• ২৯ কার্তিক ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Dilip Ghosh

কলকাতা

শুভেন্দুর সঙ্গে মান-অভিমান চলছে তৃণমূলেরঃ দিলীপ

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের মোদির উপর ভরসা আছে। মোদি তো বাংলার লোক নন। আমরা সর্বভারতীয় পার্টি আমাদের সিস্টেম অনুযায়ী পার্টি চলে। বৃহস্পতিবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, যাদের নেতারা আজকে ভয় পাবলিকের সামনে যাচ্ছে না, তারাই একথা বলবে। তাদের কোন মুখ নেই। সব মুখে কালি লেগে গিয়েছে। তারা এ কথা বলবে বাংলার বিজেপি কর্মীরা লড়াই করছে বলে একশ কুড়িজন বিজেপি কর্মী প্রাণ দিয়েছেন। আজও আমি বর্ধমান যাচ্ছি একটা কেসের জামিন নিতে। আমরা লড়াই করছি তাতে তৃণমূলের দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই দেখতে আসবেন। আমাদের সারাদেশে পার্টি চলে। বাংলার বিজেপি সঙ্গে সারাদেশের বিজেপি আছে, বাংলায় পরিবর্তন হচ্ছে। আরও পড়ুন ঃ বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে শান্তি নষ্ট করার চেষ্টা চলছেঃ সুখেন্দুশেখর রায় এছাড়াও শুভেন্দু অধিকারীর মানভঞ্জনের প্রসঙ্গে টেনে দিলীপ ঘোষ বলেন, কে কাকে বোঝাবে এটা ওদের ঘরের ব্যাপার। মান অভিমান চলছে। আজকে কেন বোঝাতে হচ্ছে? পার্টির যারা বফাদার সৈনিক প্রাণ হাতে করে লড়াই করেছে তাদের মন বদলে যাচ্ছে, সাধারণ মানুষের ভাবনা চিন্তা বদলে যাচ্ছে। ধোঁকা দিয়ে বেশি দিন চলে না। এই রাজনীতি সারা ভারতে বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গে বন্ধ করে দেব। এদিন ছটপুজো প্রসঙ্গে দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এই সব জায়গাতেই ছটপুজো একটাই বড় উৎসব হিন্দি ভাষীদের। বহু মানুষ নিষ্ঠার সঙ্গে এই পুজো পালন করেন। এতদিন সরকারের ছট নিয়ে কোন চিন্তা ছিল না। কোর্ট যেহেতু রায় দিয়েছে সরোবরে ছট পুজো বন্ধ করা নিয়ে, তাই সরকার এই সব দেখাচ্ছে। আসলে হিন্দিভাষী ভোটের জন্য এই সব করছে। ছট পুজো যাঁরা করেন তাঁরা বহু বছর ধরে পূজো করে আসছেন। এতদিন সামাজিকভাবে লোকেরাই ব্যবস্থা করত। আজ সরকারের কেন মাথা ব্যথা হয়েছে? হিন্দি ভাষীদের ভোটের দরকার আছে। এতদিন হিন্দি ভাষীদের কথা মনে পড়েনি। এতদিন তাদেরকে বাইরের লোক বলে চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ঠেলার নাম বাবাজি ভোট বড় বালাই তার জন্যই এত কিছু করছেন। প্রসঙ্গত গতবছর ছট পূজাকে কেন্দ্র করে রবীন্দ্রসরোবরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গেও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, সরকার সফল নয় সব জায়গায়। সরকারের ধারণা থাকা উচিত কত মানুষ সেখানে আসেন। তাতে ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না আসে সেটা দেখা উচিত। এত বছর ধরে এই পরম্পরা আমরা করে আসছি। হঠাৎ করে বললে মানুষ এগুলো মেনে নেবে না বিকল্প ব্যবস্থা করতে হবে। ছট পূজাতো হবেই। সেটা ভালো করে ব্যবস্থা করা করার দায়িত্ব সরকারের। অন্যান্য জলাশয়কে পরিস্কার করে সেখানে ব্যবস্থা করা উচিত। আমরা চাই যাঁরা এই পুজো করেন তাঁরা যেন নিষ্ঠার সঙ্গে পুজো করতে পারেন।

নভেম্বর ১৯, ২০২০
দেশ

পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে হাত মেলাতে চান , তারা চলে আসুনঃ দিলীপ

পশ্চিমবাংলায় মহিলাদের ধর্ষণ হওয়ার পর তো এফআইআর নেওয়া হয় না। রোজ মহিলাদের দেহ উদ্ধার হচ্ছে। তার কোনও তদন্ত হয় না , বিচারও হয় না। বুধবার দিল্লিতে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গরু পাচার কাণ্ডে বিএসএফ আধিকারিক গ্রেফতার নিয়ে তিনি বলেন , মাথাগুলি ধরা পড়েছে , অনেক দূর অব্দি হাত যাবে। এক - দেড় মাসের মধ্যে আরও অনেক মাথা গ্রেফতার হয়েছে , তা দেখতে পাব। তিনি আরও বলেন , পুলিশ টিএমসি ক্যাডারের মতো কাজ করছে। তাদের দলের বিধায়ক খুনের ঘটনায় তো নিজের দলের লোকের হাত ছিল , তবুও বিজেপির এমপির বিরুদ্ধে কেস করেছে। আরও পড়ুন ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা মোদির যারা যারা পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে হাত মেলাতে চান , তারা চলে আসুন। আমি তো সিলিন্ডার নিয়ে বসে আছি , যারা আসতে চান , তারা চলে আসুন। তৃণমূলের প্রতি প্রতিদিনই বিভিন্ন নেতারা অনাস্থা প্রকাশ করছে। এর থেকে এটাই প্রমাণিত হচ্ছে , তৃণমূল রাজ্যে আর ক্ষমতায় আসবে না। বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন , বহিরাগত আবার কি? সর্বভারতীয় দলের নেতারা যে কোনও রাজ্যে আসতেই পারে। চিন থেকে এসছি নাকি আমরা! বাংলাদেশিদের তো স্বাগত জানান এবং আমাদের বহিরাগত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি তো গুজরাতের লোক , তিনি রাজ্যে আসবেন না ? প্রশ্ন তোলেন দিলীপবাবু।

