• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Gangasagar

দেশ

কপিল মুনির আশ্রমের কাছেই পৌঁছবে রেল! গঙ্গাসাগর নিয়ে বড় সুখবর, দিল্লিতে বৈঠকের পর ঘোষণা

আর কয়েক মাস পরেই গঙ্গাসাগর মেলা। তার আগেই গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় ৪ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে বাংলার মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।বৃহস্পতিবার দিল্লির রেল ভবনে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বৈঠকে বাংলার বিভিন্ন রেলপ্রকল্প নিয়ে আলোচনা হয়। আসন্ন কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বকেয়া রেলপ্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।এই বৈঠকে নন্দীগ্রামের দেশপ্রাণ থেকে নতুন রেলপথ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমি দিয়েছে রাজ্য সরকার। দ্রুত কাজ শুরু করে আগামী মার্চের মধ্যে রেল চলাচল চালু করার বিষয়ে রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত সমস্যার কারণে এই প্রকল্পের কাজ আটকে ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর দুসপ্তাহের মধ্যেই সেই সমস্যা মিটিয়ে নতুন করে জমি বরাদ্দ করা হয়েছে। এবার দ্রুত প্রকল্পের উদ্বোধন করতে চায় রাজ্য সরকার। প্রধানমন্ত্রী সময় দিলেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।তবে বৃহস্পতিবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গঙ্গাসাগর রেল প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রমকে রেলপথের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই প্রাথমিক মানচিত্র তৈরির কাজ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের আগে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি এবং সমীক্ষার কাজ শুরু করা হবে।মুখ্যমন্ত্রীর দাবি, আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচল শুরু হতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গাসাগর মেলায় যাওয়া পুণ্যার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে সড়কপথ ও জলপথের উপর নির্ভর করতে হয় যাত্রীদের। রেলপথ তৈরি হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে। প্রকল্পের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এ ছাড়াও রাজ্যে পণ্য পরিবহণের সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গত কয়েক বছরে বাংলায় শিল্প, বিনিয়োগ ও ব্যবসার পরিমাণ বেড়েছে। তাই পণ্য পরিবহণের জন্য আরও বেশি রেলওয়াগন প্রয়োজন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ যাতে আরও সহজে এবং দ্রুত করা যায়, তা নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।বাংলার রেলপ্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করার জন্য একজন নির্দিষ্ট আধিকারিক নিয়োগের পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। ওই আধিকারিক রাজ্যের চলতি ও বকেয়া রেলপ্রকল্পগুলির অগ্রগতি দেখবেন এবং কাজের গতি বাড়ানোর দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে, গঙ্গাসাগর রেলপথ, নন্দীগ্রামের নতুন রেললাইন এবং চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে বৃহস্পতিবারের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজ্য সরকার। তবে গঙ্গাসাগর পর্যন্ত কবে থেকে ট্রেন চলবে, তা নির্ভর করছে সমীক্ষা, প্রকল্পের অনুমোদন এবং নির্মাণকাজের উপর।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

ভোটের আগে গঙ্গাসাগরে গুলির শব্দ, বিজেপি কর্মীকে লক্ষ্য করে হামলায় চাঞ্চল্য

ভোটের আগে গঙ্গাসাগরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল প্রায় আটটা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অধীন শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলায় এলাকায় দাঁড়িয়ে ছিলেন ত্রিলোকেশ ঢালি। সেই সময় হঠাৎ বাইকে করে দুজন ব্যক্তি সেখানে আসে এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পর দ্রুত বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান ত্রিলোকেশ ঢালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সাধারণ কর্মী হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলেন।এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেও এই হামলা হয়ে থাকতে পারে। তবে বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে।বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আক্রান্ত কর্মীর প্রাণ বাঁচবে কি না তা নিয়েও উদ্বেগ রয়েছে। তাঁর দাবি, বাংলায় হিংসার রাজনীতি চলছে এবং এই ঘটনার দিকে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিককে বরখাস্ত করার দাবিও জানানো হবে।ঘটনার প্রতিবাদে এলাকায় ইতিমধ্যেই অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মীরা। আহত নেতার মেয়েও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, তাঁর বাবার বুকে গুলি লেগেছে এবং রাজনৈতিক কারণেই এই হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, তাঁদের পরিবার বিজেপির সঙ্গে যুক্ত এবং তিনি নিজেও পঞ্চায়েত সদস্য হওয়ায় এই হামলা হতে পারে।অন্যদিকে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তাঁর দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।

মার্চ ১১, ২০২৬
রাজ্য

অপেক্ষার অবসান! আজই শিলান্যাস গঙ্গাসাগর সেতুর, বদলে যাবে সাগরদ্বীপের ভাগ্য

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরেই গঙ্গাসাগর সেতু প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সেতু তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া পৌঁছতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট।এই সেতু চালু হলে গঙ্গাসাগরে যাতায়াত অনেকটাই সহজ হবে। পুণ্যার্থী, পর্যটক এবং সাগরদ্বীপের ৪৩টি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে। এতদিন কাকদ্বীপ থেকে কচুবেড়িয়ায় যাওয়ার একমাত্র ভরসা ছিল নদীপথ। স্টিমার বা নৌকায় করেই চলাচল করতে হত স্থানীয় মানুষদের। বর্ষার সময় বা নদীর জল বেড়ে গেলে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত।এই সমস্যার কথা মাথায় রেখে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের কাছে সেতু নির্মাণের জন্য আর্থিক সাহায্য চেয়েছিল। তবে কেন্দ্রের পক্ষ থেকে সাড়া মেলেনি বলেই অভিযোগ রাজ্য সরকারের। শেষ পর্যন্ত ২০২৩ সালে গঙ্গাসাগর মেলা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের অর্থেই তৈরি হবে গঙ্গাসাগর সেতু। সেই ঘোষণার পর নতুন আশায় বুক বাঁধেন সাগরদ্বীপের বাসিন্দারা।সোমবার সেই স্বপ্ন বাস্তবের পথে এগোচ্ছে। ভোটের মুখে এই গুরুত্বপূর্ণ সেতু প্রকল্পের শিলান্যাস রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের শাসকদলকে কিছুটা হলেও রাজনৈতিক সুবিধা দিতে পারে।প্রায় ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই গঙ্গাসাগর সেতু হবে চার লেনের। সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। গোটা প্রকল্পে খরচ হবে আনুমানিক ১৬৭০ কোটি টাকা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করবেন। আগামী চার বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেতুর নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে।

জানুয়ারি ০৫, ২০২৬
কলকাতা

সাফ নির্দেশ মমতার, গঙ্গাসাগর মেলায় ভিআইপি কালচার বন্ধ

গঙ্গাসাগর মেলায় কোনও ভিআইপি সংস্কৃতি চলবে না। নবান্নে বৈঠক থেকে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিআইপিদের জন্য যেন সাধারণ মানুষের কোনও রকম সমস্যা না হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে বসে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করেন। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় রাজ্যের তরফে। আগামী জানুয়ারির গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। ১২ জানুয়ারি মন্ত্রীরা মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যাবেন বলেও জানানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, কোনও ভিআইপি বা বিশেষ অতিথির জন্য যেন সাধারণ পুণ্যার্থীরা কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে হবে।রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর পুণ্যার্থীদের সুবিধার জন্য মেলা চত্বরে থাকবেন প্রায় সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক। প্রত্যেক পুণ্যার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড এবং পরিচয়পত্র। সকলেই বিমার আওতায় থাকবেন। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলবে।যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মেলাকে কেন্দ্র করে চলবে প্রায় ২৫০০ বাস, ২৫০টি লঞ্চ এবং ব্যবহার করা হবে ২১টি জেটি। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠু ও নিরাপদ ভাবে পরিচালনা করতেই এই প্রস্তুতি বলে জানানো হয়েছে।

ডিসেম্বর ১৫, ২০২৫
রাজ্য

গঙ্গাসাগরে গিয়ে ফের প্রবীণদের হয়ে ব্যাট ধরলেন মমতা

তৃণমূলে আদি-নব্য, প্রবীণ-নবীন দ্বন্দ্ব তুঙ্গে। এবার দলের প্রতিষ্ঠা দিবসে এই নিয়ে মুখ খুলেছিলেন একাধিক নেতা। এসবের মধ্যেই রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে গিয়ে বয়সসীমা বিতর্কে ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তারুণ্যের উপরই জোর দেন তিনি। ২৪ ঘন্টা না পেরতেই সোমবার গঙ্গাসাগর থেকে তৃণমূল সেনাপতিকে পালটা বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।আমি এখন যে কাজ করতে পারছি, তা কি ৭০ বছর হলে করতে পারব? ৩৬ বছর বয়সে যে কর্মক্ষমতা থাকে, ৫৬ বছর বয়সে তা থাকে না। ৭০ বছর বয়সে তা আরও কমে যায়। এই প্রথম নয়। এর আগেই বেশ কয়েকবার তৃণমূলে নবীনদের পক্ষে সোচ্চার হয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলে এক ব্যক্তি-এক পদের ঘোষণা করে তিনি বলেছিলেন, সব পেশার মতো রাজনীতিততেও অবসরের বয়স থাকা উচিত।বয়সসীমা বিতর্কের মধ্যেই গত নভেম্বরে তৃণমূলের বিশেষ অধিবেশনে দলনেত্রী বলেছিলেন, মনের বয়স বাড়ল কিনা সেটাই আসল ব্যাপার। প্রবীণ সৌগত রায়দের নির্দ্বিধায় কাজ চালানোর কথা বলে রয়্যাল বেঙ্গল টাইগার-এর মতো লড়াইয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তার সপ্তাহ পরে দাবি করেছিলেন, পুরনো চাল ভাতে বাড়ে।সোমবার গঙ্গাসাগর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেলার এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা কিন্তু যাঁরা যোগ্য লোক তাঁদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের কাজকর্ম, পুরো অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। এটা বিরল ব্যাপার। মূলত রাজ্য প্রশাসনে অবরপ্রাপ্ত তিন যোগ্য অফিসারের পুনর্নিয়োগ করা হয়েছে। তার প্রেক্ষিতেই এই কথা বলেন মুখ্যমন্ত্রী।অভিজ্ঞতার পক্ষে কথা বলে দলের সাম্প্রতিক বিতর্কও কী উস্কে দিলেন তৃণমূল নেত্রী? সেনাপতিকে বার্তা দিলেন? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠছে।

