উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারঝড়ে নিখোঁজ ৮, বাঁকুড়ার ৫ যুবকের খোঁজে চলছে তল্লাশি!
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে গেলেন ৮ অভিযাত্রী। তাঁদের মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাসিন্দা। গত কয়েক দিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সময় যত এগোচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে নিখোঁজ অভিযাত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে।নিখোঁজ পাঁচ বাঙালি অভিযাত্রীর নাম তাপস বাউরী, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ এবং মনোজ খাওয়াস। প্রথম চারজনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে। অন্যদিকে, মনোজ খাওয়াসের বাড়ি কেশরা গ্রামে। বাকি তিনজনের মধ্যে দুজন উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এবং একজন উত্তরাখণ্ডের উত্তরকাশির বাসিন্দা।জানা গিয়েছে, শেরপা ও সহকারী-সহ মোট ১২ জনের একটি দল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিংয়ে গিয়েছিল। নির্দিষ্ট দিনে গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তুষারঝড়ের মুখে পড়ে দলটি। এর পর থেকেই দলের ৮ সদস্যের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।অন্যদিকে, দলের শেরপা ও সহকারী-সহ মোট চারজন কোনওরকমে ৩০ অক্টোবর গন্তব্যে পৌঁছন। তাঁরাই বাকি আটজনের নিখোঁজ হওয়ার খবর দেন। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে উত্তরাখণ্ড সরকার।নিখোঁজদের খোঁজে গত দুদিন ধরে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। হেলিকপ্টারের সাহায্যে হিমালয়ের দুর্গম এলাকায় চলছে অভিযান। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ আটজনের কোনও সন্ধান পাওয়া যায়নি।উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, উচ্চ হিমালয়ের ওই এলাকায় আবহাওয়া অত্যন্ত খারাপ। তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মাঝেমধ্যেই উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে। ফলে তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে।এদিকে, বাঁকুড়ার পাঁচ যুবকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রিয়জনদের ফেরার অপেক্ষায় দিন গুনছেন পরিবারের লোকজন। প্রশাসনের তরফে নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।এখন সকলের নজর উত্তরাখণ্ডের উদ্ধার অভিযানের দিকে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজ আট অভিযাত্রীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। কবে তাঁদের খোঁজ মিলবে, সেই অপেক্ষাতেই রয়েছেন পরিবারের সদস্যরা।

