• ৬ অগ্রহায়ণ ১৪৩৩, বুধবার ২৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Bogtui

কলকাতা

বগটুইয়ের নথি এল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে

রামপুরহাটের অস্থায়ী সিবিআই-এর ক্যাম্প থেকে নথি নিয়ে আসা হল ফিজিও কমপ্লেক্স এর সিবিআই দপ্তরে। বগটুই কান্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পরেই সিবিআই এর তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হল। লালন শেখের মৃত্যুর ঘটনায় সিবিআইকে দোষারোপ করেছে তাঁর পরিবার। সিবিআইকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেসও।সিবিআই কাস্টাডিতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মধ্যেই তদন্ত শুরু হয়েছে। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় বগটুই কাণ্ডের অন্য়তম অভিযুক্ত লালন শেখের। এই ঘটনার পর সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার সন্ধ্যায় এসে পৌঁছেছে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। কলকাতায় পৌঁছে সোজা সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। মঙ্গলবার রাত পর্যন্ত মিটিং করেন তিনি। বুধবার সকালে আবার ফিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে এসে পৌঁছেছেন অজয় ভাটনগর। পাশাপাশি রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে একাধিক নথি এবং হার্ডডিস্ক মনিটার সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়েছে সল্টলেক এর সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে।

ডিসেম্বর ১৪, ২০২২
রাজ্য

বগটুই কান্ডের মূল অভিযুক্তের মৃত্যু রহস্য খতিয়ে দেখতে সিবিআইয়ের দুঁদে কর্তা কলকাতায়

বগটুই কান্ডের মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে কলকাতায় এলেন সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। মঙ্গলবার দমদম এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি এলেন সিজিও কমপ্লেক্সে। বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সিবিআইয়ের ভূমিকা নিয়েই বিরাট প্রশ্ন উঠেছে। লালনের স্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। কলকাতায় সিবিআই আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অজয় ভাটনগর।সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডে কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। বিক্ষোভ চলেছে রামপুরহাট সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। হেফাজতে থাকাকালীন কীভাবে লালনের মৃত্যু হল? তা নিয়েই উঠেছে প্রশ্ন। সিবিআইয়ের দাবি, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন সেখ। তবে কেন্দ্রীয় সংস্থার এই দাবি মানতে নারাজ তাঁর পরিবার। রাজ্যের শাসকদল তৃণমূলও লালন শেখের মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সিবিআইকেই কাঠগড়ায় তুলেছেন।নিজেদের হেফাজতে মূল অভিযুক্তের মৃত্যু ঘিরে বেশ বেকায়দায় সিবিআই। লালন-মৃত্যুর প্রতিবাদে আজ দিনভর বোলপুরে সংস্থার অস্থায়ী ক্যাম্পের বাইরে চলে দফায়-দফায় বিক্ষোভ, চলতে থাকে অশান্তি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে ক্ষোভের আঁচ আছড়ে পড়ে কলকাতাতেও। এপিডিআর কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসের সামনের রাস্তায় বিক্ষোভ দেখায়। এক কথায় বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে সিবিআইয়ের ওপর দায় ঠেলছে অনেকেই।সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে এবার মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, সিবিআই যদি এত সিরিয়াস, তাহলে কীভাবে হেফাজতে থাকাকালীন একজনের মৃত্যু হল? এই ঘটনায় মঙ্গলবার মেঘালয়ের শিলঙে সাংবাদিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বীরভূমে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় ভাদু শেখ খুন পরবর্তী বগটুই গ্রামে হিংসার ঘটনায় সম্প্রতি গ্রেফতার হয় লালন। এই গটনায় এফআইআর দায়ের করেছেন লালনের স্ত্রী।

ডিসেম্বর ১৩, ২০২২
রাজ্য

ভাদু শেখ খুনের মামলায় গ্রেফতার সোনা শেখ

ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করল সিবিআই। সোমবার তাকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারক চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।চলতি বছরের ২১ মার্চ রাত্রি সাড়ে আটটা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট থানার বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান, তৃণমূল নেতা ভাদু শেখকে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে দুটি মোটর বাইকে চার দুষ্কৃতী তাকে কাছ থেকে বোমা মেরে খুন করে। এদিকে ভাদু শেখ খুনের বদলা নিতে সোনা শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে আট জনের মৃত্যু হয়। সেই তালিকায় ছিল সোনা শেখের স্ত্রী রুপালী বিবি। ওই মামলায় ভাদু শেখের পরিবার ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পরেই পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। কিন্তু হাইকোর্টের নির্দেশে দুটি হত্যা মামলা সিবিআইয়ের হাতে আসতেই ভোল পাল্টে যায়। চার্জশিটে ধৃত পাঁচ জনের নাম না থাকায় আদালত তাদের জামিন মঞ্জুর করে। শুধুমাত্র শেখ সঞ্জুকে ভাদু খুনে সাব্যস্ত করে সিবিআই। ধৃত সোনা শেখের নাম ভাদুর পরিবারের অভিযোগ তালিকায় থাকলেও সিবিআইয়ের প্রথম চার্জশিটে ছিল না বলে আদালত সূত্রে জানা গিয়েছে। পরবর্তী চার্জশিটে সোনা শেখের নাম ঢোকায় সিবিআই। তাকে রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতকে চারদিনের হেফাজতে রাখার নির্দেশ দেন।সরকারি আইনজীবী সুরজিত সিনহা বলেন, প্রথম সিবিআইয়ের চার্জশিটে সোনা শেখের নাম ছিল না। পরবর্তীতে তার নাম ঢোকান হয়। সিবিআই মনে করেছে ভাদু শেখ খুনের সঙ্গে সোনা শেখের যোগসাজশ রয়েছে। তাই তাকে সাতদিন হেফাজতে চেয়ে আবেদন করেছিল। বিচারক চারদিন মঞ্জুর করেছেন।অভিযুক্তর পক্ষের আইনজীবী আব্দুর বাড়ি বলেন, সোনা শেখকে রামপুরহাটের আশেপাশে থেকে ধরা হয়েছে। তার নাম এফআইআর তালিকায় দ্বিতীয়তে ছিল। তবে সিবিআই তদন্তে নেমে ভাদু খুনের সঙ্গে তার যোগসাজশ না পেয়ে চার্জশিট থেকে তার নাম বাদ দিয়েছিল। পরবর্তীতে তদন্তের স্বার্থে সিবিআই তার নাম ঢোকায়।সোনা শেখের নিকট আত্মীয় মিহিলাল শেখ বলেন, উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সোনা শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে সিবিআইয়ের তদন্তে আমাদের আস্থা রয়েছে। তারা তদন্ত করে দেখুক। যদি সোনা শেখ দোষী হয় তাহলে সাজা পাবে।

সেপ্টেম্বর ২০, ২০২২
রাজ্য

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বগটুইয়ের প্রত্যক্ষদর্শীর, তোলপাড় রাজ্য-রাজনীতি

আনারুলের পর এবার রাজ্যের মন্ত্রী ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন মিহিলাল শেখ। মিহিলাল রামপুরহাটের বগটুই কাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী। তাঁর পরিবারের লোকজনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পরপরই। সংশোধনাগারে আনারুল, লালনরা খেয়ে-দেয়ে ফূর্তি করছে বলে অভিযোগ করেছেন তিনি। মিহিলালের অভিযোগ, এই সমস্ত ব্যবস্থাও করে দিচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। পুরো বিষয়টা তিনি সিবিআইকে জানাবেন বলেছেন। এদিকে মিহিলালের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আশিষ বন্দ্য়োপাধ্য়ায়।কী বলেছেন মিহিলাল শেখ?আমার পরিবার তো শেষ হয়ে গেল। আনারুলরা জেলের মধ্যে ফূর্তি করছে। জেলে বিয়ার, মদ খেয়ে এনজয় করছে। বাড়িতে যা পেত তা জেলে পাচ্ছে। বাইরে থেকে খাবার যাচ্ছে। আমাদের লোকজনকে শেলে রেখে দিয়েছে। এসবে মদত দিচ্ছে আশিষ বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায় ও ভাইপো আমাদের ওপর অত্যাচার করত। আনারুলকে গাইড করছে আশিস বন্দ্যোপাধ্যায়। এসব কান্ড আশিষ বন্দ্যোপাধ্যায় করেছেন। একমাসেও কোনও খবর নেয়নি। ওর লোকজনও খবর নিতে আসেনি। আমি বিডিওকে হোয়াটসঅ্যাপে খাদ্যদ্রব্যের জন্য পাঠিয়েছিলাম। প্রথমে তিন-চার দিনের জন্য কিছু পাঠিয়েছিলেন। এখন সব বন্ধ। আমরা এক মাসের খাবার চেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সত্বেও কোনও খাবার দিচ্ছে না প্রশাসন। পুরো বিষয়টা সিবিআইকে জানাব। চাকরি নিয়ে সন্তুষ্ট নই। কারণ জীবনের বিনিময়ে কিছু হয় না।এর আগে বগটুইয়ের ঘটনায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নাম জড়াচ্ছিল। আনারুল কার লোক তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল। আনারুলকে সুপারিশের বিষয় সংক্রান্ত জেলা তৃণমূল সভাপতিকে দেওয়া চিঠিও বাইরে বেরিয়ে এসেছিল। এবার সরাসরি অভিযোগ উঠলো রামপুরহাটের বিধায়কের বিরুদ্ধে। তবে আশিষ বন্দ্যোপাধ্যায় কোনও অভিযোগকেই পাত্তা দিতে নারাজ।

এপ্রিল ১৯, ২০২২
রাজ্য

বগটুইয়ে গ্রেফতার টোটোচালক, সিবিআইয়ের হাতে পেট্রল পাম্পের সিসি টিভি ফুটেজ

বগটুই কাণ্ডে ফের ওই গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। এর আগে মুম্বাই থেকে চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃত ব্যক্তি রিটন শেখ পেশায় টোটোচালক। রিটনকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য মিলবে বলে মনে করছে তদন্তকারীরা। এদিকে মনসুবা মোড়ের পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই।সূত্রের খবর, বগটুই গণহত্যার প্রত্যক্ষদর্শীরা রিটন শেখের নাম বলে। ওই গ্রামেই বাড়ি তাঁর। সূত্রের খবর, রিটন শেখকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মনসুবা মোড়ের পেট্রল পাম্প থেকে ঘটনার দিন জারে করে পেট্রল আনা হয়েছিল। সেই পাম্পে গিয়ে সিবিআই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।বগটুই কাণ্ডে সিট গঠন করেছিল রাজ্য সরকার। পরে আদালতের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেয়। অভিযোগ, তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর পেট্রল দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয় ৯ জনকে। তার আগে তাঁদের মারধর করে জখম করা হয়েছিল। নানা অত্যাধুনিক পদ্ধতিও বগটুই তদন্তে ব্যবহার করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঘটনার পর বগটুই গ্রামে মাটির নীচ থেকে বোমাও উদ্ধার করেছে সিবিআই। রাজ্যের একের পর এক ঘটনায় সিবিআইয়ের হাতে তদন্ত ভার তুলে দিয়েছে হাইকোর্ট। বগটুই কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রিল ১৪, ২০২২
রাজ্য

বগটুই গণহত্যার সঙ্গে ভাদু খুনের ঘটনারও তদন্তে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

বগটুই গণহত্যার পাশাপাশি তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। বিচারপতিরা মনে করছেন একটা ঘটনার সঙ্গে অন্যটার ইন্টারলিংক আছে। দুটি ঘটনা দুটি সংস্থা তদন্ত করলে সঠিক হত না। মামলাকারীরা দাবি করছিলেন, একটা ঘটনার সঙ্গে আরেকটা যুক্ত। সিবিআই তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে।বগটুই মোড়ে তৃণমূল উপপ্রধান খুন হওয়ার পর বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন ধরানো হয়। তার মধ্যে একটি বাড়িতে ৮ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। অন্য একটি বাড়িতও একজন মারা যায়। এই গণহত্যার ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য-রাজনীতি। কলকাতা হাইকোর্ট প্রথমে গণহত্যার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ভাদু খুনের দুঘন্টার মধ্যে গণহত্যার ঘটনা ঘটেছে। দুটো ঘটনার মধ্যে সংযোগ রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে সিবিআই।এদিকে মুম্বাই থেকে গণহত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। তাদের রামপুরহাটে নিয়ে এসে জেরা করা হবে। ইতিমধ্যে কয়েক দফায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

এপ্রিল ০৮, ২০২২
রাজ্য

বগটুই কান্ডে মুম্বাই থেকে ৪ জনকে গ্রেফতার সিবিআইয়ের

বগটুই কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। বাপ্পা শেখ, সাবু শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। মোবাইলের টাওয়ার লোকেশন করে তাঁদের ধরা হয় মুম্বাই থেকে। জানা গিয়েছে, সিবিআই মুম্বাইয়ে তাদের আদালতে পেশ করে। তাদের রিমান্ডে রামপুরহাট নিয়ে আসবে সিবিআই। ঘটনার পরই তারা মুম্বাইয়ে পালিয়ে যান। বগটুইয়ে আগুন লাগিয়ে গণহত্যার ঘটনায় এদের নাম রয়েছে বলে জানা গিয়েছে। ভাদু শেখের খুনের পর বগটুইয়ে ৯ জনকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্ত করছে সিবিআই।বিস্তারিত আসছে......

এপ্রিল ০৭, ২০২২
রাজ্য

ভাদু খুনে গ্রেপ্তার আরও তিন, মিহিলালকে ফের জেরা সিবিআই-এর

বগটুই-কাণ্ডে আরও তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনে বুধবার এ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাদু খুনের পর অভিযুক্তেরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল। ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজত দিয়েছেন রামপুরহাট আদালতের বিচারক। ধৃত তিন জনের মধ্যে সঞ্জু এবং শেরার নাম রয়েছে এফআইআরে। রাজা নামে এক জনকে সন্দেহের বশে গ্রেপ্তার করেছে পুলিশ।অন্য দিকে, নিহত ভাদুর বাড়িতে বুধবার সিবিআইয়ের একটি দল পৌঁছয়। ভাদুর প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। পাশাপাশি নলহাটি থানার এক পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে।বুধবার সিবিআই আধিকারিকরা আবারও এক বার জিজ্ঞাসাবাদ করেন বগটুইয়ের বাসিন্দা মিহিলাল শেখকে। পাশাপাশি রামপুরহাট থানার এএসআই সত্যেন্দ্রনাথ সাহাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। বুধবার সাঁইথিয়ার বাতাসপুর থেকে বগটুইয়ের পার্শ্ববর্তী গ্রাম কুমারড্ডায় রওনা দিয়েছেন মিহিলাল। তাঁর কথায়, বগটুই গ্রামে আপাতত কোনও আতঙ্ক নেই। কিন্তু ভবিষ্যতে কী হবে জানি না। আপাতত বগটুইয়ের পাশের গ্রাম কুমারড্ডায় আত্মীয়ের বাড়িতে থাকব। মেয়ে মারা গিয়েছে। ছেলে ইব্রাহিমকে মানুষ করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি ঘরদোর ঠিক হলে তার পর বগটুইতে ফিরব।