জানুয়ারি ০৮, ২০২৪
রাজ্য

করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলল পুণ্যস্নান

দেশে ক্রমশ উর্ধ্বমুখী করোনার গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার মানুষ। বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। করোনা রোগীদের চিকিৎসায় দুটি নতুন ওষুধ ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরইমধ্যে শুক্রবার মকর-সংক্রান্তিতে উপলক্ষে বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলল দেদার পুণ্যস্নান।পুণ্যস্নান করতে গিয়ে কোভিডবিধি কার্যত শিকেয় তুলেছেন পুণ্যার্থীরা। দেশে তথা রাজ্য জুড়ে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মেলায় প্রবেশের আগে করোনাবিধির যে কড়াকড়ি লক্ষ করা যাচ্ছিল, তা স্নানের সময় দেখা যায়নি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধিও। করোনাবিধির তোয়াক্কা না করেই এক সঙ্গে বহু মানুষের ভিড়ে সংক্রমণ কতটা ঠেকানো যাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রতীরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী ই-স্নানের কাউন্টার। এই কাউন্টার থেকেই পুণ্যার্থীরা পবিত্র গঙ্গা জল নিয়ে বিশ্বাসের সঙ্গে পুণ্যস্নান করেন। গঙ্গাসাগরে বিভিন্ন প্রান্তে রাখা হয়েছে ড্রোনের মাধ্যমে স্নানের ব্যবস্থা। কাল সকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান।পাশাপাশি শুক্রবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সাগর উপকূলে। তবুও মানুষের উৎসাহে খামতি দেখা যায়নি। কপিল মুনির মন্দির চত্বরেও পুণ্যার্থীদের ভিড় ছিল। এ দিকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রোজই মেলায় ঘুরে ঘুরে নজরদারি চালাচ্ছেন হাইকোর্ট-এর নির্দেশে তৈরি হওয়া কমিটির সদস্যরা।

জানুয়ারি ১৪, ২০২২
কলকাতা

আদালতের নির্দেশ মেনে গঙ্গাসাগর মেলা করার বার্তা মমতার

গঙ্গাসাগরের মেলা করার ক্ষেত্রে কলকাতা যে নির্দেশ দিয়েছে, তার মধ্যে অন্যতম আরটি-পিসিআর পরীক্ষা। মেলার প্রত্যেক পুণ্যার্থীর আরটি-পিসিআর টেস্ট করার কথা বলেছে আদালত। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার যাত্রীদের বার্তা দিতে গিয়ে মমতা বলেন, নিজেদের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে। বাকি সব কাজ আমরা করে দিয়েছি।হাইকোর্ট মেলা নিয়ে যে নির্দেশ দিয়েছে, তা আমাদের মেনে চলতে হবে। এমনটাই বলেন মমতা। তিনি উল্লেখ করেন, বাইরে থেকে যারা আসছেন, তাঁদের ওপর নজর দিতে হবে। কেউ করোনা আক্রান্ত হলে, তাঁকে আলাদা করে রাখতে হবে, প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের বুঝিয়ে বলেন, একটা গাড়িতে একজন করোনা আক্রান্ত হলে, বাকি সবাই আক্রান্ত হয়ে যাবেন, তাই তাঁদের নিজেদেরই এ বিষয়ে সচেতন হতে হবে। মুখ্যমন্ত্রী বার্তা দেন, এবার বেশি হই-হুল্লোড় করার মতো পরিস্থিতি নেই বলেও সতর্ক করেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, মেলায় কাজ করার মতো স্বেচ্ছাসেবী কর্মীরও অভাব রয়েছে।মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এত পুণ্যার্থীর আরটি-পিসিআর টেস্ট করানো কার্যত অসম্ভব। মমতা মনে করিয়ে দেন, কুম্ভমেলায় যে সব পুণ্যার্থীর যান তাঁরা মূলত সড়কপথে যান। কিন্তু গঙ্গাসাগরের ক্ষেত্রে অনেকেই জলপথে আসেন, তাই সবার আরটি-পিসিআর টেস্ট করানো সম্ভব নয় বলেই জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গঙ্গাসাগরে ২০-৩০ লক্ষ মানুষ আসেন, তাঁদের প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষা করা কঠিন।

জানুয়ারি ১২, ২০২২
রাজ্য

Gangasagar new Committee: হাইকোর্টের নির্দেশে শুভেন্দুকে ছাড়াই গঙ্গাসাগরের নতুন কমিটি

গঙ্গাসাগর মেলায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে উল্লেখ্য, নতুন নজরদারি কমিটি থেকে বাদ পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরনো তিন সদস্যের কমিটি বাতিল করে ২ সদস্যের কমিটি গঠন করল হাইকোর্ট। কমিটির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিটিতে রয়েছেন লিগ্যাল সার্ভিসেসেস সদস্য সচিব। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে আদালতের দেওয়া অন্যান্য যাবতীয় নির্দেশ কার্যকর করতে হবে। বিধি লঙ্ঘন হলে নজরদারি কমিটি তৎক্ষণাৎ মেলা বাতিলের নির্দেশ দিতে পারবে। তবে মঙ্গলবারের নির্দেশে আরও স্পষ্ট করে বলা হয়েছে, গোটা গঙ্গাসাগর এলাকাটাই এখন নোটিফায়েড এরিয়া অর্থাৎ যেখানে রাজ্যের বিধি কায়েম হতে পারে যে কোনও সময়ই।রাজ্যে করোনা বাড়ছে দ্রুত গতিতে। এই পরিস্থিতিতে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা উচিত। এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। এর সঙ্গে আরও পাঁচটি মামলা হয়। সব মামলাগুলি একত্র করে হাইকোর্টে শুনানি হয়েছিল। শুনানির পর তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন ওঠে, ওই কমিটিতে যে সব সদস্য রয়েছেন, তাঁরা কোভিড নিয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন না।শুধু শুভেন্দুর থাকা নয়, আগের কমিটি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। পুরনো কমিটিতে রাখা হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে। ওই পদে নিয়োগ এখনও আটকে রয়েছে। প্রশ্ন ওঠে, যে পদে নিয়োগই হয়নি, সেই পদের পদাধিকারী কী করে কমিটিতে থাকেন? এর পরই নতুন কমিটি গড়ার পক্ষে রায় দেয় হাইকোর্ট।

