সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোকে ঘিরে এবার বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই পুজো ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
জানা গিয়েছে, সুরুচি সঙ্ঘকে জমি খালি করার নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার মালিকানাধীন জমির উপর বেআইনি নির্মাণ করা হয়েছে। নোটিসে চারটি প্লট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মোট প্রায় বাইশ কাঠা জমি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে। আগামী আঠারো জুলাইয়ের মধ্যে জমি খালি না করলে আইনি পদক্ষেপেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সূত্রের দাবি, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর জমি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। এরপরই আইনি নোটিস পাঠানো হয়েছে। আরও অভিযোগ, সুরুচি সঙ্ঘ প্রাঙ্গণে একাধিক জায়গায় নোটিস টাঙানো হলেও তার মধ্যে কিছু নোটিস পরে ছিঁড়ে ফেলা হয়। কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে মেসি-কাণ্ডে তদন্তের মুখে রয়েছেন অরূপ বিশ্বাস। অন্যদিকে স্বরূপ বিশ্বাসও আইনি জটিলতার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো আদৌ আগের মতো হবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন সম্পত্তি দখলের সংস্কৃতি গড়ে উঠেছিল। তবে সুরুচি সঙ্ঘের তরফে এখনও এই অভিযোগ নিয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
পুজোর আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে জমি বিতর্ক, আইনি নোটিস এবং রাজনৈতিক তরজায় সুরুচি সঙ্ঘ এখন রাজ্যের অন্যতম চর্চিত বিষয়ে পরিণত হয়েছে।
- More Stories On :
- Suruchi Sangha
- LIC
- Notice

