নিরাপত্তারক্ষীদের দেখে পালানোর চেষ্টা! কুলগামে দুই সন্দেহভাজন গ্রেফতার, মিলল চিনা পিস্তল ও গ্রেনেড
জম্মু-কাশ্মীরে জঙ্গি তৎপরতার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল নিরাপত্তারক্ষীরা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চিনা পিস্তল, কার্তুজ এবং দুটি চিনা গ্রেনেড। রবিবার কুলগাম জেলায় নাকা তল্লাশির সময় এই দুজনকে আটক করা হয়। ধৃতদের নাম তাহির বিলাল এবং মুনিব ইয়াসিন। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাগান বা কৃষিজ এলাকা থেকে কুলগামের দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের পথ আটকান। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের দেখে পালানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু কেন্দ্রীয় রিজ়ার্ভ পুলিশ বাহিনী এবং পুলিশের বিশেষ অভিযানকারী দলের সদস্যরা তাঁদের ধরে ফেলেন।তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি চিনা পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজ়িন, ৯ মিলিমিটারের দুটি কার্তুজ এবং দুটি চিনা গ্রেনেড উদ্ধার হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তাঁরা কোথাও হামলার পরিকল্পনা করছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।অন্য দিকে, শ্রীনগরের লালচক এলাকায় চার জন সন্দেহভাজন জঙ্গির খোঁজে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে প্রতাপ পার্কের একটি দেওয়ালে ওই পোস্টার দেখা যায়। সেখানে চার জনের নাম উল্লেখ করে তাঁদের সম্পর্কে তথ্য চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ওই চার জন হলেন মহম্মদ লতিফ ভাট, বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর এবং আবিদ কায়ুম লোন। তাঁদের মধ্যে লতিফ ভাট কুলগামের বাসিন্দা। চলতি বছরের জুলাই মাসে অনন্তনাগে এক পুলিশকর্মীকে খুনের ঘটনায় তাঁকে খুঁজছে নিরাপত্তা বাহিনী। আধিকারিকদের দাবি, কাশ্মীর উপত্যকায় সক্রিয় ছিলেন তিনি। বাকি তিন জনই বারামুলার বাসিন্দা। তাঁরা পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীর থেকে কাজ করছেন বলে সন্দেহ।পোস্টারে ওই চার জনের গতিবিধি বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।একই দিনে কুলগামে দুই সন্দেহভাজনকে গ্রেফতার এবং শ্রীনগরে চার জনের খোঁজে পোস্টার সামনে আসায় উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গোটা বিষয়টির উপর নজর রাখছে নিরাপত্তা বাহিনী।

