্রাণ হারালেন বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। কন্যা আমেরিকায় বসবাস করেন। জানা গিয়েছে, দিন দশেক আগে তিনি কোভিডে আক্রান্ত হন।চিকিৎসকের পরামর্শে তিনি নার্সিংহোমে ভরতি হন।সেখানেই ১০ দিন ধরে লড়াই করার পর এদিন তিনি মারা গেলেন। জানা গিয়েছে, কোভিড প্রোটোকল মেনেই আনন্দদেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রসঙ্গত, ২০০৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অবসর নেওয়ার পর নিজের মতোই শিক্ষাচর্চা করতেন। এ রাজ্যে সাক্ষরতা অভিযানের অগ্রণী ভূমিকা ছিল তাঁর। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট অধ্যাপক ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিতে সরকারি পরিকল্পনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অক্টোবর ০৮, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

সিঙ্গুরে ফিরছে শিল্প? অশোক লেল্যান্ডের ফোন মুখ্যমন্ত্রীকে, জমি নিয়ে কী কথা হল দু’জনের?

সিঙ্গুরে কি এ বার সত্যিই ফিরতে চলেছে শিল্প? টাটাদের ন্যানো কারখানা ঘিরে এক সময় যে সিঙ্গুর রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সেখানে এ বার ভারী শিল্প গড়ার পরিকল্পনা করছে অশোক লেল্যান্ড। সংস্থার কর্তা অশোক হিন্দুজা নিজে ফোন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চেয়েছেন, কারখানা তৈরির জন্য জমি প্রস্তুত কি না। রাজ্য সরকার জমি দিতে তৈরি বলে তাঁকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অশোক হিন্দুজা তাঁকে ফোন করেছিলেন। প্রথমে ছেলের বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্যই ফোন করেছিলেন তিনি। কিন্তু দুজনের কথাবার্তায় উঠে আসে বাংলায় শিল্প গড়ার প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর কথায়, অশোক তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, জমি তৈরি রয়েছে কি না। উত্তরে শুভেন্দু জানান, জমির ব্যবস্থা করতে রাজ্য সরকার প্রস্তুত।এই শিল্পের সম্ভাবনা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতে মুম্বই যেতে পারেন তিনি। সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অশোক লেল্যান্ডের কারখানা নিয়ে আগামী দিনে আরও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল শিল্প ফিরিয়ে আনা। নির্বাচনের আগে বিজেপি বারবার জানিয়েছিল, ক্ষমতায় এলে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগ আনার ব্যবস্থা করা হবে। রাজ্যের হারানো শিল্পের গৌরব ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সিঙ্গুরকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।গত নভেম্বরের শুরুতে নিউ টাউনে রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশের সময়ও সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা চলছে। সিঙ্গুরে নতুন করে শিল্প গড়ার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করেছিলেন, সিঙ্গুরে ভারী শিল্প আসতে পারে। সেই শিল্পের সঙ্গে অশোক লেল্যান্ডের নামও জড়িয়েছিল। এ বার মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হল।শিল্পের জন্য জমি পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থার হাতে তুলে দেবে। জমি অধিগ্রহণ নিয়ে যাতে নতুন করে কোনও সমস্যা তৈরি না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে।সূত্রের খবর, জমি জোগাড়ের জন্য জমি একত্র করার বিশেষ পদ্ধতি নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে যাঁরা জমি দিতে রাজি, তাঁদের নিয়ে একটি সমবায় তৈরি করা হবে। সেই সমবায়ের মাধ্যমে জমি বিক্রি বা শিল্পের জন্য হস্তান্তরের ব্যবস্থা করা হতে পারে। রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হুগলি জেলায় জমির ব্যবস্থা করার দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে। মঙ্গলবার অশোক হিন্দুজার সঙ্গে কথাবার্তার বিষয়টি প্রকাশ্যে আসায় সিঙ্গুরে শিল্প গড়ার জল্পনা আরও বেড়েছে।উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পিছনে সিঙ্গুরের জমি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে টাটাদের ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু জমি দিতে অনিচ্ছুক কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা গোষ্ঠী।তার পর বহু বছর কেটে গেলেও সিঙ্গুরে সেই জমিতে বড় কোনও শিল্প গড়ে ওঠেনি। জমিতে চাষের কাজও পুরোপুরি শুরু হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে জমি দেওয়া কৃষকদের একাংশের মধ্যে এখনও হতাশা রয়েছে। তাঁদের প্রশ্ন, এত বছর পরেও কেন সেই জমি কাজে লাগানো গেল না?এ বার অশোক লেল্যান্ডের হাত ধরে সিঙ্গুরে ভারী শিল্প গড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। তবে কারখানা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত, জমির পরিমাণ এবং প্রকল্পের সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে সিঙ্গুরে সত্যিই কবে শিল্পের চাকা ঘুরবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

বাগেশ্বর বাবাকে ‘ধূর্ত, ভণ্ড, পাগল’ বলে আক্রমণ! এবার হঠাৎ সুর বদল রামদেবের, কী বললেন যোগগুরু?

বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন যোগগুরু বাবা রামদেব। তাঁকে ধূর্ত, ভণ্ড এবং পাগল বলেও কটাক্ষ করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। তবে এবার বাগেশ্বর বাবাকে নিয়ে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করলেন রামদেব। জানালেন, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। নিজের মানুষ মনে করেই তাঁকে বকেছিলেন। রামদেবের কথায়, তাঁর এই বকুনিকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন বাগেশ্বর।সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বাগেশ্বর বাবা। রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। রামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, রাম সোজা পথে চলেন এবং তাঁর কাজেও সরলতা রয়েছে। অন্য দিকে, কৃষ্ণের মূর্তিতে তাঁর বাঁকা হয়ে দাঁড়ানোর ভঙ্গি এবং হাতে বাঁশি থাকার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন বাগেশ্বর। তাঁর দাবি, বাঁশির চেয়ে রামের ধনুকের গুরুত্ব অনেক বেশি।এই মন্তব্যের পরেই সমালোচনার মুখে পড়েন বাগেশ্বর বাবা। এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোর সময় আমিষ খাবার খাওয়া মানুষদের ভণ্ড বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে।বাগেশ্বরের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছিলেন বাবা রামদেব। তিনি বলেছিলেন, কিছু মানুষ বেদ, দর্শন, উপনিষদ, কোরান, রামায়ণ কিংবা মহাভারত সম্পর্কে না জেনেই নানা মন্তব্য করেন। এমনকি সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও তাঁদের যথেষ্ট জ্ঞান নেই। অথচ তাঁরাই আবার সনাতন ধর্ম ও হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন। রামদেবের কটাক্ষ, আগে নিজেদের সামলানো উচিত।শুধু তাই নয়, কোনও দেবদেবীর মধ্যে তুলনা করা বা কাউকে ছোট করে দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন যোগগুরু। তাঁর বক্তব্য, সনাতন ধর্মের নামে কোনও ভণ্ডামি করা কিংবা দেবদেবীদের অসম্মান করার অধিকার কারও নেই। এই প্রসঙ্গেই বাগেশ্বরকে ধূর্ত, ভণ্ড ও পাগল বলে আক্রমণ করেছিলেন তিনি।তবে এবার সেই কড়া অবস্থান থেকে কিছুটা সরে এসে বাগেশ্বরের প্রতি নিজের স্নেহের কথা তুলে ধরেছেন রামদেব। তাঁর কথায়, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। এমনকি সন্তানের মতোও তাঁকে স্নেহ করেন তিনি। নিজের শিষ্যের মতো মনে করেন তাঁকে। বাগেশ্বরের কিছু ভুল দেখেছিলেন বলেই তাঁকে বকেছিলেন। সেই ভুলে তিনি নিজেও কষ্ট পেয়েছিলেন বলে জানিয়েছেন যোগগুরু।রামদেব আরও বলেন, তিনি আশা করেন, বাগেশ্বর তাঁর তিরস্কারকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন। আর বাগেশ্বরও সেই ভাবেই বিষয়টি নিয়েছেন। তাই এই নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক তৈরি করা উচিত নয় বলে মনে করেন তিনি।একই সঙ্গে দুই পক্ষের সমর্থকদেরও শান্ত থাকার বার্তা দিয়েছেন রামদেব। তাঁর মতে, এই ঘটনা নিয়ে সমর্থকদের মধ্যে বিবাদ বাড়ানো ঠিক নয়। দুই ধর্মগুরুর মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি। ফলে বাগেশ্বরকে আক্রমণের পর রামদেবের এই নতুন মন্তব্যে বিতর্কে আপাতত অন্য মোড় এসেছে।

নভেম্বর ২৪, ২০২৬
রাজ্য

পাহাড়ে বরফের বৃষ্টি, অথচ বাংলায় শীতের দেখা নেই! কেন এমন অদ্ভুত আবহাওয়া? চমকে দিচ্ছে বিজ্ঞানীদের পূর্বাভাস

নভেম্বর প্রায় শেষ। অগ্রহায়ণও পড়ে গিয়েছে। তবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জাঁকিয়ে শীতের দেখা নেই। শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক পূর্বাভাসে সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত মিলছে। হিন্দুকুশ হিমালয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট বা আইসিআইএমওডি জানিয়েছে, এ বার পশ্চিম হিমালয়ে স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাত হতে পারে। কিন্তু তার উল্টো ছবি দেখা যেতে পারে সমতলে। সেখানে শীতের দাপট কম থাকার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পাহাড়ে বরফ বাড়লেও সমতলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম।কেন এমন পরিস্থিতি তৈরি হতে পারে? আবহবিদদের মতে, এর পিছনে বড় ভূমিকা থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার। এ বছর সেপ্টেম্বরের শেষ থেকেই দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসেও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি সিকিম এবং সন্দাকফুতেও কয়েক দফায় তুষারপাত হয়েছে। কিন্তু সেই ঠান্ডা হাওয়া সমতলে সেভাবে পৌঁছতে পারেনি। এর মধ্যে একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবও পড়েছে আবহাওয়ায়। ফলে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা বাতাস শক্তিশালী হওয়ার সুযোগ পায়নি।আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, আসন্ন শীতের মরসুমে স্বাভাবিকের তুলনায় বেশি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। তার জেরে পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘনঘন তুষারপাত হলে বিপদও বাড়তে পারে। তুষারধস এবং হড়পা বানের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের মতে, এল নিনো পরিস্থিতিতে অনেক সময় পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা এবং তীব্রতা বেড়ে যায়। এ বারও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাই সমতলের শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।কারণ, উত্তর ভারতের সমতলে জাঁকিয়ে শীত পড়ার জন্য পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পর্যাপ্ত সময়ের ব্যবধান থাকা প্রয়োজন। সেই সময় উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস সমতলে প্রবেশ করতে পারে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে বারবার পশ্চিমী ঝঞ্ঝা এলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফলে শুষ্ক ও কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশের সুযোগ কমে। উত্তর-পশ্চিম ভারতের সমতল থেকেই মূলত ঠান্ডা হাওয়া বাংলায় আসে। সেখানে শীতের দাপট কম থাকলে তার প্রভাব পড়তে পারে এ রাজ্যেও।আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ ও বিহার ছাড়া বেশিরভাগ রাজ্যেই এ বার শীতের দাপট স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিভিন্ন এলাকায় তাপমাত্রার গড় স্বাভাবিকের উপরে থাকার আশঙ্কা রয়েছে। ফলে একটানা জাঁকিয়ে শীতের দেখা না-ও মিলতে পারে।নভেম্বরের শেষ সপ্তাহেও কলকাতার তাপমাত্রার ছবিটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ২৪ নভেম্বর পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। অথচ ২০১১, ২০১২ এবং ২০২২ সালেও অক্টোবর মাসের মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এ বার শীতের আগমন অনেকটাই দেরিতে হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এখনও সেই অর্থে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি।তবে আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের হাওয়া শক্তিশালী হতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। ফলে নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ দিনে বাংলায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শেষ দিকে আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তিশালী হলেও তার প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।সব মিলিয়ে, সামনের কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বাড়তে পারে। কিন্তু গোটা শীতের মরসুম কেমন যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। নভেম্বরের শেষ দিকে শীত নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিতে পারে মৌসম ভবন। পাহাড়ে তুষারপাত বাড়লেও সমতলে শীতের দাপট কম থাকবে কি না, এখন সেদিকেই নজর আবহবিদদের।

নভেম্বর ২৪, ২০২৬
কলকাতা

চাল, ডাল, তেল, চিনির দাম আকাশছোঁয়া! বাজারদর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আধিকারিকদের দিলেন কড়া নির্দেশ

চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে সরষের তেল ও চিনিনিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই বাড়ছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে আনতে তৎপর হল রাজ্য সরকার। মঙ্গলবার কৃষি বিপণন দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অকাল ঝড়-বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়েছে বাজারেও। বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে অনেকটাই। তবে শুধু সবজি নয়, চাল, নুন, চিনি-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। সরষের তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন একের পর এক জিনিসের দাম বাড়ছে, তা জানতে চান তিনি।মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। তাঁদের প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ কেন তার সুফল পাচ্ছেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। এরপরই বাজারদর নিয়ন্ত্রণে দফতরের আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে একাধিক পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করতে হবে দফতরের আধিকারিকদের। বাজারে কোন জিনিসের দাম কত, কেন দাম বাড়ছে, কোথায় সমস্যা তৈরি হচ্ছে, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে। পাশাপাশি ব্যবসায়ী ও আধিকারিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠী তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে ওই গোষ্ঠীর মাধ্যমে দ্রুত সমস্যার কথা জানাতে পারবেন ব্যবসায়ীরা।শুধু বৈঠক বা নজরদারি নয়, বাজারদর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে বিভিন্ন বাজারে সচেতনতা শিবির আয়োজনের কথাও বলা হয়েছে। টাস্ক ফোর্সকে বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কেন দাম বাড়ছে, তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজিপ্রায় সব ক্ষেত্রেই দামের ওঠানামা দেখা যাচ্ছে। তার সঙ্গে জ্বালানি ও ওষুধের খরচও সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। ফলে মাসের শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে সমস্যায় পড়ছেন বহু পরিবার।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুধু নির্দেশ বা বৈঠকেই বাজারদর কমবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে কতটা স্বস্তি পান, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
কলকাতা

হিন্দি ছবির জন্য বাংলা ছবিকে সরানোর চেষ্টা! নবান্নে বৈঠক ডেকে হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

হিন্দি ছবির সঙ্গে টক্কর দিতে গিয়ে কি প্রেক্ষাগৃহ হারাতে বসেছিল বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা? একাধিক প্রেক্ষাগৃহে ভাল দর্শক হওয়া সত্ত্বেও এই ছবির শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ, আগামী শুক্রবার, ২৭ নভেম্বর যশরাজ ফিল্মসের নতুন ছবি ইয়ে প্রেম মোল লিয়া মুক্তি পাওয়ার কথা। সেই ছবির জন্যই নাকি একাধিক প্রেক্ষাগৃহে সাধক বামাক্ষ্যাপার শো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হল মালিকেরা। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও বৈঠকে যোগ দেন প্রযোজক, পরিচালক, সিনেমা পরিবেশক ও প্রেক্ষাগৃহের মালিকেরা। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, ছবিটি প্রাইম টাইমেও দেখাতে হবে। অর্থাৎ দর্শকদের সিনেমা দেখার সবচেয়ে সুবিধাজনক সময়েও বাংলা ছবির শো রাখতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশে স্বস্তি ফিরেছে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফের মধ্যে। তাদের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, তাঁর এই উদ্যোগের ফলে বাংলা সিনেমা নতুন করে প্রাণ পেল।বৈঠক শেষে রুদ্রনীল ঘোষ জানান, বাংলা সংস্কৃতি ও সিনেমাকে বাঁচাতে সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাইম টাইমে বাংলা ছবির শো চালাতেই হবে। সাধক বামাক্ষ্যাপার পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলকে বার্তা দিয়েছেন। আপাতত ছবিটির ৫১টি শো রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন রুদ্রনীল।বাংলা ছবির জন্য প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে অবশ্য এই প্রথম আলোচনা হল না। এর আগেও রাজ্যের প্রাক্তন সরকার একাধিকবার এই সমস্যা মেটানোর চেষ্টা করেছে। ২০২৫ সালের অগস্ট মাসে নন্দনে টলিউডের প্রযোজক, পরিচালক ও সিনেমা পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে সারা বছর প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু একাধিক বৈঠকের পরেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।তারই সাম্প্রতিক উদাহরণ সাধক বামাক্ষ্যাপা। ছবিটি ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলায় করমুক্ত রামায়ণ মুক্তির কারণে নির্মাতারা পিছিয়ে দেন ছবির মুক্তির দিন। শেষ পর্যন্ত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসে ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের পাশাপাশি সিনেমা সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে এই ছবি।বাংলার মাটির গল্প, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিকতার আবহ ছবির অন্যতম আকর্ষণ। বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়ও দর্শকদের মন কেড়েছে। অনেক দর্শক তাঁকে ওই রূপে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণামও করেছেন বলে জানা গিয়েছে।এত ভাল সাড়া পাওয়ার পরেও ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ, হিন্দি ছবির জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই সাধক বামাক্ষ্যাপাকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। তবে নবান্নের বৈঠকের পর আপাতত সেই আশঙ্কা অনেকটাই কমেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাংলা ছবির জন্য প্রাইম টাইমে জায়গা রাখা হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
খেলার দুনিয়া

বিধ্বংসী সূর্যবংশী, দ্বিশতরানের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত এ

ব্যাট হাতে ঝড় বললেও ভুল হবে বৈভব সূর্যবংশী। একেবারে টর্নেডো তান্ডব চলল। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারত এ। মঙ্গলবার এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ বি-র ম্যাচে সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে।প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। দলের হয়ে হরপ্রীত সিং ভাটিয়া অসাধারণ ব্যাটিং করে ১৪৪ বলে ১৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদ খান ৪৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েন ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। সেখানেই থামেননি তিনি। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে গড়েন আরও এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২৮টি ছয়। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।মাত্র ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এ। সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংস শুধু ম্যাচের ছবিই বদলে দেয়নি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখিয়েছে। এত কম বয়সে এমন অসাধারণ ব্যাটিং প্রতিভা সত্যিই বিরল। ক্রিকেটমহলে এখন একটাই আলোচনাবৈভব সূর্যবংশীর বিস্ময়কর উত্থান।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

সনিয়ার বইয়ে সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ১৫ দিনের সময় দিয়ে আইনি নোটিস প্রপৌত্রের

সনিয়া গান্ধীর বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যকে বিকৃত উপস্থাপনা বলে অভিযোগ তুলে কংগ্রেস নেত্রীকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের প্রপৌত্র সত্যকী সাভারকর। তাঁর দাবি, বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বই বিলংগিং: আ জার্নি অব লাভ। বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে নিয়ে লেখা দুটি মন্তব্যে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ওই মন্তব্যগুলি তথ্যগত ভাবে ভুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঠিক ভাবে তুলে ধরে না। এর ফলে সাভারকরের সম্মান ও তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আবেদন জানাচ্ছিলেন। পাশাপাশি, আরএসএসের সদস্যেরা ব্রিটিশ কর্তৃপক্ষকে তথ্য দিতেন বলেও উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যের বিরোধিতা করে সত্যকীর দাবি, এর ফলে এমন ধারণা তৈরি হতে পারে যে সাভারকর ব্রিটিশদের হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করতেন বা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। নোটিসে বলা হয়েছে, সাভারকরের কারাবাস, আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং ব্রিটিশ শাসকদের অত্যাচারের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই ওই মন্তব্য করা হয়েছে। তাঁর মতে, ক্ষমার আবেদন নিয়ে মন্তব্য করার আগে সেই সময়ের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা করা জরুরি ছিল।বইয়ের ৪৪৩ নম্বর পাতার একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সত্যকী। সেখানে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমসাময়িক সাভারকর ছিলেন হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর ভারত ভাবনায় হিন্দুরাই প্রধান এবং সর্বোচ্চ। আরএসএস, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলিও এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যেরও বিরোধিতা করেছে সাভরকরের পরিবার। আইনি নোটিসে দাবি করা হয়েছে, সাভারকরের রাজনৈতিক ও আদর্শগত চিন্তাভাবনাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভারত ভাবনাকে শুধুমাত্র হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার ধারণা হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ সত্যকীর।নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা, প্রয়োজনীয় সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।এর আগে সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এ বার সাভারকরের প্রপৌত্রের আইনি নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

প্রেমিকাকে খুন করে পালালেন না! সারারাত দেহের পাশে বসে থেকে সকালে নিজেই পুলিশকে ফোন

প্রেমের সম্পর্কে সন্দেহ, তা নিয়ে প্রায়ই অশান্তি। শেষ পর্যন্ত সেই অশান্তির জেরেই ভয়াবহ পরিণতি! পুনের হিঞ্জেওয়াড়িতে ২৭ বছরের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, অন্য এক মহিলার সঙ্গে প্রেমিকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তরুণী। সেই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। তবে এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রেমিকার মৃত্যুর পর পালিয়ে যাননি অভিযুক্ত। বরং সারারাত তাঁর দেহের পাশেই বসে ছিলেন তিনি। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান।মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। অভিযুক্তের নাম শুভম জ্ঞানেশ্বর কালবান্দে। তিনিও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ভবিষ্যতে একসঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখেছিলেন দুজনে। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে সমস্যা তৈরি হতে শুরু করে। অভিযোগ, শুভম অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন কোমল। এই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবার রাতেও একই কারণে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়।জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ হিঞ্জেওয়াড়িতে কোমলের পেইং গেস্ট আবাসনে দুজনের মধ্যে ফের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় কোমলের উপর হামলা চালান শুভম। তাঁর মাথা ও ঘাড়ে পরপর ঘুষি ও লাথি মারেন তিনি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোমলের।ঘটনর পর অভিযুক্ত পালিয়ে যাননি বলেই পুলিশ সূত্রে খবর। অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর সারা রাত তাঁর নিথর দেহের পাশেই বসে ছিলেন শুভম। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোমলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং কী পরিস্থিতিতে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।তিন বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের পরিকল্পনা, দুই পরিবারের সম্মতিসব কিছুই এগিয়েছিল স্বাভাবিক পথে। কিন্তু সেই সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তরুণীর পরিবারে।

নভেম্বর ২৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal