লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ জয়। সেই লক্ষ্য পূরণ করতে যা যা করা দরকার, সবই করতে রাজি রোহিত শর্মা। এমনকি শুভমান গিলের বিয়ের ব্যবস্থাও করে দিতে চান তিনি! তাও আবার আগামী দেড় থেকে দুমাসের মধ্যে। হঠাৎ গিলের বিয়ে নিয়ে এত আগ্রহ কেন রোহিতের? এর সঙ্গে বিশ্বকাপ জয়ের সম্পর্কই বা কী?এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। গিলের প্রেমজীবন এবং বিয়ে নিয়ে অবশ্য বহু দিন ধরেই নানা জল্পনা চলছে। সম্প্রতি রোহিতের অনুষ্ঠান ফ্যামিলি ফুল হাউস-এও উঠে আসে সেই প্রসঙ্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমেডিয়ান আকাশ গুপ্তা এবং শাদি ডট কমের প্রতিষ্ঠাতা অনুপম মিত্তাল।কথা বলতে বলতেই আকাশ একটি মজার তথ্য তুলে ধরেন। তাঁর কথায়, ইতিহাস বলছে, ভারতের কোনও অধিনায়কের বিয়ে হলে তার পরের বছরই বিশ্বকাপ জিতেছে ভারত। উদাহরণ হিসেবে তিনি মনে করিয়ে দেন মহেন্দ্র সিংহ ধোনির বিয়ের কথা। ২০১০ সালে বিয়ে করেছিলেন ধোনি। তার পরের বছর, ২০১১ সালে, ভারত জিতেছিল এক দিনের বিশ্বকাপ।আকাশের কথা শুনে অনুপম মিত্তাল মজা করে বলেন, সেই জন্যই তো আমরা শুভমানের পিছনে পড়ে আছি। তবে তাঁর দাবি, গিল আপাতত বিয়ে করতে চান না। এই কথা শুনে রোহিতও মজার ছলে বলেন, না ভাই, বিশ্বকাপ জেতার জন্য আমাকে যা যা করতে হবে, সব করব।রোহিতের এই মন্তব্য থেকেই স্পষ্ট, বিশ্বকাপ জয়ের জন্য গিলের বিয়ের ব্যবস্থা করতেও আপত্তি নেই তাঁর! অবশ্য পুরো কথোপকথনই ছিল মজার ছলে। সত্যিই যে রোহিত গিলের বিয়ের আয়োজন করতে চলেছেন, এমন কোনও খবর নেই।গিলের প্রেমজীবন নিয়েও অতীতে কম আলোচনা হয়নি। এক সময় সচিন তেণ্ডুলকরের মেয়ে সারার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। পরে সইফ আলি খানের মেয়ে সারার সঙ্গেও তাঁর নাম জড়ায়। তবে এই সব জল্পনার কোনওটিই গিল নিজে নিশ্চিত করেননি।এখনই বিয়ে করার কোনও পরিকল্পনা আছে কি না, তা নিয়েও প্রকাশ্যে কিছু জানাননি ভারতীয় অধিনায়ক। তাই রোহিত সত্যিই গিলের বিয়ের ঘটকালি করবেন কি না, তা নিয়ে আপাতত কৌতূহল থাকছেই। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে হিটম্যান যে মজার ছলে কোনও কিছুতেই পিছপা নন, তা তাঁর মন্তব্যেই পরিষ্কার।