প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এই সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও যদি তিনি আত্মসমর্পণ না করেন, তা হলে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পরবর্তী পদক্ষেপ করতে পারে আদালত। একই সঙ্গে অবিলম্বে তাঁর বেতন বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। প্রশান্ত বর্মন রাজগঞ্জের প্রাক্তন বিডিও। তাঁকে ঘিরে চলা মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারির প্রশ্ন উঠছে। এদিন শুনানিতে তাঁকে এখনও কেন গ্রেফতার করা গেল না, তা নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত।
শুনানিতে আদালত প্রশ্ন তোলে, প্রশান্ত বর্মনকে সাসপেন্ড করা হয়েছে, নাকি চাকরি থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। আদালতের বক্তব্য, একজন পলাতক অভিযুক্ত কী ভাবে সরকারি কোষাগার থেকে বেতন পেতে পারেন, সেই প্রশ্নের উত্তর রাজ্যকে দিতে হবে। আদালত আরও জানতে চায়, তিনি যদি বাইরে ঘুরে বেড়াতে পারেন এবং মামলার জন্য আইনজীবী নিয়োগ করতে পারেন, তা হলে পুলিশ তাঁকে ধরতে পারছে না কেন।
প্রশান্ত বর্মনকে গ্রেফতার করতে দীর্ঘ সময় লাগায় তদন্তের গতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, মূল অভিযুক্তকে এখনও ধরতে না পারার পিছনে তদন্তে ঢিলেমি বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও কড়া বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনার সূত্রপাত গত বছরের ২৯ অক্টোবর। নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের পর থেকেই মৃতের পরিবারের তরফে প্রশান্ত বর্মনকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত বলে অভিযোগ করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে বিডিওর পদ থেকে সরানো হয়েছিল বলে মামলায় জানানো হয়েছে।
এর পর প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিষয়টি আদালতে গড়ায়। বারাসত এবং বিধাননগর আদালত থেকে তিনি আগাম জামিন পেয়েছিলেন বলে মামলার নথিতে উঠে আসে। সেই জামিনের বিরোধিতা করে পুলিশ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। পরে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়।
এদিনের শুনানিতে মূল প্রশ্ন হয়ে ওঠে, এত দিন পরেও প্রশান্ত বর্মনকে কেন গ্রেফতার করা গেল না। সেই প্রশ্নেই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করে কলকাতা হাই কোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ এবং তার পরেও আত্মসমর্পণ না করলে সম্পত্তির তালিকা তৈরির নির্দেশে মামলাটি নতুন মোড় নিল।
- More Stories On :
- Calcutta High Court
- Prashanta Braman,

