জোড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটতেই আবহাওয়ায় বদল পশ্চিমবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি কমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু'দিনে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে স্বস্তির এই আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। কারণ, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
শুক্রবার ধনতেরাস, রবিবার কালীপুজো। উৎসবের মরসুমে আপাতত বৃষ্টির তেমন কোনও আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফলে কালীপুজোর দিন বৃষ্টির কারণে উৎসবে বাধা পড়ার সম্ভাবনা কম। তবে সোমবার থেকে বদলাতে পারে পরিস্থিতি।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েক দিন উত্তরের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে, কলকাতার তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ, এক দিনেই প্রায় ২ ডিগ্রি কমেছে পারদ। যদিও এই তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি।
শুধু সর্বনিম্ন তাপমাত্রাই নয়, কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।
সব মিলিয়ে কালীপুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মিলছে শীতের হালকা আমেজ। উৎসবের দিনগুলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। তবে সোমবার থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় কালীপুজোর পরের আবহাওয়া কোন দিকে যায়, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের।
- More Stories On :
- Weather Update
- Kolkata
- Kali Puja

