এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে আগাম পিটিশন দাখিল করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে কিছুটা অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। শুনানির সময় মেনকা গুরুস্বামীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, বিচারব্যবস্থার উপর ভরসা রাখতে হবে।
ভোটারদের ভবিষ্যৎ নিয়ে এদিন আদালতে আলোচনা হয়। প্রধান বিচারপতি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ ভোটারের বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। এরপরই তিনি মেনকা গুরুস্বামীকে সতর্ক করে বলেন, বিচারক বা বিচার বিভাগীয় আধিকারিকদের কোনও প্রশ্নের মুখে ফেলবেন না। তিনি জানান, বিচার বিভাগীয় আধিকারিকরা নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করছেন এবং যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের তালিকায় যুক্ত করা হবে।
এসআইআর সংক্রান্ত এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর মধ্যেই সোমবার আবার আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এর আগে মেনকা গুরুস্বামী আদালতে অভিযোগ করেছিলেন, অনেক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে এবং তাঁদের নথিও ঠিকভাবে গ্রহণ করা হচ্ছে না। তিনি দাবি করেছিলেন, যাঁরা আগে ভোট দিয়েছেন তাঁদের নথি এখন গ্রহণ করা হচ্ছে না।
বর্তমানে রাজ্যে প্রায় ষাট লক্ষ ভোটারের বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। তাঁদের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব রয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের উপর। রাজ্যের বিভিন্ন জেলা আদালতের বিচারকরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে ভোটারদের নথি পরীক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছেন। এত বিপুল সংখ্যক নথি অল্প সময়ের মধ্যে যাচাই করা কঠিন হয়ে পড়ায় সুপ্রিম কোর্ট ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত বিচার বিভাগীয় আধিকারিক আনার নির্দেশ দেয়। সেই অনুযায়ী দুই রাজ্য থেকে প্রায় দুইশো বিচার বিভাগীয় আধিকারিককে এই কাজে যুক্ত করা হয়েছে। বর্তমানে মোট পাঁচশোরও বেশি বিচার বিভাগীয় আধিকারিক এই কাজের দায়িত্ব সামলাচ্ছেন।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ ভোটারের বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এবং এখনও প্রায় পঞ্চাশ লক্ষ ভোটারের বিষয়টি পরীক্ষা করে দেখা বাকি রয়েছে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও জানিয়েছেন, বিচারাধীন ভোটারদের বিষয়টি সুপ্রিম কোর্টের নজরদারিতেই চলছে। বিচার বিভাগীয় আধিকারিকরা সমস্ত তথ্য খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন, ভোট ঘোষণার আগে যদি কোথাও কোনও আধিকারিকের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- More Stories On :
- SIR
- Supreme Court
- Menka Guruswamy

