খেলার জন্য প্রেম, নাকি প্রেমের জন্য খেলা? বিগ বসের বাড়িতে এই প্রশ্নই যেন বার বার উঠে আসছে। তবে সৃজলা গুহর কাছে জীতু কামালের গুরুত্ব যে কতটা, তা বুঝিয়ে দিলেন অভিনেত্রী নিজেই। জীতুকে নমিনেশন থেকে বাঁচাতে নিজের সাধের লম্বা চুল কেটে ফেললেন তিনি। বিগ বসের দেওয়া শর্ত শুনে এক মুহূর্তও দেরি করেননি সৃজলা। সোমবারের পর্বে তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়ে যান বাড়ির অন্য প্রতিযোগীরাও।
সোমবার বিগ বসের বাড়িতে নমিনেশনের জন্য এক অভিনব খেলার আয়োজন করা হয়। বাড়ির বাগানে তৈরি করা হয়েছিল পুরনো দিনের টেলিফোন বুথের মতো একটি ঘর। সেখান থেকে একে একে প্রতিযোগীদের ফোন করেন বিগ বস। ফোনের পর্দায় ভেসে ওঠে প্রতিযোগীদের নাম। যাঁর নাম দেখা যায়, তিনি ফোন ধরলেই বিগ বস জানিয়ে দেন, তিনি এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড।
তবে নমিনেশন থেকে বাঁচারও সুযোগ ছিল। তার জন্য অন্য কোনও প্রতিযোগীকে নিজের স্বার্থ ত্যাগ করে বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে হত। অর্থাৎ, একজনকে বাঁচাতে অন্যজন কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, সেটাই ছিল এই খেলার আসল পরীক্ষা।
জীতু কামালের নাম আসতেই বিগ বস তাঁকে জানান, নমিনেশন থেকে বাঁচাতে হলে সৃজলাকে কাঁধ পর্যন্ত চুল কেটে ফেলতে হবে। এই কথা শুনে প্রথমেই আপত্তি জানান জীতু। তাঁর মতে, একজন নারীর সৌন্দর্যের অন্যতম অংশ তাঁর চুল। তাই সৃজলাকে চুল কাটার কথা বলতে চাননি তিনি। বরং নিজে নমিনেশনে থাকতে রাজি ছিলেন।
কিন্তু বিগ বস জানিয়ে দেন, এটি একটি খেলা। তাই জীতুকে চেষ্টা করতেই হবে। শেষ পর্যন্ত সৃজলাকে বিষয়টি জানান জীতু। চুল কাটার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী। কিন্তু পরক্ষণেই রাজি হয়ে যান তিনি। নিজের হাতে কাঁচি নিয়ে লম্বা, ঢেউখেলানো চুলের অনেকটা কেটে ফেলেন সৃজলা।
সৃজলার এই সিদ্ধান্তে অবাক হয়ে যান জীতু-সহ বাড়ির অন্য প্রতিযোগীরা। নতুন ছোট চুলে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল। বিগ বসও তাঁর নতুন চেহারার প্রশংসা করেন। পরে জীতু নিজেই সৃজলার কাটা চুল ঠিক করে দেন। প্রেমের প্রস্তাবে এখনও সরাসরি সম্মতি না দিলেও জীতুর জন্য সৃজলার এই ত্যাগ তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে।
তবে শুধু সৃজলাই নন, অন্য প্রতিযোগীরাও প্রিয় সহ-প্রতিযোগীদের বাঁচাতে কঠিন শর্ত মেনে নিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটারসেন এবং রনিতা দাসকে ঘিরে।
রনিতাকে নমিনেশন থেকে বাঁচানোর জন্য নিরঞ্জনকে বিগ বসের দেওয়া শর্ত ছিল, বাড়ি থেকে পাওয়া তাঁর সাধের স্মৃতির খাতাটি পুড়িয়ে ফেলতে হবে। ওই খাতার সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অনেক পুরনো স্মৃতি। তাই এমন শর্ত শুনে ভেঙে পড়েন রনিতা। নিরঞ্জনকেও কাজটি করতে দিতে চাইছিলেন না তিনি।
কিন্তু শেষ পর্যন্ত নিজের স্মৃতির খাতা পুড়িয়ে ফেলতে রাজি হন নিরঞ্জন। খাতাটি আনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সৃজলা। নিজেকে সামলে শেষ পর্যন্ত খাতাটি আগুনে পুড়িয়ে দেন নিরঞ্জন। সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন রনিতাও। বাড়ির অন্য প্রতিযোগীদের চোখেও জল চলে আসে।
এর পর মনামী ঘোষকে বাঁচানোর দায়িত্ব পড়ে রনিতার উপর। তাঁকে বিগ বসের দেওয়া শর্তও ছিল বেশ কঠিন। মাছের সস, কাসুন্দি এবং কাঁচা ডিম মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত মাজতে বলা হয় তাঁকে। অদ্ভুত এই শর্ত শুনেও পিছিয়ে যাননি রনিতা। শেষ পর্যন্ত কাজটি করে দেখান তিনি। তাঁর সাহসের প্রশংসা করেন বাড়ির অন্য প্রতিযোগীরা।
তবে সবাই বিগ বসের দেওয়া শর্ত পূরণ করতে পারেননি। ফলে এই সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেটেড হয়েছেন সোনামণি সাহা, রাজবীর দে এবং তনুশ্রী রায় দাস। তাঁদের ভাগ্য এখন নির্ভর করছে দর্শকদের ভোটের উপর।
- More Stories On :
- Bigg Boss Bangla
- Srijala Guha
- Jeetu Kamal

