• ২১ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Campaign

রাজনীতি

নির্বাচনী প্রচারে বেরিয়ে আলিঙ্গন, করমর্দন করলেই জেল হতে পারে প্রার্থীর!

প্রচারে বেরিয়ে চুটিয়ে জনসংযোগ। মায়ের কোল থেকে ফুটফুটে শিশুকে কোলে তুলে নিয়ে গালে আদরের চুম্বন। উৎসাহী সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে সেলফি। রোড-শোয়ে গাড়ি থেকে ঝুঁকে ঝুঁকে জনতার সঙ্গে হাত মেলানো। কত কাছের লোক, ভোটারদের তা বোঝাতে প্রার্থীরা চেষ্টায় একতিল ফাঁক রাখতে নারাজ। কিন্তু করোনা অতিমারির আবহে এহেন শারীরিক নৈকট্য রাজনৈতিক কেরিয়ারে কার্যত দাঁড়ি টেনে দিতে পারে। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিতেই সেকথা স্মরণ করিয়ে ফের এমনই কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশ অমান্য করলে মহামারী আইনের ৫১ থেকে ৬০ নম্বর ধারায় সংশ্লিষ্ট ব্যক্তি বা খোদ প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মহামারী আইনের ওই ধারায় বিধিভঙ্গের শাস্তি হিসাবে দুই বছর পর্যন্ত কারাবাস ও সঙ্গে মোটা জরিমানার বিধান রয়েছে। কমিশনের হুঁশিয়ারি, সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি রয়েছে। যাতে এই ধরনের শারীরিক সংস্পর্শে অনুমোদন নেই। তা সত্ত্বেও রাজ্যের একাধিক জায়গায় প্রার্থীদের গাছাড়া মনোভাব দেখা যাচ্ছে। প্রার্থীরা এই ধরনের হঠকারী অচরণ করতে থাকলে প্রার্থীপদ তো দূরে থাক শেষপর্যন্ত তাদের ঠাঁই হতে পারে শ্রীঘরে। সঙ্গে খসতে পারে গাঁটের কড়িও।ইতিমধ্যেই এব্যাপারে জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকদের কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীদের কোভিড বিধি পালনের সমস্ত নির্দেশিকা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করে দিতে বলা হয়েছে। প্রার্থীদের ক্ষেত্রে ঠিক কী কী বিধিনিষেধ রয়েছে নির্দেশনামায়? নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা পাঁচ জনের বেশি সদস্য-সমর্থক সঙ্গে রাখতে পারবেন না। প্রচারে বেরিয়ে বাধ্যতামূলকভাবে মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। অতিমারি সংক্রান্ত দূরত্ব বিধি মানতে হবে। একইরকমভাবে রোড শোয়ের ক্ষেত্রেও বিধি নিষেধ রয়েছে। নিরাপত্তারক্ষীর গাড়ি বাদে রোড-শোয় পাঁচের বেশি গাড়ি একসঙ্গে ব্যবহার করা যাবে না। এবং এই পাঁচ গাড়ির একটি কনভয়ের সঙ্গে পরেরটির দূরত্ব থাকতে হবে কমপক্ষে আধ ঘণ্টার। এছাড়াও রাজনৈতিক দলগুলোকে জনসভার অনুমতি প্রদানের ক্ষেত্রে জেলাশাসকদের আরও সতর্ক হতে বলেছে কমিশন। প্রবেশ ও প্রস্থান পথ রয়েছে শুধুমাত্র এমন ময়দানকেই জনসভার অনুমতি দেওয়া যাবে। ময়দানগুলো আগে থেকে চিহ্নিত করতে হবে। একাজে সংশ্লিষ্ট জেলার কোভিড নোডাল অফিসারকে যুক্ত করতে হবে। পাশাপাশি জমায়েত কখনওই যাতে নির্ধারিত মাত্রা না ছাড়ায় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

মার্চ ২৪, ২০২১
রাজনীতি

বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি, মৃত্যু এক কর্মীর

বিজেপির উত্তরকন্যা অভিযানে পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি কর্মীর মৃত্যু্র অভিযোগ উঠল। মৃত বিজেপি কর্মীর নাম উলেন রায়। বয়স ৫০ বছর। বাড়ি গজলডোবায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমাদের কর্মী উলেন রায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। খবর পাওয়া গেছে, সেখানে তিনি মারা গেছেন। আমাদের বহু কর্মী আহত হয়েছেন। কয়েকজন রাস্তায় আছেন। আর কয়েকজন হাসপাতালে পাঠানো হয়েছে। তৃণমূল খুনের রাজনীতি শুরু করেছে। সিপিএম খুনের রাজনীতি করে বিদায় নিয়েছে। তৃণমূলকেও একইভাবে বিদায় নিতে হবে। উলেন রায়ের মৃত্যু্র পর হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সেখানে মৃতের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। পরিবারের লোকেরা দাবি করেন, পুলিশের লাঠির ঘায়ে বিজেপই কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে বিজেপির রাজ্য সম্পাদক দীপেন প্রামানিক অভিযোগ করেন উত্তরকন্যার দিকে এগোনোর সময় বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। লাঠির আঘাতে তাঁদের বেশ কয়েকজন ঘায়েল হন। এঁদের মধ্যে মহিলা কর্মীরাও রয়েছেন। গুরুতর জখম উলেন রায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান তিনি। রাজ্য সরকারের তরফ থেকে অবশ্য মন্ত্রী গৌতম দেব বলেছেন, এই অভিযানে কারও মৃত্যু হয়নি। পুলিশের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। পুলিশের তরফ থেকে অবশ্য দাবি করা হয়েছে, কোনওরকম গুলি চালানো হয়নি। আরও পড়ুন ঃ ভোটের আগে ব্ল্যাকমেলিং, বার্গেনিং করার চেষ্টা করে তৃণমূলকে জব্দ করতে পারবেন নাঃ মমতা অন্যদিকে, বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই তিনবাত্তি মোড়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমে পড়ে বিশাল পুলিশ বাহিনী। সোমবার বেলা একটু বাড়তেই বিজেপি কর্মী, সমর্থকরা জড়ো হন উত্তরকন্যা অভিযানে অংশ নেয়। শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। বাকি দুটি মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। বেলা ২ টো নাগাদ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে আচমকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন যুব মোর্চার কর্মীরা। পুলিশ-বিজেপি কর্মী ধস্তাধস্তিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তিনবাত্তি মোড়ের কাছে রাস্তায় বসে পড়েন যুব মোর্চার কর্মীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশের তরফে ঘোষণা করা হয়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। বিজেপির এই জমায়েতকে অবৈধ বলে ঘোষণা করা হয়। জমায়েতকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিজেপির যুব মোর্চা। অভিযোগ উঠেছে, বিজেপির মিছিল আটকাতে তিনবাত্তি মোড়ে যে ব্যারিকেড দেওয়া হয়েছে তাতে ব্যবহার করা হয়েছে মোবিল ও গ্রিজ। আন্দোলনকারীরা যাতে এই ব্যারিকেড টপকাতে না পারে সেই জন্য এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। আর কেমিক্যালের এই ব্যবহার নিয়েই উঠেছে প্রশ্ন। সবমিলিয়ে এলাকায় দুই-তরফে খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের তরফে কাঁদানে গ্যাস, জলকামান, লাঠিচার্জ ব্যবহার করা হয়। পাল্টা ঢিল, লাঠি দিয়ে পুলিশের উপর আক্রমণ করে বিজেপিরও। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইতিমধ্যেই পুলিসের বহু আধিকারিক আক্রান্ত হয়েছেন। জখম হয়েছেন বিজেপির নেতা- কর্মীরাও। কাঁদানে গ্যাসের জেরে অসুস্থ বোধ করতে থাকেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত হন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা রায়ও।

ডিসেম্বর ০৭, ২০২০
রাজ্য

উত্তরকন্যা অভিযান শুরুর আগেই পুলিশি বাধার মুখে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু

উত্তরকন্যা অভিযান শুরুর আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সম্পাদক সায়ন্তন বসু পড়লেন পুলিশি বাধার মুখে। যা নিয়ে উত্তেজনা ছড়াল ফুলবাড়ি মোড়ে। সোমবার বেলা একটু বাড়তেই বিজেপি কর্মী, সমর্থকরা জড়ো হন উত্তরকন্যা অভিযানে অংশ নিতে। শিলিগুড়ির ফুলবাড়ি মোড় থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। উত্তরকন্যার দিকে মিছিল সামান্য এগোতেই সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধার মুখে পড়েন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাও। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে অবশ্য দুজনকে ছেড়ে দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, আমি স্টেশন থেকে নেমে গেস্ট হাউজে যাব, সেটাও পর্যন্ত যেতে পারছি না। আধঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। জানি না, কী ধরনের গণতন্ত্রের পরিবেশ এখানে আছে। স্বৈরাচারী শাসন! পুরো শহরকে ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। বাইরে থেকে লোককে ঢুকতে, বেরতে দেওয়া হচ্ছে না। আমাদের সাংসদ জন বার্লাকেও আটকে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী মনোভাব নিয়ে পশ্চিমবাংলায় এই সরকার কতদিন টিকে থাকতে পারবে জানি না। আরও পড়ুন ঃ কৃষকদের ডাকা ভারত বনধকে নৈতিক সমর্থন মমতার তাঁর আগে গাড়িতে বসেই বিমল গুরুং প্রসঙ্গে রাজ্য সরকারের প্রতি তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, যে লোকটাকে এতদিন দেশদ্রোহী বলা হত, গতকাল তাঁকে পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে এসে জনসভা করা হল। আর আমরা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তারজন্য আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে উত্তরকন্যাকে একেবারে ঘিরে ফেলা হয়েছে। লোহার ব্যারিকেড, গার্ডওয়াল, জলকামান সব নিয়ে বিজেপি যুব মোর্চার অভিযান রুখতে প্রস্তুত পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়ি থেকে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে মিছিল এগোতে চাইলেও পুলিশের বাধার মুখে পড়ে। মমতা সরকারের আমলে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, এই অভিযোগে উন্নয়নের দাবি তুলে এদিনের অভিযানে নেমেছে বিজেপি যুব মোর্চা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে কত টাকা দিয়েছে রাজ্য সরকার? শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি।

ডিসেম্বর ০৭, ২০২০
কলকাতা

নবান্ন অভিযানে জলকামানের রং নিয়ে অমিত শাহকে চিঠি লকেটের

নবান্ন অভিযানে বিজেপির সঙ্গে পুলিশ ভীষণই ন্যক্কারজনক ব্যবহার করেছে। সেদিন বিজেপির বিক্ষোভ প্রতিহত করতে পুলিশ যে জলকামান ব্যবহার করেছিল , তাতে রঙের ব্যবহার করা হয়েছিল। সেই রং গায়ে লাগার পর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। অনেক দলীয় সদস্যও সেদিন গায়ে রং লাগার জেরে অসুস্থ হয়ে পড়েন। বিরোধী দলের নেতা-কর্মীদের চিহ্নিত করতেই পুলিশ রাসায়নিককে হাতিয়ার হিসাবে প্রয়োগ করেছিল। বুধবার কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা একটি চিঠিতে রাজ্যের পুলিশ-প্রশাসনের বিষয়ে এভাবেই তোপ দাগলেন তিনি। শান্তিপূর্ণ মিছিলকে ছত্রভঙ্গ করতে এভাবে রং ছোঁড়া হল , এটা ভারতীয় রাজনীতিতে প্রথম। আরও পড়ুনঃ বাংলায় দুর্গোৎসব বন্ধ রাখা হোক, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা চিনে কমিউনিস্টরা যে প্রক্রিয়ায় বিরোধীদের আন্দোলন দমিয়ে দেন সেই প্রক্রিয়াতেই বিজেপির নবান্ন চলো অভিযান আটকানোর চেষ্টা করেছে মমতা সরকারের পুলিশ। এই রংয়ে কোনও ক্ষতিকারক রাসায়নিক ছিল বলে বিজেপি সাংসদ অভিযোগ করেছেন। আপনি যদি এই বিষয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেন, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। এছাড়াও এদিনের চিঠিতে মণীশ শুক্লা হত্যা ও বলবিন্দর সিংয়ের সঙ্গে হওয়া ঘটনারও প্রতিবাদ জানিয়ে কড়া সমালোচনা করেন বিজেপি সাংসদ।

অক্টোবর ১৪, ২০২০
কলকাতা

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল কলকাতা ও হাওড়া

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বিজেপির নবান্ন অভিযান শুরু হয়। শহরের বিভিন্ন অংশ থেকে মিছিল নবান্নের দিকে আসতে শুরু করে। মিছিলের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার হেস্টিংস ও সাঁতরাগাছি৷ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির। কাঁদাতে গ্যাসের শেল ফাটানো হয়। এছাড়াও মিছিল ছত্রভঙ্গ করতে জলকামানের মাধ্যমে রঙিন জল ব্যবহার করা হয়৷ এদিকে এদিন এই মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। সাঁতরাগাছিতে মিছিল থেকে পাল্টা পাথরও ছোঁড়া হয়। অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। হেস্টিংসে বহু বিজেপি কর্মী আহত হন৷ হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা৷ অপরদিকে হাওড়া ময়দান এলাকায় মিছিল লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। এখানেও অশান্ত হয়ে ওঠে এলাকা। একটি বহুতলের ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠছে।প্রসঙ্গত, এদিন সকালে সাঁতরাগাছি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় বিজেপির নবান্ন অভিযান। বাঁশের ব্যারিকেডের সামনে মিছিল এলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি নেতা-কর্মীরা। সামনে থাকেন রাজু। সেই সময় জলকামান থেকে রঙিন জল স্প্রে শুরু করে পুলিশ। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় রক্তবমি।পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের হাসপাতালে।এছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেতা তাপস ঘোষ। আহত হয়েছেন অরবিন্দ মেনন, সায়ন্তন বসু ও জ্যোতির্ময় মাহাতো। দিলীপ ঘোষে্র নেতৃত্বে একটি মিছিল হাওড়া ব্রিজে উঠতেই বাধা দেয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। দিলীপ ঘোষের অভিযোগ, তাঁর উপরও লাঠিচার্জ করা হয়। পড়ে যান তিনি। জখম হন বেশ কয়েকজন কর্মী। তাঁদের পাঠানো হয়েছে হাসপাতালে। অন্যদিকে পুলিশের কিয়স্ক ভাঙচুর চালানো হয় হাওড়া ময়দানে। বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানেও। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে হেস্টিংস মোড়ে দ্বিতীয় সেতুতে ওঠার মুখেই পুলিশের ব্যারিকেড। হেস্টিংসের মিছিলকে আটকায় পুলিশ। জলকামান থেকে জল ছেটানো হয়। লাঠি উচিয়ে মিছিলকে তাড়া করে পুলিশ। কৈলাশ বিজয়বর্গীয় এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, দুর্নীতিমুক্ত করতে পুরো রাজ্য সরকারের স্যানিটাইজেশন হোক। রাজ্য সরকার ঘাবড়ে গিয়েছে। বেহালা, ভবানীপুর, ডানকুনিতে বিজেপি কর্মীদের আটকেছে পুলিশ। লাঠিচার্জ করছে। তৃণমূল কার্যকর্তাদের মতো কাজ করছে পুলিশ। তৃণমূল সরকার ঘাবড়ে গিয়েছে। গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাওয়ের দাবিতে এই আন্দোলন চলবে।

অক্টোবর ০৮, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মৃত্যুর আগে বাবাকেও বলেছিলেন ‘তুমিও খুন হয়ে যেতে পারো’! চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

মৃত্যুর আগে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণ চিকিৎসক। কখনও সাহায্য চেয়েছিলেন, কখনও আবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। কালীপুজোর দিন নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ৩০ বছর বয়সি চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে র্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। এমনকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পরিবারের।অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। ২০২৪ সালে সেখান থেকেই এমবিবিএস পাশ করেন তিনি। পরে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে স্নাতকোত্তর চিকিৎসা পাঠে ভর্তির জন্য নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে মৃত্যুর আগে তাঁর ফেসবুক প্রোফাইলে করা একাধিক পোস্ট এখন তদন্তকারীদের নজরে এসেছে। ওই পোস্টগুলিতে বারবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে সাহায্য চেয়ে তাঁকে বাঁচতে সাহায্য করার আবেদন জানান। অন্য একটি পোস্টে নিজের চারপাশে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এই পোস্টগুলি কেন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিজিতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করে তাঁকে খুনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি মুছে ফেলার জন্যও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।অভিজিতের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহ, এর পিছনে পরিকল্পিত অপরাধ থাকতে পারে। হস্টেলের কয়েক জন আবাসিক এবং স্থানীয় বাসিন্দার একাংশের দাবি, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে বাঁচার জন্য চিৎকার শোনা গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে পরিবারের তরফে এখনও নির্দিষ্ট করে কারও নাম জানানো হয়নি।পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকারের অভিযোগ, তাঁর ছেলে হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। এমনকি তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেন্দ্র জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় অভিজিৎ তাঁকে সতর্ক থাকতে বলেছিল। এমনকি বাবাকে বলেছিল, তুমিও খুন হয়ে যেতে পারো।নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন অভিজিৎ। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল জানান, অভিজিৎ তাঁর ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।ডাক্তারি পাশ করার পর মাঝেমধ্যে বাড়িতে এলেও বেশির ভাগ সময় নিজের ঘরে মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়াশোনা করত অভিজিৎ। এমন এক মেধাবী তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।র্যাগিংয়ের অভিযোগ, মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের তোলা খুনের আশঙ্কাসব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিজিতের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

দিঘায় পর্যটকদের জন্য একগুচ্ছ চমক! হোম স্টে করলেই মিলবে ৫ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলা হবে। পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতরকে সঙ্গে নিয়ে এই কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।শুধু দিঘা নয়, আশপাশের একাধিক এলাকাকেও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়ার মতো এলাকাকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, এমন পর্যটনকেন্দ্র তৈরি করা, যেখানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষও কম খরচে ঘুরতে যেতে পারবেন।মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর এবং আশপাশের উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করা হবে। এই এলাকাগুলিতে যাঁরা হোম স্টে তৈরি করতে চান, তাঁদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। নতুন দোকান, হোটেল বা লজ তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দিঘার হারিয়ে যাওয়া ঝাউবন ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত জুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করছে সরকার।দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের কাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে আবেদন করতে পারবেন। হোটেল, লজ বা হোম স্টে তৈরির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। হোম স্টে তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরনো স্নেক পার্ক আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য সরকারি উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালুর কথাও ভাবছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের ব্যবস্থা করতে তৈরি করা হবে সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের জন্য চার্জ দেওয়ার পরিকাঠামো।অন্যদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি দুর্যোগ মোকাবিলা শাখা তৈরির পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে দিঘা ও আশপাশের উপকূলবর্তী এলাকাকে নতুন করে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী দিনে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

পেট্রল পাম্পের উল্টো দিকের বাড়িতে দাউদাউ আগুন! বেলেঘাটায় আতঙ্ক, ছুটে এল দমকলের চার ইঞ্জিন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্য অংশেও। আগুনের গ্রাসে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়ির ভিতরে থাকা সকলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকা। কারণ, বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পেট্রল পাম্প। পাশেই রয়েছে কালীপুজোর মণ্ডপ। শুধু তা-ই নয়, বাড়িটির নীচে রয়েছে একাধিক দোকান। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আতশবাজির ফুলকি এসে বাড়িতে পড়েছিল। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।অন্য দিকে, কাঁথিতেও কালীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁথির সিএস মাঠে যাওয়ার রাস্তার ধারে একটি বাইকের শোরুমের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় একাধিক নতুন বাইক। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।কাঁথির গোডাউনে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেলেঘাটা এবং কাঁথিদুই জায়গার অগ্নিকাণ্ডের কারণই খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

১০৩ বছরের পুজোয় বড় চমক! বড়মার সাজে নতুন কী সংযোজন, দেখতে ভিড় নৈহাটিতে

হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। গলায় নতুন সীতা হার। তার সঙ্গে সোনা ও রুপোর নানা গয়নায় সেজে উঠেছেন নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় এ বার দেবীর সাজে যুক্ত হয়েছে এই দুই নতুন অলঙ্কার। রবিবার বিকেলে নতুন সাজে ভক্তদের দর্শন দিয়েছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১১০ কেজি গয়নায় সেজেছেন দেবী। নতুন সাজ দেখতে সকাল থেকেই নৈহাটিতে ভক্তদের ঢল নেমেছে।নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার দর্শনের জন্য রবিবার ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। অনেকে মানত পূরণ করতে দণ্ডিও কাটেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় নজরদারিও চালানো হয়।এ বার বড়মার সাজে বিশেষ আকর্ষণ হিরে, চুনি ও পান্না বসানো নতুন টিপ এবং সীতা হার। এ ছাড়াও দেবীর গলায় ও শরীরে রয়েছে নানা সোনার ও রুপোর অলঙ্কার। রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর।পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দানেই প্রতি বছর বড়মার গয়নার সম্ভার বাড়ছে। এ বারও ভক্তদের দেওয়া উপহার হিসেবে এসেছে নতুন সীতা হার এবং হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। বিসর্জনের সময় দেবীর সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথাও এ বার বজায় থাকবে।বড়মার কাছে মানত পূরণ করতে দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। দণ্ডি কাটার জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দুদিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল ভিড় সামলাতে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। নজরদারি চালানো হচ্ছে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবীবরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনার কথা। তার পর মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলি দেওয়ার সময় মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ করা হবে।বড়মার ভোগের আয়োজনেও রয়েছে নানা পদ। দেবীর জন্য রাখা হয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্য দিকে, মহাদেবের ভোগে রয়েছে লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি।বড়মার নতুন সাজ দেখতে যেমন ভক্তদের উৎসাহ চোখে পড়ছে, তেমনই পুজো ও দর্শনের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও। ১০৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় এ বার নতুন অলঙ্কারের আকর্ষণ যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, তা নৈহাটির ভিড়েই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal