পিকনিক সেরে বাড়ি ফেরা হল না! মাঝরাস্তায় স্কুলবাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৪ পড়ুয়ার
পিকনিক সেরে বাড়ি ফেরা হল না পড়ুয়াদের। উত্তরপ্রদেশের কনৌজে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার পড়ুয়ার। জখম হয়েছেন আরও ৩৫ জন। মঙ্গলবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কনৌজের থাথিয়া থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে কৌশাম্বী জেলার সিরাথু এলাকার ওরিয়েন্টাল পাবলিক স্কুলের ৫০ জন পড়ুয়া এবং ছজন শিক্ষক-শিক্ষিকা ছিলেন। স্কুলের পিকনিক বা ভ্রমণ সেরে তাঁরা আগ্রা থেকে কৌশাম্বীতে ফিরছিলেন।স্থানীয় সূত্রে খবর, এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা স্কুলবাসটির পিছনে আচমকাই দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসের পিছনের অংশ। বাসের ভিতরেই আটকে পড়েন বেশ কয়েক জন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা।দুর্ঘটনার শব্দ শুনে প্রথমে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাসের ভিতরে আটকে থাকা পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘ চেষ্টার পর বাস থেকে আহতদের উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত ৩৫ জনকে উদ্ধার করে তিরওয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কনৌজের জেলাশাসক আশুতোষ মোহন এবং জেলার পুলিশ সুপার বিনোদ কুমার। তাঁরা আহতদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।স্কুলের আনন্দভ্রমণ শেষে বাড়ি ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পড়ুয়াদের পরিবার। কী কারণে এক্সপ্রেসওয়েতে স্কুলবাসটি দাঁড়িয়েছিল এবং কী ভাবে ট্রাকটি পিছন থেকে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।