নভেম্বর ১৮, ২০২০
কলকাতা

প্রতি মাসেই রাজ্যে অমিত শাহ ও জেপি নাড্ডাঃ দিলীপ

সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহ ঘুরিয়ে ফিরিয়ে প্রতি মাসেই আসবেন। বুধবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তী দিনক্ষণ কী হবে, তা এখনও জানাননি। তবে জেনে যাব আমরা। অন্যদিকে , বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ওঁরা কাঁধে কাঁধ মিলিয়ে আগেও একবার লড়াই করেছেন। কিন্তু মানুষ সঙ্গ দেয়নি। মানুষ পুরনো কাসুন্দি আর ঘাঁটবে না। বাংলার মানুষ নতুন বিকল্প খুঁজছে।আর বাংলার মানুষের নতুন বিকল্প ভারতীয় জনতা পার্টি। বিজেপির হাত ধরে উন্নয়ন হোক এটাই সাধারণ মানুষ চাইছে। আরও পড়ুন ঃ প্র্য়াত কবি অলোকরঞ্জন দাশগুপ্ত গত লোকসভায় জোট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আগে তাও ৩০-৩২ শতাংশ ভোট ছিল এখন সেটা ১৩ শতাংশে নেমে এসেছে। বাংলার মানুষ পিছনে তাকাতে রাজি নয়।বাংলার মানুষ সবাইকে সুযোগ দিয়েছেন, সবাই স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছেন। এবার বিজেপির পালা। বিজেপির কর্মসূচিতে ভিড় দেখেই তা বোঝা যাচ্ছে। দিলীপবাবু আরও জানান , দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে সংদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক আছে। এর আগে একাধিকবার বৈঠক বাতিল হয়েছে। তাছাড়াও শারীরিক অসুস্থতার কারণে যাওয়া হয়নি।

নভেম্বর ১৮, ২০২০
রাজনীতি

সংখ্যালঘুদের জন্য কিছু করেনি তৃণমূলঃ দিলীপ

মিম কি করবে আমাদের হাতে নেই। মুসলিম ভোট আমরা নিয়ন্ত্রণও করি না। এখনও মুসলিম ভোটাররা পশ্চিমবঙ্গে আমাদের ভোট দেননি। যদি এখানকার মুসলিম ভোটাররা তৃণমূল , কংগ্রেস , সিপিএমকে ভোট না দিয়ে অন্য দলকে ভোট দেয় , তাহলে বুঝতে হবে ওরা মুসলিমদের ধোঁকা দিয়েছে। তাদের জন্য কিছু করেননি।তাই তারা বিকল্প খুঁজছেন। বিজেপিকে বিকল্প মনে করছে ওরা। মঙ্গলবার এই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিরসা মুন্ডার মূর্তি প্রসঙ্গে তিনি বলেন, ওখানে একটা বিরসা মুন্ডার ছোট মূর্তি ছিল , জেলা প্রশাসন ওটাকে সরিয়ে দিয়ে নতুন মূর্তি লাগিয়েছে। আরও পড়ুন ঃ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ রিঙ্কু নস্করের তখন আদিবাসী ভাইয়েরা কোনও প্রতিবাদ করেননি কেন ? প্রতিবাদ করা উচিত ছিল। বিরসা মুন্ডাকে কেউ দেখেননি। অমিত শাহ যখন মালা দিয়েছেন , ওটা বিরসা মুন্ডার মূর্তি। তিনি আরও বলেন , বিজেপির আইটি সেল কুৎসা প্রচার করলে আদালতে যান তারা। দিলীপবাবু আরও বলেন , তৃণমূলে থাকবেন না বিজেপিতে যাবেন , তা স্পষ্ট করে বলুন শুভেন্দু অধিকারী।

নভেম্বর ১৭, ২০২০
রাজনীতি

একুশের লড়াইয়ে বাংলায় বিজেপির দায়িত্বে ৫ কেন্দ্রীয় নেতা

রাজ্যের ৫ সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হল ৫ কেন্দ্রীয় নেতাকে। মঙ্গলবার হেস্টিংসে দলের কার্যালয়ে কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির পশ্চিমবঙ্গের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাংগঠনিক নেতা বি এল সন্তোষ , কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ , মুকুল রায় , রাহুল সিনহা , অনুপম হাজরা প্রমুখ। মোট ৬ জন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে বৈঠকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দলের পাঁচ সাংগঠনিক জোনে রাজ্য নেতাদের উপরে পর্যবেক্ষক ও আহ্বায়কের দায়িত্ব থাকবেন পাঁচ কেন্দ্রীয় নেতা। ঠিক হল, মেদিনীপুর, হুগলি ও হাওড়া দেখবেন সুনীল দেওধর, রাঢ়বঙ্গ দেখবেন বিনোদ সনকার, কলকাতা দেখবেন দুষ্ম্যন্ত গৌতম, নবদ্বীপ দেখবেন বিনোদ তাওরে এবং উত্তরবঙ্গ দেখবেন হরিশ দ্বিবেদী। আরও পড়ুন ঃ এই দল আমার নয়, হতে পারে নাঃ মিহির গোস্বামী এই পাঁচটি জোনের নতুন দায়িত্বে আসা নেতারা আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জোনের জেলা নেতৃ্ত্বের সঙ্গে বৈঠকে বসে গোটা পরিস্থিতি বুঝে নেবেন। সেইমতো পরবর্তী পরিকল্পনা তৈ্রি হবে। বৈঠক শেষে অনুপম হাজরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন , প্রত্যেকটি বুথে সপ্তাহে একটা করে অন্তত কর্মসূচি যাতে হয় , সে বিষয়ে আলোচনা হয়েছে। যারা মান - অভিমান করে দলের থেকে দূরে সরে গিয়েছিলেন , তাদের সামনের সারিতে নিয়ে এসে লড়াইয়ের কথা বলা হয়েছে এদিনের বৈঠকে। এছাড়াও এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে কোথায় কোথায় দলের সাংগঠনিক দুর্বলতা আছে। সেখানে তা দ্রুত মেরামতের ব্যবস্থা করতেও বলা হয়েছে।

