বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও বিপদমুক্ত নন তিনি। ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, গতকালের পর থেকে তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে এখনও পর্যন্ত উন্নতির কোনও লক্ষণও দেখা যায়নি। ফলে উদ্বেগ কাটছে না চিকিৎসকদের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ফুসফুসে বিষাক্ত লালারস ও জলীয় পদার্থ জমা হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের সমস্যা আরও বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অচেতন থাকায় তিনি নিজে থেকে লালারস গিলতে পারছেন না। সেই লালারসই ফুসফুসে ঢুকে যাচ্ছে। তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ফুসফুস ঠিক ভাবে কাজ করছে কি না, তা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা।
শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবারের সদস্য এবং বিজেপি কর্মীদের উদ্যোগে প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতায় স্থানান্তরিত করা হয় বিজেপি বিধায়ককে। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মস্তিষ্কেও অসুস্থতার প্রভাব পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
সব মিলিয়ে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হওয়া কিছুটা স্বস্তি দিলেও রেখা পাত্রের বিপদ এখনও কাটেনি। কবে তাঁর জ্ঞান ফিরবে এবং কখন শারীরিক অবস্থার উন্নতি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।
- More Stories On :
- Rekha patra
- Ventilation

