ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি বিডিও অফিসে কর্মরত এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ২ লক্ষ ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (Anti-Corruption Branch বা ACB)। বুধবার বিকেলে বিশেষ ফাঁদ পেতে এই অভিযান চালানো হয়।
অভিযুক্তের নাম বিমল সাহা। অভিযোগ, তিনি একটি সরকারি নির্মাণ প্রকল্পের বকেয়া পাস করানোর জন্য এক ঠিকাদারের কাছ থেকে ২ লক্ষ ঘুষ দাবি করেছিলেন।
বিল ছাড় করতে ঘুষের অভিযোগ
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, পিন্টু মল্লিক নামে এক ঠিকাদার গিধনিতে একটি সাব-হেলথ সেন্টার নির্মাণের কাজের বরাত পান। কাজ শেষ হওয়ার পর বিল মঞ্জুর করার জন্য তিনি সংশ্লিষ্ট সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহার সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ, সেই সময় বিল প্রক্রিয়াকরণের বিনিময়ে বিমল সাহা ২ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দিয়ে ঠিকাদার বিষয়টি দুর্নীতি দমন শাখার টোল-ফ্রি হেল্পলাইনে জানান।
রাসায়নিক মাখানো নোটে পাতা হয় ফাঁদ
অভিযোগ পাওয়ার পর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা পরিকল্পনা করে গিধনি বিডিও অফিসে ফাঁদ পাতেন। বুধবার বিকেলে রাসায়নিক মাখানো নোট (রেড হ্যান্ড) নিয়ে ঠিকাদার অভিযুক্তের কাছে যান।
'রেড হ্যান্ড' আসলে কি?
দুর্নীতি দমন শাখা (ACB), সিবিআই বা পুলিশের "রেড-হ্যান্ডেড" ট্র্যাপ অভিযানে সাধারণত বিশেষ রাসায়নিক ব্যবহার করা হয়, যাতে প্রমাণ করা যায় যে অভিযুক্ত ব্যক্তি ঘুষের টাকা স্পর্শ করেছেন।
সবচেয়ে প্রচলিত রাসায়নিক হলো ফেনলফথ্যালিন (Phenolphthalein)।
এটি কিভাবে কাজ করে:
ঘুষ হিসেবে ব্যবহৃত নোটগুলোর ওপর অতি সামান্য পরিমাণ ফেনলফথ্যালিন পাউডার লাগানো হয়।
পাউডারটি সাধারণ অবস্থায় বর্ণহীন থাকে, তাই চোখে সহজে ধরা পড়ে না।
অভিযুক্ত ব্যক্তি সেই নোট হাতে নিলে পাউডারটি তাঁর হাতে লেগে যায়।
এরপর তদন্তকারী দল অভিযুক্তের হাত সোডিয়াম কার্বোনেট (Sodium Carbonate)-এর ক্ষারীয় দ্রবণে ধোয়।
যদি ফেনলফথ্যালিন উপস্থিত থাকে, তাহলে সেই দ্রবণের রং গোলাপি বা গাঢ় গোলাপি হয়ে যায়। এটিকেই সাধারণভাবে "হ্যান্ড ওয়াশ টেস্ট" বলা হয়।
অভিযোগ অনুযায়ী, বিমল সাহা রাসায়নিক মাখানো সেই টাকা গ্রহণ করতেই ওত পেতে থাকা ACB-র আধিকারিকরা তাঁকে হাতেনাতে আটক করেন। পরে রাসায়নিক পরীক্ষায় তাঁর হাত নির্দিষ্ট দ্রবণে ডোবানো হলে রঙ পরিবর্তন হয়, যা চিহ্নিত নোট স্পর্শ করার প্রমাণ হিসেবে ধরা হয়।
উদ্ধার নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি
অভিযুক্তের কাছ থেকে ২ লক্ষ নগদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি, তদন্তের স্বার্থে বিডিও অফিস থেকে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর বিমল সাহাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
ছয় মাস আগে গিধনিতে বদলি
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, বিমল সাহা প্রায় ছয় মাস আগে জামবনি ব্লকের গিধনি বিডিও অফিসে বদলি হয়ে যোগ দেন। তাঁর বাড়ি বীরভূম জেলার বোলপুরে।
ঘটনা নিয়ে গিধনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘুষের অভিযোগ জানাতে আবেদন ACB-র
রাজ্য দুর্নীতি দমন শাখা সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়েছে, কোনও সরকারি কর্মী ঘুষ দাবি করলে, জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করলে বা দুর্নীতির কোনও তথ্য থাকলে তা অবিলম্বে ৯৮৩৬২৩৩৮৯১ নম্বরে জানাতে। সংস্থার দাবি, দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর জেনারেল হিসেবে মুরলীধর শর্মা দায়িত্ব গ্রহণের পর এই হেল্পলাইন ব্যবস্থাকে আরও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে ACB।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বড় ডাক! স্বাধীনতা দিবসে রাজ্যজুড়ে তেরঙ্গা উৎসব, জেনে নিন পুরো কর্মসূচি