নভেম্বর ১৭, ২০২০
রাজনীতি

উত্তর ২৪ পরগণার সব আসন দখল করবঃ দিলীপ

বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনা জেলার সব আসন ছিনিয়ে নেব, কীভাবে রুখবেন ভাবুন। ফের রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো মঙ্গলবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপবাবু। সেখানে তিনি আরও বলেন , একুশে বাংলার দায়িত্ব পাবে বিজেপিই। জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন , বিজেপি ভোটের জন্য বাংলায় অস্ত্র আনছে। খাদ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, উনি নিজে যা যা করেছেন, এখন সে সবই বলছেন। লোক জানে কে কী করছে, হিসেব হবে একুশ সালে। আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি। তাঁদের সিদ্ধান্তই ঠিক। সবার চরিত্র তাঁরা জানে। আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ওনারাও পরীক্ষা দিক। আরও পড়ুন ঃ মমতা সরকারের শাসন এবার শেষ হবেঃ অমিত মালব্য আবগারি দপ্তর থেকে কাটমানি আসে বিজেপির দপ্তরে! জ্যোতিপ্রয় মল্লিকের এই অভিযোগের পালটা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন বিজেপি সাংসদ। বলেন, যেমন নেত্রী, তেমন তাঁর চ্যালা! ওনার নেত্রী সেনাকে তোলাবাজ বলেছিলেন। যারা দেশের সেনাকে বিশ্বাস করে না, পুলিশে বিশ্বাস করে না। মানুষ তাঁদের বিশ্বাস করে না। হুমকির সুরে এদিন দিলীপ ঘোষ বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলার দুটো আসন বিজেপি ইতিমধ্যেই দখল করেছে। বাকি গুলোও করব। প্রাতঃভ্রমণ সেরে এদিন রুরির কাছে চা চক্রে যোগ দেন সাংসদ। আলোচনা করেন বাংলার রাজনীতি নিয়ে।

নভেম্বর ১৭, ২০২০
রাজনীতি

বাংলাকে গুজরাত হতে দিতে চাই নাঃ ফিরহাদ

বাংলা উত্তরপ্রদেশ, গুজরাতের মতো হলে ভয় হচ্ছে এনকাউনটারে ক্রিমিনালরা মারা যাবে। ইসরাত জাহানকে পুলিসের হাতে খুন হতে হয়েছিল। গুজরাতে দু হাজার মানুষ খুন হয়েছে। কিন্তু এ রাজ্যে ক্রিমিনালদের আদালতে পাঠানো হয়। সেই জন্য বাংলা কে গুজরাত হতে দিতে চাই না। সোমবার দিলীপ ঘোষের মন্তব্যের পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আরও পড়ুন ঃ একবার সুযোগ দিন , বাংলাকে গুজরাত বানিয়ে দেবঃ দিলীপ তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা , নজরুলের বাংলা , রামকৃষ্ণের বাংলা এবং অনেক মহাপুরুষের বাংলা। বাংলার মানুষ ঠিক করবে গুজরাতের মত দাঙ্গা বাংলায় ফিরে আসবে কি না ! ধর্মে ধর্মে ভেদাভেদ করে কখনও রাজ্যে উন্নয়ন হয় না, সেই জন্য দেশের জিডিপি বাংলাদেশের থেকে পিছনে চলে গেছে। দিলীপ ঘোষ গুজরাতে চলে যান, বিজেপি না থাকলে পৃথিবী শান্ত হবে।

নভেম্বর ১৬, ২০২০
রাজনীতি

একবার সুযোগ দিন , বাংলাকে গুজরাত বানিয়ে দেবঃ দিলীপ

জ্যোতিপ্রিয় কোথায় দাঁড়াবেন শুধু বলুন। যে কেন্দ্রেই দাঁড়াবেন, ওঁকে হারিয়ে দেব। ওঁকে আর মানুষ চায় না। সোমবার রাজ্যের খাদ্যমন্ত্রীকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বারাসতের কলোনি মোড়ে চা চক্রে যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, এক বার সুযোগ দিন। আমরা বাংলাকে গুজরাত বানাবো। যাতে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাতে না যেতে হয়। দিদিমনির পাপের বোঝা বাংলাকে বইতে হচ্ছে। আরও পড়ুন ঃ সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে বাংলাঃ দিলীপ তাঁর অভিযোগ , তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের কোনও পরিবর্তন হয়নি। যা কিছু হয়েছে শুধুমাত্র দিদির ভাই আর ভাইপোর হয়েছে। কেন্দ্র কৃষকের জন্য প্রকল্প নিয়েছে । সারা দেশের কৃষক সেই প্রকল্পের সুযোগ পাচ্ছে। বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এ রাজ্যের কৃষকরা। বাংলা জুড়ে দাঙ্গার রাজনীতি করছে তৃণমুল। বাদুড়িয়া, বসিরহাট,মালদহ,আসানসোল সর্বত্র দাঙ্গা হয়েছে এই তৃণমূলের শাসনে ৷ মুর্শিদাবাদে প্রচুর জঙ্গিও তৈরি হচ্ছে। রাজ্যে আল কায়দা ঘাঁটি গেড়েছে । আর এই সবই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায়। তিনি কিছুই করছেন না। এছাড়াও উদ্বাস্তু অধ্যুষিত উত্তর ২৪ পরগনা জেলায় দাঁড়িয়ে ফের নাগরিকত্ব আইনে সকলকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান তিনি। আমফানের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আবার কেন্দ্র টাকা দিয়েছে। সেটাও মানুষের কাছে আদৌ পৌঁছবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন , কেন্দ্রের পাঠানো টাকা যাতে মানুষের কাছে পৌছয় , তার জন্য কেন্দ্রীয় সরকারকে নজরদারি করতে হবে।