মার্চ ৩০, ২০২২
রাজ্য

বগটুইয়ে সিবিআই-এর তদন্তকে প্রভাবিত করতে চাইছে বিজেপি: মমতা

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ের সফরের তৃতীয় দিন। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতার। তার আগে ফের একবার রামপুরহারকাণ্ডে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা।রামপুরহাটের বগটুই কাণ্ডে জেপি নাড্ডার কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। দার্জিলিংয়ে দাঁড়িয়ে সেই ইস্যুতেই বিজেপির কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় দলের রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে বলেই আশঙ্কা তাঁর। এমনকী, এই ঘটনায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পরিকল্পনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।দার্জিলিঙে মমতা বললেন, বিজেপির আচরণের নিন্দা করছি। ওরা রিপোর্টে আমার জেলা সভাপতির নাম রেখেছে। যখন সিবিআই তদন্ত করছে এবং তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে তখন বিজেপি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। এদিন দার্জিলিঙয়ের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালী মন্দিরের সামনে আরতি করতে দেখা গেল তাঁকে।

মার্চ ৩০, ২০২২
রাজ্য

বগটুই হত্যাকান্ডঃ সাসপেন্ডেন্ট আইসিকে টানা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

রামপুরহাটের বগটুই গ্রামের হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক পর্যায়ে খতিয়ে দেখেছে তাঁরা। প্রথম দফায় নিহতদের আত্মীয় মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। মঙ্গলবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে রামপুরহাট থানার সাসপেন্ডেন্ট আইসি ত্রিদীপ প্রামানিককে।সিবিআই সূত্রে খবর, ত্রিদীপ প্রামানিককে প্রায় সাড়ে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বগটুইয়ের ঘটনা কখন ঘটেছিল? সেদিন রাত কটা নাগাদ আইসি খবর পেয়েছিলেন? তারপর কী ব্যবস্থা নিয়েছেন? কেন একসঙ্গে এভাবে পুড়ে গেল একাধিক দেহ? গন্ডগোলটা কোথায়? মূলত এসবই তার কাছে জানতে চেয়েছে সিবিআই। কীভাবে খুন হওয়ার পর আগুনে জীবন্তদের ভষ্মীভূত করা সম্ভব হল তা নিয়ে বিস্মিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর পিছনে আদৌ কী রহস্য রয়েছে তা উদ্ঘাটন করতে চাইছে সিবিআই।জানা গিয়েছে, ঘটনার রাতে রামপুরহাট থানা চত্বরে কী ঘটেছিল তা জানার জন্য সিসি ফুটেজ সংগ্রহ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই সময় থানায় কোন কোন আধিকারিকরা ছিলেন, ঘটনা নিয়ে পুলিশের কোনও ততপরতা ছিল কীনা থানায়, তা-ও খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। একইসঙ্গে সিবিআই জানতে চাইছে ওই দিন থানায় কারা এসেছিলেন। তাঁদের মধ্যে সন্দেহভাজন কেউ আছে কীনা তা-ও দেখে নিতে চাইছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে এদিন ফের মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

মার্চ ২৯, ২০২২
রাজ্য

দ্বিতীয় 'বগটুই' হতে যাওয়ার আগে রুখে দিল কাটোয়া থানার পুলিশ- অস্ত্রসস্ত্র সহ গ্রেপ্তার ৩ দুস্কৃতি

বিরোধী পক্ষের হাত থেকে খাসজমির দখল ছিনিয়ে নেওয়ার জন্য বিপুল অস্ত্রসস্ত্র নিয়ে অপেক্ষা করছিল দুস্কৃতি দল। তাঁদের পরিকল্পনা ছিল শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের শ্রীবাটি গ্রামে গিয়ে বিরোধী পক্ষের উপর হামলা চালানো। আর তেমনটা হলে হয়তো দ্বিতীয় বগটুই এর মত ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু তা আর হতে দেয়নি কাটোয়া থানার পুলিশ। রাতেই অভিযান চালিয়ে কাটোয়া থানার পুলিশ অস্ত্রসস্ত্র সহ তিন দুস্কৃতিকে ধরে ফেলে। দুই দুস্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও দুস্কৃতি দলের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিতে পেরে আপাত স্বস্তিতে কাটোয়া থানার পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জামীর আলি মণ্ডল, বজরুল শেখ ওরফে কালো শেখ এবং সইদুল শেখ ওরফে ফুটো। ধৃতদের সকলের বাড়ি শ্রীবাটি গ্রামেই। পুলিশের দাবী ধৃতদের মজুত করা ৪ টি রাইফেল, ২৪ রাউন্ড রাইফেলের গুলি, একটি পিস্তল ও ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ টি সকেট বোমা উদ্ধার হয়েছে। দুস্কৃতিদের এত বিপুল অস্ত্র ভান্ডার দেখে চোখ কার্যত কপালে উঠে যায় পুলিশ কর্তাদের। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তিন ধৃতকেই রবিবার পেশ করে কাটোয়া মহকুমা আদালতে। আরও আগ্নেআস্ত্র উদ্ধার ও পলাতক দুস্কূতিদের নাগাল পেতে তদন্তকারী অফিসার এদিন ধৃতদের ১২ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। হেপাজতে নেওয়া দুস্কৃতিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অস্ত্রসস্ত্রের উৎসের সন্ধান চালাচ্ছে।এছাড়াও দুস্কৃতিরা আর কোথাও অস্ত্র মজুত করে রেখেছে কিনা সেই বিষয়েও পুলিশ খোঁজ খবর নিচ্ছে ।উদ্ধার হওয়া শকেট বোমা নিস্কৃয় করার জন্য কাটোয়া থানার পুলিশ বোম ডিসপোজাল স্কোয়াডে খবর দিয়েছে।কাটোয়া থানার এক পুলিশ অফিসার জানান গ্রেপ্তারের পর ধৃতদের জিজ্ঞাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্রীবাটি গ্রামের একটি খাস জমি নিয়ে বজরুল শেখ এর সঙ্গে ওই গ্রামেরই অন্য আর একটি গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে। বিবাদের কোন নিস্পত্তি হয় নি। তার কারণে বজরুল শেখ তাঁর বিরোধী পক্ষের উপরে প্রাণঘাতী হামলা চালানোর পরিকল্পনা চুড়ান্থ করে ফেলে। পরিকল্পনা মাফিক হামলার আগে বোমা, বন্দুক সহ অন্য আরো অস্ত্রসস্ত্র আগে থেকেই জোগাড় করে রাখা হয়েছিল। শনিবার রাতে বিরোধী পক্ষের উপর হামলার চালানোর চুড়ান্ত সিদ্ধান্ত বজরুল নিয়ে ফেলেছিল। শনিবার গভীর রাতে তাঁরা গ্রামের এক জায়গায় অস্ত্রসস্ত্র হামলা চালানোর জন্য অপেক্ষা করছিল বজরুল শেখ ও তাঁর দলবল। কাটোয়া থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে গিয়ে অভিযান চালানোয় সব পরিকল্পনা ভেস্তে যায় বলে ধৃত দুস্কৃতিরা জিজ্ঞাসাবাদে পুলিশ কে জানিয়েছে।

মার্চ ২৭, ২০২২
রাজ্য

আগুন লাগানো হয়েছিল কীভাবে, বগটুই-তে গিয়ে খতিয়ে দেখছেন সিবিআইয়ের ডিআইজি

কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই-কাণ্ডের তদন্ত গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। তদন্তভার পাওয়ার পরদিনই অকুস্থলে ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে সিবিআইয়ের বিশাল দল। শনিবার সকালে রামপুরহাট থানায় সিটের হাত থেকে আনুষ্ঠানিকভাবে কেস ডায়েরি-সহ মামলার সব নথি নিজেদের হাতে তুলে নেওয়ার পরই বগটুইয়ের উদ্দেশে রওনা দেন অখিলেশ। অন্য সিবিআই আধিকারিকের পাশাপাশি গ্রামে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ফরেন্সিক, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। পৌঁছতেই শুরু হয় তদন্তের কাজ। যা চলে প্রায় সারাদিন।ঘড়িতে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট। রামপুরহাট থানা থেকে সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংয়ের গাড়ি রওনা দেয় বগটুইয়ের উদ্দেশে। তার আগেই সম্পূর্ণ হয়েছে রামপুরহাট থানায় মামলার আনুষ্ঠানিক হস্তান্তর। থানা থেকে সিবিআইয়ের একটি দল সোজা চলে যায় রামপুরহাট আদালতে। সেখানে মামলা হস্তান্তরের নথি জমা দেওয়া হয়। অখিলেশের গাড়ি চলে যায় বগটুই। গ্রামে পৌঁছেই শুরু হয় অকুস্থল ঘুরে দেখার কাজ। ডিআইজি নিজে ঘুরে দেখেন গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। কথা বলেন, সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে।সিবিআই আধিকারিকদের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজে নেমে পড়েন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। ব্যবহার করা হয় থ্রিডি স্ক্যান। সোনা শেখ ও বানিরুল শেখের বাড়ির মধ্যে ফিতে দিয়ে দূরত্ব মাপার পাশাপাশি ব্যবহার করা হয় থ্রিডি স্ক্যান। ওয়াকিবহাল মহলের মতে, বগটুই তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কী ভাবে অগ্নিসংযোগ করা হল। তা জানতে অত্যন্ত নির্ভরযোগ্য থ্রিডি স্ক্যান। পাশাপাশি সোনা শেখের বাড়ির ছাদে উঠেও এলাকা জরিপ করেন তদন্তকারীরা। বোঝার চেষ্টা করেন, কোন দিক থেকে আক্রমণ এসেছিল। গ্রিল কেটে বাড়িতে ঢুকে আগুন লাগানো হয়, না কি বাইরে থেকে বোমা বা ওই জাতীয় কিছু ভিতরে ছুড়ে ফেলে আগুন লাগানো হয়, এটাই এখন বড় প্রশ্ন।

মার্চ ২৬, ২০২২
রাজনীতি

বগটুই কাণ্ডঃ 'অনুব্রত মন্ডলের কল রেকর্ড আগে ধরা উচিত,' দাবি শুভেন্দুর

সিবিআই তদন্তের নির্দেশের পরও রামপুরহাট কাণ্ডে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। শনিবার রামপুরহাটে এসডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করে বিজেপি। চলবে রবিবারও। এদিন অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মন্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমের অশান্তির জন্য দুজনকে দায়ী করেছেন তিনি।শুভেন্দু বলেন, প্রশাসনিক সভাতে একজন অশিক্ষিত তোলাবাজ, একজন গুন্ডা সর্দার জেলা সভাপতি হাজির থাকেন। প্রশাসনিক সভাতে তাঁকে বসিয়ে আইসি, ওসি, বিডিও, এসডিও, ডিএম, এসপিকে তিনি নির্দেশ দেন। তাঁর নির্দেশ, এই লোকটার কথা আপনাদের শুনে চলতে হবে। এভাবে গোটা জেলাতে প্রশাসনিক নিরপেক্ষতাকে ধংস করে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। তার ফল এই বগটুইয়ের মর্মান্তিক ঘটনা। শুভেন্দু বলেন, সিবিআই তদন্ত শুরু হয়েছে। এখন আমাদের দুটি দাবি আছে। পুলিশমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। গোটা বীরভূম জুড়ে বছরের পর বছর ধরে যে খুন-সন্ত্রাস-লুটের রাজনীতি করছে তাঁদেরকে কঠিনতম শাস্তি দিতে হবে। মূলত এই দুই দাবিতে আমাদের অবস্থান। গত সোমবার বাড়শালের উপপ্রধান ভাদু শেখকে খুন করে দুষ্কৃতীরা। তারপর বগটুই গ্রামে ৮ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। শুভেন্দুর দাবি, উপপ্রধানকে খুন করেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। বখড়ার গন্ডগোল নিয়ে বিবাদ। পরবর্তী সময়ে দেড় ঘণ্টার মধ্যে পুরো বাইকবাহিনী ব্যবহার করে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করা হয়েছিল এই বাহিনী দিয়ে। এদের দিয়ে এবার পুরভোট লুঠ হয়েছে। পাথর ও বালু নিয়ে গোটা জেলা জুড়ে লুটের ব্যবসা চলছে। ভাদু শেখ ও আনারুলের মতো অজস্র বাড়ি আজ সর্বত্র তৈরি হয়েছে। তারা আগে ফাটা জামা পড়ত, সাইকেলে চড়ত, বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত, রাস্তার পাশে বসে তাস খেলত। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে এসেছেন। তাঁর নাম এখন আকাশরাণী। বাম জমানায় সূচপুরে ১১ জন তৃণমূল কর্মী-সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। শুভেন্দু বলেন, সুচপুরের ঘটনায় সিপিএম শেষ হয়ে গিয়েছে, রামপুরহাটের ঘটনায় বীরভূম শুধু নয় বাংলা থেকে শেষ হয়ে যাবে তৃণমূল। শুধু খুনীদের ধরলে হবে না, শুধু বাইকবাহিনীকে ধরলে হবে না, যাঁরা ফোন করেছেন তাঁদের কল রেকর্ড ধরতে হবে। অনুব্রত মন্ডলের কল রেকর্ড আগে ধরা উচিত। তারপর পশ্চিমবঙ্গের পুলিশমন্ত্রীর কতবার কথা হয়েছে সেটা প্রকাশ্যে আসা উচিত। তিনি কী নির্দেশ দিয়েছিলেন সেটাও আসা উচিত। আমরা দাবি করব, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের ধরতে হবে।

মার্চ ২৬, ২০২২
রাজ্য

রামপুরকাণ্ডে হাইকোর্টের নির্দেশের পরই সিটের থেকে এফআইআর কপি চাইল সিবিআই

রামপুরহাট হত্যাকাণ্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, হাইকোর্টের সেই নির্দেশের পর রাজ্য পুলিশের সিটের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অফিসাররা। সিটের থেকে এফআইআরের কপি চাইলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মামলা রুজু করে তারপর কেস ডায়েরি হাতে নেবে সিবিআই। এদিকে সূত্র মারফত আরও জানা গিয়েছে, সিটের তরফেও তদন্তে সবরকম সাহায্য করা হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ফোনে জানানো হয়েছে।জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের অর্ডার কপি হাতে পাওয়ার পরই সিবিআইয়ের গোয়েন্দারা যোগাযোগ করেন সিটের সদস্যদের সঙ্গে। এরপর ই-মেল মারফত এফআইআরের কপি চাওয়া হয়েছে বলে খবর। রামপুরহাটে মূলত দুটি ঘটনার তদন্ত চলছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুন এবং তারপর সোনা শেখের বাড়ি-সহ এলাকার বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। এক্ষেত্রে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাতে রাজ্য পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।জানা গিয়েছে, এই এফআইআর কপি হাতে পাওয়ার পর সিবিআই নিজেদের তদন্তকারী দল গঠন করবে। তারপর যত দ্রুত সম্ভব সেই তদন্তকারী দল রামপুরহাটের বগটুই গ্রামে পাঠাবে সিবিআই। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, তাতে শনিবার সিবিআইয়ের তদন্তকারী দল যেতে পারে বগটুই গ্রামে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই বগটুই গ্রাম থেকে ঘুরে গিয়েছে।

মার্চ ২৫, ২০২২
রাজ্য

বগটুই নিয়ে হাইকোর্টের রায়, তৃণমূল কী বলছে?

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ের কোনও বিরোধিতা করবে না তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তবে তদন্ত নিয়ে রাজনীতি হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কুণাল।তৃণমূল কংগ্রেসের পক্ষে কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত অ্যাকশন হয়েছে। আমরা সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করব না। আমরা সহযোগিতা করব। আমরা বলব সঠিক বিচার হোক। বিজেপির আর এক ভাই সিবিআই। সিবিআই বিজেপির পক্ষে। রাজ্য সরকার তো ব্যবস্থা নিয়েছে। রবীন্দ্রনাথের নোবেল চুরি, নন্দীগ্রামের ঘটনায় সিবিআই বিচার দিতে পারেনি। এ টু জেড সবই বিজেপির কেনা। দুদিন আগেই রাজ্যপাল বলেছেন, এবার কী হয় দেখতে পাবেন।এখনও সারদা, নারদা কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। তৃণমূল মুখপাত্রের হুঁশিয়ারি, যদি দেখা যায় ন্যায় বিচার হয়নি, নির্দিষ্ট ঘটনার পরিধি পার করে অন্য রাজনীতি করে তাহলে গণ আন্দোলন হবে। বৃহত্তর ষড়য়ন্ত্রের আড়াল করছে তার প্রতিবাদ হবে।

মার্চ ২৫, ২০২২
রাজ্য

বড় খবরঃ বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বগটুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির তত্বাবধানে সিবিআই তদন্ত হবে। রাজ্য় সরকারের হাতে এই মামলা থাকছে না। উল্লেখ্য বগটুই মোড়ে স্থানীয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরই বগটুই গ্রামের ৮ জনকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় সিট গঠন করা হয়েছে। তবে এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, শীঘ্রই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। সিট আর কোনও তদন্ত করতে পারবে না। প্রধান বিচারপতি নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা করেছেন। আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলেছে সিবিআইকে।রাজ্য আর তদন্ত করতে পারবে না। প্রধান বিচারপতি নির্দেশনামায় বলা হয়েছে, ২২ মার্চ সিট গঠন করা হয়েছিল। তবে কোনও উল্লেখনীয় পদক্ষেপ করা হয়নি। রামপুরহাট থানার কাছাকাছি গণহত্যার ঘটনা ঘটেছে। থানা থেকে কোনও পুলিশ আধিকারিক এসে গ্রামবাসীদের বাঁচানোর চেষ্টা করেনি। পুলিশ কর্মীদের তদন্তে একাধিক গাফিলতির কথা উল্লেখ রয়েছে। ঘটনাস্থলে টাওয়ার ডাম্পিং টেকনোলজি ব্যববার করা হয়েছে কীনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।এদিকে এদিন বিধানসভায় লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। রাজ্য সরকারকে বিবৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে বিজেপি। এদিন নির্দিষ্ট ভাবে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। বিধানসভায় না জানিয়ে বাইরে কেন বলছেন মুখ্যমন্ত্রী। বিধানসভাকে অন্ধকারে রেখে যা খুশি করছে রাজ্য সরকার। টানা এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি বিধায়করা।

মার্চ ২৫, ২০২২
রাজ্য

ব্লক তৃণমূল সভাপতি গ্রেফতারে ক্ষুব্ধ অনুগামীরা, সাসপেন্ড আইসি

রামপুরহাটে বগটুই গ্রামে মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই পুলিশ গ্রেফতার করেছে রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। একইসঙ্গে রামপুরহাট থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর। বগটুই-কাণ্ডে তারাপীঠের একটি লজ থেকে থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, জেলাপুলিশ সুপার তারাপীঠ থানায় জিজ্ঞাসাবাদ করছেন আনারুলকে। তবে আনারুলের গ্রেফতারের খবরে ক্ষোভপ্রকাশ করেছেন তাঁর অনুগামীরা।বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশ-প্রশাসনের কর্তারা হাজির করেন নিহতদের পরিবারের সদস্যদের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রামপুরহাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার আগে নিহতদের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে আনারুলকে জানানো সত্বেও সে কোনও পদক্ষেপ করেনি। মুখ্যমন্ত্রী মনে করেন, অশান্তির আঁচ পেয়েও আনারুল পুলিশকে খবর দেননি। পুলিশকে প্রথমেই খবরটা জানালে এত বড় ঘটনা হয়তো আটকানো যেত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। বগটুই গ্রাম থেকেই আনারুলকে গ্রেফতার করার নির্দেশ দেন ডিজিকে। মমতা বলেন, আনারুল আত্মসমর্পণ করুক, নতুবা গ্রেফতার করবে পুলিশ। তবে আনারুলের অনুগামীদের বক্তব্য, তিনি ভাল মানুষ। সাধারণ মানুষের পাশে থাকেন আনারুল। তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আনারুলের বাড়িতে ছোটে পুলিশ। বাড়িতে ছিলেন না ব্লক তৃণমূল সভাপতি। সূত্রের খবর, আনারুল হোসেনকে তারপীঠের লজ থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের খবরে আনারুলের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন তাঁর অনুগামীরা।

মার্চ ২৪, ২০২২

ট্রেন্ডিং

কলকাতা

সিঙ্গুরে ফিরছে শিল্প? অশোক লেল্যান্ডের ফোন মুখ্যমন্ত্রীকে, জমি নিয়ে কী কথা হল দু’জনের?

সিঙ্গুরে কি এ বার সত্যিই ফিরতে চলেছে শিল্প? টাটাদের ন্যানো কারখানা ঘিরে এক সময় যে সিঙ্গুর রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, সেখানে এ বার ভারী শিল্প গড়ার পরিকল্পনা করছে অশোক লেল্যান্ড। সংস্থার কর্তা অশোক হিন্দুজা নিজে ফোন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চেয়েছেন, কারখানা তৈরির জন্য জমি প্রস্তুত কি না। রাজ্য সরকার জমি দিতে তৈরি বলে তাঁকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অশোক হিন্দুজা তাঁকে ফোন করেছিলেন। প্রথমে ছেলের বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্যই ফোন করেছিলেন তিনি। কিন্তু দুজনের কথাবার্তায় উঠে আসে বাংলায় শিল্প গড়ার প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর কথায়, অশোক তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, জমি তৈরি রয়েছে কি না। উত্তরে শুভেন্দু জানান, জমির ব্যবস্থা করতে রাজ্য সরকার প্রস্তুত।এই শিল্পের সম্ভাবনা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের শুরুতে মুম্বই যেতে পারেন তিনি। সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অশোক লেল্যান্ডের কারখানা নিয়ে আগামী দিনে আরও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল শিল্প ফিরিয়ে আনা। নির্বাচনের আগে বিজেপি বারবার জানিয়েছিল, ক্ষমতায় এলে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগ আনার ব্যবস্থা করা হবে। রাজ্যের হারানো শিল্পের গৌরব ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সিঙ্গুরকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।গত নভেম্বরের শুরুতে নিউ টাউনে রাজ্যের নতুন শিল্পনীতি প্রকাশের সময়ও সিঙ্গুরে শিল্পের প্রসঙ্গ উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা চলছে। সিঙ্গুরে নতুন করে শিল্প গড়ার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করেছিলেন, সিঙ্গুরে ভারী শিল্প আসতে পারে। সেই শিল্পের সঙ্গে অশোক লেল্যান্ডের নামও জড়িয়েছিল। এ বার মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হল।শিল্পের জন্য জমি পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রয়োজন হলে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থার হাতে তুলে দেবে। জমি অধিগ্রহণ নিয়ে যাতে নতুন করে কোনও সমস্যা তৈরি না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে।সূত্রের খবর, জমি জোগাড়ের জন্য জমি একত্র করার বিশেষ পদ্ধতি নিয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে যাঁরা জমি দিতে রাজি, তাঁদের নিয়ে একটি সমবায় তৈরি করা হবে। সেই সমবায়ের মাধ্যমে জমি বিক্রি বা শিল্পের জন্য হস্তান্তরের ব্যবস্থা করা হতে পারে। রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হুগলি জেলায় জমির ব্যবস্থা করার দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে। মঙ্গলবার অশোক হিন্দুজার সঙ্গে কথাবার্তার বিষয়টি প্রকাশ্যে আসায় সিঙ্গুরে শিল্প গড়ার জল্পনা আরও বেড়েছে।উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পিছনে সিঙ্গুরের জমি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে টাটাদের ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু জমি দিতে অনিচ্ছুক কৃষকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নেয় টাটা গোষ্ঠী।তার পর বহু বছর কেটে গেলেও সিঙ্গুরে সেই জমিতে বড় কোনও শিল্প গড়ে ওঠেনি। জমিতে চাষের কাজও পুরোপুরি শুরু হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে জমি দেওয়া কৃষকদের একাংশের মধ্যে এখনও হতাশা রয়েছে। তাঁদের প্রশ্ন, এত বছর পরেও কেন সেই জমি কাজে লাগানো গেল না?এ বার অশোক লেল্যান্ডের হাত ধরে সিঙ্গুরে ভারী শিল্প গড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারা। তবে কারখানা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত, জমির পরিমাণ এবং প্রকল্পের সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে সিঙ্গুরে সত্যিই কবে শিল্পের চাকা ঘুরবে, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

বাগেশ্বর বাবাকে ‘ধূর্ত, ভণ্ড, পাগল’ বলে আক্রমণ! এবার হঠাৎ সুর বদল রামদেবের, কী বললেন যোগগুরু?

বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন যোগগুরু বাবা রামদেব। তাঁকে ধূর্ত, ভণ্ড এবং পাগল বলেও কটাক্ষ করেছিলেন তিনি। সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। তবে এবার বাগেশ্বর বাবাকে নিয়ে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করলেন রামদেব। জানালেন, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। নিজের মানুষ মনে করেই তাঁকে বকেছিলেন। রামদেবের কথায়, তাঁর এই বকুনিকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন বাগেশ্বর।সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বাগেশ্বর বাবা। রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে ক্ষোভ ছড়ায় বিভিন্ন মহলে। রামের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, রাম সোজা পথে চলেন এবং তাঁর কাজেও সরলতা রয়েছে। অন্য দিকে, কৃষ্ণের মূর্তিতে তাঁর বাঁকা হয়ে দাঁড়ানোর ভঙ্গি এবং হাতে বাঁশি থাকার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন বাগেশ্বর। তাঁর দাবি, বাঁশির চেয়ে রামের ধনুকের গুরুত্ব অনেক বেশি।এই মন্তব্যের পরেই সমালোচনার মুখে পড়েন বাগেশ্বর বাবা। এর আগে কলকাতায় এসে দুর্গাপুজোর সময় আমিষ খাবার খাওয়া মানুষদের ভণ্ড বলেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ ওঠে।বাগেশ্বরের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছিলেন বাবা রামদেব। তিনি বলেছিলেন, কিছু মানুষ বেদ, দর্শন, উপনিষদ, কোরান, রামায়ণ কিংবা মহাভারত সম্পর্কে না জেনেই নানা মন্তব্য করেন। এমনকি সংবিধান ও গণতন্ত্র সম্পর্কেও তাঁদের যথেষ্ট জ্ঞান নেই। অথচ তাঁরাই আবার সনাতন ধর্ম ও হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন। রামদেবের কটাক্ষ, আগে নিজেদের সামলানো উচিত।শুধু তাই নয়, কোনও দেবদেবীর মধ্যে তুলনা করা বা কাউকে ছোট করে দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন যোগগুরু। তাঁর বক্তব্য, সনাতন ধর্মের নামে কোনও ভণ্ডামি করা কিংবা দেবদেবীদের অসম্মান করার অধিকার কারও নেই। এই প্রসঙ্গেই বাগেশ্বরকে ধূর্ত, ভণ্ড ও পাগল বলে আক্রমণ করেছিলেন তিনি।তবে এবার সেই কড়া অবস্থান থেকে কিছুটা সরে এসে বাগেশ্বরের প্রতি নিজের স্নেহের কথা তুলে ধরেছেন রামদেব। তাঁর কথায়, বাগেশ্বর তাঁর ছোট ভাইয়ের মতো। এমনকি সন্তানের মতোও তাঁকে স্নেহ করেন তিনি। নিজের শিষ্যের মতো মনে করেন তাঁকে। বাগেশ্বরের কিছু ভুল দেখেছিলেন বলেই তাঁকে বকেছিলেন। সেই ভুলে তিনি নিজেও কষ্ট পেয়েছিলেন বলে জানিয়েছেন যোগগুরু।রামদেব আরও বলেন, তিনি আশা করেন, বাগেশ্বর তাঁর তিরস্কারকে ভালবাসা হিসাবেই গ্রহণ করেছেন। আর বাগেশ্বরও সেই ভাবেই বিষয়টি নিয়েছেন। তাই এই নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক তৈরি করা উচিত নয় বলে মনে করেন তিনি।একই সঙ্গে দুই পক্ষের সমর্থকদেরও শান্ত থাকার বার্তা দিয়েছেন রামদেব। তাঁর মতে, এই ঘটনা নিয়ে সমর্থকদের মধ্যে বিবাদ বাড়ানো ঠিক নয়। দুই ধর্মগুরুর মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি। ফলে বাগেশ্বরকে আক্রমণের পর রামদেবের এই নতুন মন্তব্যে বিতর্কে আপাতত অন্য মোড় এসেছে।

নভেম্বর ২৪, ২০২৬
রাজ্য

পাহাড়ে বরফের বৃষ্টি, অথচ বাংলায় শীতের দেখা নেই! কেন এমন অদ্ভুত আবহাওয়া? চমকে দিচ্ছে বিজ্ঞানীদের পূর্বাভাস

নভেম্বর প্রায় শেষ। অগ্রহায়ণও পড়ে গিয়েছে। তবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জাঁকিয়ে শীতের দেখা নেই। শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক পূর্বাভাসে সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত মিলছে। হিন্দুকুশ হিমালয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট বা আইসিআইএমওডি জানিয়েছে, এ বার পশ্চিম হিমালয়ে স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাত হতে পারে। কিন্তু তার উল্টো ছবি দেখা যেতে পারে সমতলে। সেখানে শীতের দাপট কম থাকার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পাহাড়ে বরফ বাড়লেও সমতলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম।কেন এমন পরিস্থিতি তৈরি হতে পারে? আবহবিদদের মতে, এর পিছনে বড় ভূমিকা থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার। এ বছর সেপ্টেম্বরের শেষ থেকেই দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসেও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি সিকিম এবং সন্দাকফুতেও কয়েক দফায় তুষারপাত হয়েছে। কিন্তু সেই ঠান্ডা হাওয়া সমতলে সেভাবে পৌঁছতে পারেনি। এর মধ্যে একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবও পড়েছে আবহাওয়ায়। ফলে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা বাতাস শক্তিশালী হওয়ার সুযোগ পায়নি।আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, আসন্ন শীতের মরসুমে স্বাভাবিকের তুলনায় বেশি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। তার জেরে পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘনঘন তুষারপাত হলে বিপদও বাড়তে পারে। তুষারধস এবং হড়পা বানের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের মতে, এল নিনো পরিস্থিতিতে অনেক সময় পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা এবং তীব্রতা বেড়ে যায়। এ বারও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাই সমতলের শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।কারণ, উত্তর ভারতের সমতলে জাঁকিয়ে শীত পড়ার জন্য পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পর্যাপ্ত সময়ের ব্যবধান থাকা প্রয়োজন। সেই সময় উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস সমতলে প্রবেশ করতে পারে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে বারবার পশ্চিমী ঝঞ্ঝা এলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফলে শুষ্ক ও কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশের সুযোগ কমে। উত্তর-পশ্চিম ভারতের সমতল থেকেই মূলত ঠান্ডা হাওয়া বাংলায় আসে। সেখানে শীতের দাপট কম থাকলে তার প্রভাব পড়তে পারে এ রাজ্যেও।আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ ও বিহার ছাড়া বেশিরভাগ রাজ্যেই এ বার শীতের দাপট স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিভিন্ন এলাকায় তাপমাত্রার গড় স্বাভাবিকের উপরে থাকার আশঙ্কা রয়েছে। ফলে একটানা জাঁকিয়ে শীতের দেখা না-ও মিলতে পারে।নভেম্বরের শেষ সপ্তাহেও কলকাতার তাপমাত্রার ছবিটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ২৪ নভেম্বর পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। অথচ ২০১১, ২০১২ এবং ২০২২ সালেও অক্টোবর মাসের মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এ বার শীতের আগমন অনেকটাই দেরিতে হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এখনও সেই অর্থে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি।তবে আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের হাওয়া শক্তিশালী হতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। ফলে নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ দিনে বাংলায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শেষ দিকে আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তিশালী হলেও তার প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।সব মিলিয়ে, সামনের কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বাড়তে পারে। কিন্তু গোটা শীতের মরসুম কেমন যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। নভেম্বরের শেষ দিকে শীত নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিতে পারে মৌসম ভবন। পাহাড়ে তুষারপাত বাড়লেও সমতলে শীতের দাপট কম থাকবে কি না, এখন সেদিকেই নজর আবহবিদদের।

নভেম্বর ২৪, ২০২৬
কলকাতা

চাল, ডাল, তেল, চিনির দাম আকাশছোঁয়া! বাজারদর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আধিকারিকদের দিলেন কড়া নির্দেশ

চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে সরষের তেল ও চিনিনিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই বাড়ছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে আনতে তৎপর হল রাজ্য সরকার। মঙ্গলবার কৃষি বিপণন দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অকাল ঝড়-বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়েছে বাজারেও। বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে অনেকটাই। তবে শুধু সবজি নয়, চাল, নুন, চিনি-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। সরষের তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন একের পর এক জিনিসের দাম বাড়ছে, তা জানতে চান তিনি।মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। তাঁদের প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ কেন তার সুফল পাচ্ছেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। এরপরই বাজারদর নিয়ন্ত্রণে দফতরের আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে একাধিক পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করতে হবে দফতরের আধিকারিকদের। বাজারে কোন জিনিসের দাম কত, কেন দাম বাড়ছে, কোথায় সমস্যা তৈরি হচ্ছে, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে। পাশাপাশি ব্যবসায়ী ও আধিকারিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠী তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে ওই গোষ্ঠীর মাধ্যমে দ্রুত সমস্যার কথা জানাতে পারবেন ব্যবসায়ীরা।শুধু বৈঠক বা নজরদারি নয়, বাজারদর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে বিভিন্ন বাজারে সচেতনতা শিবির আয়োজনের কথাও বলা হয়েছে। টাস্ক ফোর্সকে বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কেন দাম বাড়ছে, তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজিপ্রায় সব ক্ষেত্রেই দামের ওঠানামা দেখা যাচ্ছে। তার সঙ্গে জ্বালানি ও ওষুধের খরচও সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। ফলে মাসের শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে সমস্যায় পড়ছেন বহু পরিবার।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুধু নির্দেশ বা বৈঠকেই বাজারদর কমবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে কতটা স্বস্তি পান, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
কলকাতা

হিন্দি ছবির জন্য বাংলা ছবিকে সরানোর চেষ্টা! নবান্নে বৈঠক ডেকে হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

হিন্দি ছবির সঙ্গে টক্কর দিতে গিয়ে কি প্রেক্ষাগৃহ হারাতে বসেছিল বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা? একাধিক প্রেক্ষাগৃহে ভাল দর্শক হওয়া সত্ত্বেও এই ছবির শো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ, আগামী শুক্রবার, ২৭ নভেম্বর যশরাজ ফিল্মসের নতুন ছবি ইয়ে প্রেম মোল লিয়া মুক্তি পাওয়ার কথা। সেই ছবির জন্যই নাকি একাধিক প্রেক্ষাগৃহে সাধক বামাক্ষ্যাপার শো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হল মালিকেরা। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে নবান্নে প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুপুর ১টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখ। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও বৈঠকে যোগ দেন প্রযোজক, পরিচালক, সিনেমা পরিবেশক ও প্রেক্ষাগৃহের মালিকেরা। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না। শুধু তাই নয়, ছবিটি প্রাইম টাইমেও দেখাতে হবে। অর্থাৎ দর্শকদের সিনেমা দেখার সবচেয়ে সুবিধাজনক সময়েও বাংলা ছবির শো রাখতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশে স্বস্তি ফিরেছে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফের মধ্যে। তাদের তরফে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, তাঁর এই উদ্যোগের ফলে বাংলা সিনেমা নতুন করে প্রাণ পেল।বৈঠক শেষে রুদ্রনীল ঘোষ জানান, বাংলা সংস্কৃতি ও সিনেমাকে বাঁচাতে সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাইম টাইমে বাংলা ছবির শো চালাতেই হবে। সাধক বামাক্ষ্যাপার পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলকে বার্তা দিয়েছেন। আপাতত ছবিটির ৫১টি শো রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন রুদ্রনীল।বাংলা ছবির জন্য প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে অবশ্য এই প্রথম আলোচনা হল না। এর আগেও রাজ্যের প্রাক্তন সরকার একাধিকবার এই সমস্যা মেটানোর চেষ্টা করেছে। ২০২৫ সালের অগস্ট মাসে নন্দনে টলিউডের প্রযোজক, পরিচালক ও সিনেমা পরিবেশকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে সারা বছর প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর আবেদন জানানো হয়েছিল। কিন্তু একাধিক বৈঠকের পরেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।তারই সাম্প্রতিক উদাহরণ সাধক বামাক্ষ্যাপা। ছবিটি ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলায় করমুক্ত রামায়ণ মুক্তির কারণে নির্মাতারা পিছিয়ে দেন ছবির মুক্তির দিন। শেষ পর্যন্ত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসে ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের পাশাপাশি সিনেমা সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে এই ছবি।বাংলার মাটির গল্প, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিকতার আবহ ছবির অন্যতম আকর্ষণ। বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয়ও দর্শকদের মন কেড়েছে। অনেক দর্শক তাঁকে ওই রূপে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কেউ কেউ অভিনেতার পা ছুঁয়ে প্রণামও করেছেন বলে জানা গিয়েছে।এত ভাল সাড়া পাওয়ার পরেও ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। অভিযোগ, হিন্দি ছবির জন্য মাত্র এক সপ্তাহের মধ্যেই সাধক বামাক্ষ্যাপাকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। তবে নবান্নের বৈঠকের পর আপাতত সেই আশঙ্কা অনেকটাই কমেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাংলা ছবির জন্য প্রাইম টাইমে জায়গা রাখা হয় কি না, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৪, ২০২৬
খেলার দুনিয়া

বিধ্বংসী সূর্যবংশী, দ্বিশতরানের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, সংযুক্ত আরব আমিরশাহিকে উড়িয়ে দিল ভারত এ

ব্যাট হাতে ঝড় বললেও ভুল হবে বৈভব সূর্যবংশী। একেবারে টর্নেডো তান্ডব চলল। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল ভারত এ। মঙ্গলবার এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ বি-র ম্যাচে সূর্যবংশীর বিধ্বংসী ইনিংস ক্রিকেটবিশ্বকে কার্যত নাড়িয়ে দিয়েছে।প্রথমে ব্যাট করে সংযুক্ত আরব আমিরশাহি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। দলের হয়ে হরপ্রীত সিং ভাটিয়া অসাধারণ ব্যাটিং করে ১৪৪ বলে ১৩০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছয়। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদ খান ৪৩ রানে ৪টি উইকেট তুলে নিয়ে নজর কাড়েন।জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৬ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েন ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। সেখানেই থামেননি তিনি। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করে গড়েন আরও এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে আউট হন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২৮টি ছয়। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের পাশাপাশি এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের নামে করে নেন তিনি।মাত্র ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এ। সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংস শুধু ম্যাচের ছবিই বদলে দেয়নি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আশার আলো দেখিয়েছে। এত কম বয়সে এমন অসাধারণ ব্যাটিং প্রতিভা সত্যিই বিরল। ক্রিকেটমহলে এখন একটাই আলোচনাবৈভব সূর্যবংশীর বিস্ময়কর উত্থান।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

সনিয়ার বইয়ে সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ১৫ দিনের সময় দিয়ে আইনি নোটিস প্রপৌত্রের

সনিয়া গান্ধীর বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই মন্তব্যকে বিকৃত উপস্থাপনা বলে অভিযোগ তুলে কংগ্রেস নেত্রীকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের প্রপৌত্র সত্যকী সাভারকর। তাঁর দাবি, বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে, প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।গত ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সনিয়া গান্ধীর বই বিলংগিং: আ জার্নি অব লাভ। বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে নিয়ে লেখা দুটি মন্তব্যে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, ওই মন্তব্যগুলি তথ্যগত ভাবে ভুল এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঠিক ভাবে তুলে ধরে না। এর ফলে সাভারকরের সম্মান ও তাঁর রাজনৈতিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।বইয়ের ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, ব্রিটিশ শাসকদের হাতে যখন কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা অত্যাচারিত হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ মতাদর্শীরা ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে আবেদন জানাচ্ছিলেন। পাশাপাশি, আরএসএসের সদস্যেরা ব্রিটিশ কর্তৃপক্ষকে তথ্য দিতেন বলেও উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যের বিরোধিতা করে সত্যকীর দাবি, এর ফলে এমন ধারণা তৈরি হতে পারে যে সাভারকর ব্রিটিশদের হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে তথ্য সরবরাহ করতেন বা তাঁদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। নোটিসে বলা হয়েছে, সাভারকরের কারাবাস, আন্দামানের সেলুলার জেলে বন্দিজীবন এবং ব্রিটিশ শাসকদের অত্যাচারের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করেই ওই মন্তব্য করা হয়েছে। তাঁর মতে, ক্ষমার আবেদন নিয়ে মন্তব্য করার আগে সেই সময়ের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনা করা জরুরি ছিল।বইয়ের ৪৪৩ নম্বর পাতার একটি মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছেন সত্যকী। সেখানে বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমসাময়িক সাভারকর ছিলেন হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা। তাঁর ভারত ভাবনায় হিন্দুরাই প্রধান এবং সর্বোচ্চ। আরএসএস, বিজেপি এবং তাদের সহযোগী সংগঠনগুলিও এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে।এই বক্তব্যেরও বিরোধিতা করেছে সাভরকরের পরিবার। আইনি নোটিসে দাবি করা হয়েছে, সাভারকরের রাজনৈতিক ও আদর্শগত চিন্তাভাবনাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভারত ভাবনাকে শুধুমাত্র হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠার ধারণা হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ সত্যকীর।নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা, প্রয়োজনীয় সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সত্যকী।এর আগে সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এ বার সাভারকরের প্রপৌত্রের আইনি নোটিস ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

নভেম্বর ২৪, ২০২৬
দেশ

প্রেমিকাকে খুন করে পালালেন না! সারারাত দেহের পাশে বসে থেকে সকালে নিজেই পুলিশকে ফোন

প্রেমের সম্পর্কে সন্দেহ, তা নিয়ে প্রায়ই অশান্তি। শেষ পর্যন্ত সেই অশান্তির জেরেই ভয়াবহ পরিণতি! পুনের হিঞ্জেওয়াড়িতে ২৭ বছরের এক তরুণী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, অন্য এক মহিলার সঙ্গে প্রেমিকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তরুণী। সেই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা হত। তবে এই ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রেমিকার মৃত্যুর পর পালিয়ে যাননি অভিযুক্ত। বরং সারারাত তাঁর দেহের পাশেই বসে ছিলেন তিনি। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান।মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। অভিযুক্তের নাম শুভম জ্ঞানেশ্বর কালবান্দে। তিনিও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ভবিষ্যতে একসঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখেছিলেন দুজনে। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাবার্তাও এগিয়েছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে সমস্যা তৈরি হতে শুরু করে। অভিযোগ, শুভম অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন কোমল। এই বিষয়টি নিয়েই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবার রাতেও একই কারণে তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়।জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে নাগাদ হিঞ্জেওয়াড়িতে কোমলের পেইং গেস্ট আবাসনে দুজনের মধ্যে ফের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় কোমলের উপর হামলা চালান শুভম। তাঁর মাথা ও ঘাড়ে পরপর ঘুষি ও লাথি মারেন তিনি। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয় কোমলের।ঘটনর পর অভিযুক্ত পালিয়ে যাননি বলেই পুলিশ সূত্রে খবর। অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর সারা রাত তাঁর নিথর দেহের পাশেই বসে ছিলেন শুভম। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোমলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল এবং কী পরিস্থিতিতে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।তিন বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের পরিকল্পনা, দুই পরিবারের সম্মতিসব কিছুই এগিয়েছিল স্বাভাবিক পথে। কিন্তু সেই সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে তরুণীর পরিবারে।

নভেম্বর ২৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal