রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।