নভেম্বর ১৬, ২০২০
রাজনীতি

সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে বাংলাঃ দিলীপ

তৃণমূলে এখন মানভঞ্জনের পালা চলছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যন্যদিনের মতোই রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। গিয়েছিলেন সেন্ট্রাল পার্কে। এদিন দিলীপ ঘোষ বলেন, একুশের নির্বাচনে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। আমরা প্রস্তুত। বাকিরা এখনও ঘর সামলাচ্ছে। প্রাতঃভ্রমণ সেরে এদিন বরানগরে একটি চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়িতে টবিন রোডের ওই চা-চক্রে পৌঁছন তিনি তিনি। বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তারির প্রসঙ্গে বলেন, সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে বাংলা। বাংলার বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারি চলছে। এরপরই তাঁর ও দলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে তিনি সাফ জানান যে, ওসবে ভয় পায় না বিজেপি। গুরুত্বও দেয় না।

নভেম্বর ১৫, ২০২০
রাজ্য

 বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। প্রায় বছরখানেক আগে দিলীপের বিরুদ্ধে পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই তাঁর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। প্রসঙ্গত , গতবছর ৪ নভেম্বর বর্ধমানের রায়নার একটি সভায় দিলীপ ঘোষ বলেন, রাজ্যের পুলিশকর্মীরা আকন্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে। টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। প্রমোশনের জন্যও পুলিশকে টাকা দিতে হয়। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে। আরও পড়ুন ঃ মদের দোকানের চার কর্মীকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে খুন , ধৃত অভিযুক্ত বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের জেরে অভিযোগ দায়ের করেন রায়নার সেহারাবাজার ফাঁড়ির এক পুলিশকর্মী। এই অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মামলায় চার্জশিট পেশ করে পুলিশ। আদালতে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করে আদালত।

নভেম্বর ১৪, ২০২০
কলকাতা

শুভেন্দুর সঙ্গে আমাদের কোনও কথাবার্তা হয়নিঃ দিলীপ

ওদের পার্টির মধ্যে ভাঙা-গড়া চলছে। পরস্পরের মান ভঞ্জন চলছে। এটা ওদের সমস্যা। শুক্রবার মানিকতলায় শিবাজি সিংহ রায়ের উদ্যোগে হওয়া কালীপুজোর উদ্বোধন করে একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি এই প্রসঙ্গে বলেন , তবে এতে ওদের দলের কর্মীরা হতাশ। যে পার্টি ক্ষমতায় আছে তা আজ ভেঙে যাচ্ছে। শুভেন্দু বড় নেতা,মন্ত্রী তিনি কী করবেন সেটা ওনার ব্যাপার। সবাই বলছে, উনি বিজেপিতে আসছেন। কিন্তু আমার জানা নেই। পিকে এখন ড্যামেজ কন্ট্রোলার হয়েছে। পার্টি এখন আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে। আরও পড়ুন ঃ অফিস টাইমে ১০০ শতাংশ লোকাল ট্রেন চলবে , সিদ্ধান্ত রেল-রাজ্য বৈঠকে এরপর শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি সাংসদ বলেন, আমাদের সঙ্গে কোনও কথাবার্তা হয়নি। সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। অনেক মানুষ আসছেন, আসবেন। কেউ এলে আমরা নেব, আমাদের পার্টির যে কার্য পদ্ধতি আছে, আদর্শ আছে তা নিয়েই বাংলা পরিবর্তনের চেষ্টা করছি। কেউ যদি এই লড়াইয়ে শামিল হতে চায়। আমরা স্বাগত জানাব। বৃহস্পতিবার হামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন , পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। গতকাল আমার উপর আক্রমন করে ওরা বুঝিয়ে দিল প্রধানমন্ত্রী যা বলছেন তা ঠিক।

নভেম্বর ১৩, ২০২০
রাজনীতি

পাহাড়ের জনতা দরিদ্রই থেকে গিয়েছেঃ দিলীপ

পাহাড়ে বিনয় তামাং থাকবে , ডুয়ার্সে থাকবে বিমল গুরুং। জিটিএ হয়েছে , এর আগে অনেক কিছু হয়েছে। পাহাড়ের জনতার কি লাভ হয়েছে। তারা দরিদ্রই থেকে গিয়েছে। বৃহস্পতিবার জয়গাঁতে এক জনসভায় একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, নরেন্দ্র মোদি পাহাড়ের জন্য ভাবে। বিজেপিও পাহাড়ের জন্য ভাবে। দিলীপবাবু বলেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য টাকা দেয়, কিন্তু রাজ্যের কৃষকরা তা পায় না। দিদি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন , ততদিন কিছু পাওয়া যাবে ্না।চিকিৎসার জন্য বেঙ্গালুরু , চেন্নাই , ভেলোরে যেতে হয়। কারণ , এখানে চিকিৎসা ব্যবস্থাই নেই। এখানের যুবকদের চাকরির জন্য হয় শিলিগুড়ি যেতে হয় , নয়তো ভিন রাজ্যে যেতে হয়। তিনি আরও বলেন , এর আগে আমি পাহাড়ে গিয়েছিলাম। তখন আমার উপর হামলা হয়েছিল। আরও পড়ুন ঃ দিলীপ ঘোষের কনভয়ে হামলা , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে , এদিন দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে সারারাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি যুব মোর্চা। বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান বলেন, কিছু দুষ্কৃ্তী ও পুলিশ অফিসার মিলে দিলীপ ঘোষের কনভয়ের উপর এই হামলার ঘটনা ঘটিয়েছে। যেসব পুলিশকর্মী এই ঘটনার সঙ্গে যু্ক্ত , তাদের দ্রুত অপসারণের দাবি জানাব। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন , উনি কি করবেন , সেটা ওনার ব্যাপার।

