প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত রামায়ণ: প্রথম পর্ব। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ছবির প্রশংসায় এ বার মুখ খুললেন রণবীরের স্ত্রী, অভিনেত্রী আলিয়া ভাটও। স্বামীর অভিনয়ে মুগ্ধ আলিয়া সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রণবীরের সঙ্গে মেয়ে রাহার কয়েকটি মিষ্টি মুহূর্তের ছবি। ছবিগুলি তোলা হয়েছে রামায়ণ-এর শুটিংয়ের সময়।ইনস্টাগ্রামে ছবিগুলি ভাগ করে আলিয়া লিখেছেন, এই ছবির জন্য তুমি নিজের সবটুকু দিয়েছ। অথচ ওর জন্য তোমার মধ্যে সবটুকু ভালবাসা ঠিকই বেঁচে ছিল। তোমাকে নিয়ে খুব গর্বিত, রণবীর। এই অসাধারণ ছবির সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকেও অভিনন্দন। কিছু গল্প আমাদের সবার চেয়েও অনেক বড়। রামায়ণ তেমনই একটি গল্প।আলিয়ার এই পোস্টের পরেই সমাজমাধ্যমে নানা মন্তব্য করেছেন অনুরাগীরা। এক জন লিখেছেন, একটি ঐতিহ্যশালী পরিবারের সন্তান হয়েও নিজের পরিচয়ে নতুনভাবে তৈরি করছেন রণবীর। অন্য এক অনুরাগীর কথায়, রণবীরের পরিশ্রম সার্থক হয়েছে। আরও এক জন লিখেছেন, ছবির সবচেয়ে সুন্দর দিক হল ক্যামেরার আড়ালে থাকা ভালবাসা।এ দিকে, ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন রণবীর। বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই চরিত্রে অভিনয়ের সময় চিত্রনাট্য মেনে চলার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, অ্যানিম্যাল বা ব্রহ্মাস্ত্র-এর মতো ছবিতে অভিনয়ের সময় নিজের মতো করে চরিত্র গড়ার কিছুটা স্বাধীনতা থাকে। কিন্তু রামায়ণ-এর মতো কাহিনি হাজার হাজার বছরের পুরনো। তাই সেখানে মূল গল্পের প্রতি শ্রদ্ধা রেখে অভিনয় করাই সবচেয়ে জরুরি।রণবীর আরও জানিয়েছেন, ভগবানের চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক সময় অভিনেতারা নিজেদের চেহারা, হাঁটাচলা এবং আচরণ নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়েন। তাঁরও ভয় ছিল, দর্শক তাঁকে কী ভাবে গ্রহণ করবেন। কোনও বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লাগবে কি না, সেই চিন্তাও কাজ করেছিল। তবে শেষ পর্যন্ত গল্পের প্রতি বিশ্বাস এবং চরিত্রের প্রতি ভক্তি রেখেই অভিনয় করেছেন তিনি।এই চরিত্রে অভিনয়ের আগে নিজের বয়স নিয়েও সংশয়ে ছিলেন রণবীর। তাঁর কথায়, তিনি এই চরিত্রের উপযুক্ত কি না, রামের মতো গুরুত্বপূর্ণ চরিত্রের প্রতি সুবিচার করতে পারবেন কি না, তা নিয়ে মনে অনেক প্রশ্ন ছিল। তবে এমন সুযোগ জীবনে এক বারই আসে বলে মনে করেছিলেন তিনি। তাই ভয় ও সংশয় কাটিয়ে কাজটি করার সিদ্ধান্ত নেন।নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ: প্রথম পর্ব প্রযোজনা করেছেন নমিত মালহোত্র এবং যশ। ছবিতে রামের চরিত্রে রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। এ ছাড়াও জটায়ুর চরিত্রে অনুপম খের, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত অভিনয় করেছেন।