জানুয়ারি ১১, ২০২২
রাজ্য

Gangasagar Mela: সুপারস্প্রেডারের ভয়ে গঙ্গাসাগর মেলা বন্ধ করতে আদালতে আর্জি ডক্টর্স ফোরামের

কোভিড পরিস্থিতিতে মেলা নিয়ে আগেও সতর্ক করেছেন রাজ্যের চিকিৎসকেরা। সব পক্ষের শুনানির পর শর্ত সাপেক্ষে মেলা করার অনুমতি দিয়েছে আদালত। সেই মতো মেলার প্রস্তুতিও শুরু হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে ফের সেই মেলা বন্ধ করার আর্জি জানালেন চিকিৎসকেরা। তাঁদের দাবি, এখনও যদি না বন্ধ হয়, তাহলে রাজ্য বিপদসীমায় পোঁছে যাবে। সোমবার গঙ্গাসাগর মেলা সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এ দিন আর্জি জানিয়েছেন চিকিৎসকেরা। এ দিন মামলার শুনানি শেষের পর রায়দান স্থগিত রাখল আদালত।করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে গঙ্গাসাগর মেলা চলতে পারে বলে শুক্রবার জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে তিন সদস্যের একটি কমিটি তৈরি করে বলেছিল, কমিটি চাইলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারে। আবার ভিড় নিয়ন্ত্রণ করে চালুও রাখতে পারে। কিন্তু আদালতের সেই রায়ের বিরুদ্ধে সোমবার ফের পাঁচটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। যার বক্তব্য মূলত দুটিপ্রথমত, অবিলম্বে মেলা বন্ধ করা হোক। কেন না কমিটির রিপোর্ট পেয়ে তা কার্যকর করতে করতে ক্ষতি আরও বাড়বে। দ্বিতীয়ত, আদালতের কাছে আইনজীবীরা জানতে চেয়েছেন, নজরদারি কমিটিতে কোনও চিকিৎসক বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে রাখা হয়নি কেন? যাঁরা কমিটিতে রয়েছেন, তাঁদের পক্ষে কি রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি বিচার করা সম্ভব?সোমবার আদালত মামলাকারীদের আইনজীবীদের পরামর্শ দেয়, রাজ্যে এই মুহূর্তে যে করোনা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে, এতটা ঝুঁকি না নেওয়াই ভাল। তাই মেলা বন্ধ করা হোক। ডক্টর্স ফোরামের তরফে আদালতকে অনিরুদ্ধ জানান, কলকাতা থেকে ডায়মণ্ড হারবার ব্যস্ত রাস্তাগুলির মধ্যে অন্যতম। করোনার সাম্প্রতিক স্ফীতির দিকে নজর রেখে এখনই মেলা বন্ধ করা না হলে তা সুপার স্প্রেডার-এর রূপ নিতে পারে।

জানুয়ারি ১০, ২০২২
রাজ্য

কাটলো গঙ্গাসাগর মেলার জট, শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

শেষমেশ আদালতের অনুমতি মিলল। কাটলো জট। প্রায় ৫ লক্ষ মানুষের সমাগমে হবে গঙ্গাসাগর মেলা। করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। তবে একটি কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। নজরদারি চালাবে এই কমিটি। রাজ্য়ের মুখ্যসচিব, বিরোধী দলনেতা ও মানবাধিকার কমিশনের এক সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হবে।বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের গন্ডি ছাড়িয়েছে। এরইমধ্যে চলচ্চিত্র উৎসব, সহ একাধিক মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে আসেন। এবছর রাজ্য সরকার অনুমান করছে সেখানে ৫ লক্ষ মানুষের সমাগম হবে। সংক্রমণ রোধে রাজ্য সরকারই ধর্মীয় সভায় ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেখানে গঙ্গাসাগরে মেলা কী করে সম্ভব?গতকাল, বৃহস্পতিবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানিয়েছিলেন, সম্পূর্ণ কোভিড বিধিকে মান্যতা দিয়ে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয়েছে। চিকিৎসাসহ স্যানিটাইজার, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামের সমস্ত রকম ব্যবস্থা করছে রাজ্য সরকার। শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিলেও কোভিড বিধি অনুসরণ করা হচ্ছে কীনা তা দেখবে আদালতের নির্দেশে গঠিত কমিটি।

জানুয়ারি ০৭, ২০২২
রাজ্য

Mamata Bannerjee: পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত, করোনা উদ্বেগে বার্তা মমতার

রাজ্যে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে পরিস্থিতি পর্যালোচনা না করে এখনই সব কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গঙ্গসাগর থেকে কলকাতায় ফেরার আগে করোনার নয়া রূপ ওমিক্রন যে ভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার জন্য অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে সব কিছু বন্ধের পথে গেলে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই এ ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে। কেন পর্যালোচনা প্রয়োজন তা ব্যাখা করে তিনি বলেন, কোভিড তো প্রায় ছমাস-আট মাস ছিল না। তাই অনেক জায়গায় কোভিড হাসপালগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সার্বিক ভাবে পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। লোকাল ট্রেন এবং স্কুল-কলেজ বন্ধ নিয়ে সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রেও পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।কোভিডের অন্য রূপগুলির তুলনায় ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ব্রিটেন থেকে বিমানে যাঁরা আসছেন, তাঁদের বেশি ওমিক্রন ধরা পড়েছে। অনেকে টেস্ট করাতে বিরক্ত হচ্ছেন। কিন্তু বিরক্ত হলে চলবে কী করে।সামনেই বর্ষ বিদায় এবং বর্ষবরণের উৎসব। সেই সময় বহু মানুষ রাস্তায় নামবেন। ফলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষবরণের উৎসব আটকাব কী করে! তবে আমরা বর্ষবরণের পরিস্থিতির উপর নজর রাখছি। এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

ডিসেম্বর ৩০, ২০২১
রাজ্য

গুচ্ছ প্রতিশ্রুতির মাঝে সোনার বাংলা গড়ার শাহি ডাক

কখনও বলেছেন রাজ্যে কার্যকর হবে কৃষক সম্মান নিধি, কখনও আবার আয়ুষ্মান ভারত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা। এমনকী, রাজ্যে বিজেপি সরকার গড়লে লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে আরও এক বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্বকে এবং উপস্থিত জনতাকে সম্ভাষণ করে তিনি নিজের বক্তব্য শুরু করেন। ● আজ আমার জন্য খুব সৌভাগ্যের দিন। আজ আমি গঙ্গাসাগর দর্শন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ● বাংলায় পরিবর্তন করার জন্য আমরা আজ সবাই উপস্থিত হয়েছি। আজ পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের এবং শ্রী চৈতন্যদেবের জন্মদিন। খুবই শুভময় দিন আজ। ● আজ পরিবর্তন যাত্রার পঞ্চম দফায় শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গের সব বিধানসভায় যাবে এই যাত্রা। সব বিধানসভা কেন্দ্র থেকেই আমরা তৃনমূলকে উৎখাত করব। ● এই যাত্রা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসছে। বড় বড় মিছিল, ১৫০০ অধিক সভা এবং সব বুথের কর্মী অংশগ্রহণ করবেন। ● এই লড়াই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার, তৃনমূলের সিন্ডিকেট শেষ করার লড়াই।● সিন্ডিকেট করেন যারা তাঁরা সাহায্য মানুষ পর্যন্ত পৌঁছতে দেয় না। এই সিন্ডিকেট রাজ আপনারা বদলাবেন তো? পরিবর্তন করবেন তো?● আমাদের লক্ষ্য হল বাংলায় পরিবর্তন। গরিব জনতার পরিবর্তন, মা বোনদের পরিবর্তন। এই জন্য এই যাত্রা। জেলেদের, আদিবাসীদের কাটমানি না দিতে হয় তার জন্য এই যাত্রা। ● প্রাকৃতিক দুর্যোগ, আম্ফানের সময় যাতে আপনার বরাদ্দ কেউ না নিতে পারে তাই এই যাত্রা। তুষ্টিকরণ বন্ধ করে, দুর্গা পূজা, সরস্বতী পূজা, রাম নবমী যাতে ভালোভাবে পালন করা যায় তাকেই পরিবর্তন বলে।● এই পরিবর্তন শুধু ক্ষমতা বদলের পরিবর্তন নয়। গঙ্গাসাগরের পরিবর্তন, এখানে মৎস্যজীবী, আদিবাসীদের অবস্থা বদলানোর জন্য পরিবর্তন। ● যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন বাংলায় আইন শৃঙ্খলা উন্নতি হতে পারে না। ● কেন্দ্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বতে বড় ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। কিন্তু এখানে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আপনারা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত করুন যারা কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ● বন্ধুগণ, এখানে আর্থিক ব্যবস্থা এত করুন এখানে সপ্তম পে কমিশন পাননা সরকারি কর্মীরা। বিজেপি সরকার গঠিত হলে সপ্তম পে কমিশন চালু হবে।● শিক্ষকরা কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে নিজেদের দাবি ন্যায় জানাচ্ছেন। আমি শিক্ষক ভাইবোনদের জানাতে চাই ক্ষমতায় এসে যাতে আপনারা ন্যায় পান তার জন্য আমরা কমিটি গঠন করব। ● মৎস্যজীবীদের জন্য ৬০০০ টাকা করে দেওয়া হবে মৎস্যজীবী সম্মান নিধি। মৎস্যজীবীদের জন্য একটি অর্গানাইজেশন গঠন করা হবে যাতে মৎস্যজীবীরা সঠিক দাম পান। তার জন্য একটি মন্ত্রণালয় বানানো হবে। ● ২৪ পরগনায় তৈরি হবে খাদ্য প্রক্রিয়াকরণ হাব। ● গঙ্গাসাগরকে পর্যটন এবং সাংস্কৃতিক পিঠস্থান হিসেবে গড়ে তোলা হবে। ● গঙ্গাসাগরের মেলাকে আন্তরাষ্ট্রীয় রূপে গড়ে তোলা হবে যাতে দেশে বিদেশে মানুষ আসেন। ● তৃনমূল অল্প দিনে কিছু যোজনা ঘোষণা করেছিলেন কিন্তু কিছুই হয়নি। ইন্টিগ্রেটেড ফিসারি জোন তৈরি হয়নি। সুন্দরবনকে আলাদা জেলার কথা বললেও তা হয়নি। ঝড়খালীতে পর্যটন গড়ে ওঠেনি। আমফানের পর মোদিজির পাঠানো টাকা তৃণমূলের গুন্ডা খেয়ে নিয়েছে। ● আমি সবাইকে বলছি, বিজেপি সরকার গঠিত হলেই একটি উচ্চপর্যায়ের তদন্ত করে যারা আম্ফানে দুর্নীতি করেছে তাদের জেলে পাঠানো হবে। ● মোদিজি ৩৫০০ কোটি টাকা দিয়েছেন। কিন্তু কিছু হয়নি। তৃণমূলের একটাই কল্যাণ। ভাইপোর কল্যাণ। ● এটি দুর্যোগপ্রবণ এলাকা। বিজেপি ক্ষমতায় এসেই জিরো ক্যাজুয়ালটি টাস্ক ফোর্স তৈরি করবে। যাতে প্রাকৃতিক দুর্যোগে কারও প্রাণ না যায়। ● বাংলায় রাজনৈতিক হিংসায় আমাদের ১৩০ অধিক বিজেপি কার্যকর্তার মৃত্যু হয়েছে। মমতা দিদি আপনার গুন্ডা কর্তৃক মৃত ১৩০ অধিক কর্মীর বলিদান ব্যর্থ যাবে না। রাজ্যজুড়ে প্রবল পরাক্রমে পদ্ম ফুটবে।● যে গুন্ডারা আজ লুকিয়ে আছে তাদের বলছি বিজেপি পাতাল থেকে খুঁজে বের করে আপনাদের জেলে পাঠাবে।● নিবার্চনে তৃণমূলের গুন্ডা থাকবে না।● বাংলার উন্নয়নের জন্য মোদি প্রভূত টাকা পাঠান। কিন্তু সিন্ডিকেট খেয়ে নেয় টাকা। ● কংগ্রেস আমলে ৫ বছরে বাংলার জন্য ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা দিয়েছিল। ● মোদি সরকার ৩ লক্ষ ৫৯ কোটি টাকা দিয়েছে।● কিন্তু গ্রামে গ্রামে কিছুই পৌঁছয় না। ভাইপো আর তার গুন্ডা খেয়ে নিয়েছে সব। সব তদন্ত হবে। ● মমতা ব্যানার্জি অনুপ্রবেশ বন্ধ করতে পারেনি। বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করবে। ● দুর্গাপূজার জন্য আদালত থেকে অনুমতি নিতে হয়। সরস্বতী পূজা বন্ধ করিয়ে দেওয়া হয়। জয় শ্রীরাম শুনলে দিদির অপমান লাগে। জয় শ্রীরাম আমাদের পরিবর্তনের প্রতীক ।● এই পরিবর্তন যাত্রাকে আপন করে নিন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে একটা সুযোগ দিন সোনার বাংলা গড়ে তোলার। পাঁচ বছরে সোনার বাংলা গড়ে দেব।

ফেব্রুয়ারি ১৮, ২০২১

ট্রেন্ডিং

দেশ

পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘূর্ণিঝড়ের জেরে বদলে গেল ট্রেনের সময়, বাতিল একাধিক এক্সপ্রেস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
টুকিটাকি

ডিজিটাল ডিটক্স আসলে কী? কিভাবে করবেন অভ্যাস? ফিরিয়ে আনুন নিজের জন্য সময়

ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত হাতে স্মার্টফোন! সোশ্যাল মিডিয়া, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে নিজের সময়। মানসিক চাপ কমাতে ও মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ডিজিটাল ডিটক্স।সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ মোবাইল দেখা। সারাদিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা ভিডিও দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন হাতছাড়া হয় না। অজান্তেই স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এই অভ্যাস থেকে সাময়িক বিরতি নেওয়ার নামই ডিজিটাল ডিটক্স।ডিজিটাল ডিটক্স আসলে কী?ডিজিটাল ডিটক্স হল নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা। এর উদ্দেশ্য প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনে মনোযোগ বাড়ানো।সপ্তাহে একদিন ফোন থেকে দূরে থাকবেন কেন?দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে অনেকের ঘুমের সময় কমে যায়, মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অকারণে সোশ্যাল মিডিয়া দেখার অভ্যাস তৈরি হয়। সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে দূরে থাকলে নিজের পছন্দের কাজে সময় দেওয়া সম্ভব। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাগান করা কিংবা বাইরে হাঁটতে যাওয়াএমন অভ্যাস মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করতে পারে।কীভাবে শুরু করবেন ডিজিটাল ডিটক্স?১. সপ্তাহের একটি দিন বা নির্দিষ্ট কয়েক ঘণ্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন।২. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. খাওয়ার সময় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখুন।৪. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন সরিয়ে রাখার চেষ্টা করুন।৫. অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, শরীরচর্চা বা পছন্দের কোনও শখে মন দিন।মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। তাই প্রযুক্তি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং তার ব্যবহার নিয়ন্ত্রণ করাই ডিজিটাল ডিটক্সের আসল উদ্দেশ্য। সপ্তাহে একদিনের ছোট্ট বিরতিই আপনাকে নিজের জন্য কিছুটা সময় খুঁজে পেতে সাহায্য করতে পারে।

নভেম্বর ১৯, ২০২৬
নিবন্ধ

আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে অচেনা যুবকের সুরে মুগ্ধ বিশ্ব, কে ছিলেন তিনি?