নভেম্বর ১২, ২০২০
রাজনীতি

দিলীপ ঘোষের কনভয়ে হামলা , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্প্রমারির গাড়ির কাচও।অল্পের জন্য রেহাই পায় দিলীপ ঘোষের গাড়ি। ঘটনাটি ঘটেছে , ভারত-ভুটান সীমান্তে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়ার কাছে। অভিযোগ, সেখানে বিজেপি রাজ্য সভাপতির কনভয় লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। দিলীপ ঘোষকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এরপর কোনওক্রমে সভায় হাজির হন তিনি। আরও পড়ুন ঃ যারা মমতাদির হাত দুর্বল করছে , তারা বিজেপির হাত শক্ত করছেঃ ফিরহাদ জানা গিয়েছে , বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের দাবি, পঁচিশটি বাইক নিয়ে র্যালির অনুমতি নিয়েছিল বিজেপি। অনুমতি না থাকা সত্ত্বেও কমপক্ষে একশোটি বাইক নিয়ে র্যালি করার চেষ্টা করেন দিলীপ ঘোষ। দলসিংপাড়াতে ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এর জেরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেঁধে যায়। পুলিশের কর্ডন ভেঙে বেআইনিভাবে বাইক র্যালি চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এরপর জয়গাঁর মঙ্গলাবাড়িতে পৌঁছয় র্যালি। তারপরেই ঘটে এই ঘটনা। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এর প্রতিবাদ জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলা নেই , তা প্রতি মুহূর্তে প্রমাণিত হয়। এটা তৃণমূলের অবসাদের ফল। নির্বাচন কীভাবে হবে , তা নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন করার মতো পরিস্থিতি না থাকলে সরকারকে সরিয়ে দিতে হবে। নির্বাচন এগিয়ে এলে বিজেপি কর্মীরা আক্রান্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বিজেপি যুব মোর্চা সভাপতি সৌ্মিত্র খান বলেন, দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সারা বাংলা জুড়ে প্রতিবাদ জানানো হবে।

নভেম্বর ১২, ২০২০
রাজনীতি

শুভেন্দু তৃণমূলের মাথাব্যথাঃ দিলীপ

আগামী বছরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দল রাজ্যে কীভাবে চলবে , সে বিষয়ে আলোচনার জন্য বঙ্গ বিজেপি নেতৃ্ত্বকে দিল্লিতে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছিল। গেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ , মুকুল রায় , কৈ্লাস বিজয়বর্গীয়রা। পরবর্তী দু মাসে দল কি কি কর্মসূচি নেবে , তা ঠিক করার জন্য এদিনের বৈঠক ডাকা হয়েছিল। আগামী ২ মাসে কোনও বড় কর্মসূচি নেই। বরং আগামী ২ মাসে বুথভিত্তিক কর্মসূচির উপর জোর দেওয়া হবে। আরও পড়ুন ঃ তৃণমূল ছাড়ছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বৈঠক শেষে দিলীপ ঘোষ জানান , এটা সাংগঠনিক বৈঠক। আগে থেকেই এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। এখন থেকে মাঝেমধ্যেই এরকম বৈঠক হবে। কোভিডের কারণে সকলেই পিছিয়ে পড়েছিলাম। অমিত শাহ ঘুরে আসার পর সংগঠনের দোষ ত্রুটিগুলি দেখেছেন। সেই অনুযায়ী সংশোধন ও কর্মসূচি সাজানোর জন্য আর সময় নিতে চায়নি দিল্লি। তাই দ্রুত ডেকে পাঠানো হয়েছে। তবে এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এটা তৃণমূলের ব্যাপার। শুভেন্দু তাদের মাথাব্যথা।

নভেম্বর ০৯, ২০২০
রাজ্য

বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে পাঠিয়ে দেব , হুঁশিয়ারি দিলীপের

ফের কুকথা দিলীপ ঘোষের মুখে। রবিবার তিনি বলেন , বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে পাঠিয়ে দেব। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এই মন্তব্য করে বলেন , নির্বাচন করবে দাদার পুলিশ। কমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ। তিনি এদিন আরও বলেন, আলুর দাম বাড়ার কারণ কাটমানি। তৃণমূল নেতাদের কাটমানি দেওয়া ও নির্বাচনের ফান্ড গড়ে তোলার জন্যই আলুর দাম বাড়ানো হয়েছে। কারণ, আলু অন্য রাজ্য থেকে আনতে হয় না। আমাদের রাজ্যে যথেষ্ট ্পরিমাণে আলু উৎপাদন হয়। হিমঘরগুলিতেও প্রচুর আলু মজুত রয়েছে। পুরোহিত ভাতা থেকে আমফানের ত্রাণ, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা পায়নি, পেয়েছে শাসকদলের কিছু লোক। সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন, বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত। এরপরই আত্মবিশ্বাসী কন্ঠে দিলীপ ঘোষ বলেন, একুশে ২০০-র বেশি আসন পেলে বাংলায় সরকার গড়বে বিজেপি। দলত্যাগ প্রসঙ্গে বলেন, শাসকদলের কর্মীরা বিজেপিতে আসার ইচ্ছে প্রকাশ করছেন। কিন্তু বিজেপিতে যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আরও পড়ুন ঃ তপনে একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু অন্যদিকে , এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ওদের এখন বাঁধাকপির মত অবস্থা। পাতা ছাড়াতে ছাড়াতে কপি খুঁজে পাওয়া যাবে না। পার্টিতে দুজনেই থাকবেন। বাকি পার্টি উঠে যাবে। দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই। কেন্দ্রীয় সংস্থা কাজ শুরু করতেই চারিদিকে হইচই পড়েছে। কারণ, বাংলায় চলা গরু ও কয়লা পাচারের সঙ্গে রাজ্যের সরকারি পার্টির নেতাদের অধিকাংশই জড়িত। সেই জন্যই তল্লাশি শুরু হতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন। এতেই স্পষ্ট যে ক্ষমতায় রয়েছেন যাঁরা তাঁদের আসল চেহারা।

নভেম্বর ০৮, ২০২০
রাজ্য

রাষ্ট্রদ্রোহীদের হাত ধরে পাহাড়ে উঠতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ দিলীপ

রাজ্যের রাজ্যপালের পাহাড় সফর নিয়ে যাঁরা বিরোধিতা করছেন তাদের পাহাড়ে ওঠার হিম্মত নেই। তাই তাঁরা রাজ্যপালকে নিয়ে বিভিন্ন ভাবে সমালোচনা করছেন। মঙ্গলবার সকালে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপালের স্বপক্ষে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন , রাজ্যপালের পাহাড় সফর যুক্তি সম্মত। রাজ্যপালের পাহাড়ে যাওয়াতে পাহাড়ের মানুষ সাহস পাবে, উৎসাহিত হবে। একজন রাজ্যপাল তার দায়িত্ব কর্তব্যকে বজায় রেখে কাজ করছেন। আরও পড়ুন ঃ বিমল গুরং আইনের ঊর্ধ্বে নয়ঃ বিনয় উল্লেখ্য , পাহাড় ইস্যুতে বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে বিনয় তামাংয়ের। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন , যাঁরা রাষ্ট্রদ্রোহী যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ রয়েছে তাদের হাত ধরে মমতা ব্যানার্জী পাহাড়ে উঠতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক পাহাড়ে তৃণমুলের ঝান্ডা উড়বে না। এদিনের এই কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

নভেম্বর ০৩, ২০২০
কলকাতা

শুভেন্দু আসলে দরজা খোলা , জল্পনা বাড়িয়ে ইঙ্গিত দিলীপের

ওনারা ওকে বিজেপিতে পাঠিয়েই দেবেন? আমরা দরজা বড়ো করে খুলে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন আমরা দলে নেব। রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সুলঙগুড়িতে চা চক্রে গিয়ে শুভেন্দু অধিকারী ইস্যুতে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত , ববি হাকিম বলেছিলেন , শুভেন্দু অধিকারীকে নিয়ে গিয়ে বিজেপি তাদের রাজ্য সদর দফতর মুরলিধর সেন স্ট্রিটে বসাক। সেই কথার সূ্ত্র ধরেই এদিন এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে বিজেপি সুযোগ দেবে। আমার সঙ্গে অবশ্য কারও কোনো আলোচনা এখনও হয়নি। ববি-শুভেন্দুর বাকযুদ্ধ নিয়ে দিলীপ ঘোষ বলেন, সেটা ওদের পার্টির ভিতরে চলছে। আমার কিছু বলার নেই। তারাই মিটিয়ে নিক নিজেদের ব্যাপার। আরও পড়ুন ঃ আগুনে পুড়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর রেল প্রসঙ্গে তিনি বলেন , এই নিয়ে এতদিন বসেনি কেন ? কেন্দ্রীয় সরকার বারবার চিঠি লিখেছে। ওনাদের কানে জল ঢোকেনি। যখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে , পুলিশ লাঠি চালাচ্ছে। তখন এই সরকার নড়েচড়ে বসছে। এদের চামরা এত মোটা হয়ে গেছে। কানে তালা লেগে গেছে। মানুষের দুঃখ - কষ্ট শুনতে পায় না। যদি অন্যান্য রাজ্যে লোকাল ট্রেন চলতে পারে , এই রাজ্যে মেট্রো , টোটো , অটো , বাস , ট্রাম চলতে পারে। তাহলে লোকাল ট্রেন কেন চলবে না ? এই প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, জেদের জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।

নভেম্বর ০১, ২০২০
কলকাতা

৬ নভেম্বর কলকাতায় অমিত শাহঃ দিলীপ

আগামী ৫ ও ৬ নভেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের হিসেব অনুযায়ী ৫ টা জোনের মধ্যে একটা জোনের বৈঠক হয়ে গেছে। রাঢ়বঙ্গ ও মেদিনীপুর জোনের বৈঠক ৫ তারিখ বাঁকুড়া জেলায় হবে। বাঁকুড়াতে রবীন্দ্র ভবনে অথবা সপ্তর্ষি হোটেলে এই সভা হবে। ৬ তারিখ নবদ্বীপ ও কলকাতা জোনের বৈঠক কলকাতায় হবে। কলকাতার ইজেডসিসিতে এই বৈঠক হবে। আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই বৈঠক হবে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন। শনিবার ছিল বিজেপির সাংগঠনিক সভা। সেই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের আগামীদিনের কর্মসূচি বিস্তারিত জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ( সংগঠন) শিবপ্রকাশ , জাতীয় সম্পাদক অরবিন্দ মেনন সহ আরও অনেকে। আরও পড়ুন ঃ নিম্নচাপের জের , বিকেলে কলকাতায় হালকা বৃষ্টিপাত এদিন তিনি আরও বলেন , মল্লারপুরের ওই নাবালক যদি তৃণমূলেরই হয় , তাহলে তাকে মারার অধিকার পুলিশের আছে নাকি ? ওখানে তো মরে গেলে সব টিএমসি হয়ে যায়। কার দলের মারা গেছে তা গৌণ। সে তো নাবালক ছিল , কোনও দলের সদস্যই সে ছিল না। তাকে তুলে নিয়ে এসে পুলিশ লক আপে মেরে ফেলা হল। সেটা নিয়ে আবার রাজনীতি খোঁজা হচ্ছে। তার মৃত্যুটা নিঃসন্দেহে খুব মর্মান্তিক। এটা আইনশৃঙ্খলাহীনতা।পুলিশ যে কি নির্মম হয়ে গেছে , কেবল রাজনৈ্তিক দলের কথা বলছে।তারপর তার পরিবারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বলানো হচ্ছে, আমরা টিএমসি করি। তাতে কি সাতখুন মাফ হয়ে গেল ? প্রশাসনের উদ্দেশে এমনই প্রশ্ন তোলে্ন তিনি। বিমল গুরুং প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির সঙ্গে সম্পর্ক নেই , উনি ঘোষণা করেছেন। আমরা কাউকে তাড়াইনি। এবার তাদের ওখানে জমি দখলের লড়াই হচ্ছে। সেটা ওনারা বুঝে নেবেন।

অক্টোবর ৩১, ২০২০
কলকাতা

নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য দাম বেড়েছে আলু- পিঁয়াজেরঃ দিলীপ

আলু-পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার প্রাতঃভ্রমণে ইকো পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন , এই সময় এমনিতেই শাকসবজি, ফলের দাম বাড়ে ৷ বাজারকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখানকার সরকারের ৷ ইচ্ছাকৃতভাবে পুজোকে কেন্দ্র করে কিছু লোক লুটপাট করে ৷ কিন্তু এখনও আমরা সেরকম দেখিনি ৷ আলু ও পিঁয়াজের দাম বেড়ে গেছে ৷ নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে ৷ সরকারের সতর্ক হওয়া উচিত ৷ মানুষ এমনিতেই কষ্টের মধ্যে আছেন ৷ এরপরে মানুষের বিক্ষোভ আরও বাড়বে ৷ পিঁয়াজের দাম বাড়া নিয়ে তিনি বলেন, পিঁয়াজ নাসিক থেকে আসে ৷ তাই পিঁয়াজের দাম বাড়ার একটা কারণ আছে ৷ হতে পারে ফসল কম হয়েছে, নষ্ট হয়েছে ৷ কিন্তু আলুর দাম কেন বাড়বে ? আলু তো তারকেশ্বর থেকে আসে ৷ পশ্চিমবঙ্গে আলু চাষ হয় ৷ এখনও হিমঘরে প্রচুর আলু আছে ৷ শেষে ফেলে দিতে হবে ৷ কিন্তু বার করে বাজারে কেন আনা হচ্ছে না ? সব ফড়েদের হাত চলে গেছে ৷ এখানকার সরকারের কোনও কিছুতে কন্ট্রোল নেই ৷ তাই অসঙ্গতি দেখা যাচ্ছে ৷ আরও পড়ুন ঃ পুলিশের মাধ্যমে শাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ ধনকড় এদিন শোভন-বৈশাখী প্রশ্ন করা হলে সাংসদ বলেন, শোভন ও বৈশাখি দুজনেই রাজনীতি সচেতন মানুষ ৷ ওঁরা কখন কী করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন ৷ ওঁরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে ৷ মুখ্যমন্ত্রীকে শোভন ও বৈশাখির শাড়ি পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গেই থাকে ৷ আমিও অসুস্থ ছিলাম ৷ মুখ্যমন্ত্রী আমায় ফোন করেছিলেন ৷ সৌজন্যবোধ, সামাজিক সম্পর্ক থাকতেই পারে ৷ এতে মনে হয় না চিন্তার কিছু কারণ আছে ৷

অক্টোবর ৩০, ২০২০
রাজনীতি

ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হবে : দিলীপ

করোনামুক্তির পর প্রথম চা চক্রের আসর। এবার সেই আসর জমিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে চা চক্রের আয়োজন করা হয়। এ রাজ্যে ক্ষমতায় এলে সব রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দিলেন বিজেপি রাজ্য সভাপতি। এপ্রসঙ্গে তিনি বলেন, নিজের দলের কর্মীদের নিজেরাই হত্যা করে সিপিএম যেমন ভাবাবেগের রাজনীতি করত, ঠিক তেমনি তৃণমূল নিজের দলে কর্মীদের নামেও মামলা করে রেখেছে, যাতে ভয়ে কেউ দল ছাড়তে না পারে। আমি তাই বলেছি এ ধরণের যত প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক মিথ্যে মামলা আছে, তা যে দলেরই হোক, তাকে আমরা মুক্তি দেব। আরও পড়ুন ঃ নভেম্বরে ফের রাজ্যে জেপি নাড্ডা এদিন প্রিয় নেতাকে রীতিমতো ব্যান্ড-পার্টি বাজিয়ে জ্যাংড়ায় চা চক্রের আসরে নিয়ে যান দলের কর্মীরা। মাথায় পাগড়ি বেঁধে চা চক্রের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত , করোনায় কাবু হয়ে দিন কয়েক নিভৃতে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল থেকে ফিরেও কয়েকদিন বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি।

অক্টোবর ২৯, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

পিছিয়ে পড়েও বাজিমাত! পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ফুটবলের মহারণে ফের পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফের খেতাব নিজেদের দখলে রাখল ব্লু টাইগার্স। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাকিস্তান। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্ডেজকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। ফলে বাকি সময় দশ জনে খেলতে বাধ্য হয় পাকিস্তান।এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখার ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। খেলার শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে ৮৮ মিনিটে সন্দীপ নন্দীর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। ২-১ গোলে এগিয়ে যায় ভারত।শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে দশমবারের মতো শিরোপা জিতল ভারত। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা

রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ের ‘মহেন্দ্রক্ষণ’! আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ইনিংসে ক্যাপ্টেন কুল

শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন কুল।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন থালা।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাঁরা এখানে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর চড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম রুহুলশেখ এবং মনিরুল শেখ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর ১৭, ২০২৬
রাজনীতি

২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনঃ আসন ভাগাভাগি নিয়ে সপা-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শিবপাল সিং প্যাটেল। তাঁর স্পষ্ট বক্তব্য, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। তাঁর মতে, ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে কংগ্রেসের সমঝোতা করা উচিত।কংগ্রেসের দাবি নিয়ে প্রশ্ন তুললেন সপা সাংসদ শিবপাল সিং প্যাটেল। সপা সাংসদ বলেন, কংগ্রেস ১৮১টি আসনের দাবি জানালেও এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। দলটি শুধুমাত্র তাদের দাবির তালিকা জমা দিয়েছে। আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। প্যাটেলের মতে, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে সমঝোতা করে নেওয়া উচিত কংগ্রেসের।উত্তরপ্রদেশে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ২ জন বিধায়কয। তাহলে এত আসনের দাবি উঠছে কেন? এই নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের আসন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিবপাল সিং প্যাটেল বলেন, উত্তরপ্রদেশ বিধানসভায় বর্তমানে কংগ্রেসের মাত্র দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির অবস্থান অনেকটাই শক্তিশালী। তিনি বলেন, কংগ্রেসের বর্তমান রাজনৈতিক শক্তির নিরিখে ৫০টি আসন পাওয়ার অধিকারও তাদের নেই। সেখানে ১৮১টি আসনের দাবি করা কোনওভাবেই যুক্তিসংগত নয়। তাঁর আরও বক্তব্য, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দিলে নির্বাচনে দলের সম্পদের অপচয় হতে পারে।এমন আসন বন্টন হলে সপা কর্মীদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে, বলছে সপা নেতৃত্ব। শিবপাল সিং প্যাটেল বলেন, আসন বণ্টনের সময় দলের তৃণমূল স্তরের কর্মীদের পরিশ্রমকেও গুরুত্ব দিতে হবে। সমাজবাদী পার্টির কর্মীরা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু (PDA) সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পঞ্চায়েত ও তৃণমূল স্তরে ধারাবাহিকভাবে কাজ করে গোটা রাজ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর মতে, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দেওয়া হলে সমাজবাদী পার্টির কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ অখিলেশ যাদবের নেতৃত্ব এবং তাঁর জনকল্যাণমূলক প্রকল্পগুলির পাশে রয়েছেন।১৭ নভেম্বর সপা-কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুই দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য ১৭ নভেম্বর প্রবীণ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই আসন সংখ্যা এবং জোটের চূড়ান্ত সমীকরণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। অখিলেশ বার্তা দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে মিলেই নির্বাচনে লড়ব। এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দুই দল একসঙ্গেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে।দুই দলের মূল লক্ষ্য হল রাজ্যের শাসক দল বিজেপিকে পরাজিত করা। আসন দাবি নিয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও জোট বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জোটের বৃহত্তম শরিক দল। ফলে আগামী আলোচনায় আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে পারে সপা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট ৪৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছিল। এই সাফল্য দুই দলের জোটকে আরও শক্তিশালী করেছিল।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু জয় পেয়েছিল মাত্র ২টি আসনে। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টি আসনে জয়লাভ করেছিল। ২০১৭ সালে সপা পেয়েছিল ৪৭টি আসন।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

যাত্রা দেখতে গিয়ে ভয়াবহ ঘটনা! পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত মাজরামুড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করার কথা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রার অনুষ্ঠান ছিল। এক পরিচিতের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে তিন যুবক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় ওই কিশোরী।এর পর সোমবার নির্যাতিতার বাবা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে তিন জনকে আটক করা হয়। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম সুদীপ মাণ্ডি, রাজেশ মাণ্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন। তাঁরা প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সুদীপ মাণ্ডির সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ইতিমধ্যেই নির্যাতিতার চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে।নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে পুলিশের উপর। পুরুলিয়ার এই ঘটনার ক্ষেত্রেও তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’! বুধবার থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা, শীতেও বাধা?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগমনও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। এর আগে অর্ণব ও মুরাসু-র পর এ বার নজর কাড়ছে ঘূর্ণিঝড় আকভান। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা নেই। আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।তবে আপাতত মৎস্যজীবীদের জন্য বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।আকভান নামটি দিয়েছে ইরান। শব্দটির অর্থ অশুভ শক্তি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ফলে শীতের অপেক্ষায় থাকা বাংলার মানুষের কাছে আগামী কয়েক দিন আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মোথাবাড়ি কাণ্ডে ফের বড় পদক্ষেপ এনআইএ-র! এবার তলব সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে

মোথাবাড়ি-কাণ্ডে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আবারও তলব করল এনআইএ। শুধু সাবিনা নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন একদল মানুষের অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে মোথাবাড়ির বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষজন। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে হেনস্তার ঘটনায় তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে।এই ঘটনার তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেদিন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি সেখানে যাননি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।এ বার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনের বক্তব্য জানতে চায় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে তাঁদের কী ভূমিকা বা কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

নভেম্বর ১৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal