‘আর কত দিন আপনাকে বাঁচাবে ওরা?’ আয়ুষ্মান খুরানাকে ফের খুনের হুমকি! বিষ্ণোই গ্যাংয়ের নামে অডিয়ো বার্তা ঘিরে আতঙ্ক
বলিউডে ফের আতঙ্কের পরিবেশ। অভিনেতা তুষার কাপুরের পর এ বার আয়ুষ্মান খুরানাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কয়েক দিন আগেই কোটি টাকা দাবি করে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। কিন্তু তার পাঁচ দিনের মধ্যেই ফের আয়ুষ্মানের কাছে পৌঁছল একটি অডিয়ো বার্তা। সেখানে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি।কী রয়েছে সেই অডিয়ো বার্তায়? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে অনিল পণ্ডিত বলে পরিচয় দিয়েছেন। তিনি দাবি করেছেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। অভিনেতাকে ফোন করেও সাড়া পাননি বলে অভিযোগ তাঁর। তাই অডিয়ো বার্তার মাধ্যমে আয়ুষ্মানকে নিজেদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন তিনি।ওই বার্তায় বলা হয়েছে, আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি ফোন ধরেননি, উল্টে কেটে দিয়েছেন। আমাদের শুধু একটি বার্তা পৌঁছে দেওয়ার ছিল। দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন। কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেতে পারে।এর পরেই হুমকির সুর আরও চড়েছে। অডিয়ো বার্তায় ওই ব্যক্তি দাবি করেছেন, আয়ুষ্মান তাঁদের সঙ্গে কথা না বললে অভিনেতারও টাইগার শ্রফের মতো পরিণতি হতে পারে। এমনকি চণ্ডীগড়ে অভিনেতার বাড়ি কোথায় এবং তিনি বর্তমানে কোথায় থাকছেন, সে সম্পর্কেও তাঁদের কাছে তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। অভিনেতার বাইকের নম্বরও তাঁদের জানা বলে হুমকি দেওয়া হয়েছে।শুধু তাই নয়, পুলিশের কাছে যাওয়ার বিষয়েও আয়ুষ্মানকে সতর্ক করা হয়েছে। ওই অডিয়ো বার্তায় বলা হয়েছে, আমাদের কথা শোনার পর ফোন করবেন। যদি তা না করেন, তা হলে আমরা বুঝব আপনি অন্য পথ বেছে নিয়েছেন। অর্থাৎ পুলিশের সাহায্য নিতে চাইছেন। পুলিশ আপনাকে কত দিন নিরাপত্তা দেবে?এর পর অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়েও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। বার্তা পাঠানো ব্যক্তির দাবি, আয়ুষ্মানকে বা তাঁর পরিবারের কাউকে আঘাত করার ক্ষমতা তাঁদের রয়েছে। তাই পুলিশের দ্বারস্থ না হয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিনেতার ফোনের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।উল্লেখ্য, গত ৪ নভেম্বর আয়ুষ্মান খুরানার কাছে একটি অডিয়ো বার্তা পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সেখানে কোটি টাকা দাবি করার পাশাপাশি তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। এর আগে তুষার কাপুরকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। পর পর দুই বলিউড অভিনেতাকে হুমকির ঘটনায় তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। সেই তদন্তেই বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।তবে নতুন অডিয়ো বার্তাটি কে পাঠিয়েছেন, তার সঙ্গে আগের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বার্তায় নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করা হলেও সেই পরিচয়ের সত্যতা স্বাধীন ভাবে নিশ্চিত হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পর পর এমন হুমকির ঘটনায় বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অভিনেতাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়ার অভিযোগ সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে।