সুরের সীমানা ভেঙে এক বিশ্বনাগরিক সলিল চৌধুরীলোকসুর, পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত আর মানুষের জীবনের কথায় যিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র সংগীতভুবনবাংলা তথা হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে সলিল চৌধুরী এমন এক নাম, যাঁকে কোনও একটি ভাষা, কোনও একটি ঘরানা কিংবা কোনও একটি সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। তিনি ছিলেন সুরকার, গীতিকার, গল্পকার, চিত্রনাট্যকার, কবি এবং এক অসাধারণ সংগীত-পরীক্ষক। তাঁর সুরে কখনও মিশেছে বাংলার মাটির গন্ধ, কখনও অসমের লোকসংগীত, আবার কখনও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জটিল অর্কেস্ট্রেশন।১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম। আজ তাঁর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে ফিরে দেখা যাক এমন এক শিল্পীকে, যাঁর সংগীতের ভাষা ছিল আন্তর্জাতিক, অথচ অনুভূতির শিকড় ছিল একেবারে মাটির কাছাকাছি।সংগীতের ভিত গড়ে উঠেছিল শৈশবেইসলিল চৌধুরীর সংগীতজীবনের সূচনা কোনও প্রথাগত সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে নয়, বরং পারিবারিক পরিবেশে। অসমের চা-বাগান অঞ্চলে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরীর সংগ্রহে ছিল ভারতীয় ও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের বহু রেকর্ড।ছোটবেলা থেকেই তিনি শুনতেন মোৎসার্ট, বিটোফেন, চাইকোভস্কি, শোপাঁর মতো বিশ্বখ্যাত সুরকারদের সৃষ্টি। অন্যদিকে চা-বাগানের শ্রমিকদের গান, অসমের লোকসংগীত এবং বাংলার গ্রামীণ সুরও তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।বাঁশি, হারমোনিয়াম, এসরাজ, বেহালা ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর ছিল স্বাভাবিক আকর্ষণ। বিশেষ করে সংগীতের কাঠামো বোঝার এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে একত্রে ব্যবহার করার অসাধারণ ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।পাশ্চাত্য সংগীতের সঙ্গে ভারতীয় সুরের মেলবন্ধনসলিল চৌধুরীর সংগীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের সুরকে একসূত্রে বাঁধার অসাধারণ দক্ষতা। তিনি পাশ্চাত্য সংগীতের অন্ধ অনুকরণ করেননি। বরং তার হারমনি, কাউন্টার মেলোডি, অর্কেস্ট্রেশন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারকে ভারতীয় সুরের আবহে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন, যা আগে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতে খুব একটা দেখা যায়নি।তাঁর সংগীতে মোৎসার্টের প্রভাব যেমন স্পষ্ট, তেমনই রয়েছে হাঙ্গেরীয় লোকসুর, রুশ সংগীত এবং লাতিন আমেরিকার ছন্দের অনুষঙ্গ।১৯৬১ সালের হিন্দি ছবি ছায়ার ইতনা না মুঝসে তু পেয়ার বাড়া গানটির কথাই ধরা যাক। মোৎসার্টের ৪০তম সিম্ফনির সুরের অনুপ্রেরণায় তৈরি এই গানটি ভারতীয় চলচ্চিত্র সংগীতে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের এক অনন্য উদাহরণ।আবার মধুমতীর দিল তড়প তড়প কে গানে শোনা যায় হাঙ্গেরীয় লোকসুরের প্রভাব। কাবুলিওয়ালার অ্যায় মেরে প্যারে ওয়তন গানে ফুটে উঠেছে এক ভিন্ন সাংগীতিক আবহ।তাঁর সংগীতে মূল সুরের পাশাপাশি অন্য বাদ্যযন্ত্রের চলমান সুরও সমান গুরুত্ব পেত। একে বলা হয় কাউন্টার মেলোডি। ফলে গান শুনতে শুনতে শ্রোতা যেন একাধিক সুরের আলাদা আলাদা গল্প আবিষ্কার করতে পারতেন। আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে এক বিস্ময়কর ঘটনাসলিল চৌধুরীর জীবনের একটি ঘটনা তাঁর অসাধারণ বহুমুখী সংগীতপ্রতিভার পরিচয় দেয়।১৯৫৮ সাল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরা এক ভারতীয় যুবক। দোকানের কর্মী ক্রিস্টিনা প্রথমে তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর ধারণা হয়েছিল, আর পাঁচজন কৌতূহলী ক্রেতার মতোই হয়তো এই যুবকও বাদ্যযন্ত্র দেখতে এসেছেন।যুবকটি দোকানে রাখা বিভিন্ন সেতার দেখলেন। কিন্তু কোনওটিই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত দোকানের অনেক উঁচু তাকে রাখা একটি অত্যন্ত দামি ও বিশেষ ধরনের সেতারের দিকে তাঁর নজর পড়ল। তিনি সেটি নামিয়ে বাজিয়ে দেখতে চাইলেন।প্রথমে কর্মী ক্রিস্টিনা আপত্তি জানালেও দোকানের মালিক ডেভিড বার্নার্ডের অনুমতিতে শেষ পর্যন্ত সেতারটি নামানো হল।যন্ত্রটির তারে সুর বাঁধতে বাঁধতে যুবকটি জানালেন, দোকানে যেটিকে বস সেতার বলা হচ্ছে, ভারতীয় সংগীতের পরিভাষায় সেটি সুরবাহার।এরপর শুরু হল তাঁর বাজনা।কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে এবং বাইরে মানুষের ভিড় জমে গেল। তাঁর বাজনায় মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সংগীতপ্রেমীরা। দোকানের মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এসে জানালেন, এমন অসাধারণ বাজনা তিনি আগে কেবল পণ্ডিত রবিশঙ্করের পরিবেশনায় শুনেছেন।তিনি যুবকটির পরিচয় জানতে চাইলেন। যুবকটি জানালেন, তিনি যন্ত্রটি কিনতে চান। কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে দোকানের মালিক সেটি তাঁকে উপহার দিতে চাইলেন।এখানেই শেষ নয়। দোকানের কর্মী ক্রিস্টিনা আবেগাপ্লুত হয়ে নিজের একটি ডলারের নোট এগিয়ে দিয়ে তাঁর অটোগ্রাফ চাইলেন। সেই নোটে সই করে নিজের নাম লিখে দিলেন যুবকটি।নামটি ছিল সলিল চৌধুরী।এই ঘটনার আরও একটি সুন্দর পরিণতি রয়েছে। সেই সুরবাহার পরবর্তীকালে তাঁর সংগীতসৃষ্টিতে ব্যবহৃত হয়। ১৯৫৮ সালে তৈরি হয় না যেয়ো না, রজনী এখনও বাকি....। সেই গানে ইন্টারলুডে বাজানো সেতারের সুর সেই সেতাররেই। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণও তৈরি হয়।একজন ভারতীয় সংগীতকারের প্রতিভা কীভাবে বিদেশের মাটিতেও মানুষকে মুগ্ধ করতে পারে, এই ঘটনাটি তারই এক স্মরণীয় উদাহরণ। গণসংগীত থেকে চলচ্চিত্রের রোমান্টিক সুরসলিল চৌধুরীর সংগীতজীবন শুধু চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে শুরু হয়নি। ১৯৪০-এর দশকে তিনি যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে। সেই সময় তাঁর কলম ও সুরে উঠে এসেছিল সাধারণ মানুষের বঞ্চনা, কৃষকের সংগ্রাম, দুর্ভিক্ষ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।হেই সামালো ধান হো, বিচারপতি তোমার বিচার করবে যারা, ঢেউ উঠছে কারা টুটছে এই গানগুলি শুধুমাত্র সংগীত ছিল না, ছিল সময়ের প্রতিবাদী ভাষা।১৯৫৩ সালে বিমল রায়ের দো বিঘা জমিন ছবির সংগীত পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা নতুন মাত্রা পায়। এরপর মধুমতী, কাবুলিওয়ালা, ছায়া, আনন্দ, মেরে আপনে, রজনীগন্ধা এবং ছোটি সি বাত-এর মতো ছবিতে তিনি সৃষ্টি করেছেন একের পর এক স্মরণীয় সুর।বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে তাঁর অসংখ্য আধুনিক বাংলা গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার, মহম্মদ রফি-সহ ভারতীয় সংগীতের বহু কিংবদন্তি শিল্পী। সুরের কোনও সীমানা হয় নাসলিল চৌধুরী ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সংগীত আজও জীবন্ত। বাংলা, হিন্দি, মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষার চলচ্চিত্রে তাঁর সৃষ্টির বিস্তার প্রমাণ করে, সংগীতের কোনও ভাষাগত সীমানা নেই।তাঁর কাছে সংগীত ছিল একদিকে মানুষের প্রতিবাদের হাতিয়ার, অন্যদিকে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশের মাধ্যম।তিনি দেখিয়েছিলেন, মোৎসার্টের সিম্ফনি, অসমের চা-বাগানের লোকসুর, বাংলার মাটির গান এবং ভারতীয় রাগসংগীত সবকিছুই একই সুরের সংসারে সহাবস্থান করতে পারে।তাই সলিল চৌধুরীকে শুধু একজন সুরকার বললে তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন এমন এক সংগীত-স্থপতি, যিনি ভারতীয় চলচ্চিত্রের সুরের ভাষাকে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।তাঁর সুরে সময় থেমে থাকে না, বরং প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসে।তথ্যসূত্র1. আনন্দবাজার পত্রিকা অটোগ্রাফ দিলেন ডলারের উপর2. Sangeet Natak Akademi Salil Chowdhury.3. ThePrint Salil Chowdhury: So much more than a Hindi-Bengali film music composer.4. The Tribune Dharti Kahe Pukar Ke

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ দুর্যোগের আশঙ্কা বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ নজরে রয়েছে পর্যটনকেন্দ্র পুরী। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল, শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গোপালপুরের আশপাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রকাশিত IMD-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পুরী-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে।এমন পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রসৈকতে না যাওয়ার এবং সমুদ্রে স্নান বা জলক্রীড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী ও গঞ্জাম জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় নিচু উপকূলবর্তী এলাকায় প্রায় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল বাড়ি, কাঁচা ঘর এবং সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সব মিলিয়ে শুক্রবার পুরী-সহ দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাতে পারে বলে পূর্বাভাস। তবে তার আগে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতি নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দীঘায় দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই বৃষ্টি, সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি-সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় আকাশের মুখ ভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি গোপালপুরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে সরাসরি দীঘায় আছড়ে পড়ার পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দীঘায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্র উত্তালও হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই দীঘা সৈকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দীঘার পর্যটন ও উপকূলবর্তী জনজীবনে সতর্কতার আবহ তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর সমুদ্রে ভয়াবহ ঢেউ, সৈকতে লাল পতাকা! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। গতকাল সকাল থেকেই পুরীতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। পরের দিন সকাল থেকে জগন্নাথধাম পুরীতে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা লাগানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।পর্যটকেরা যাতে কোনও ভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে না যান, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকতে সতর্ক রয়েছেন দমকলকর্মীরাও। যে কোনও জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাঁদের।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরী শহরের গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন এবং মন্দির পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।অন্য দিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার কাছে তালসারি থানা এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মাইক প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সচেতন করছেন প্রশাসনের কর্মীরা। মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরে যেতে এবং কোনও ভাবেই সমুদ্রে না নামতে বলা হচ্ছে।

নভেম্বর ১৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal