• ৯ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Supreme Court

দেশ

কেন্দ্রের ন্যায় সংহিতা আইন, খতিয়ে দেখতে রাজ্য সরকাররে রিভিউ কমিটি

কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে আগেই প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই আইন খতিয়ে দেখে পর্যালোচনা করার জন্য নতুন রিভিউ কমিটি তৈরি করল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে সাত সদস্যের এই কমিটি তৈরি করা হয়েছে।জানা গিয়েছে, কমিটির শীর্ষে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। প্রসঙ্গত, ১ জুলাই থেকে ফৌজদারি বা অপরাধ সংক্রান্ত বিচার ব্যবস্থায় চালু হয়েছে নয়া তিন আইনের শাসন। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির বদলে ভারতীয় ন্যায়সংহিতা (বিএনএস), ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি-র বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা(বিএনএসএস) এবং এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (বিএসএ) চালু হয়েছে গোটা দেশে। এই আইন প্রনয়ণ নিয়ে আগে বিতর্ক শুরু হয়েছিল।

জুলাই ১৮, ২০২৪
রাজ্য

অযোগ্য নিয়োগ আদালতে মানলো এসএসসি, জানাল যোগ্য শিক্ষকদের সংখ্যাও

শেষমেশ অযোগ্যরা যে শিক্ষকতায় নিয়োগ করা হয়েছিল তা মেনে নিল এসএসসি। পাশাপাশি মঙ্গলবার সুপ্রিম কোর্টে যোগ্যদের সংখ্যাও জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়াল SSC ও মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া ১৯ হাজার নিয়োগ বৈধ ও তার উপযুক্ত তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে দাবি করেছে SSC। অর্থাৎ প্রায় ৭ হাজার নিয়োগ অবৈধ বলেই কার্যত এদিন মেনে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে, SSC-র এই বক্তব্য শুনে বিস্মিত সুপ্রিম কোর্টও। SSC দায়িত্ববানের মতো কাজ করেনি বলে উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত।নিয়োগ ঘিরে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এদিন রাজ্যের আইনজীবীও সওয়াল করেন শীর্ষ আদালতে। মন্ত্রিসভার বিরুদ্ধে বেনিয়মের কোনও প্রমাণ নেই বলে তিনি দাবি করেছেন। তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়ে গেলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে বলে এদিন সওয়ালে দাবি করেছেন রাজ্যের আইনজীবী।

মে ০৭, ২০২৪
দেশ

পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ না হলে মোটা টাকা জরিমানা, নির্দেশ সুপ্রিম কোর্টের

অসুখ সারানোর বিভ্রান্তিকর ও ভুয়ো বিজ্ঞাপনের কারণে পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। গত বছর ২১সে নভেম্বর সুপ্রিমকোর্টের বেঞ্চ, অবিলম্বে পতঞ্জলির এই মিথ্যা বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ সংস্থাটি অমান্য করে চলেছে বলে অভিযোগ ওঠে, ফলে এই বিষয় নিয়ে পতঞ্জলির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। গত ১৯ সে মার্চ মঙ্গলবার ভুয়ো বিজ্ঞাপন নিয়ে আদালত অবমাননার অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা যোগগুরু বাবা রামদেব ও সংস্থার পরিচালক অধিকর্তা আচার্য বালাকৃষ্ণকে তলব করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টে বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসানউদ্দিন অমানুল্লার বেঞ্চে এই মামলাটি ওঠে। এই মামলায় পতঞ্জলি সংস্থার পক্ষে ছিলেন আইনজীবী মুকুল রোহিতেগি এবং বিপক্ষে ছিলেন ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের আইনজীবী পি এস পাটোয়ালিয়া। শুনানি চলাকালীন বিচারপতি হিমা কোহলি জানতে চান, সুপ্রিম কোর্টের নোটিস অবমাননার কারণ। আইনজীবী রোহিতেগি জানান, জবাব দেওয়া হয়নি। প্রতুত্তরে বিচারপতি কোহলি জানান, আমরা এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আপনারা জবাব দেননি, ফলে নির্দেশ ও পরিণতির বিষয়টি সামনে আসে এরপরই যোগগুরু বাবা রামদেবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতিরা। ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশনের অভিযোগ, পতঞ্জলি আয়ুর্বেদ অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পাশাপাশি রোগ নিরাময়েরও ভুল দাবি করে চলেছেন। সেই সব বিজ্ঞাপন বন্ধ করতে ও সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দেয়ার জন্য সুপ্রিমকোর্টের কাছে আবেদন করেছে ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন। নভেম্বর মাসে এই মামলার শুনানির সময় বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও চিকিৎসা ব্যাবস্থার অপপ্রচার চালিয়ে যাওয়ার জন্য পতঞ্জলি সংস্থাকে ভৎসনা করেছিল সুপ্রিমকোর্ট। বিচারপতি আমানুল্লা জানান, ভবিষ্যতে এই প্রচার চালানো হলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে সতর্ক বার্তা দেন। জরিমানার বিষয়ে ক্ষোভপ্রকাশ করে রামদেব জানিয়েছেন, কিছু চিকিৎসক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার সংস্থা পতঞ্জলিকে কালিমালিপ্ত করতে চাইছেন। শুধু পতঞ্জলিই নয়, আয়ুর্বেদের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এক সাংবাদ মাধ্যমে রামদেব বলেছেন, যদি আমরা মিথ্যাবাদী হই, তবে ১০০০ কোটি টাকা জরিমানা করুন। আমরা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেও প্রস্তুত।

মার্চ ২১, ২০২৪
দেশ

শীর্ষ রায়ে খোলা হাওয়া

সময়টি 399BC, গ্ৰীসের এথেন্স তার অনেক আগে থেকেই বিশ্বকে তার গনতন্ত্রের পথ দেখাচ্ছে। পৃথিবী জুড়ে চলছে নানা সাম্রাজ্যের উত্থান ও পতন। সাম্রাজ্যের ডানা বিস্তারের মাঝে অনেক ভূখণ্ডে রয়েছে রাজা রাজড়ার শাসন। এই বিশ্ব পরিস্থিতিতে এথেন্স অন্ধকার শক্তির আকাশে ধ্রুবতারা। পৃথিবী পরিচিত হচ্ছে direct democracy র সঙ্গে। তবে সেই সময় এথেন্সে গনতন্ত্রের সঙ্গে রয়েছে দেব দেবী, আত্মা ও শয়তানের প্রবল অস্তিত্ব। এথেন্সের অগ্ৰগতি, ন্যায় বিচার থেকে শুরু করে সামাজিক রীতি ও জীবন যাপনের প্রতিটি মোড়ে এদের কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের উপরে প্রাকৃতিক মঞ্চে রয়েছেন দেব দেবীরা। তাঁদের ঘিরে রয়েছে ঐশী মাহাত্ম্য । ধর্ম, কুসংস্কার আর অন্ধ ভয়ের মায়াজাল নিয়ন্ত্রিত জীবন যাপনের মাঝে ই গনতন্ত্রের বিকাশ। এথেন্স কোন পথে এগোবে, ন্যায় বিচার কিভাবে হবে এই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই স্থির হতে এথেন্সের হাঘরে থেকে উচ্চবিত্ত প্রত্যেক স্তরের মানুষের পক্ষে বিপক্ষে মত দানের মাধ্যমে। কিন্তু ধর্মীয় বিশ্বাস সংস্কার নিয়ন্ত্রিত সামাজিক রীতি নীতির বেড়াজালের মধ্যেই ছিল সেই গনতন্ত্রের বিস্তার। তাই এথেন্সের বাজারে পথ চলতি মানুষের সঙ্গে তর্ক জুড়ে দেওয়া নগ্নপদ এক ব্যাক্তির স্বাধীন চিন্তা, আলো সন্ধানী তীক্ষ্ণ প্রশ্ন এবং মত প্রকাশের স্বাধীনতা সেই বেড়াজালের সামনে ভয়ঙ্কর বিপদ। প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে নিরন্তর সত্যের সন্ধান যা তৎকালীন জীবন যাপনের চিরায়ত পথকে চ্যালেঞ্জ জানিয়েছিল। সেই মানুষটির নাম সক্রাতিস। তাঁর বেলাগাম সত্যের সন্ধান একদিকে যেমন এথেন্সিয়ো গনতন্ত্রকে প্রশ্ন করেছিল তুমি কি শুধুই ব্যানার আর ফেস্টুন? আর অন্য দিকে জনতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল সত্য কি। এথেন্সের রাস্তায় রাস্তায় ঘুরে সামনে যাকে পাচ্ছে তাকেই প্রশ্ন করছে what is truth? And what kind of person is more loved by the gods than the one who is most happy অথবা সেই অমোঘ উচ্চারণ the unexamined life worth liking for a human being. আফ্রোদিতি, এথেনার ধর্মস্থান, হেফাস্টুসের মন্দির, জিয়ূস ইল্যুথেরিওস আর twelve gods য়ের বেদী স্থল ঘেরা এথেন্সের এমন ভয়ঙ্কর প্রশ্ন করা চলতে পারে? গনতন্ত্রের আঁতুড়ঘরেও যদি বেয়াড়া সন্তানের জন্ম হয় তবে তাকে তো সহবৎ শেখানোও প্রয়োজন। এমন চললে যে দেবতা, অপদেবতা, আত্মার অসন্তোষে ছারখার হয়ে যাবে জনপদ, জীবন সবকিছুই। অতএব, বিচার হবে। তবে গনতন্ত্র যে বলে সেই বিচার যেন ন্যায্য হয়।তাই জনতার আদালতে ৫০০ জন জুরির সঙ্গে এথেন্সের মাঝবয়সী থেকে বৃদ্ধ সক্ষম প্রত্যেক নাগরিক। ইতিহাস সাক্ষ্য দেয় সেদিন আদালতে উপস্থিত ছিলেন।প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতেই রায় দেবেন জুরিরা। জনতার মত প্রকাশের স্বাধীনতার ঘেরাটোপে বিচার হবে ব্যাক্তির বাকস্বাধীনতার। হ্যাঁ, গনতন্ত্রের জন্মলগ্ন থেকেই গনতন্ত্রের মধ্যে থেকে গিয়েছে ব্যাক্তিকে নিস্পেষনের এমন আজব কল। জনতার রায় ব্যাক্তির প্রতিস্পর্ধা সেদিন এথেন্সে চরম অপরাধ বলে গন্য হয়েছিল। যার ফল মৃত্যু দন্ড। হেমলক পান করে মৃত্যু। কন্ঠ স্তব্ধ হয়েছিল সক্রাতিসের কিন্তু, সেই অতীত থেকে আজও তাঁর প্রশ্ন যেমন ব্যাক্তির আশা জাগায় তেমনই শাসকশ্রেণীর অস্বস্থি বাড়ায়।সে শাসকদের তন্ত্র যাই হোক না কেন।গনতন্ত্রের এই সাত কাহন মনে পড়লো সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক গুরুত্বপূর্ণ রায় দেখে। এক সাম্প্রতিক মামলায় দেশের শীর্ষ আদালত রাস্ট্রকে বলেছে পুলিশ বাহিনী কে বাক্ স্বাধীনতা সম্পর্কে শিক্ষিত করতে হবে। আইনসম্মত বিরুদ্ধ মত সজীব গনতন্ত্রের কেন্দ্রীয় স্তম্ভ। দেশ জুড়েই এখন বিরুদ্ধ মত প্রকাশের অধিকার যে সচল গনতন্ত্রের অন্যতম চালিকা শক্তি তা অস্বীকৃত হচ্ছে । এই সংক্রান্ত এক মামলায় তাই সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে প্রচলিত আইনের গন্ডির মধ্যে থেকে রাস্ট্রের সমালোচনা কোনো অপরাধ বলে গণ্য হতে পারে না। অনেক ক্ষেত্রে ই এখন জাতীয় ভাবাবেগ, জাতীয় সুরক্ষা এবং সাম্প্রদায়িক সংহতি বিপন্ন হওয়ার দোহাই দিয়ে বিতর্ক ও বিরোধী মত রুদ্ধ করা হচ্ছে। এই সময় সুপ্রিমকোর্টের এই রায় দেশের সাংবিধানিক কাঠামোকে সুদৃঢ় করবে বলে অনেকেই মনে করছেন। সম্প্রতি মহারাস্ট্রের কোহলাপুরে এক অধ্যাপক তাঁর WhatsApp য়ে কাশ্মীরে ৩৭০ধারা বিলোপের সমালোচনা করেন। পাশাপাশি পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেশী দেশের মানুষ কে শুভেচ্ছা জানান। এই কারনে রাস্ট্র তাঁর বিরুদ্ধে মামলা করে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালত বলেছে ব্যক্তির বাক্ স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সম্পর্কে আমাদের পুলিশ বাহিনী কে শিক্ষিত করতে হবে। দেশের সংবিধানের ১৯-র ক ধারায় নাগরিকদের এই অধিকার দেওয়া হয়েছে। শীর্ষ আদালত পুলিশবাহিনীকে শিক্ষিত করার নির্দেশ দিয়েছে তবে স্বাধীন মতের বিরুদ্ধে অসন্তোষ অনেক ক্ষেত্রে নিম্নআদালতে রায় এবং সুশীল সমাজের আচরণের মধ্যে ও দেখা যাচ্ছে। খেলার মাঠ, শিক্ষাঙ্গন থেকে সামাজিক পরিসরেও ভাবাবেগে আঘাতের ছুতোয় অশান্তি ছড়াচ্ছে। এখন খেলার মাঠে প্রতিপক্ষ দলকে সমর্থন করলে বা কলেজ ও বিশ্ববিদ্যালয় বিশেষ কোনো সিনেমা দেখালে অথবা মাইকে আজান দিলে ভাবাবেগে আঘাত করছে বলে রব উঠছে। যারা এ স্রোতে গা ভাসাচ্ছেন তাঁরা মানতেই চাননা যে এর ফলে সংবিধান যে বিরুদ্ধ মত প্রকাশের অধিকার দিয়েছে তা খর্ব হচ্ছে।আশা করা যায় রে শীর্ষ আদালতের এই রায়ের পরে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে পুলিশ বাহিনী কে শিক্ষিত করা হবে। এক ই সঙ্গে আশা করা যায় সুস্থ বিতর্ক এবং পারস্পরিক মতকে শ্রদ্ধা করার পরিবেশ ফিরে আসবে। তর্ক প্রিয় ভারতীয় অবয়বটা আবার স্পষ্ট হবে।

মার্চ ১২, ২০২৪
রাজ্য

বিহিত চাইতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক, তিরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অমৃতা সিনহা

এবার একযোগে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এছাড়া, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।নিয়োগ মামলা থেকে অভিষেকের সম্পত্তি- এছাড়াও আর্থ সামাজিক নানা বিষয়ে প্রকাশ্যে নিজের মতামত জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সন্দেশখালির ঘটনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনশ়ৃঙ্খলার পরিস্থিতি মোটেই ভাল নয়। কেন কিছু বলছেন না রাজ্যপাল? এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির উৎস জানতে চেয়েছিলেন তিনি? বলেছিলেন, স্বচ্ছতা রাখতে অভিষেকের উচিত সোশাল মিডিয়ায় তাঁর সম্পত্তির হিসাব পোস্ট করা।বহু সময় বিচারপতির সেইসব মন্তব্য রাজ্যের শাসক দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অনেকের দাবি, এতে প্রভাব পড়ে মামলায়। এসবের বিরুদ্ধেই পদক্ষেপ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন, বিষয়ের বাইরে গিয়ে মামলার বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করা থেকে যেন বিরত থাকেন। সেই মর্মে যেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।বিচারপতি অমৃতা সিনহার বেশ কিছু পর্যবেক্ষণ নিয়েও সম্প্রতি শাসক দল প্রশ্ন তুলেছিল। তৃণমূলের মুখপাত্রদের মতে, মামলার প্রকৃত রায় এখনও অজানা। তার আগেই বিচারপতির পর্যবেক্ষণ থেকে মামলায় নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। শীর্ষ আদালতে আবেদনে অভিষেক জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক যে তিনি যেন একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে। মূলত বিচারপতি সিনহার এজলাসে যে মামলাগুলি রয়েছে, সেই মামলাগুলি যাতে ওই বিশেষ বেঞ্চে যায়।

জানুয়ারি ১০, ২০২৪
রাজ্য

অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, সংবাদ মাধ্যমেও হস্তক্ষেপ নয়

নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা যে ধরনের পর্যবেক্ষণ জানিয়েছেন, তা সংবাদ মাধ্যমে প্রকাশের পর তাঁর মানহানি হচ্ছে বলে অনুযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সিনহার বেঞ্চ থেকে নিয়োগ মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার ছিল এই আবেদনের শুনানি। এ দিন অভিষেকের সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না নির্দেশে জানিয়েছেন, নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি সিনহার এজলাস থেকে সরানো যাবে না। এছাড়া, বিচারপতির পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশের বিষয়েও কোনও নিষেধাজ্ঞাও জারি করা হয়নি।নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সম্প্রতি মুখবন্ধ খামে ৫ হাজার পৃষ্ঠার রিপোর্ট আদালতে পেশ করেছে ইডি। তার পরই বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেছিলেন, সম্পত্তির পরিমাণ যদি কম হত, তাহলে কি এত নথি জমা পড়ত? এই সব সম্পত্তির জন্য আয়ের উৎস কী তা কি খতিয়ে দেখা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ে অধিকাংশ সম্পত্তি ২০১৪ সালের পর হয়েছ বলেও পর্যবেক্ষণে জানিয়েছিলেন বিচারপতি সিনহা। ঘটনাচক্রে ২০১৪ সালেই নিয়োগ দুর্নীতি হয়েছিল। এ ব্যাপারটা তদন্ত কি করা হয়েছে তাও প্রশ্ন ছিল বিচারপতি সিনহার।আদালতের পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশিত হলে জোর চর্চা হয়। এ ব্যাপারে আপত্তি করে অভিষেকের আইনজীবী এ দিন সুপ্রিম কোর্টে একটি পাঁচ পৃষ্ঠার রিপোর্ট জমা দেন। তিনি বলেন, এই ধরনের পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ায় তাঁর মক্কেলের মানহানি হচ্ছে।বিচারপতি সঞ্জীব খান্না এদিন জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট নিয়োগ মামলায় কোনও নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট তা বিবেচনা করে দেখতে পারে। কিন্তু বিচারপতি তাঁর পর্যবেক্ষণে কী বলছেন তা শীর্ষ আদালতের কাছে বিবেচ্য নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়।অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বাবা-মা সহ লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত বর্তমান ও প্রাক্তন ডিরেক্টর তথা অধিকর্তাকে তাঁদের সম্পত্তির হিসাব পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে ওই রিপোর্ট বৃহস্পতিবার পেশ হয়েছে। ২০ তারিখ এ ব্যাপারে আবার শুনানি হতে পারে বিচারপতি সিনহার এজলাসে।

ডিসেম্বর ১৬, ২০২৩
দেশ

জম্মু কাশ্মীরের বাতিল ৩৭০ ধারা নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়, উচ্ছ্বসিত গেরুয়া শিবির

জম্মু কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সর্বোচ্চ আদালতের সংবিধান বেঞ্চে। চার বছর বাদে সোমবার ওই মামলার রায় ঘোষণা করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্টতই জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতীয় যুক্তরাষ্ট্রে সামিল হওয়ার পর তার আর সার্বভৌমত্ব ছিল না। সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, উপত্যকায় সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করে যে ব্যবস্থা ছিল তা একেবারেই অস্থায়ী। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না। জম্মু ও কাশ্মীর থেকে ২০১৯ সালের ৩১শে অক্টোবর রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেয় কেন্দ্র। কিন্তু লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের মাধ্যমে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসন চালাচ্ছিল দিল্লি।সংবিধানের ৩৫৬ ধারা মোতাবেক জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগ করা হলে কেন্দ্রকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। সব সিদ্ধান্তকেই কথায় কথায় আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। জম্মু-কাশ্মীরে আগামী ৯ মাসের মধ্যে ভোট করাতে হবে। অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে সেটিকে একটি কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে সেই প্রস্তাব দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে পাশ করানোর পর রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিয়েছেন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার পদক্ষেপও ছিল বৈধ।

ডিসেম্বর ১১, ২০২৩
রাজ্য

উপাচার্য নিয়োগে জটিলতা কাটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের, গঠন করা হবে সার্চ কমিটি

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব চরমে চলছে। এরইমধ্যে অস্থায়ী উপাচার্য নিয়োগে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নবান্ন। রাজ্য সরকারের যুক্তি, আনন্দ বোস যে পদ্ধতিতে উপাচার্য নিয়োগ করেছেন তা আইনসম্মত নয়। রাজ্যের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এককভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য। এদিন ছিল সেই মামলার শুনানি। নির্দেশে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য শীর্ষ আদালতই সার্চ কমিটি গঠন করে দেবে। সেই সার্চ কমিটিতে কাদের সদস্য করা হবে সে ব্যাপারে রাজ্য সরকার, রাজ্যপাল এবং ইউজিসি-কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৩ থেকে ৫ জনের নাম পাঠাতে হবে। সেই সুপারিশ করা নামের মধ্যে থেকে ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করবে। যে কমিটি স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সুপারিশ করবে।সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, রাজ্যপাল আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা। অর্থাৎ তিনি অ্যাপয়ন্টিং অথরিটি। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। কারণ, রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটি নেই।এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর।শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, রাজ্য-রাজ্যপালের ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আদালত তার মধ্যে ঢুকতে চায় না। আদালত স্থায়ী উপাচার্য নিয়োগের লক্ষ্যে শুধু পদক্ষেপ করবে।

সেপ্টেম্বর ১৫, ২০২৩
রাজ্য

কুন্তলের চিঠি মামলায় ধাক্কা অভিষেকের, এখনই হস্তক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের সাসপেন্ডেন্ট যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের উপর এখনই হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। কুন্তলের চিঠির ভিত্তিতে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদফা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। পরে ওই মামলার তদন্তেই তৃণমূলের নবজোয়ার যাত্রার মাঝেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ফের তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তিনি জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের পর যাবেন। কেন্দ্রীয় এজেন্সি তাঁকে হেনস্থা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অভিষেক। সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছিলেন তিনি। সেই আর্জি মামলায় এদিন দেশের প্রদান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল। সোমবারের শুনানিতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান যে, তাঁর মক্কেলকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রান করা হচ্ছে। এতে অভিষেকের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে।তবে সর্বোচ্চ আদালত অভিষেকের আইনজীবীর যুক্তি শুনতে চায়নি। সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, বেআইনি লেনদেন মামলার সূত্রে কাউকে জেরা করার অধিকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রয়েছে। তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? তবে প্রধান বিচারপতির নির্দেশ, অভিষেক চাইলে নতুন করে মামলা করতে পারেন। মামলাটি ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও আর্থিক জরিমানার বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে।গত মার্চের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারে দলের ছাত্র-যুবদের সভা থেকে অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তার নাম বলানোর জন্য গ্রেফতার হওয়াদের উপর চাপ দিচ্ছে। প্রায় একই অভিযোগ উঠে আসে কুন্তলের মুখেও। নিয়োগ দুর্নীতি মামলায় গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে। তারপরই এপ্রিলে কুন্তল দাবি করেছিলেন, অভিষেকের নাম বলানোর জন্য জেরার সময় তাঁর উপর চাপ তৈরি করছেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির গোয়েন্দারা। এই মর্মে নিম্ন আদালতের বিচারকের কাছে একটি চিঠি দিয়েছিলেন কুন্তল।কুন্তলের ওই চিঠির প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেককে জেরা করার নির্দেশ দিয়েছিলেন। পরে সেই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য বেঞ্চে সরানো হয়। বিচারপতি অমৃতা সিনহা পুরনো নির্দেশই বহাল রাখেন।

জুলাই ১০, ২০২৩
রাজ্য

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হবেন অভিষেক, তদন্তেেও সহযোগিতা

আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি যে কোন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে প্রস্তুত। বৃহস্পতিবার দুর্গাপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বৃহস্পতিবার সকালেই হাইকোর্টের বিচারপতি বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। এর পাশাপাশি আদালতে সময় নষ্টের জন্য ২৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়। আদালতের এদিনের রায়ের পরিপ্রেক্ষিতে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান আইনের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে, যে কোনও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তিনি প্রস্তুত। এর পাশাপাশি অভিষেক জানান, ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে, তিনি অবশ্যই সেই আদালতের দ্বারস্থ হবেন। জরিমানা প্রসঙ্গে কার্যত তিনি বিচার ব্যবস্থাকে বিঁধলেন। তিনি বলেন, যাঁরা কথায় কথায় পিআইএল করে তাদের কোন জরিমানা করা হয় না, কনভয়ে মানুষের মৃত্যু হলে যাঁরা রক্ষাকবচের আবেদন করে , তাঁদের জরিমানা করা হয় না। আমি অধিকারকে সামনে রেখে বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি বলে আমায় জরিমানা করা হল। প্রয়োজনে কর্মসূচি স্থগিত রেখে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

মে ১৮, ২০২৩
রাজ্য

"সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও, দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে,": বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সুপ্রিম কোর্ট প্রাথমিক নিয়োগের দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে নিয়েছে। সেই রায়ের পর থেকে দিনভর সবার মুখে একটাই নাম। রায়ের পক্ষে একদল হইহই করে নৃত্য করছে। আরেক দল মুখ গোমরা করে রয়েছে। প্রথমত প্রথম দিকে খবর রটেছিল সমস্ত মামলাই সরে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। যদিও তিনি সেই আশঙ্কাই প্রকাশ করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, আজ আমার মৃত্য়ু দিন। সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হয়। আমি তো নিজে সরছি না। পদত্যাগ করছি না। পালিয়ে যাওয়ার মানুষ আমি নই। আমার মন খারাপ নয়। ব্যক্তিগতভাবে কারও মন খারাপ হতে পারে। এই মামলা তো ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে করিনি। আমার কাজের ধরন একরকম। এরপরে যে বিচারপতি আসবেন, তাঁর কাজের ধরন হয় তো অন্যরকম হবে। আমার ধারনা দুর্নীতি সংক্রান্ত সব মামলাই আমার হাত থেকে সরিয়ে নেওয়া হতে পারে।তবে এখানেই থামেননি বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যখন বিচারপতি থাকব না, যাই করি না কেন দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই চলবে, অবসরের পরও। সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও।

এপ্রিল ২৮, ২০২৩
রাজ্য

দেহরক্ষী হীন কেষ্ট, সুপ্রিম-রায়ে ইডি-র ডাকে দিল্লি চলল সহগল

একদিকে মানিক ভট্টাচার্য্য ও ২৬৯ জন বরখাস্ত হওয়া শিক্ষকদের সাময়িক স্বস্থিদানের রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক সেই সমইয়েই, গরু পাচার মামলায় অভিযুক্ত, জেলবন্দি বীরভূমের বেতাজ বাদশা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী রাজ্য সরকারের কনস্টবল পদে কর্মরত সহগল হোসেনের আবেদন খারিজ করে এক অন্য বার্তা দিল শুক্রবার সুপ্রিম কোর্ট।পরিণাম স্বরুপ সহগলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র আর কোনও বাধাই রইল না। উল্লেখ্য এর আগে সহগলকে দিল্লিতে ইডি-র অফিসে নিয়ে গিয়ে জেরার জন্য আসানসোলে আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছিল ইডি। সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপর ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করে এবং কলকাতা হাইকোর্টে প্রয়োজনীয় নথিপত্রের অভাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তদন্তকারী সংস্থার সেই আবেদনও বাতিল হয়ে যায়।কলকাতা হাইকোর্টে রায় জানার পর পরেই ইডি দিল্লির রউস অ্যাভিনিউ কোর্টের আবেদন করে। সেখানে সোমবার ইডির আবেদনে সম্মতি দিয়ে সহগলকে সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দেয়। সেই রায়ের বিরোধিতা করে সহগলের আইনজীবী দিল্লি হাইকোর্টে আবেদন করে, তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট রউস আদালতের এই নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয়। এবং জানায়, শুনানি শেষ না হওয়া পর্যন্ত সহগলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। কিন্তু বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টই আবার জানায়, গরু পাচার কান্ডে ধৃত সহগলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবার দিল্লিতে জেরা এড়াতে মড়িয়া সহগল দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান। শুক্রবার সহগলের আর্জি খারিজ করে দিয়ে কেন্দ্রীয় সংস্থার দিল্লি নিয়ে গিয়ে জেরার আবেদনে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট।

অক্টোবর ২১, ২০২২
রাজ্য

সুপ্রিম স্বস্তি মানিকের, আপাতত গ্রেফতার নয় অপসারিত পর্ষদ সভাপতিকে

এক দিনের জন্য মানিকের স্বস্তি। ২৪ ঘন্টার জন্য মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে গ্রেফতারের মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, টেট সংক্রান্ত সিবিআই তদন্ত মামলায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামীকাল ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, এদিন রাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজ রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে হবে প্রথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। সহযোগিতা না করলে প্রয়োজনে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে। তবে সুপ্রিম নির্দেশে কড়া পদক্ষেপ থেকে স্বস্তি পেয়েছেন মানিক। তবে তাঁকে হাজিরা দিতে হতে পারে।

সেপ্টেম্বর ২৭, ২০২২
দেশ

রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম রায়, তোলপাড় রাজনৈতিক মহল

রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে অন্তর্বর্তী রায় দিয়ছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত রাষ্ট্রদ্রোহ আইনের শুনানিতে বলেছে, কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত এই আইনে নতুন কোনও মামলা নয়। কেন্দ্রীয় সরকার যত দিন না ১২৪ এ ধারায় রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করছে ততদিন পর্যন্ত এই ধারায় কোনও মামলা করা যাবে না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। একদিকে বিজেপি রাষ্ট্রদ্রোহ আইন থাকা নিয়ে গলা ফাটাচ্ছে অন্যদিকে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ওই আইন তুলে দেওয়া নিয়ে জোরালো দাবি তুলেছে। মানবাধিকার সংগঠনগুলি তো এই আইন পুরোপুরি তুলে দেওয়ার দাবি জানিয়েছে।এদিন রাষ্ট্রদ্রোহ আইনের শুনানি ছিল। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং রাজ্যগুলিকে এই ধারায় কোনও এফআইআর, তদন্ত বা কড়া পদক্ষেপ করা থেকে বিরত থাকতে বলেছে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে বলেছেন, সত্যি কথা বলা সব সময় দেশভক্তির পরিচয় দেয়। আর সত্যি কথা শোনার ক্ষমতা রাখা কর্তব্যের মধ্যে পড়ে। সত্যকে অস্বীকার করা ঔদ্ধত্যের লক্ষ্মণ। কাজেই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সত্যের জয় হবেই। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দুশেখর রায় এদিন বলেছেন, রাষ্ট্রদ্রোহ আইন তুলে দেওয়া উচিত।এদিনের রায়ে চাপে পড়ে গিয়েছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরণ রিজিজু বলেছেন, একটা বিষয় আমাকে অবশ্যই বলতে হবে, আমরা আদালত এবং আদালতের স্বাধীনতাকে সম্মান করি, তবে তার একটি লক্ষ্মণ রেখা রয়েছে। উষ্মা প্রকাশ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।এদিকে মানবাধিকার সংগঠনগুলি বহুকাল থেকেই এই আইন তুলে দেওয়ার পক্ষে আন্দোলন করে চলেছে। তারাও আপাতকালীন এই রায়কে স্বাগত জানিয়েছে। তাঁরা চাইছেন সম্পূর্ণভাবে যেন এই আইন তুলে দেওয়া হয়। ব্রিটিশরা নেই অথচ তাঁদের আইন বইছে দেশ। খোদ ইংল্যান্ডে এই আইন তুলে দেওয়া হয়েছে। ঔপনিবেশিক শাসনমুক্ত বেশিরভাগ দেশ এই আইন তুলে দিয়েছে।

মে ১১, ২০২২
দেশ

জোর করে করোনার টিকাকরণ নয়, বিধিনিষেধও ঠিক নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কাউকে করোনা টিকাকরণে জোর করা যাবে না। সোমবার করোনার টিকা সংক্রান্ত মামলায় এই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, টিকাকরণ নীতিকে অযৌক্তিকও বলা যায় না। আদালতের পর্যবেক্ষণ, টিকা না নেওয়ার ফলে জনগণকে যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয়।কেন্দ্র টিকাকরণ বাধ্যতামূলক করেছিল, ওই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জনৈক চিকিৎসক মামলা দায়ের করেন। এদিন সেই মামলার রায়দান ছিল। বেশ কয়েকদিন ধরেই মামলার সওয়াল-জবাব চলছিল। তার প্রেক্ষিতে এদিন এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।জনবহুল এলাকায় টিকাহীন ব্যক্তিদের প্রবেশের উপর কোনও বিধিনিষেধ আরোপ করা সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করেছে আদালত। এই ধরনের নির্দেশ জারি থাকলে তা এখনই সরকারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বৃহত্তর জনকল্যাণের জন্য কিছু শর্ত আরোপ করতে পারে সরকার। আদালত রায়ে বলেছে, টিকাকরণের ফলে কোনও ব্যক্তি অসুস্থ হলে সেই বিষয়টা জনগণের সামনে তুলে ধরতে হবে। এর আগে দেখা গিয়েছে করোনার টিকা না নিলে অনেক জায়গায় ঢোকা নিষেধ ছিল। টিকা নেওয়া বাধ্যতামূলকও ছিল। রায়ের পর এই ধরনের বিধিনিষেধ রইল না।

মে ০২, ২০২২
কলকাতা

পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, বিজেপির আবেদন খারিজ সুপ্রিম কোর্টেও

আগামী ২৭ ফেব্রুয়ারি পুরভোট রাজ্যের ১০৮ টি পুরসভায়। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। আগেই হাইকোর্টে সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ভরসা করতে বলেছে হাইকোর্ট। আর এবার সেই একই নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদনে বলা হয়েছে, ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করেই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় বিজেপি। বিভিন্ন জেলা থেকে বিরোধীরা হামলার অভিযোগ তুলেছেন। অন্য একটি মামলায় বিজেপি প্রার্থীরা নিরাপত্তার অভাবের কথাও জানিয়েছেন আদালতে। এই সব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি।এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, যদি কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন, তাহলে কেন দেওয়া হল না, সেই কারণ আদালতে জানাতে হবে কমিশনারকে। আর তারপর যদি ভোটের দিন কোনও অশান্তির অভিযোগ ওঠে, তাহলে তার দায় নিতে হবে কমিশনারকেই।কমিশন সূত্রের খবর, ১০৮ পুরসভার ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই। মোতায়েন করা হবে ৪৪ হাজার পুলিশ। প্রতি বুথে থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী। প্রাথমিকভাবে স্থির হয়েছে, প্রতিটি বুথে সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে। এছাড়াও স্পেশ্যাল টাস্ক ফোর্স, ইএফআর জওয়ান, র্যা ফের তত্ত্বাবধানে থাকবে বাইরের নিরাপত্তা ব্যবস্থা।

ফেব্রুয়ারি ২৫, ২০২২
দেশ

হিজাব বিতর্ককে জাতীয় স্তরে না-ছড়ানোর আবেদন সুপ্রিম কোর্টের

ক্রমশ বেড়েই চলেছে কর্নাটকের হিজাব বিতর্ক। বৃহস্পতিবারই কর্নাটক হাইকোর্টের তরফে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। এরপরই কর্নাটকে ছাত্র সংগঠনের তরফে এই মামলার জরুরি শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়। কিন্তু এদিন শীর্ষ আদালতের তরফে এই আর্জি খারিজ করে দেওয়া হয় এবং জানানো হয় যে, সঠিক সময়েই আদালতের তরফে এই বিষয়ে হস্তক্ষেপ করা হবে।কর্নাটকের স্কুল-কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছিল, তা বর্তমানে রাজ্যের সীমানা পার করে বাকি জায়গাতেও ছড়িয়ে পড়ছে। বিষয়টি আদালত অবধিও গড়িয়েছে। গতকালই কর্নাটক হাইকোর্টের তরফে পড়ুয়াদের অনুরোধ করা হয় যে, স্কুল-কলেজে হিজাব পরার মামলাটি নিষ্পত্তি না হওয়া অবধি তারা যেন কোনও ধরনের ধর্মীয় পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে না যান। এরপরই কর্নাটকের এক ছাত্রী সুপ্রিম কোর্টে জরুরিভিত্তিতে শুনানির আবেদন জানান।ওই ছাত্রীর পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দয়া করে জাতীয় স্তরে এই বিষয়গুলিকে ছড়িয়ে দেবেন না। সঠিক সময় এলেই, একমাত্র আমরা হস্তক্ষেপ করব।

ফেব্রুয়ারি ১১, ২০২২
দেশ

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র ও কমিশনকে কড়া নোটিস সুপ্রিম কোর্টের

শিয়রেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি জোর কদমে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দল ইস্তেহারে ভোটমুখী রাজ্যগুলির প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরেছে। এই আবহে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নোটিস জারি করল। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের উদ্দেশে বিনামূল্যে বিভিন্ন পরিষেবা বা প্রকল্পের ঘোষণা করে। সেই ঘোষণা সংক্রান্ত নির্দেশিকা জারি করেই নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।মঙ্গলবার বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা এক মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমানা, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলী। সেখানে প্রধান বিচারপতির মন্তব্য, সীমিত পরিসরের মধ্যে আমরা নির্বাচন কমিশনকে নীতিনির্দেশিকা প্রণয়ন করতে বলেছিলাম। কিন্তু আমাদের নির্দেশের পর তারা একটি মাত্র বৈঠক করে। তারা রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। তবে তার পরে কী হয়েছে, আমি জানি না।সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে গুরুতর বিষয় বলে অভিহিত করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে, ফ্রিবি বাজেট প্রতিদিনের বাজেটের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই প্রশ্নের উত্তর দিতে হবে ৪ সপ্তাহের মধ্যে। ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেছেন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করতে বলেছে। কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়ে কেবলমাত্র একটি বৈঠকই করেছে। এবং তার ফলাফল অজানা।মামলাকারীর আবেদন, যে রাজনৈতিক দলগুলি ভোটের আগে ফাঁপা প্রতিশ্রুতি দেয়, তাদের নির্বাচনী প্রতীক বাজেয়াপ্ত করা ছাড়াও রেজিস্ট্রেশন বাতিল করার ব্যাপারে কমিশনকে নির্দেশ দিক শীর্ষ আদালত। হলফনামায় মামলাকারী এ-ও দাবি করেছেন, কমিশনের নির্দেশ সত্ত্বেও সাধারণ মানুষের অর্থ অপচয় করে চলেছে রাজনৈতিক দলগুলি। তা ছাড়া ভোটের আগে এই ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া থেকে যাতে রাজনৈতিক দলগুলি বিরত থাকে, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের পদক্ষেপের আর্জি জানান তিনি।শুনানিতে শীর্ষ আদালত জানায় রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বাজেট যে ভাবে মূল বাজেটকে ছাপিয়ে যাচ্ছে তা চিন্তারই বটে। এর পর সংশ্লিষ্ট মামলায় কেন্দ্র ও নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চেয়েছে সুপ্রিম কোর্ট।

জানুয়ারি ২৫, ২০২২
কলকাতা

মুকুল-সিদ্ধান্ত দু’সপ্তাহেই নিতে হবে স্পিকারকে: সুপ্রিম কোর্ট

দুসপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করবেন। সোমবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। এক্ষেত্রে উল্লেখ্য, ১৭ জানুয়ারির মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করার কথা আগেই স্পিকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও এই মামলার কোনও নিষ্পত্তি হয়নি। সোমবার ফের সুপ্রিম কোর্টে মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সংক্রান্ত মামলার শুনানি ছিল।প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বিধানসভায় মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেদিন শুনানি চলাকালীন সমস্ত বিষয় বিধানসভা কর্তৃপক্ষ রেকর্ড করে। তবে সেই একই যুক্তি সামনে আনছেন মুকুল রায়ের আইনজীবী। মুকুল অন্য রাজনৈতিক দলের মঞ্চে সৌজন্যের খাতিরে গিয়েছিলেন। তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। মুকুল বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেননি। অর্থাৎ বিষয়টির সারমর্ম, মুকুল রায় কোনওদিনও তৃণমূলে যোগই দেননি। সেক্ষেত্রে তাঁর দল পরিবর্তনের কোনও প্রশ্নই আসছে না।

জানুয়ারি ১৭, ২০২২
বিদেশ

Pakistan Female Judge: পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি হতে চলেছেন আয়েশা মালিক

পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতির পদে বসতে চলেছেন এক মহিলা বিচারপতি! গত বছর সেপ্টেম্বরেই পাক সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে আয়েশা মালিকের নাম সুপারিশ করেছিল জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। কিন্তু কমিশনের চার সদস্য তাঁর এই পদোন্নতির পক্ষে সওয়াল করলেও বাকি চার সদস্য তাঁর বিরুদ্ধে ভোট দেন। এ বার অবশ্য বিচারপতি আয়েশা মালিকের পক্ষেই ভোট পড়েছে বেশি। সুতরাং বলাই যায়, পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি হওয়া থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন তিনি।হার্ভার্ড আইন স্কুলের স্নাতক বিচারপতি আয়েশা বর্তমানে লাহোর হাইকোর্টের বিচারপতি। এর আগে বহু গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন রায় দিয়েছেন তিনি। যার মধ্যে কোনও নির্বাচনী প্রার্থীর সম্পত্তি ঘোষণা অন্যতম। গত বছর ৯ সেপ্টেম্বর জেসিপি-র বৈঠকে তাঁর নাম নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। গত কাল বিষয়টি নিয়ে ফের বৈঠকে বসেছিল জেসিপি, যার মাথায় রয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদ। জেসিপি-র সুপারিশ এর পরে পার্লামেন্টের কমিটির কাছে যাবে। ওই কমিটির সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত বলে মেনে নেওয়া হয়।বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সাধারণত জেসিপি-র সুপারিশে আপত্তি করে না এই কমিটি। ফলে সে দিক থেকে দেখতে গেলে বিচারপতি আয়েশার পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হওয়া কার্যত পাকা।

জানুয়ারি ০৮, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ক্লাস সেভেনে মুদি দোকানে চুরির অভিযোগ, বড় হয়ে ডাকাতি! শেষমেশ পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’

ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে ফের বিতর্ক! বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে পুলিশ, কার নির্দেশে এই কাজ? সুপ্রিম কোর্টে নতুন মামলা

এসআইআর নিয়ে নতুন করে বিতর্ক রাজ্যে। ভোটার তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে নথি সংগ্রহ করছে পুলিশ। কিন্তু কার নির্দেশে এই কাজ করছে পুলিশ? নির্বাচন কমিশনের অনুমতি রয়েছে কি? এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। তবে এই বিষয়ে এখনই শুনানি করতে রাজি হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের পরামর্শ, এই অভিযোগ নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন মামলাকারীরা।জানা গিয়েছে, এসআইআরে নাম বাদ পড়ার পর যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং যাঁদের মামলা এখনও বিচারাধীন, তাঁদের নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে পুলিশ। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণের অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই এই কাজ করছে পুলিশ। হাওড়া, কালনা থেকে ধূপগুড়িরাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে বলে দাবি তাঁর।অন্য দিকে, আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি, পুরভোটের আগে যাঁদের নাম সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে না, তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।শুক্রবার এই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানায়, আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না আদালত। মামলাকারীরা চাইলে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানাতে পারেন। ফলে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের নথি সংগ্রহ নিয়ে আপাতত কোনও নির্দেশ দিল না শীর্ষ আদালত।এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, বৈধ ভোটারদের নাম যাতে কোনও ভাবেই বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে। কিন্তু পুলিশ কেন বাড়ি বাড়ি গিয়ে নথি চাইছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, নির্বাচন কমিশন কি পুলিশকে এই দায়িত্ব দিয়েছে? কমিশনকে স্পষ্ট করে জানাতে হবে, তাদের নির্দেশেই পুলিশ নথি সংগ্রহ করছে কি না। তাঁর অভিযোগ, পুলিশের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে অযথা ভয় বা চাপ তৈরি হতে পারে।একই প্রশ্ন তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তাঁর দাবি, যাঁদের নাম নিয়ে ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁদের বাড়িতে গিয়ে নথি দেখতে চাইছে পুলিশ। কিন্তু কে ভোটার হবেন, আর কে হবেন না, তা ঠিক করার দায়িত্ব পুলিশের নয়। সেলিমের প্রশ্ন, কোন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ভোটারদের নথি পরীক্ষা করছে? তাঁর অভিযোগ, রাজনৈতিক সমস্যায় পড়লেই পুলিশকে সামনে আনা হচ্ছে।যদিও পুলিশের এই ভূমিকার পক্ষে সওয়াল করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুলিশের এই তৎপরতা প্রয়োজন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশের অভিযোগে ধৃত অনেকের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। সেই পরিচয়পত্রের সঙ্গে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি এবং সোনারপুরের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। তাই পুলিশের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলেই মনে করেন শমীক।সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। এক দিকে পুলিশের নথি সংগ্রহের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি, অন্য দিকে নিরাপত্তার যুক্তিতে পুলিশের পদক্ষেপকে সমর্থন করছে বিজেপি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

হাই কোর্টের কড়া নির্দেশ, শেষ পর্যন্ত আত্মসমর্পণ মিলন প্রধানের! নন্দীগ্রামে নতুন করে চর্চা

নন্দীগ্রামের উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। তার পরেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিন পান তিনি। কিন্তু সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের এই কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন মিলন। তাঁর অভিযোগ, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একাধিক মামলায় উপনির্বাচনের আগে গ্রেপ্তার হয়েছিলেন মিলন। খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত এবং লুটপাটের মতো অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর বিরুদ্ধে মোট ছটি মামলা দায়ের হয়েছিল। ভোটের আগে সেই মামলাগুলিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী।ভোটের আগে সব কটি মামলাতেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান মিলন। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিন বহাল থাকবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। তবে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। মিলনের অন্তর্বর্তী জামিন বহাল রাখার পাশাপাশি রাজ্যকে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।এর পরেও নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করেননি মিলন। শুক্রবারের আগে ফের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তিনি আত্মসমর্পণ করেননি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার হলদিয়া আদালতে পৌঁছে আত্মসমর্পণ করেন মিলন প্রধান। আদালতে যাওয়ার পরেও তাঁর দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নভেম্বর ২৭, ২০২৬
দেশ

ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?

আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

পুলিশের চোখে ধুলো দিয়ে বারবার পালানোর চেষ্টা! শেষরক্ষা হল না সাইবার প্রতারক প্রতাপের, এনকাউন্টারে ঝরল রক্ত

বুধবার পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার ভোরে আসানসোলের ইসমাইলে পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণায় অভিযুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুলিশের দাবি, এ দিনও পালানোর চেষ্টা করে সে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলি চালানো হয়। তাতে প্রতাপের পায়ে গুলি লাগে। জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল সে। তার পর থেকেই কার্যত নিখোঁজ ছিল অভিযুক্ত। আসানসোলের ইসমাইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত তার পরিবার। পুলিশের কাছে খবর আসে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার সেই বাড়িতে ফিরেছে প্রতাপ।এর পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় প্রতাপ। তার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকার একটি গোপন আস্তানায় ফিরে এসেছে প্রতাপ। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। এলাকার অলিগলিতে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই আস্তানা থেকেই তার খোঁজ মেলে।পুলিশের দাবি, এ বারও পালানোর চেষ্টা করে প্রতাপ। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই প্রতাপের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় সে। এর পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেরা, তার পরেই গ্রেপ্তার! মালদহে রেল নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে মালদহে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি পূর্ব রেলের মালদহ ডিভিশনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালিয়ে সেটি সিল করে দেওয়া হয়।সিবিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়ায় পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম দফতরে অভিযান চালান তদন্তকারীরা। ওই দফতরেই সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন উমাশংকর। সেখান থেকেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় ছঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।তদন্তকারীদের অভিযোগ, পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন উমাশংকর। সেই অভিযোগের তদন্তেই তাঁর দফতরে হানা দেন সিবিআই আধিকারিকেরা। গ্রেপ্তারের পর তাঁর কোয়ার্টারেও তল্লাশি চালানো হয়। পরে সেটি সিল করে দেন তদন্তকারীরা।এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ রেল ডিভিশনের আধিকারিক ও কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেলে নিয়োগের নামে ঠিক কী ধরনের দুর্নীতি হয়েছিল, এই ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উমাশংকরের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় দাউদাউ আAগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীরা, কাটোয়ায় আতঙ্ক

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকাই আগুন! মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল গোটা কামরা। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটোয়া স্টেশনে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগান রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ পুড়ে গিয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দেয় ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে আগুন জ্বলছে। দেরি না করে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কামরার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পর ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট অথবা ধূমপান থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না রেল কর্তৃপক্ষ।উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র নমাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার এমন ঘটনা ঘটলেও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতে নজরদারি কতটা রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা।এই বিষয়ে কাটোয়া স্টেশনের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

নভেম্বর ২৭, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আমেজ রাজ্যে, ১৭ ডিগ্রিতে নামল কলকাতার পারদ! এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, ফের বৃষ্টির আশঙ্কা?

টানা বৃষ্টির পর ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। গত কয়েক দিনে বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। সকাল ও রাতের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শীতের আমেজ। তিলোত্তমায় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। তবে শীতের এই আমেজের মধ্যেই নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরের কাছে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ থাকতে পারে শ্রীলঙ্কা উপকূলের দিকে। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই পরিস্থিতির জেরে আগামী দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা।অন্য দিকে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্য জুড়ে কমেছে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকায় পারদ ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় সামান্য বাড়তে পারে পারদ। আপাতত সকাল ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।উত্তরবঙ্গেও জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে সকালবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন জেলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। ফলে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা ইতিমধ্যেই চুটিয়ে শীত উপভোগ করছেন।

নভেম্বর ২৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal