• ২ অগ্রহায়ণ ১৪৩৩, শনিবার ২১ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Pakistani

দেশ

পাকিস্তানি নাগরিকদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের! পাসপোর্টের নিয়মে ছাড়, কাদের জন্য নতুন সুবিধা?

ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও ভিসার নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের কিছু নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু শরণার্থী, শ্রীলঙ্কার তামিল এবং তিব্বতি শরণার্থীদের জন্য একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) (অ্যামেন্ডমেন্ট) অর্ডার, ২০২৬ জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র।শুধু তা-ই নয়, ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের মধ্যে সরাসরি যাতায়াতের ক্ষেত্রেও পরিচয়পত্র সংক্রান্ত নিয়ম সহজ করা হয়েছে। যাঁরা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন, তাঁদের কয়েকটি শ্রেণির জন্যও নতুন সুবিধা দেওয়া হয়েছে। ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া কয়েকটি দেশের সংখ্যালঘুদের ক্ষেত্রেও এই ছাড় কার্যকর হবে।নতুন নিয়ম অনুযায়ী, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট নবীকরণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পাকিস্তানের কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড না থাকার কারণে যাঁরা পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারছিলেন না, তাঁরা এই সুবিধা পাবেন।তবে এই ছাড় পাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। ভারতে আসার আগে পাকিস্তানে থাকাকালীন তাঁরা বিয়ে করে থাকলে বা সেখানে স্থাবর সম্পত্তি কিনে থাকলে এই সুবিধা পাবেন না। ভারতে আসার সময় পাকিস্তানে রেখে আসা তাঁদের পরিবারের সদস্যদের ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি, তাঁরা ভবিষ্যতে আর পাকিস্তানে ফিরবেন না বলে লিখিত অঙ্গীকার করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বা নিরাপত্তা সংস্থার কোনও বিরূপ রিপোর্ট থাকলেও এই সুবিধা মিলবে না।মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিকত্ব নেওয়া কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির জন্যও ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা ওই দুই দেশের পাসপোর্ট নিয়ে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে ফিরে এসেছিলেন এবং পরে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা নবীকরণ করতে পারেননি, তাঁরা এই সুবিধার আওতায় পড়বেন।নতুন নির্দেশিকায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। যাঁরা এক সময় ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছেন, তাঁরা এই শ্রেণির অন্তর্ভুক্ত হতে পারেন। এ ছাড়া যাঁদের বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা বা প্রপিতামহ-প্রপিতামহী ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতাভুক্ত এলাকায় জন্মেছিলেন এবং স্থায়ী ভাবে বসবাস করেছিলেন, তাঁরাও এই সংজ্ঞার মধ্যে পড়তে পারেন। তবে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, নেপাল বা চিনের নাগরিকেরা এই সুবিধার আওতায় আসবেন না। এই নিয়মে ছাড় পেলেও ভারতে থাকতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত শ্রেণির ভিসা নিতে হবে।ভারত, নেপাল ও ভুটানের নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রেও নিয়ম সহজ করেছে কেন্দ্র। এই তিন দেশের নাগরিকেরা সড়কপথে বা বিমানে সরাসরি এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করলে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়েই যাতায়াত করতে পারবেন। সরকারি ভিসা নির্দেশিকায় উল্লেখ করা পরিচয়পত্র গ্রহণ করা হবে। সব ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট দেখানোর প্রয়োজন হবে না।তবে এই সুবিধারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কোনও ভারতীয় নাগরিক নেপাল বা ভুটান ছাড়া অন্য কোনও দেশ থেকে ওই দুই দেশের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বা ভারত থেকে অন্য দেশে যাওয়ার সময় ওই সীমান্ত ব্যবহার করলে বৈধ পাসপোর্ট দেখাতে হবে। এ ছাড়া নির্দিষ্ট অভিবাসন কেন্দ্র দিয়েই যাতায়াত করতে হবে।নেপাল ও ভুটানের নাগরিকদের ক্ষেত্রেও সব পরিস্থিতিতে পাসপোর্টের নিয়ম শিথিল করা হয়নি। চিন, ম্যাকাও, হংকং বা পাকিস্তান হয়ে ভারতে আসা কিংবা ভারত থেকে ওই দেশগুলিতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ভিসা বাধ্যতামূলক থাকবে। তৃতীয় কোনও দেশে যাতায়াতের ক্ষেত্রেও আগের নিয়মই কার্যকর হবে।ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের জন্যও বিশেষ ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এই সুবিধা পাবেন। ধর্মীয় নির্যাতন বা নির্যাতনের আশঙ্কায় যাঁরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করেছেন, তাঁরাই এই নিয়মের আওতায় পড়বেন।বৈধ পাসপোর্ট বা অন্য কোনও ভ্রমণ নথি ছাড়া যাঁরা ভারতে এসেছেন, তাঁরাও এই ছাড় পাবেন। যাঁদের কাছে ভ্রমণের নথি ছিল, কিন্তু পরে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরাও এই সুবিধার আওতায় থাকবেন। তবে ভারতে আরও থাকতে হলে তাঁদের উপযুক্ত শ্রেণির ভিসা নিতে হবে।সব মিলিয়ে, ভারতে বসবাসকারী কয়েকটি শ্রেণির বিদেশি নাগরিক ও শরণার্থীদের জন্য পাসপোর্ট, ভিসা এবং যাতায়াতের নিয়মে একাধিক পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিনের নথি সংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর ০৬, ২০২৬
কলকাতা

বিমানবন্দরে পৌঁছতেই চারদিক থেকে পুলিশ! বিদেশ পালানোর আগে গ্রেফতার পাকিস্তানি গ্যাঙস্টারের ভাই

বিদেশে পালানোর আগেই কলকাতা বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হলেন বান্টি খান। তিনি পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর হয়ে দুবাই পালানোর পরিকল্পনা ছিল বান্টির। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁর গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে যায় ধানবাদ পুলিশ।এর পর কলকাতা পুলিশের সাহায্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়। পুলিশ আধিকারিকেরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ফাঁদ পাতেন। অভিযোগ, বান্টি বিমান ধরার জন্য বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃতের কাছ থেকে জাল পাসপোর্ট, ভিসা-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ওই নথি কী ভাবে বান্টির হাতে এল এবং বিদেশে যাওয়ার জন্য সেগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রেফতারের পর বান্টিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।ধানবাদ পুলিশের দাবি, বান্টি খানের বিরুদ্ধে তোলাবাজি, খুন এবং অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে। ধানবাদের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ দিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। সেই সময়েই তাঁর বিদেশে পালানোর পরিকল্পনার খবর আসে বলে তদন্তকারীদের দাবি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদেশে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছনোর পরিকল্পনা করেছিলেন বান্টি। সেই উদ্দেশ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি চলছিল বলে তদন্তকারীদের দাবি। কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁর পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। এর পর কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দর এলাকায় নজরদারি শুরু করে ধানবাদ পুলিশ।বান্টির পুরনো অপরাধের মামলাও নতুন করে তদন্তের আওতায় এসেছে। জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। এর পর প্রায় চার বছর জেলে ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে জামিনে মুক্তি পান বান্টি।পুলিশের দাবি, জেল থেকে বেরনোর পর ফের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন বান্টি। তাঁর বিরুদ্ধে নতুন করে তোলাবাজির অভিযোগও ওঠে। এর মধ্যেই দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে তদন্তকারীরা জানতে পারেন।ধানবাদ পুলিশের এক শীর্ষ আধিকারিকের দাবি, বান্টির লক্ষ্য ছিল দেশ ছেড়ে দুবাইয়ে পৌঁছনো এবং সেখানে থাকা প্রিন্স খানের কাছে যাওয়া। কিন্তু কলকাতা বিমানবন্দরে পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এখন জাল পাসপোর্ট ও ভিসার উৎস, বিদেশে পালানোর পরিকল্পনায় আর কেউ যুক্ত ছিল কি না এবং বান্টির বিরুদ্ধে থাকা পুরনো মামলাগুলির সঙ্গে নতুন কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রাজ্য

স্বপ্ন ছিল পাক আর্মিতে যোগ দেওয়ার! আইএসআইএয়ের এজেন্ট হয়ে কত বার ভারতে এসেছিল পাক জঙ্গি

বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীদের দাবি, রানা মোট পাঁচ বার ভারতে এসেছিল। প্রতিবারই কলকাতায় এসে তিলজলায় ইজাজের বাড়িতে থাকত বলে জানা গিয়েছে। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের জানুয়ারিতে তার কলকাতায় আসার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ভারতে আসার পর ভুয়ো পরিচয়ে একাধিক সরকারি নথি তৈরি করেছিল রানা। ইজাজের বাবা যুবের আলমকে নিজের বাবা বলে পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি করা হয় বলে অভিযোগ। পরে সেই পরিচয়ের ভিত্তিতেই প্যান কার্ড এবং আধার কার্ডও তৈরি করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।জেরায় রানা জানিয়েছে, ছোটবেলা থেকেই পাকিস্তান সেনায় চাকরি করার ইচ্ছা ছিল তার। কিন্তু শারীরিক সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর পাকিস্তান সেনা এবং আইএসআইয়ের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় বলে তদন্তকারীদের দাবি। সেই যোগাযোগের সূত্রেই সে গুপ্তচরবৃত্তির কাজে যুক্ত হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ক্যারাটের প্রশিক্ষণ নিয়েছিল রানা। পাশাপাশি কাঠমান্ডুতেও তার ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই একটি মসজিদে ইজাজের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্বে গড়ায়। অভিযোগ, ইজাজের সাহায্যেই কাঠমান্ডু থেকে ভারতে ঢুকত রানা।প্রথম বার কলকাতায় আসার সময় রানার কাছে কোনও ভারতীয় পরিচয়পত্র ছিল না বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, বিহারের রক্সৌল সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করত সে। পাঁচ বার ভারতে আসার সময়ই একই পথ ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। প্রতিবার কাঠমান্ডু থেকে ইজাজই তাকে ভারতে নিয়ে আসত বলে জানা গিয়েছে।সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় রানাকে ডেকেছিলেন বুথ স্তরের আধিকারিক। কিন্তু সে হাজির না হওয়ায় ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায় বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইজাজ রানার পাকিস্তানি পরিচয় সম্পর্কে জানত কি না, তা-ও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। অভিযোগ, পরিচয় জানার পরেও ইজাজ তাকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল।রানার গতিবিধি নিয়েও তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ফোর্ট উইলিয়াম ছাড়াও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় সে ঘোরাফেরা করেছিল বলে জানা গিয়েছে। ওই সব জায়গার ছবি ও ভিডিয়ো তুলে সেগুলি বিদেশে থাকা সন্দেহভাজন যোগাযোগের কাছে পাঠানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ভুয়ো পরিচয়ে ভোটার কার্ড তৈরি করার পর একাধিক সিম কার্ড সংগ্রহ করেছিল রানা বলেও অভিযোগ। ওই সিম ব্যবহার করেই সে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত বলে তদন্তকারীদের দাবি। তার যোগাযোগের জাল কত দূর পর্যন্ত ছড়িয়েছিল, তা জানতে ফোন ও অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের দাবি, গ্রেফতারের আগে বাংলাদেশের পথে পাকিস্তানে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল রানার। বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে সেখান থেকে পাকিস্তানে যাওয়ার ছক ছিল বলে জানা গিয়েছে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই এসটিএফের হাতে গ্রেফতার হয় সে। এখন রানা ও তার সহযোগীদের মাধ্যমে আর কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আগস্ট ১৩, ২০২৬
রাজ্য

সঙ্গীদের বাঁচাতে ফোন ভাঙলেন রানা, নোটবুক খুলতেই তদন্তকারীদের হাতে এল বড় সূত্র

মোবাইল ভেঙে ফেলেও রক্ষা হল না! সঙ্গীদের নাম আড়াল করতে ফোন নষ্ট করেছিলেন বলে জেরায় দাবি করেছেন ধৃত পাক গুপ্তচর রানা রউফ খালিদ। কিন্তু তাঁর নোটবুক থেকেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও ছয় জন সন্দেহভাজনের নাম। তাঁদের মধ্যে পাঁচ জন নেপালের বাসিন্দা এবং এক জন বাংলাদেশের বাসিন্দা বলে তদন্তকারী সূত্রে খবর।রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাতে হাবড়া থেকে গ্রেপ্তার হয়েছেন রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলম। তাঁর সহযোগী মহম্মদ ইজাজকেও তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, রানার সঙ্গে বিদেশে থাকা কয়েক জন সন্দেহভাজনের নিয়মিত যোগাযোগ ছিল।জেরায় রানা কী তথ্য দিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকার সেনা ছাউনি, সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর ছাউনি, রেলস্টেশন এবং রেলপথের ছবি, ভিডিয়ো ও মানচিত্র সংগ্রহ করে বিদেশে পাঠানো হত। এই কাজে তপসিয়ার ইজাজ তাঁকে সাহায্য করতেন বলে তদন্তকারীদের দাবি।তদন্তকারীদের আরও দাবি, নেপালে থাকা পাঁচ জনের কাছে ওই তথ্য পাঠানো হত। তাঁদের নাম কাশিফ, হানিফ চৌধুরি, সোহায়েল, জেডি এবং হারুণ সফদার বলে রানা তাঁর নোটবুকে লিখে রেখেছিলেন। বাংলাদেশের বাসিন্দা পাভেলের নামও সেই নোটবুকে পাওয়া গিয়েছে বলে খবর। তদন্তকারীদের সন্দেহ, এই ছয় জনের সঙ্গে রানার যোগাযোগ ছিল।বিদেশে থাকা ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য মুছে ফেলতেই নেপালে গিয়ে নিজের মোবাইল ভেঙে ফেলেছিলেন বলে জেরায় রানা দাবি করেছেন। তবে দুটি সিম কার্ড নষ্ট করেননি তিনি। সেই সিম কার্ড দুটি তদন্তকারীরা উদ্ধার করেছেন। ফলে মোবাইল নষ্ট করলেও যোগাযোগের সূত্র পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি বলে তদন্তকারীদের অনুমান।জেরায় রানা আরও জানিয়েছেন, কাঠমান্ডুতে কয়েক জনের সঙ্গে বৈঠকের পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বাংলাদেশে পাভেল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল বলে তদন্তকারীদের দাবি। যশোরে পৌঁছনোর পর পাভেল তাঁকে একটি নতুন মোবাইল দেওয়ার কথা ছিল। সেই ফোনে দুটি সিম ঢুকিয়ে নেপাল ও পাকিস্তানের সঙ্গে ফের যোগাযোগের পরিকল্পনা ছিল বলে জেরায় উঠে এসেছে।বাংলাদেশ ও নেপালে থাকা ওই ছয় জনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মাধ্যমে সংশ্লিষ্ট দুই দেশের সরকারের কাছে তথ্য পাঠানো হচ্ছে বলে তদন্তকারী সূত্রে খবর। তাঁদের সঙ্গে রানার যোগাযোগের ধরন এবং কী ধরনের তথ্য আদানপ্রদান হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের দাবি, চরবৃত্তির মাধ্যমে তথ্য পাচার করে অর্থ সংগ্রহ করতেন রানা। যদিও গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে মাত্র ৩৫০ টাকা পাওয়া গিয়েছে। হাবড়ার চোংদা বাজারের কাছে ধরা পড়ার পর নিজের আধার ও ভোটার কার্ড দেখিয়ে নিজেকে তপসিয়ার বাসিন্দা ওয়াহাব আলম বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলে অভিযোগ।বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে রানা প্রথমে অস্বস্তিতে পড়েন বলে তদন্তকারীদের দাবি। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে তিনি পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর কাছ থেকে সিম কার্ড উদ্ধারের পর মোবাইলের বিষয়ে প্রশ্ন করা হলে শেষ পর্যন্ত সেটি ভেঙে ফেলার কথাও স্বীকার করেন বলে তদন্তকারীদের দাবি।

আগস্ট ১২, ২০২৬
বিদেশ

‘বালোচিস্তানে সেনা অসহায়’—সংসদে বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, বালোচিস্তানে মোতায়েন নিরাপত্তাবাহিনী কার্যত বড় সমস্যার মুখে পড়েছে। তাঁর দাবি, প্রদেশটির বিশাল ভৌগোলিক বিস্তৃতির কারণে সেনারা অনেক ক্ষেত্রেই শারীরিকভাবে অসহায় হয়ে পড়ছেন। পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।সোমবার জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, পাকিস্তানের মোট ভূখণ্ডের ৪০ শতাংশেরও বেশি জুড়ে রয়েছে বালোচিস্তান। এত বড় এলাকা নিয়ন্ত্রণ করা কোনও জনবহুল শহরের মতো সহজ নয়। সেখানে বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করতে হয়। সেনারা জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালালেও এত বড় এলাকা পাহারা দেওয়া ও টহল দেওয়ার কারণে তারা বাস্তবে বড় সীমাবদ্ধতার মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।সম্প্রতি বালোচিস্তানের ১২টি জায়গায় একযোগে জঙ্গি হামলার পর বড়সড় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে ১৭৭ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, কিছু অপরাধী চক্র নিষিদ্ধ বালোচ লিবারেশন আর্মির নাম ব্যবহার করে চোরাকারবারিদের রক্ষা করছে।সরকারের অবস্থান স্পষ্ট করে খাজা আসিফ বলেন, হিংসাকে কোনওভাবেই যুক্তিসঙ্গত বলে দেখানোর চেষ্টা মানা হবে না। তাঁর মতে, হিংসাকে স্বাধীনতা আন্দোলনের রং দেওয়া হচ্ছে, যা আদতে অপরাধমূলক কাজ ঢাকার চেষ্টা ছাড়া কিছু নয়।এ ছাড়াও তিনি অভিযোগ তোলেন, বালোচিস্তানে কিছু জঙ্গি গোষ্ঠী ভারতের মদতপুষ্ট এবং আফগানিস্তানের মাটি ব্যবহার করে তারা সন্ত্রাসবাদ চালাচ্ছে। তাঁর দাবি, জঙ্গিদের নেতৃত্ব আফগানিস্তানে বসেই কাজ করছে এবং সেখান থেকেই সাহায্য পাচ্ছে।বালোচিস্তান বঞ্চিতএই অভিযোগও নাকচ করেন খাজা আসিফ। তাঁর দাবি, গত কয়েক বছরে প্রদেশটির উন্নয়ন হয়েছে এবং অন্য যে কোনও প্রদেশের তুলনায় এখানে বিমানবন্দরের সংখ্যাও বেশি। বন্ধ থাকা বিমানবন্দরগুলি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিখোঁজ ব্যক্তিদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রেই নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের নামই ওই তালিকায় উঠে আসছে।জঙ্গিদের হাতে অত্যাধুনিক অস্ত্র থাকার বিষয়েও প্রশ্ন তোলেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, জঙ্গিদের ব্যবহৃত রাইফেলের দাম প্রায় ২০ লক্ষ পাকিস্তানি টাকা এবং থার্মাল সাইটের দাম ৪ থেকে ৫ হাজার ডলার। এত অর্থের জোগান কোথা থেকে আসছে, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। ইরান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই হিংসাত্মক বিদ্রোহ চলছে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত প্রকল্পগুলিও বারবার হামলার লক্ষ্য হচ্ছে।

ফেব্রুয়ারি ০৪, ২০২৬
বিদেশ

ইমরান খান কি মানসিকভাবে অসুস্থ? জেল থেকে অভিযোগ, সেনার পালটা তোপে তপ্ত পাকিস্তান!

জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তীব্র আক্রমণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাঁর মন্তব্যের কড়া পালটা দিল পাকিস্তান সেনা। সেনার মুখপাত্র লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী প্রকাশ্যে ইমরানকে মানসিকভাবে অসুস্থ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, ইমরানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাই তাঁকে দিয়ে এমন অভিযোগ করাচ্ছে।টিভিতে দেওয়া এক ভাষণে শরিফ বলেন, ইমরান এতটাই আত্মকেন্দ্রিক যে তিনি মনে করেন, তিনি যদি ক্ষমতায় না থাকেন, তাহলে দেশেও স্থিরতা থাকবে না। তিনি আরও বলেন, যাঁরা ইমরানকে জেলে দেখতে যাচ্ছেন, তাঁরা সেনার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন। এর মধ্যেই গত কয়েক দিনে ইমরানের সঙ্গে দেখা করেছেন তাঁর বোন উজমা খান।ইমরান জেল থেকে যে অভিযোগ তুলেছেন তা আরও বিস্ফোরক। তাঁর দাবি, সেনাপ্রধান মুনিরের সিদ্ধান্তই পাকিস্তানকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সন্ত্রাস এমন জায়গায় পৌঁছেছে যা আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। ইমরানের অভিযোগ, মুনির পাকিস্তানের স্বার্থ নয়, বরং পশ্চিমি বিশ্বের মন জিততেই কাজ করছেন। আফগানিস্তানের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে, যাতে আন্তর্জাতিক মহল তাঁকে মুজাহিদ বলে প্রচার করে।জেলে নিজের পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, তাঁকে পুরোপুরি নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়েছে। তিনি এমন একটি সেলে রয়েছেন যেখানে টানা চার সপ্তাহ ধরে কোনও মানুষের মুখ পর্যন্ত দেখেননি। বাইরের জগতের সঙ্গে তাঁর যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন।

ডিসেম্বর ০৭, ২০২৫
দেশ

স্বামী দিল্লিতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতিতে, করাচি থেকে মোদির কাছে ন্যায় ভিক্ষা পাক মহিলার!

করাচিতে স্ত্রীকে রেখে দিল্লিতে নাকি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন স্বামীএমনই গুরুতর অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি সাহায্য চেয়েছেন পাকিস্তানের নাগরিক নিকিতা নাগদেব। এক ভিডিও বার্তায় কান্নাজড়িত গলায় তিনি জানান, এই বিষয়ে তিনি ভারতে অভিযোগও জমা দিয়েছেন।নিকিতা বলেন, ২০২০ সালের ২৬ জানুয়ারি করাচিতে তাঁর বিয়ে হয় পাক বংশোদ্ভূত বিক্রম নাগদেবের সঙ্গে। বিক্রম দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে ভারতের ইন্দোরে থাকেন। বিয়ের পর কিছুদিন স্বামীর সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু পরে ভিসা সংক্রান্ত সমস্যার কথা বলে তাঁকে আটারি সীমান্ত দিয়ে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়। সেই থেকেই তিনি পাকিস্তানে আটকে আছেন।নিকিতার অভিযোগ, বিক্রম আর কখনও তাঁকে ভারতে ফিরিয়ে আনতে চাননি। বরং ধীরে ধীরে শ্বশুরবাড়ির আচরণও বদলে যায়। তিনি দাবি করছেন, স্বামীর নাকি তাঁরই এক আত্মীয়ের সঙ্গে অসৎ সম্পর্ক রয়েছে। নিকিতা বলেন, বিষয়টি যখন শ্বশুরকে জানান, তিনি গুরুত্ব না দিয়ে বলেনছেলেরা প্রেম তো করবেই, এতে কিছু করার নেই।নিকিতা আরও জানান, করোনাকালেই তাঁকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। তারপর থেকে তিনি বারবার স্বামীকে অনুরোধ করেছেন তাঁকে ভারতে ফিরিয়ে আনতে। কিন্তু বিক্রম প্রতিবারই তা এড়িয়ে গিয়েছেন।অত্যন্ত আবেগপ্রবণ হয়ে নিকিতা বলেন, ভারতের প্রতিটি নারীর ন্যায় পাওয়ার অধিকার আছে। তিনি ন্যায়ের আবেদন জানিয়ে বলেন, যদি আজ তিনি বিচার না পান, তবে বহু মহিলারই ন্যায়বিচারের উপর বিশ্বাস নষ্ট হয়ে যাবে। শ্বশুরবাড়িতে বহু নারী যে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন, সেই কথাও তুলে ধরেন তিনি। শেষে সকলের কাছে সমর্থন চান নিকিতা।

ডিসেম্বর ০৭, ২০২৫
বিদেশ

দুবাই-আবুধাবিতে আর যাওয়া যাবে না? পাকিস্তানিদের ভিসা নিয়ে বড় ধাক্কা

অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া কার্যত বন্ধ করে দিল সংযুক্ত আরব আমিরশাহি। সম্প্রতি পাকিস্তানের সেনেটের মানবাধিকার সংক্রান্ত কমিটির বৈঠকে এই তথ্য প্রকাশ্যে আনেন সে দেশের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব Salman Chaudhry। তিনি জানান, একবার এই ধরনের নিষেধাজ্ঞা জারি হলে তা প্রত্যাহার করানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র Dawn-এর রিপোর্ট অনুযায়ী, পরিস্থিতি ইতিমধ্যেই অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছে।অভিবাসন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এইসাম বাইগের দাবি, সমস্যার মূল কারণ হল বহু পাকিস্তানি নাগরিক কাজের ভিসা না নিয়ে ভিজিট ভিসায় এসে ভিক্ষাবৃত্তি ও বেআইনি কাজকর্মে জড়িয়ে পড়ছেন। এই প্রবণতাই আমিরশাহি প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য করেছে। বর্তমানে শুধু ব্লু ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।পাকিস্তানের সেনেটের মানবাধিকার কমিটির চেয়ারপার্সন Samina Mumtaz Zehri জানিয়েছেন, অত্যন্ত অল্প সংখ্যক নাগরিক বহু বাধা পেরিয়ে ভিসা পাচ্ছেন। তার আগেই ভিসা আবেদনের ক্ষেত্রে পুলিশের দেওয়া চরিত্র শংসাপত্র বাধ্যতামূলক করেছিল আমিরশাহি প্রশাসন।গালফ দেশগুলির মধ্যে বিশেষ করে Dubai ও Abu Dhabi বহু বছর ধরেই পাকিস্তানি ভ্রমণকারী ও কর্মপ্রার্থীদের পছন্দের গন্তব্য। প্রতি বছর গড়ে ৮ লক্ষেরও বেশি পাকিস্তানি নাগরিক উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কাজের খোঁজে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু নতুন এই নিষেধাজ্ঞায় কার্যত থমকে যেতে বসেছে সেই প্রবাহ।২০২৪ সালের ডিসেম্বর মাসে আমিরশাহি, Saudi Arabia ও আরও কয়েকটি উপসাগরীয় দেশ অন্তত পাকিস্তানের ৩০টির বেশি শহরের বাসিন্দাদের জন্য অনির্দিষ্টকালের ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল। বিদেশে ভিক্ষাবৃত্তি, পাচার, মাদক ব্যবসা ও মানবপাচারের মতো গুরুতর অপরাধে পাকিস্তানি নাগরিকদের বারবার ধরা পড়ার পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।এই পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় পডকাস্টার Nadir Ali। এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌদি আরব ও দুবাই একসময় যেখানে পাকিস্তানিদের কাছে স্বপ্নের গন্তব্য ছিল, এখন সেখানে ভিসা পাওয়াই প্রায় অসম্ভব। এমনকি তিনি নিজেও IIFA Awards অনুষ্ঠানে যেতে গিয়ে মারাত্মক সমস্যার মুখে পড়েছিলেন। তাঁর দাবি, ক্রমবর্ধমান ভিক্ষাবৃত্তির ঘটনায় সৌদি সরকার পাকিস্তানকে একাধিকবার সতর্কও করেছে।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার এই আমিরশাহিই এবং সেখানে বিপুল সংখ্যক পাকিস্তানি প্রবাসী দীর্ঘদিন ধরে বসবাস ও কাজ করছেন। ফলে এই ভিসা সংকট শুধু ভ্রমণ কিংবা চাকরি নয়, আর্থিক লেনদেন ও দুই দেশের সম্পর্কের উপরেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লক্ষ লক্ষ পাকিস্তানি যুবকের সামনে এখন একটাই প্রশ্নমধ্যপ্রাচ্যের দরজা কি সত্যিই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে?

নভেম্বর ২৮, ২০২৫
দেশ

ভারতীয় নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে! কর্নাটকে গ্রেপ্তার দুই যুবক, সামনে একের পর এক বিস্ফোরক তথ্য

ভারতের নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে কর্নাটকের উদুপিতে গ্রেপ্তার হলেন দুই যুবক। অভিযোগ এতটাই গুরুতর যে কোচিন শিপইয়ার্ডের সিইও নিজে পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন। ধৃতদের পরিচয় রোহিত (২৯) এবং সানত্রী (৩৭), দুজনেই উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা। দেশবিরোধী এই কর্মকাণ্ড ঘিরে এখন উত্তপ্ত গোটা দক্ষিণ ভারত।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, রোহিত একসময় কেরলের কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কাজ করতেনযে শিপইয়ার্ড ভারতীয় নৌসেনার রণতরী, সাবমেরিন থেকে শুরু করে একাধিক অতি গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প তৈরি করে। অভিযোগ, সেখানেই কাজ করার সময় তিনি বিভিন্ন নৌগোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করতেন। পরে তিনি কর্নাটকের একটি জাহাজ নির্মাণ সংস্থায় যোগ দিলেও পাচার বন্ধ হয়নি। বরং আরও নিয়মিতভাবে একই কাজ চালিয়ে যেতে থাকেন তিনি।শিপইয়ার্ডের সিইওর নজরে আসে তাঁর সন্দেহজনক গতিবিধি। তথ্য যত বেরোতে থাকে, ততই স্পষ্ট হয় যে রোহিতের কাছে পৌঁছে গিয়েছে এমন কিছু নথি ও চিত্র, যা কোনও ভাবেই সাধারণ কর্মীর কাছে থাকার কথা নয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।রোহিতকে জেরা করতেই উঠে আসে সানত্রীর নাম। জানা যায়, বারবার সানত্রীর সঙ্গে যোগাযোগ করতেন রোহিত। তাঁর কাছেও কিছু গোপন তথ্য পাঠানো হয়েছে বলে দাবি পুলিশের। তবে সানত্রীর ভূমিকাটি কতটা গভীর, তিনিও পাচার নেটওয়ার্কের অংশ কি নাসবটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ সূত্রের দাবি, গোটা চক্রটির পেছনে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর কোনো যোগ রয়েছে কি না, তাও প্রধানত পরীক্ষা করা হচ্ছে। কীভাবে এত বড় নিরাপত্তা সংস্থার ভিতর থেকে তথ্য চুরি হল, কীভাবে তা বিদেশে পৌঁছলসবকিছুর দিকেই নজর তদন্তকারীদের।দেশের নৌসেনা সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাচারের ঘটনায় ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে গোটা রাষ্ট্রযন্ত্রে। তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ পাচ্ছে বহু অজানা তথ্য, আর ততই স্পষ্ট হচ্ছে চক্রটি আরও বড় হতে পারে।

নভেম্বর ২২, ২০২৫
রাজনীতি

খালিস্থানির পর এবার পাকিস্তানি? কি আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতার

বাংলা ভাষা দিবসের অনুষ্ঠানে উঠলো খালিস্থানি বিতর্ক। বুধবারই এ বিষয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত করেছিলেন শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার বাংলা ভাষা দিবসের অনুষ্ঠানেও এ বিষয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপিকে।দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী খালিস্তানি ইস্যুটি তুলে ধরেন। বলেন, একটা পাঞ্জাবি অফিসার কী অপরাধ করেছিল? সে ডিউটি করছিল। সে পাগড়ি পরেছিল বলে তাকে খালিস্তানি বলে দেবেন? কত মুসলিম অফিসার আছে, এবার তো মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন।নানা সময় তাঁর নানা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। জোটে ব্যাঙ্গ বিদ্রুপও। তখন অতটা কঠোর না হলেও খালিস্তানি বিতর্কে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমাকে তো কতবার কত কিছু বলে ব্যঙ্গ করা হয়েছে। আমি নিজেরগুলোকে নিয়ে অতটা মাথা ঘামাই না। তবে দুএকজন হঠাৎ করে গজিয়ে উঠেছে। বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। এই জিনিস আমরা বরদাস্ত করব না। বাংলার মাথানত হতে দেব না। বাংলার অধিকার কীভাবে রক্ষা করতে হয়, আমরা জানি।মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সন্দেশখালির উদ্দেশে রওনা দেয়। ধামাখালিতে তাঁদের বাধা দেওয়া হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি নেতৃত্ব পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেখানেই পুলিশের ব্যারিকেডের মাঝে শিখ পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে খালিস্তানি বলা হয়েছে বলে অভিযোগ। এরকম বলার জন্য ওই পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমের সামনেই প্রতিবাদে সরব হন।

ফেব্রুয়ারি ২১, ২০২৪

ট্রেন্ডিং

রাজ্য

পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি! দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

মুর্শিদাবাদের লালগোলায় দুই মাসের শিশুকে পুকুরে ফেলে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লাইলি খাতুন (১৯)। শুক্রবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় লালগোলার ভরকুনটা গ্রামে লাইলির পরিবারের মধ্যে অশান্তি হয়। সেই ঘটনার পর থেকেই নিখোঁজ হয়ে যায় তাঁর দুই মাসের পুত্রসন্তান। শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তাঁরা জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।এরপর তড়িঘড়ি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে লালগোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এই ঘটনায় শিশুটির ঠাকুমা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা লাইলি খাতুনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শিশুটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন লাইলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তি এবং মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে শিশুটিকে পুকুরে ফেলা হয়েছিল, তার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। মাত্র দুই মাসের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে অশান্ত বাংলাদেশ, ভারতকে বিঁধে কী বললেন তারেক রহমান?

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাম না করে ভারতের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্তব্য, সীমান্তের ওপারের যে দেশে আওয়ামি লিগের নেতারা আশ্রয় নিয়েছেন, সেই দেশই তাঁদের প্রভু। তারেকের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক। সেখানে আওয়ামি লিগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। তাঁর কথায়, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিই এখন তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি সরাসরি ভারতের নাম না করলেও, তাঁর বক্তব্যে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তারেকের এই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনও মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের উপর সেই বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হাসিনার দল আওয়ামি লিগের কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে।গত কয়েক দিনে গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এই অশান্তির জন্য আওয়ামি লিগের নেতা-কর্মীদের দায়ী করছে বাংলাদেশের সরকার। অন্য দিকে, তারেকের মন্তব্যে ভারতের প্রসঙ্গ উঠে আসায় দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি বিতর্কে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অবস্থানই তুলে ধরেছে।

নভেম্বর ২০, ২০২৬
দেশ

রাজস্থানের গ্রামীণ ভোটে বিজেপিকে বড় ধাক্কা, ৩৭ জেলার মধ্যে ২৪টিতে এগিয়ে কংগ্রেস

রাজস্থানের গ্রামীণ রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটের প্রাথমিক ফল এবং গণনার প্রবণতায় রাজ্যের শাসক দল বিজেপিকে পিছনে ফেলে উল্লেখযোগ্যভাবে এগিয়ে গিয়েছে কংগ্রেস। রাজ্যের ৩৭টি জেলার মধ্যে ২৪টিতে কংগ্রেসের অগ্রগতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।জেলা পরিষদের নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস ২৪টি জেলায় এগিয়ে রয়েছে। বিজেপির অবস্থান ৮টি জেলায়। নির্দল ও অন্যান্য রাজনৈতিক দল ৪টি জেলায় এগিয়ে থাকলেও একটি জেলায় এখনও কোনও পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছতে পারেনি। এই পরিসংখ্যান রাজ্যের শাসক শিবিরের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে।পঞ্চায়েত সমিতিতেও কংগ্রেসের দাপটশুধু জেলা পরিষদ নয়, পঞ্চায়েত সমিতির ভোটেও কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি দেখা যাচ্ছে। রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৭৩টির ফলাফল বা ভোটের প্রবণতা সামনে এসেছে। তার মধ্যে ১৯৪টি সমিতিতে কংগ্রেস জয়ী অথবা এগিয়ে রয়েছে। বিজেপির দখলে এসেছে বা এগিয়ে রয়েছে ৮৯টি সমিতি। নির্দল ও অন্যান্য দল ৬৪টি সমিতিতে এগিয়ে রয়েছে।গ্রামীণ স্তরে এই ব্যবধান বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে রাজ্যে ক্ষমতায় থাকার পরও স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দলের সামনে নতুন করে সংগঠন মজবুত করার চ্যালেঞ্জ তৈরি হয়েছে।জয়পুরে কংগ্রেসের বড় জয়, বিজেপির অঙ্কে ধসরাজস্থানের রাজধানী জয়পুরের ফলাফল এবারের নির্বাচনে বিশেষভাবে নজর কেড়েছে। জয়পুর জেলা পরিষদের ৫৭টি আসনের মধ্যে ৪৫টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৩১টি আসন পেয়েছে কংগ্রেস, বিজেপি পেয়েছে মাত্র ১২টি। অন্য প্রার্থীরা জিতেছেন ২টি আসনে।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জয়পুর জেলা পরিষদের বর্তমান চেয়ারপার্সন রমা চোপড়াও নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়পুরের ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির সাফল্য সীমাবদ্ধ থেকেছে মাত্র ২টি সমিতিতে। রাজধানী সংলগ্ন এলাকায় এই ফল শাসক দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।মুখ্যমন্ত্রীর কেন্দ্রেও বিজেপির চ্যালেঞ্জ, এগিয়ে RLPরাজনৈতিক ধাক্কার আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বিধানসভা কেন্দ্র সাঙ্গানের থেকে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নাগৌরের সাংসদ হনুমান বেনিওয়ালের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (RLP)।মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় অন্য দলের এই সাফল্য রাজ্যের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির কাছে এটি শুধুমাত্র স্থানীয় নির্বাচনের ফল নয়, বরং দলের রাজনৈতিক প্রভাব ও সাংগঠনিক শক্তি নিয়েও নতুন করে মূল্যায়নের পরিস্থিতি তৈরি করেছে।ভোটের ফল কি রাজস্থানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে?নির্বাচনের আগে যুব সমাজের আন্দোলন, বিরোধীদের ভোট কারচুপির অভিযোগ এবং UGC-র নতুন বিধি ঘিরে বিতর্কসহ একাধিক রাজনৈতিক ইস্যু রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সেই আবহেই পঞ্চায়েত ভোটে কংগ্রেসের এই অগ্রগতি বিরোধী শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাতে পারে।যদিও পঞ্চায়েত নির্বাচনের ফল সরাসরি রাজ্য সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবুও গ্রামীণ ভোটের এই বার্তা উপেক্ষা করা কঠিন। রাজস্থানে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি স্থানীয় স্তরে জনসমর্থন পুনরুদ্ধার এখন দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে, অভ্যন্তরীণ মতপার্থক্য সত্ত্বেও কংগ্রেসের এই সাফল্য আগামী দিনের রাজনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

নভেম্বর ২০, ২০২৬
কলকাতা

আরজি করের প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইকে ফের চাপে ফেলল হাইকোর্ট! কী নির্দেশ বিচারপতির?

আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে হাসপাতালে ভাঙচুর এবং তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে সিবিআই কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শোনার পাশাপাশি ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। এই বিষয়টি তদন্তের বাইরে রাখা যাবে না।তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ নিয়ে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করেছে আদালত। তাই আরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ, ২০২৪ সালের ৯ অগস্ট থেকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যত অভিযোগ উঠেছে, তার সবকটিই সিবিআইকে তদন্তের আওতায় আনতে হবে।অর্থাৎ, চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা থেকে শুরু করে পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ লোপাট এবং হাসপাতালে ভাঙচুরের অভিযোগও খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ডিসেম্বর।এর আগে গত ১ অক্টোবর মামলার শুনানিতে রাজ্য পুলিশের দায়ের করা একটি এফআইআর সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ৯ অগস্ট থেকে ওঠা সমস্ত অভিযোগ তদন্তের আওতায় আনার নির্দেশ দিল আদালত। ফলে আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

ট্রেনে রিলস দেখা, স্পিকারে গান শোনা বন্ধ করুন! নিয়ম না মানলে গুনতে হতে পারে ১ হাজার টাকা

ট্রেনে জোরে ফোনে কথা বলা, স্পিকারে গান শোনা কিংবা মোবাইলে ভিডিও চালিয়ে অন্য যাত্রীদের বিরক্ত করার দিন শেষ হতে চলেছে। এ বার থেকে এমন আচরণ করলে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে কথা বলা কিংবা স্পিকারে গান ও ভিডিও চালিয়ে উপদ্রব করলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি রেল আইনে ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার, মোবাইলে জোরে গান শোনা, ভিডিও দেখা কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলার ঘটনা প্রায়ই দেখা যায়। বিশেষ করে রাতের দূরপাল্লার ট্রেনে অনেক যাত্রী মোবাইলে সিনেমা দেখতে বা ফোনে কথা বলতে থাকেন। তাতে পাশের যাত্রীদের ঘুমের অসুবিধা হয়। কেউ আপত্তি জানালে অনেক সময় বচসাও শুরু হয়। এই ধরনের সমস্যা কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল পূর্ব রেল।রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারের দফতর থেকে শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্টেশন এবং ট্রেনের কামরায় যাত্রীদের সচেতন করতে হবে। আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিতেও নিয়মিত ঘোষণা করতে হবে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায় সতর্কতামূলক নোটিস ও স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় এই বিষয়ে বেশি করে প্রচার করতে বলা হয়েছে।যাত্রীদের মোবাইলে গান বা ভিডিও চালানোর সময় ইয়ারফোন ব্যবহার করতে পরামর্শ দেওয়া হবে। ফোন সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার পাশাপাশি রিংটোনের আওয়াজ কম রাখতেও বলা হবে। জোরে বা দীর্ঘক্ষণ ফোনে কথা বলে অন্য যাত্রীদের অসুবিধা না করার বিষয়েও সচেতন করা হবে।নির্দেশিকায় রেল আইনের ১৪৫ নম্বর ধারার উল্লেখ রয়েছে। ওই ধারায় উপদ্রবের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছমাস পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। এ ধরনের ঘটনায় টিকিট পরীক্ষক এবং তাঁর ঊর্ধ্বতন পদমর্যাদার উপযুক্ত বাণিজ্যিক কর্মীরা রেল আইনের আওতায় ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।নির্দেশিকা কার্যকর করার পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তার রিপোর্ট দ্রুত জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিভিশনগুলিকে। প্রতিটি স্টেশনের নোটিস বোর্ডেও এই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ট্রেনের কামরায় মোবাইলের আওয়াজ নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যায় এ বার কতটা লাগাম পড়ে, সেটাই দেখার।

নভেম্বর ২০, ২০২৬
রাজ্য

টানা বৃষ্টিতে মাঠেই নষ্ট হতে পারে ফসল! ক্ষয়ক্ষতির হিসাব চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও বৃষ্টির জলে ডুবে গিয়েছে চাষের জমি, কোথাও আবার মাঠেই পড়ে রয়েছে পাকা ধান। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য সরকার। বৃষ্টির জেরে কোন জেলায় কতটা ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন।কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি সবচেয়ে বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কতএই সমস্ত তথ্য দ্রুত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আবহাওয়ার উন্নতি হলেই ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজ শুরু করবে কৃষি দফতর। সমীক্ষায় জমির পরিমাণ, ক্ষতিগ্রস্ত ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব খতিয়ে দেখা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহ করতে চাইছে রাজ্য। সে জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কৃষকেরা ১৪৪৪৭ নম্বরে ফোন করে তাঁদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতেও ক্ষতির পরিমাণ যাচাই করা হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে মাঠের ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। কোথাও জমিতে জল জমে ফসল ডুবে গিয়েছে, আবার কোথাও পাকা ধান মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।শুধু ধান নয়, শীতকালীন সবজির চাষ নিয়েও চিন্তায় কৃষকেরা। এই সময়ে জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এবং লঙ্কার চারা থাকে। টানা বৃষ্টিতে মাটি অতিরিক্ত ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতে সবজির ফলন কমতে পারে। এর প্রভাব পড়তে পারে বাজারদরেও। সব মিলিয়ে বৃষ্টির জেরে কৃষিক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে, তা জানতে এখন জেলা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় রাজ্য সরকার।

নভেম্বর ২০, ২০২৬
খেলার দুনিয়া

বুমরাহর বোলিংয়ে দিশেহারা কিউই ব্যাটার, বলের গতিপথ বুঝতেই হিমশিম খাচ্ছেন প্রতিপক্ষ

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের সামনে যেন এক অমীমাংসিত ধাঁধা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বল কখন ভিতরে ঢুকবে, কখন সোজা বেরিয়ে যাবে, কিংবা কখন নিখুঁত ইয়র্কারে ব্যাটারের পায়ের সামনে আছড়ে পড়বেআগাম আন্দাজ করাই কঠিন। বেসিন রিজার্ভে বুমরাহর এই মায়াবী বোলিংয়ের সামনে কার্যত দিশেহারা কিউই ব্যাটাররা। তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ইয়ান স্মিথও।চা-বিরতির আলোচনায় বুমরাহর বোলিং নিয়ে স্মিথের মন্তব্য ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর মতে, বুমরাহর সামনে ব্যাটাররা নিজেদের সিদ্ধান্তের উপরেই বিশ্বাস রাখতে পারছেন না। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের উইকেট পতনের পর থেকেই যেন এই মানসিক চাপ আরও স্পষ্ট হয়ে ওঠে। বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে বিপাকে পড়েন ব্যাটাররা। বুমরাহর বলে ঠিক কী ঘটতে চলেছে, সেই অনিশ্চয়তাই ক্রমশ তাঁদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে।ল্যাথামের উইকেট ছিল বুমরাহর দক্ষতার এক অসাধারণ নিদর্শন। অফ স্টাম্পের বাইরে যাচ্ছে ভেবে বল ছেড়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক। কিন্তু শেষ মুহূর্তে বলের গতিপথ বদলে ভিতরের দিকে ঢুকে সরাসরি অফ স্টাম্প উড়িয়ে দেয়। নিখুঁত লাইন, নিয়ন্ত্রিত সুইং এবং অবিশ্বাস্য সময়জ্ঞানসব মিলিয়ে কার্যত নিখুঁত এক ডেলিভারি।বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বুমরাহর ইনসুইং এখন পরিচিত অস্ত্র। কিন্তু এই পরিচিত অস্ত্রকেই বারবার নতুন করে বিপজ্জনক করে তুলছেন তিনি। ২০১৮ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের কিটন জেনিংসকে একই ধরনের বলে বোল্ড করে চমকে দিয়েছিলেন বুমরাহ। সেই সময় তাঁর ইনসুইং নিয়ে সংশয় ছিল ক্রিকেট মহলে। আজ সেই বলের রহস্য অনেকটাই পরিচিত হলেও বুমরাহর নিয়ন্ত্রণ এবং নিখুঁত প্রয়োগ তাঁকে এখনও অপ্রতিরোধ্য করে তুলেছে।শুধু সুইং নয়, বুমরাহর বোলিং অ্যাকশনও ব্যাটারদের বিভ্রান্তির অন্যতম কারণ। বল ছাড়ার মুহূর্তে তাঁর কব্জি ও আঙুলের অবস্থান এমন এক বিভ্রম তৈরি করে, যাতে ব্যাটাররা বলের প্রকৃত দিক বুঝতে পারেন না। ডানহাতি ব্যাটারদের কাছে ভিতরে ঢুকছে বলে মনে হওয়া বল অনেক সময় পিচে পড়ে সোজা বেরিয়ে যায়। এই বিভ্রান্তির ফাঁদেই টম ব্লান্ডেল স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান।ড্যারিল মিচেলের উইকেটের পিছনে ছিল বুমরাহর কৌশলী পরিকল্পনা। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বোলারের লেংথ নষ্ট করার চেষ্টা করছিলেন মিচেল। তাঁর এই পরিকল্পনা বুঝে ফিল্ডিং সাজানোর পরিবর্তন করেন বুমরাহ। যশস্বী জয়সওয়ালকে শর্ট-লেগে এনে মিচেলকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করেন। এরপর কব্জির সূক্ষ্ম মোচড়ে ভিতরের দিকে ঢোকা বল ছুড়ে দেন। বল ব্যাটের ভিতরের কানায় লেগে শর্ট-লেগে থাকা জয়সওয়ালের কাছে পৌঁছতেই দুরন্ত ক্যাচে তা তালুবন্দি করেন তিনি।দিনের শেষ ভাগে পিচের গতি কমে আসে। ঘাস শুকিয়ে যাওয়ায় সিম মুভমেন্টও অনেকটাই কমে যায়। শেষ পাঁচ ওভারে রান দিলেও বুমরাহর চাপ কমেনি। সেট হয়ে যাওয়া হেনরি নিকোলসকে আচমকা ইয়র্কারে চমকে দেন তিনি। নতুন বলেও ইনসুইং ইয়র্কারের মাধ্যমে ব্যাটারদের সমস্যায় ফেলেন।বৃহস্পতিবার ১৭ ওভার বল করে পাঁচটি মেডেন-সহ মাত্র ৫২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে ভারতের অন্য চার বোলার মিলিতভাবে পেয়েছেন মাত্র দুটি উইকেট, সেখানে একাই ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেন এই তারকা পেসার।বুমরাহর সাফল্যের রহস্য শুধুমাত্র গতি কিংবা সুইংয়ে সীমাবদ্ধ নয়। তাঁর বোলিংয়ের আসল শক্তি লুকিয়ে রয়েছে ব্যাটারের মানসিকতা পড়তে পারা, একই অ্যাকশন থেকে বিভিন্ন ধরনের বল বের করে আনা এবং সঠিক সময়ে সঠিক অস্ত্র প্রয়োগে। ফলে ব্যাটাররা প্রতিটি বল খেলার আগে দ্বিধায় পড়ে যাচ্ছেনএই অনিশ্চয়তাই বুমরাহর সবচেয়ে বড় সাফল্য।ইয়ান স্মিথের মন্তব্য তাই নিছক প্রশংসা নয়, বুমরাহর বোলিংয়ের মনস্তাত্ত্বিক প্রভাবের যথার্থ ব্যাখ্যা। ব্যাটাররা যখন বোলারের বলের চেয়ে নিজের সিদ্ধান্ত নিয়েই বেশি সন্দিহান হয়ে পড়েন, তখন সেই বোলার যে কতটা ভয়ংকর হয়ে উঠেছেন, তা সহজেই বোঝা যায়।

নভেম্বর ২০, ২০২৬
বিদেশ

রিয়াধের সর্বোচ্চ বহুতলে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আর্থিক কেন্দ্র, হতাহতের খবর নেই

রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হল শহরের অন্যতম উচ্চতম বহুতল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF)-এর সদর দফতর। বৃহস্পতিবার ভোরের এই হামলায় বহুতলের একাধিক তল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।হামলার পর রিয়াধের কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে নিরাপত্তা জোরদার করা হয়। ভবন থেকে কর্মী ও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও দমকল বাহিনী। বিস্ফোরণের অভিঘাতে বহুতলের বেশ কয়েকটি জানলা ভেঙে যায়।সূত্রের দাবি, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি ওই বহুতলে আঘাত হানে। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রাথমিক বক্তব্য ছিল, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা।প্রায় ৩৮৫ মিটার উচ্চতার এই বহুতলে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দফতর রয়েছে। সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে বহুমুখী করার বিভিন্ন প্রকল্পে এই সংস্থা অর্থায়ন করে।চলতি মাসে রিয়াধের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি প্রশাসনিক ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।ইয়েমেনকে কেন্দ্র করে সৌদি আরবের সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ইঙ্গিত, এই অভিযান আরও ছয় মাস চলতে পারে। ফলে রিয়াধ ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ২০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal