• ৮ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Shantiniketan

রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

পুরসভার নোটিসের মাঝেই অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ! হঠাৎ তৎপরতায় বাড়ছে জল্পনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এবং বাড়ির বেআইনি অংশ ভাঙা নিয়ে কলকাতা পুরসভার দেওয়া নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সোমবার ছিল পুরসভার দেওয়া সময়সীমার শেষ দিন। তার আগেই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা পুরসভা আরও ১০ দিনের সময় দিয়েছে বলে জানা গিয়েছে।এই আবহেই সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি রোডের বাড়ি শান্তিনিকেতন-এ পৌঁছে যায় কলকাতা পুলিশের একটি দল। আর তাতেই শুরু হয়েছে নতুন জল্পনা।সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির মধ্যেই পড়ে অভিষেকের এই বাড়ি। তৃণমূল জমানায় এই সংস্থাকে ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছিল। ফলে পুরসভার নোটিসের পর আচমকা পুলিশের উপস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ মনে করছেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত কোনও বিষয়েই নতুন করে নজরদারি শুরু হয়েছে। আবার কারও মতে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা খতিয়ে দেখতেই পুলিশের এই সফর।যদিও বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি পুলিশ আধিকারিকরা। ফলে জল্পনা আরও বেড়েছে।উল্লেখ্য, গত সোমবারই কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল। বাড়ির অতিরিক্ত নির্মাণের জন্য পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে শান্তিনিকেতন-এর বেআইনি অংশ ভাঙার নির্দেশও দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। পাশাপাশি অভিষেকের ১৭টি সম্পত্তিও নজরে রয়েছে বলে জানা গিয়েছে।কয়েক দিন আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন অভিষেক। পুরসভার নোটিস নিয়ে একের পর এক প্রশ্ন উঠতেই প্রথমে কোনও উত্তর দেননি তিনি। পরে গাড়ির কাঁচ নামিয়ে কিছুটা বিরক্তির সুরে বলেন, বাড়ির কোন অংশ অবৈধ, সেটা নির্দিষ্ট করে জেনে আসুন। তারপর আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব।সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল। তবে এবার সময় বাড়ানোর আবেদন এবং পুরসভার সেই আবেদন মঞ্জুর করার পর পরিস্থিতি কিছুটা বদলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মে ২৫, ২০২৬
রাজ্য

শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ভর্তি বোলপুর হাসপাতালে

হাঁসখালির নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার সিবিআই তদন্ত চলছে। ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। এই ঘটনায় তোলপাড় রাজ্য। এবার শান্তিনিকেতনে এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। তার চিকিৎসা চলছে বোলপুর হাসপাতালে। দুদিন আগেই বোলপুরে আরেক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তিনিকেতনের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এদিন বীরভূমে নির্যাতিতার গ্রামে যান জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পন্ডিত।জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার অদিত্যপুরে চড়কমেলা দেখতে গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পাঁচ যুবক এই অপকর্ম করেছে বলে পুলিশ সূত্রে খবর। অন্ধকারের মধ্যে তাকে ফাঁকা মাঠে নিয়ে গিয়েছিল অভিয়ুক্তরা। নাবালিকার পরিবারের লোকজন শুক্রবার শান্তিনিকেতন থানায় ঘটনাটি জানায়। এরপর জেলা পুলিশ নড়েচড়ে বসে। ঘটনাস্থলে ছুটে যান এসপিসহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্বজনেরা। উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন।

এপ্রিল ১৫, ২০২২
দেশ

প্রজাতন্ত্র দিবস ও ভারতের সংবিধান, জানা ইতিহাসের আজানা দিক গুলি জেনে নিন এক ঝলকে

১৯৫০ থেকে প্রত্যেক বছর ২৬ জানুয়ারি দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে মহাসমারোহে পালিত হয়। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ইংরেজ শাসনের অবসানের পর ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। দীর্ঘকাল বৈদেশিক অনুশাসনে থাকার জন্য ভারতের কোনও নিজস্ব স্থায়ী সংবিধান ছিল না। সে কারণে ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হত।১৯৫০-এ গণপরিষদের সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হচ্ছে ভারতের সংবিধানদেশ চালাতে গিয়ে নানা জায়গায় ঠোক্কর খেতে হচ্ছিল তৎকালীন নেহেরু সরকারকে, ভীষণভাবে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। ভারত স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার ঘোষণা করা হয়, সেই সভায় সংবিধান সভার সদস্যদের নির্বাচন করে নেওয়া হয়। ডঃ বি আর আম্বেদকর, জওহরলাল নেহরু, ডঃ রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ এবং সর্বজনগ্রাহ্য জ্ঞানী গুনী ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। বাবাসাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় ১৯৪৭-র ২৯ অগস্ট। সে বছরেই ৪ নভেম্বর খসড়া কমিটি সদস্যরা সংবিধান সভায় ভারতীয় সংবিধানের একটি খসড়া জমা দেয়।নন্দলাল বসুর স্কেচ ও প্রেম বিহারী নারায়ণ-র হাতের লেখাপ্রজাতন্ত্র দিবস নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যঃ# ১৯৫০ র ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়। # এই সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লিপিবদ্ধ করা সংবিধান।# ২৫১ পাতার এই গ্রন্থটির ওজন প্রায় তিন কেজি ৭৫০ গ্রাম।# সর্বমোট ৩০৮ জন সদস্য বিশিষ্ট এক প্যানেল ১৯৫০এ ২৪শে জানুয়ারি সংবিধানে স্বাক্ষর করে তাঁর বৈধতা দেন।# মোট ২২টি ভাষায় সংবিধান লিপিবদ্ধ আছে। # প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পন্ডিত জহরলাল নেহরুর অনুরোধে বিনা পারিশ্রমিকে টানা ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে এই বিশাল কাজটি সম্পন্ন করেন। # আইন কানুন লিপিবদ্ধ করা ছাড়াও এই বইয়ে অনেক নকশা আঁকা আছে, সেই নকশার বেশীরভাগ-টাই এঁকেছেন প্রবাদপ্রতিম শিল্পী নন্দলাল বসু ও তৎকালীন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা।# প্রজাতন্ত্র দিবসের আট কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রাইসিনা হিল থেকে। প্রত্যেক বছর একজন রাষ্ট্র নায়ক এই অনুষ্ঠানে প্রধান অতিথির আমন্ত্রণ জানানো হয়। ১৯৫০ সালে প্রথমবারের অনুষ্ঠানেএসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। উল্লেখ্যঃ এই বারে কোভিড-১৯ বারবাড়ন্তের জন্য কোনও বিদেশী রাষ্টনায়ককে আমন্ত্রণ জানানো হয়নি।# প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজের ট্যাবলোগুলি আমরা দেখি, তার সর্বোচ্চ গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার।# যে রাস্তায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, সেই রাস্তার আদি নাম কিংসওয়ে। পরে সেই রাস্তার নাম পরিবর্তন করে হয় রাজপথ।# ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তৎকালীন ইর্ভিন স্টেডিয়াম (বর্তমানে নাম পরিবর্তন করে ন্যাশনাল স্টেডিয়াম)-এ আয়োজিত হয়েছিল। সে সময়ে ইর্ভিন স্টেডিয়ামের চারদিকে কোনও প্রাচীর ছিল না ফলে সেখান থেকে লালকেল্লা পরিষ্কার দেখা যেত।# জাতীয় সংগীতের সময়ে ২১টি তোপধ্বনি করা হয়। জাতীয় সংগীতের শুরু থেকেই এই তোপধ্বনি দেওয়া শুরু হয় ও ৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে।# প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের বিভিন্ন থিমের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনাবাহিনী, নৌ-সেনা ও বায়ুসেনা।

জানুয়ারি ২৬, ২০২২
রাজ্য

আজই বসন্ত উৎসব বিশ্বভারতীতে

ফের রীতি ভাঙল বিশ্বভারতী। দোলের দিন নয়, মঙ্গলবার বসন্ত উৎসব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হোলির দিনে বসন্ত উৎসব হওয়ার দীর্ঘ দিনের রীতি ভাঙল তাঁরা। তবে বসন্ত উৎসবের সব রীতি মেনেই এই অনুষ্ঠান হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গৌরপ্রাঙ্গন মঞ্চে এই অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানস্থলে ৩০০ জন ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপকের প্রবেশের অনুমতি রয়েছে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বভারতীর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আশ্রমিক এবং প্রাক্তনীরা।বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বসন্ত উৎসবের যে নিয়ম-নীতি রয়েছে তা মেনেই এবার অনুষ্ঠান করা হচ্ছে। সোমবার রাত্রি ৯টায় পাঠভবনে মঙ্গলবার ভোর ৫টায় বৈতালিক অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় বিশেষ মন্দিরও হয়। এর পর সকাল ৯টায় বসন্ত উৎসবের সূচনা। খোল দ্বার খোল গানের সঙ্গে শোভাযাত্রায় যোগ দেন ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান পরিচালনা করছেন সংগীত ভবনের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা। সন্ধ্যা ৭টায় গৌরপ্রাঙ্গনে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য।এদিকে বিশ্বভারতীর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আশ্রমিক থেকে প্রাক্তনীরা। ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, বিশ্বভারতীতে যা হচ্ছে তাতে আমরা অবাক হয়ে যাচ্ছি। আশ্রমের রীতিনীতি, সংস্কৃতি সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। একই বক্তব্য প্রাক্তনী অশোক মুখোপাধ্যায়েরও। বলেন, মেলা বন্ধ করেছেন এবার বসন্ত উৎসবও বন্ধ করে দেওয়া হল। গুরুদেবের সৃষ্টি এখন ধ্বংসের মুখে।

মার্চ ১৬, ২০২১
কলকাতা

অমর্ত্য সেনের অসম্মান করছে বিজেপি, প্রতিবাদ করুন বুদ্ধিজীবীরাও: মমতা

অমর্ত্য সেন আদর্শগতভাবে ওদের বিরোধী বলে তাঁকে নানাভাবে অসম্মান করছে বিজেপি। প্রতীচী নিয়ে অমর্ত্য সেনের এই অসম্মান আমাদের সবার অসম্মান। বুদ্ধিজীবীদের কাছে আমার আবেদন, আপনারাও এর প্রতিবাদ করুন। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ নবান্নে এ কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি বোলপুরে একটা মিছিল করব। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনকে কেন অসম্মান করা হচ্ছে? বিদ্যাসাগরের মূর্তি কেন ভেঙেছে, কেন অসম্মান করছে? পৌষমেলা কেন বন্ধ হলো? এই সবের কৈফিয়ত চাইব। বিনা কৈফিয়তে এক ইঞ্চি জমি ছাড়ব না। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অমর্ত্য সেনের পরিবারের সম্পর্কের ইতিহাস যারা জানে না তারা মিথ্যাচার, কুৎসা করছে। আমাকে আঘাত করতে গিয়ে মণীষীদের অসম্মান করছে! বাংলার ইতিহাস ভুলিয়ে দিতে দেব না। বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে তাঁকে চিঠি পাঠিয়ে বা ফোন করে কোনও আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ডাকা না হলেও আমি নিজে টুইট করেছি। আমি ২৮ তারিখ বোলপুরে গেলে যেতে বলেছিলেন উপাচার্য। কিন্তু দেড় দিনে ঠাসা কর্মসূচি থাকায় এবার যেতে পারছি না। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উগ্রবাদ বিশ্বভারতীকে শেষ করতে পারে না। এ সব টেম্পোরারি। আর তো কয়েকটা দিন। ডেজ আর নাম্বারড। আমি সহজ সরল ঘরের মেয়ে, আমাকে যা খুশি বলে আক্রমণ করছে, কিছু বলি না ভেবে। আমাকে বলে কী আর করবে? যত আক্রমণ করুক আমিই জিতব।

ডিসেম্বর ২৪, ২০২০

ট্রেন্ডিং

রাজ্য

ফুচকার ভিতরে কী লুকিয়ে দিয়েছিল বন্ধুরা? খেতে গিয়েই অসুস্থ নবম শ্রেণির ছাত্র, বালুরঘাটে চাঞ্চল্য

ফুচকা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই ফুচকাই যে এমন বিপত্তির কারণ হতে পারে, তা ভাবতে পারেননি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক নবম শ্রেণির ছাত্র। অভিযোগ, ছাত্রাবাসে বন্ধুদের আনা ফুচকা খেতে গিয়ে অস্বস্তিকর কিছু টের পায় সে। পরে জানা যায়, ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারই চার সহপাঠী। ঘটনাটি জানাজানি হতেই স্কুলের ছাত্রাবাসে শোরগোল পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বালুরঘাটের একটি নামী স্কুলের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ওই নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। তার মা কৃষিকাজ করেন এবং বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন।অভিযোগ, বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। এরপর তারা ওই ছাত্রকে ফুচকা খেতে দেয়। কিন্তু ফুচকা মুখে দিতেই অস্বস্তি বোধ করে সে। পরে সহপাঠীরাই জানায়, মজা করার জন্য ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারা।বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ওই পড়ুয়ার অভিযোগ, কিছু না বুঝেই সে ফুচকা খেয়ে ফেলেছিল। পরে বন্ধুরা বিষয়টি জানালে সে শিক্ষকদের কাছে গিয়ে সব জানায়।এর পর থেকেই পেটে ব্যথা শুরু হয় ওই ছাত্রের। দেরি না করে তাকে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার কথা জানার পর অভিযুক্ত চার পড়ুয়ার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।এই ঘটনা সামনে আসার পর আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রাবাসের পড়ুয়ারা কন্ডোম পেল কোথা থেকে? কী ভাবে তাদের হাতে সেটি এল? নিছক মজা করার জন্যই কি এমন ঘটনা ঘটানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তায় নামবে রাফালে? নীতীন গড়করির কাছে বড় আবদার শুভেন্দুর, কী পরিকল্পনা কেন্দ্রের?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। রাজ্যের সড়ক উন্নয়নের জন্য ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে শুধু যাতায়াত নয়, প্রয়োজনে যাতে নতুন রাস্তা যুদ্ধবিমান অবতরণের কাজেও ব্যবহার করা যায়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসমের ডিব্রুগড়ে একটি ঘটনা দেশজুড়ে নজর কেড়েছিল। মোরান বাইপাসের নতুন তৈরি সড়কে সফল ভাবে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। সাধারণ রাস্তার উপর যুদ্ধবিমান নামার সেই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে।আসলে এর পিছনে রয়েছে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু সড়কপথকে ব্যবহার করা যায়। সেই কথা মাথায় রেখেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এমন রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজন হলে যুদ্ধবিমান এবং সামরিক পরিবহণের বড় বিমানও অবতরণ করতে পারে।বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে সেই প্রসঙ্গই তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাংলার নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিও এমন ভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজনে সেখানে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে আবেদন জানান তিনি।এ দিন অনুষ্ঠানে শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে। এই রাস্তা তৈরি হলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে পারে। পাশাপাশি এলাকার যানজট কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের নিরাপত্তার দিক থেকেও এই ধরনের সড়ক পরিকাঠামোর গুরুত্ব রয়েছে। শিলিগুড়ির কাছে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু ভূখণ্ড, যা সাধারণ ভাবে চিকেন নেক নামে পরিচিত। এই পথ দিয়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ। ফলে কৌশলগত দিক থেকে এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন সীমান্তের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র।শিলিগুড়ির বাগডোগরায় বায়ুসেনার ঘাঁটি এবং আলিপুরদুয়ারের হাসিমারায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।তবে সাধারণ রাস্তা আর যুদ্ধবিমান অবতরণের উপযোগী রাস্তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যুদ্ধবিমানের ওজন ও অবতরণের সময় তৈরি হওয়া চাপ সামলাতে অত্যন্ত মজবুত সড়ক পরিকাঠামো প্রয়োজন। তার জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্তর এবং উন্নত নির্মাণপ্রযুক্তি ব্যবহার করতে হয়। ফলে গোটা রাস্তা সেই মানে তৈরি করা যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও প্রযুক্তিগত ভাবে জটিল।এ বার বাংলার সড়ক উন্নয়নের প্রকল্পে সেই বিশেষ পরিকাঠামো কতটা যুক্ত করা সম্ভব, সেটাই দেখার। ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়েতে! বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের, শুরু হল কোন কাজ?

রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ভাবনা রাজ্য সরকারের। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এমনই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠে সারা বছরই প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গাড়ি, ট্যাক্সি এবং বাসের মতো সড়কপথের যানবাহন রয়েছে। জিটি রোড এবং বালি সেতু হয়ে যাতায়াত করা যায়। এ ছাড়া গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও চালু রয়েছে।এ বার সেই যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বা কবে পরিষেবা চালু হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।শুধু দক্ষিণেশ্বর-বেলুড় মঠ নয়, পাহাড়েও রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে।বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হিলকার্ট রোড-সহ বিভিন্ন পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের মরসুমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। আবার বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই সমস্যার সমাধান করতেই রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে।অন্য দিকে, দার্জিলিংয়ের যানজট সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দার্জিলিং পুলিশের অনুরোধেই এই দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের এই দলে রয়েছেন এক জন উপ-পুলিশ কমিশনার, তিন জন পরিদর্শক এবং এক জন সার্জেন্ট। চার দিন ধরে তাঁরা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখবেন। দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।aসমীক্ষার পর যানজট কমানো, গাড়ি রাখার জায়গার সমস্যা মেটানো এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত করার জন্য একাধিক সুপারিশ করা হবে। কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাহাড়ের যান চলাচল ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা ঠিক করা হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তা হবে আমেরিকার মতো! ২৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা নীতীন গড়করির, বদলে যাবে কোন কোন এলাকা?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং উড়ালপথ তৈরির জন্য মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই প্রকল্পের দাবি করুন, কেন্দ্রের তরফে অর্থের অভাব হবে না।এ দিন অনুষ্ঠানে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়াও ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন করেন নীতীন গড়করি। এই প্রকল্পে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। নতুন সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।তবে এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হবে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি করবে এই রিং রোড। এর ফলে শহরের ভিতরে গাড়ির চাপ কমবে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের জন্যও রয়েছে বড় পরিকল্পনা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হবে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।কলকাতার বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল আরও সহজ করতে হুগলি নদীর নীচে জোড়া সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হলে ২৪ ঘণ্টাই বন্দরের সঙ্গে পণ্যবাহী গাড়ির যোগাযোগ রাখা সম্ভব হবে। পাশাপাশি জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।এ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে। চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক রামনগর বাইপাস-সহ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা। ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের উন্নয়নে খরচ হবে ৪৬৯ কোটি ৩৫ লক্ষ টাকা। নামখানা থেকে বকখালি পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা।বীরভূমেও একাধিক রাস্তার উন্নয়ন করা হবে। ভীমগড় থেকে মল্লারপুর পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের জন্য ২৫৭ কোটি টাকা এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত রাস্তার জন্য ১০০ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রঙাইপুর পর্যন্ত রাস্তার উন্নয়নেও ১৫১ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করা হবে।পূর্ব মেদিনীপুরের নরঘাটে ১১৬ বি জাতীয় সড়কের উপর নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ২৩১ কোটি ৭১ লক্ষ টাকা। মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ১৫১ কোটি ৯৯ লক্ষ টাকা এবং বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত রাস্তার উন্নয়নে ১৭২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রঘুনাথপুর থেকে চন্দনকিয়ারি হয়ে চাস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ২৩৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে। মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা রাস্তার সংযুক্তিকরণে বরাদ্দ হয়েছে ১৮৭ কোটি ৩৩ লক্ষ টাকা। বিষ্ণুপুর-বেলেঘাটা রাস্তার লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা।এ ছাড়া বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত এসটিকেকে রাস্তা সম্প্রসারণে ২৯১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নে খরচ হবে ২৩৫ কোটি ২০ লক্ষ টাকা। রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা।অন্য দিকে, যানজট কমাতে একাধিক জাতীয় সড়কে যানবাহন চলাচলের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রাস্তায় ২০টি এমন পথ তৈরি করতে ৭৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রাস্তায় ২৫টি ভূগর্ভস্থ পথ তৈরিতে খরচ হবে ৬৯০ কোটি টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি এমন পথ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি টাকা।এ ছাড়া ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা খরচ করা হবে।সব মিলিয়ে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং রিং রোড তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। নীতীন গড়করির আশা, আগামী দিনে বাংলার সড়কপথের মান আমেরিকার মতো উন্নত হবে। এখন দেখার, ঘোষিত প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় এবং সাধারণ মানুষ কবে থেকে তার সুবিধা পান।

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: ২৬ নভেম্বর বৃহস্পতিবার কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে আসবে সুখবর?

আজ বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিনটি জ্ঞান, ধর্মীয় চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আজ ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন।চলুন, দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে।১. মেষ রাশি (Aries)কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ রং: লাল।শুভ সংখ্যা: ৯২. বৃষ রাশি (Taurus)আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা:৬৩. মিথুন রাশি (Gemini)নতুন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৫৪. কর্কট রাশি (Cancer)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সংসারের খরচ নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: ক্রিম। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সম্মান বাড়বে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না। শুভ রং: গাঢ় সবুজ। শুভ সংখ্যা: ৫৭. তুলা রাশি (Libra)আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে বাজেট মেনে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ কিছু কাজে বাধা বা হতাশা আসতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৯৯. ধনু রাশি (Sagittarius)আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)=কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনায় সফলতা আসতে পারে। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনা এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৭

নভেম্বর ২৬, ২০২৬
কলকাতা

সাতসকালে পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, ঘিরে বাড়ছে প্রশ্ন

সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

রেখা পাত্রের শরীরে কী ভাবে ঢুকল বিষ? ‘গভীর ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ দিদির, পাল্টা শ্বশুর-শাশুড়ি

রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

সুজিত বসুর পর এবার শ্যালককে তলব সিবিআইয়ের! চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে কী দুর্নীতি?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার দাবি, শ্যালকের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজিত। শুধু তাই নয়, বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। এই মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক দিন আগে জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করা হল।তদন্তকারীদের অভিযোগ, সুজিতের শ্যালককে শুধু দুর্নীতির কাজে ব্যবহার করা হয়নি, তাঁকেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিয়োগ হয়েছিল, দুর্নীতির মাধ্যমে সুজিত কী কী সুবিধা পেয়েছিলেন এবং গোটা ঘটনায় তাঁর শ্যালকের ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা।সিবিআই সূত্রে খবর, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাই তাঁকে ফের জেরা করা হতে পারে। এর আগে এই মামলায় সুজিতের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ এপ্রিল তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। সেই সময় হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর ১১ মে তাঁকে ফের তলব করা হয়। সেই দিনই গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা। তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী।তদন্ত যত এগিয়েছে, সুজিতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও তত বেড়েছে। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাধিক আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে এসেছে।তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও উঠেছে। ইডির দাবি, গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এ বার সেই মামলায় সুজিতের শ্যালককে জিজ্ঞাসাবাদ করে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal