আদালতকে ‘নীরব দর্শক’ বলেই বিপাকে অভিষেক! ১৫ দিনের মধ্যে জবাব চাইল কলকাতা হাই কোর্ট
আদালত ও বিচারপতিদের নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে অভিষেককে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করা হতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর।ঘটনার সূত্রপাত গত ৭ নভেম্বর। ওই দিন সমাজমাধ্যমের একটি পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, কালীঘাটে তাঁর বাড়ির সামনে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির আনাগোনা দেখা গিয়েছে। এমনকি বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।এই ঘটনার পর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টকেও নীরব দর্শক বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের সেই মন্তব্য নিয়েই আপত্তি জানিয়েছে কলকাতা হাই কোর্ট।বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, অভিষেকের এই মন্তব্য আদালত অবমাননার শামিল হতে পারে। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে না, তা জানতে চেয়েই শোকজ নোটিস পাঠানো হয়েছে।বিচারপতির আরও বক্তব্য, অভিষেক নিজেই কলকাতা হাই কোর্টে একাধিক মামলায় মামলাকারী এবং বিচারপ্রার্থী। তাই বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় বলেও পর্যবেক্ষণ আদালতের।এখন আদালতের এই শোকজ নোটিসের জবাব কী দেন অভিষেক, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও আইনি মহলের। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে। ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

