• ৪ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ২৩ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Mythology

নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - তৃতীয় পর্ব

মৎসদেশের মহারাজ বিরাট নিজের সিংহাসনে বিরাজমান, এখনো পর্যন্ত মোট চারজন তার রাজদরবারে নিযুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। একজন সুদর্শন ব্যক্তি প্রথমে এসে নিজের পরিচয় দিয়েছেন অঙ্কন নামে, তিনি নাকি পাশা খেলায় পারদর্শী আর কে না জানে মহারাজ বিরাট পাশা খেলায় তীব্র আসক্ত।কিছুক্ষন পরেই আরো একজন ব্যক্তি এলেন আর নিজের পরিচয় দিলেন তন্ত্রীপাল বলে, তিনি নাকি গো রক্ষক ছিলেন ইন্দ্রপ্রস্থ্যর গোশালায়। এনার পরে জিনিস এলেন তাকে নিঃসন্দেহে এই ভূভারতের সবচেয়ে সুদর্শন ব্যক্তিগত বলা চলে আর ইনি কিনা নিজেকে পরিচয় দিলেন গ্রন্থিক বলে আর কাজ চাইলেন মহারাজের অশ্বসালায়। গ্রন্থিক যখন রাজসভায় পদার্পন করে নিজের পরিচয় দিচ্ছিলেন তখন অন্দরমহলের নারীরাও পর্দার আড়ালে উপস্থিত হয়ে চাক্ষুস করছিলেন এই পুরুষকে। মহামন্ত্রী বলেও বসলেন, তোমায় দেখে মনে হয়না এই কাজ তোমার পেশা। তখন গ্রন্থিক বলেন, মহামন্ত্রী, আজ পর্যন্ত আমি যেখানেই উপস্থিত হয়েছি সেখানেই এই একই কথা শুনেছি তবে বিশ্বাসযোগ্য নাহলেও এটাই সত্যি যে মহারাজ যুধিষ্টিরের পতনের পর এই অধমের কপালে চরম দুর্যোগ নেমে এসেছে।গ্রন্থিক বিদায় নেওয়ার পরেই সেখানে উপস্থিত হন সৈরিণী, এক অপরূপ নারী। চোখ যেন পদ্মফুল আর শরীরে অগ্নিদেবের তেজ। সেই নারী নিজেকে পরিচয় দিলেন মহারানী দ্রৌপদীর পরিচারিকা হিসাবে কিন্তু মহারাজের প্রধান সেনাপতির এই কথা বিশ্বাস হলোনা, এতক্ষন তিনি সৈরিণীর রূপে এতটাই ডুবে গেছেন যে এই নারীকে না পেলে তার জীবন বৃথা মনে হচ্ছে, সৈরিণীর উদ্দেশ্যে তিনি বললেন, তুমি দ্রৌপদীর পরিচারিকা ছিলে কিনা সে বিষয়ে আমি সন্দীহান কারণ রূপ রসে তুমি কোনোদিক থেকেই দ্রৌপদীর থেকে কম নও। সৈরিণী বুঝলেন সেনাপতি কিচকের অভিসন্ধি কিন্তু এই মুহূর্তে এই কাজের বড্ড দরকার তার। মহারাজ তাকে মহারানী সুদেষ্ণার পরিচারিকা রূপে নিযুক্ত করলেন।এরপর যিনি এলেন তিনি যেন এক পাহাড়সমান লম্বা এবং শরীর দেখলে যেকোনো বীরের বুকে কম্পন সৃষ্টি হতে পারে আর এই ব্যক্তি এসে দাবি করলেন তিনি নাকি অসাধারণ রাঁধতে পারেন। কথাটা সত্য কিনা জানতে তৎক্ষণাৎ মহারাজ তাকে প্রমান দিতে বললেন আর নিয়ে গেলেন রন্ধনসালায়। বল্লভও প্রমান দিলেন তার হাতের জাদু, মহারাজ তখনই তাকে রন্ধনসালায় প্রধান ঠাকুর হিসাবে নিযুক্ত করলেন।এর কিছুক্ষন পর সভায় এসে উপস্থিত হলেন যিনি তাকে দেখে সকলে বেশ অবাক হলেন। শরীর একজন বীরপুরুষের ন্যায়, চোখের তেজ দেখলে মনে হয় এক দুর্নিবার যোদ্ধা কিন্তু পরনের পোশাক নারীদের ন্যায়, এমনকি কণ্ঠস্বরও নারীদের মতন, তিনি নিজেকে পরিচয় দিলেন বৃহন্নলা হিসাবে আর প্রার্থনা করলেন কুমারী উত্তরার নৃত্য গুরু হওয়ার। মহারাজ বহুদিন যাবৎ একজন গুরুর সন্ধান করছিলেন বটে কিন্তু সে এভাবে হাজির হবে তিনি ভাবেন নি। নিজের কৌতূহল চাপতে না পেরে তিনি বললেন, বৃহন্নলা, তোমার মতো ব্যক্তিদের এই কাজ না করে যুদ্ধে যাওয়া উচিত, তুমি তোমার বাহুবলে জিতে নিতে পারো যেকোনো যুদ্ধ। বৃহন্নলা, মহারাজ, যুদ্ধের প্রতি আমার কোনো টান নেই তবে প্রয়োজনে অস্ত্র তুলতেও আমার কোনো আপত্তি নেই তবে আপাতত আমার এই কাজের খুব দরকার। কৃপা করে এই অধমকে সাহায্য করুন। মহারাজ বিরাট, ঠিক আছে তবে তাই হোক, আজ থেকে রাজকুমারী উত্তরা আর তার সখীদের নৃত্যগুরু হয়েই তুমি থাকো নাহয়। বৃহন্নলা এভাবেই প্রবেশ করলেন রাজপ্রাসাদের অন্ধরমহলে, পরিচয় হলো তার এক রাজকুমারী উত্তরার সাথে। রাজকুমারী উত্তরা যখন নিজের গুরু বৃহন্নলাকে প্রণাম করছিলেন তখন নিজের অজান্তেই কেমন যেন ভাবুক হয়ে উঠেছিলেন বৃহন্নলা। সেইদিন রাতে সৈরিণীর সাথে আলাপ হয় তার আর সৈরিণী বৃহন্নলার প্রতি সন্দেহের চোখে তাকান, তার দৃষ্টি এটা বলে দেয় যে তিনি মোটেও সন্তুষ্ট নন যে বৃহন্নলা সারাদিন নারীবেষ্ঠিত হয়ে থাকবেন এরপর থেকে।তবে বৃহন্নলা সৈরিনিকে বলেন, রাজকুমারী উত্তরাকে দেখে আজ বড্ড মনে পড়ছে আমার শিশু সন্তানের কথা, সেও আজ এতটাই বড়ো হয়ে গেছে হয়তো। দ্বারকায় নিজের মামার কাছে ভালোই আছে আশা করি, তাকে দেখতে বড্ড মন চায়। সে এখন কেমন হবে বলে মনে হয় সৈরিণী? সৈরিণী বৃহন্নলার এই স্বভাবের ব্যাপারে অবগত। দুনিয়া তাকে যেভাবেই চিনুক সৈরিণী চেনে তার এই প্রেমিক পুরুষকে যার মন যথেষ্টই কোমল। সৈরিণী জবাব দেয়, মাধব যার উপর ছত্রছায়া হয়ে রয়েছেন সে অবশ্যই বড়ো বীর।বৃহন্নলা সস্নেহে জড়িয়ে ধরেন সৈরিনিকে।দ্বারকা নগরী: এক অষ্টদশী যুবক একে একে ঘায়েল করে চলেছেন বিশালকার মোল্লযোদ্ধাদের। তার তীরের নিখুঁত নিশানায় চূর্ণ হয়ে চলেছে প্রতিপক্ষের সমস্ত অস্ত্র। একসময় একটা তীর গিয়ে মহামহিম বলরামের হাত থেকেও তার গদা ফেলে দেয়। মহামহিম বলরাম ক্রধিত হওয়ার পরিবর্তে গর্বিত বোধ করেন আর বলেন, মামা শ্রী কৃষ্ণের পরম শিষ্য এতো বড়ো ধনুর্ধারি হয়ে উঠেছে যে আর এক মামার হাত থেকে গদা ফেলে দিতে পারে। বড়ো যোদ্ধা হও ভাগ্নে এই আশীর্বাদ করি তোমায়। বাসুদেব শ্রী কৃষ্ণও এসে উপস্থিত হলেন নিজের ভাগ্নের কীর্তি দেখতে সাথে ভগিনী সুভদ্রা। সামনে তখনও ধনুক হাতে দাঁড়িয়ে অর্জুনপুত্র অভিমুন্য, সকলকে প্রমান জানালেন।শ্রী কৃষ্ণ সুভদ্রাকে বললেন, অর্জুনের প্রতিভা আর তোমার গুনের মিশ্রনে অভিমুন্য এক অজেয় যোদ্ধা, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে অভিমুন্যর নাম। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ২৩, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - দ্বিতীয় পর্ব

কেটে গেছে বহুবছর, আজ ইন্দ্রপ্রস্থ্যের সিংহাসন শুন্য।বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছেন এখানকার চক্রবর্তী সম্রাট, সাম্রাজ্ঞী, সাথে ভীম, নকুল, সহদেব। হস্তীনাপুরে তখন চলছে উৎসব, দুর্যোধন, দুঃ শাসনরা মেতে রয়েছেন আনন্দে। তবে এসবের মধ্যেও দুর্যোধন পত্নী ভানুমতির মন পরে রয়েছে দ্রৌপদীর অভিশাপে, মাঝে মাঝেই স্বপ্নে তিনি দেখতে পান ভীম গদা আঘাত করছে রক্তাক্ত ভূমিষ্ঠ দুর্যোধনের উপর, অর্জুনের তীর ছেয়ে দিয়েছে হস্তীনাপুরের আকাশ। আজও সেরকমই একরাত, আজও প্রায় একই স্বপ্ন তিনি দেখেছেন আর ভেঙে গেছে রাতের ঘুম। ভানুমতির মন আজ বড্ড চঞ্চল, বেরিয়ে এলেন নিজের ঘর থেকে, ধীরে ধীরে রাত কেটে ভোর হয়ে আসছে, সূর্যের প্রথম আলো এসে পড়ছে রাজপ্রাসাদের বারান্দায় আর এখানে থেকেই তিনি স্পষ্ট দেখতে পেলেন এক যুবকের তীক্ষ্ণ নিশানা ভেদ করে গেলো বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা ঘুর্ণায়মান লক্ষ্যকে। যুবকের শরীরে যেন স্বয়ং সূর্যদেবের তেজ। যুবকের পাশে এসে দাঁড়ালেন আর এক যুবক লম্বা চওড়া সুদর্শন ঠিক যেন নিজেরই পিতার প্রতিবিম্ব, দুর্যোধনপুত্র লক্ষণ কুমার আর ওই লক্ষ্যভেদি যুবক হলেন কর্ণপুত্র বৃষসেন।লক্ষন কুমার বললেন, তোমার লক্ষ্যভেদ আমায় তোমার পিতার কথাই মনে করায়, ওনার মতো বীর আমি খুবই কম দেখেছি। তুমি ওনার যোগ্য উত্তরাধিকারী। লক্ষন কুমারের এই কথার উত্তরে বৃষসেন বলেন, আমার জীবনে শুধুই দুটো লক্ষ্য, প্রথম হলো ভীষণ যুদ্ধে পান্ডবদের বিরুদ্ধে মহারাজ দুর্যোধনকে রক্ষা করা আর দ্বিতীয় হলো ওই তৃতীয় পান্ডব অর্জুনকে মুখোমুখি যুদ্ধে পড়াভূত করে এটা প্রমান করা যে তিনি কোনোদিনও শ্রেষ্ট নন। লক্ষণ কুমার বৃষসেনের মধ্যে সেই যোদ্ধাকেই পেলেন যা তারই পিতা অঙ্গরাজ কর্ণের মধ্যে পেয়েছিলেন।দূর থেকে দুই রাজকুমারের এই বন্ধুত্ব দেখে ভানুমতি কিছুটা স্বস্তি পেলেন যেন, তার মনে হলো সত্যিই তো এই যুদ্ধে শুধু দুর্যোধন একা নন তিনি পাশে পাবেন অঙ্গরাজ কর্ণের মতো যোদ্ধা আর তারই সন্তান বৃষসেন যার প্রশংসা স্বয়ং গুরু দ্রোনচার্য করেছেন।ভানুমতি খেয়াল করেন নি কখন পাশে এসে দাঁড়িয়েছেন দুর্যোধন, তার স্পর্শে তিনি বুঝতে পারলেন।দুর্যোধন, আজও তুমি একই বিষয়ে দুঃচিন্তা করছো তো? তোমার মনে বল দেওয়ার জন্য তবে একটা খবর দি শোনো, মিত্র কর্ণ হিমালয় এবং তার সংলগ্ন সমস্ত রাজাদের যুদ্ধে হারিয়ে বাধ্য করেছে হস্তীনাপুরের সামনে মাথা নত করতে, শীঘ্রই সে রওনা দেবে পূর্বে। কর্ণের দৈব কবচ আর অদ্ভুত বিদ্যার সামনে সবাই নগন্য। তুমি এই বিষয়ে আর চিন্তায় করো না। দুর্যোধনের কথায় আশ্বাস পেলেও এখনো ভানুমতি ভুলতে পারেন না ওইদিনের কথা, তখন সদ্য পান্ডবরা বনে গেছেন। এদিকে দুর্যোধনের কথায় রাজি হয়ে সবাই গেলো সেখানে উৎসব করতে আর পান্ডবদের জ্বালাতে নিজেদের বৈভব দেখিয়ে। সূরাপান করে এতটাই মদ্যপ হয়ে উঠলেন সবাই যে কারোর কোনো হুস ছিলোনা, এমন সময় বড়ো অঘটন ঘটিয়ে বসলেন স্বয়ং দুর্যোধন। বনের রাস্তায় এক সুন্দরী গন্ধর্বকন্যাকে দেখে নিজের লালসা সামলাতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন তার উপর, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন নিজের শিবিরে। মেয়েটা কোনোমতে সেই বাঁধন থেকে বেরিয়ে প্রাণ বাঁচায়।দুর্যোধন হয়তো বুঝতে পারেন নি তিনি ঠিক কি করেছেন আর যখন বুঝতে পারলেন তখন খুবই দেরি হয়ে গেছে। সহস্র মায়াবী গন্ধর্ভ ঘিরে ফেলেছে তাদেরকে।যুদ্ধ শুরু হলো দুই পক্ষে, আর যুদ্ধের শুরু থেকেই একে একে কুরু সেনা ভূমিষ্ঠ হতে শুরু করলো। দুর্যোধন গদা হাতে বেরিয়ে এলেন কিন্তু গন্ধর্ভদের মায়ার সামনে তার গদা বেশিক্ষন চললনা, দুঃশাসন, গান্ধাররাজ শকুনি সকলেই পড়াভূত হলেন। তবে এসবের মাঝে ধনুক হাতে বুক ছিটিয়ে লড়াই করতে থাকলেন কর্ণ, একের পর এক গন্ধর্ভ তার হাতে পড়াভূত হলো। কর্ণের তেজ দেখে স্বয়ং চিত্রসেন এলেন আর শুরু করলেন মায়াবী যুদ্ধ। কর্ণ নিজেও ছিলেন মদ্যপ তাই তার লড়াই বেশিক্ষন চললনা, একসময় প্রাণ ভয়ে তিনি বাধ্য হলেন সব ভুলে পালাতে।দুর্যোধন হলেন বন্দি, সেদিন যুধিষ্টির যদি অর্জুন আর ভীমকে না পাঠাতেন তবে দুর্যোধনের মৃত্যু নিশ্চিত ছিল।যে অর্জুনকে ব্যর্থ প্রমানে কর্ণ সর্বদা ব্যাস্ত থাকে সেই অর্জুনই সেদিন একা লড়েছিলেন আর জিতেছিলেন তাই দুর্যোধন জীবিত। এই অর্জুনের সামনে কি সত্যিই কর্ণ ভরসাযোগ্য? এই প্রশ্নই আজও পিছু ছাড়লনা ভানুমতির। তার মনে হয় তিনি যেন সর্বদাই পিছিয়ে রইলেন দ্রৌপদীর তুলনায়। আগে যখন দ্রৌপদী আসতেন হস্তীনাপুরে তখনও তিনি লক্ষ্য করতেন নিজের স্বামীর লালসা দৃষ্টি দ্রৌপদীর উপরে, তাছাড়াও দ্রৌপদীর প্রশংসায় সকলে পঞ্চমুখ। তার রূপের বর্ণনা সমগ্র আর্যবর্তে প্রচলিত সেখানে ভানুমতি দুর্যোধনের স্ত্রী হয়েও আলোচনায় বড্ড কম। আর এখান থেকেই সৃষ্টি হিংসার কাছে হার মেনেছিল তার নারীসত্ত্বা যখন তিনি ভরা সভায় দ্রৌপদীর অপমান উপভোগ করছিলেন।দুর্যোধনের আশ্বাসবাণীর উত্তরে ভানুমতি একটাই কথা বললেন, আমি আপনার উপর এবং আপনার মিত্রের পরাক্রমের উপর সম্পূর্ণ বিশ্বাসী তবে সমুদ্রের শান্ত রূপ দেখে যেমন তার গভীরতা বোঝা যায় না, কৃষ্ণ-অর্জুনের মৌনতাকেও তেমন অবহেলা করবেন না রাজকুমার।দুর্যোধন প্রবল আত্মবিশ্বাসে জবাব দিলো, যেদিন যুদ্ধ হবে সেদিন দেখো, প্রমান পাবে আমি ঠিক মানুষকেই উপযুক্ত পদে নিযুক্ত করেছি। ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১৫, ২০২৬
নিবন্ধ

পাঞ্চালীর ক্রোধ: হস্তিনাপুরের ধ্বংসের ভবিষ্যদ্বাণী - প্রথম পর্ব

হস্তীনাপুরের রাজসভা নিঃস্তব্ধ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোনচার্য সকলে যেন পাথর হয়ে গেছেন। মহামন্ত্রী বিদূর রাগে ঘৃনায় যেন ওই অবস্থায় মৃত্যু স্বীকার করেছেন আর শত কৌরব ভাই একত্রে উল্লাস করছে সামনের দৃশ্য দেখে। দুরাচারী দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানীর কেশ নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে টানতে টানতে নিয়ে আসছে সভার কেন্দ্রস্থলে। মহাবলী ভীম ক্ষনে ক্ষনে গর্জন করছেন কিন্তু আজ এই গর্জনের কোনো প্রভাব বাকিদের উপর পড়ছেনা, নকুল আর সহদেব নিজেদের প্রাণাধিক প্ৰিয় পত্নীর এই অসহায় অবস্থা চোখে দেখতে পারছেন না, কানে বাজছে দুর্যোধনের লালসার বিকৃত সিংহনাদ, গান্ডিবধারী বীরশ্রেষ্ট অর্জুন নিজের পরাক্রমের উপরে সন্দীহান আর ধর্মরাজ যুধিষ্টির আজ পাশার চক্রব্যুহে এমন জড়িয়েছেন যে এহেন অধর্মেও তিনি নিঃস্তব্ধ, সব হারিয়ে আজ নিঃস্ব।দ্রৌপদী দুঃশাসনের হাত ছাড়িয়ে প্রথমে দৌড়ে গেলেন মহামহিম ভীষ্মর কাছে, করজোড়ে প্রার্থনা করলেন তাকে যেন তিনি উদ্ধার করেন কিন্তু বীরত্বের প্রতীক হয়েও তিনি অস্ত্র তুললেন না এক নারীর জন্য। মহামহিমের নিঃস্তব্ধতা দ্রৌপদীর মনে ছুরির মতো বিধলো, সে এবারে একই প্রার্থনা ক্রমে দ্রোনচার্য, মহামন্ত্রী বিদূর সবাইকেই করলো কিন্তু কেওই কোনো উত্তর দিলো না, যেন তার এই ক্রন্দন এই নিস্প্রান পাথরগুলোর সামনে কিছুই না। তার পাঁচ বীর স্বামী পরাজয় স্বীকার করে মাটিতে বসে।দুর্যোধন এবারে গর্জন করে উঠলো, দাসী দ্রৌপদী, নিজের মর্যাদা উলঙ্ঘন করোনা, তোমার স্থান বাকি দাসীদের সাথেই, সেখানেই তোমায় থাকতে হবে। দুর্যোধনের এই কথার উত্তরে দ্রৌপদী জানায়, ওরে মূর্খ রাজকুমার, আমি পাঞ্চালি, ইন্দ্রপ্রস্থ্যের পাটরানী হওয়ার আগে পাঞ্চাল রাজ্যের রাজকন্যা, যার পিতার কাছে তোরা শত কৌরব ভাই বন্দি হয়েছিলি আর আজও আমার পিতা মহারাজ দ্রুপদ আর আমার ভ্রাতা ধৃষ্টধুম্ন যদিও একত্রে সেনা নিয়ে আসে তবে আমি এবং আমার স্বামী সকলেই স্বাধীন হবোই সাথে এই হস্তীনাপুর ধ্বংস করে দেবো। দুর্যোধন, এতো বড়ো সাহস? একজন সামান্য দাসী হয়ে নিজের প্রভুর সাথে এই ব্যবহার। দুঃশাসন নীরবস্ত্র করো এই নারীকে, এই সভায়। দুর্যোধনের এই নিষ্ঠুর দাবি শুনেও বাকিরা মৌন রইলেন, যেন কেও কিছু শুনতেই পায়নি। ভীম গর্জন করে উঠলো, দ্রৌপদীর অঙ্গে কেও স্পর্শ করলে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দেবো দুর্যোধন। ভীমের এই গর্জনেও কোনো লাভ হলোনা।কৌরবদেরই আর এক ভাই বিকর্ন এইসময় উঠে দাঁড়ালেন আর প্রতিবাদ করলেন নিজের জ্যেষ্ঠ ভাই দুর্যোধনের এই ঘৃণ্য দাবির, সাথে নিজের পিতা জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও তিরস্কার করলেন। তবে দুর্যোধনের সামনে সেও অসহায়, তার প্রতিবাদ টিকলোনা দুর্যোধনের অহংকারের সামনে। উল্টে দুর্যোধনের পক্ষে নিয়ে অঙ্গরাজ কর্ণ বললেন, নিজের ভাইকে অপমান করছো রাজকুমার? তাও এমন এক নারীর জন্য যে কিনা পাঁচজন পুরুষের সাথে সম্পর্ক রাখে? বেশ্যা হয় এরকম নারী। দুঃশাসন আর সময় নস্ট না করে এগোলেন দ্রৌপদীর দিকে, টান দিলেন তার তার বস্ত্র ধরে। আর দ্রৌপদী তখন চোখ বন্ধ করে স্মরণ করতে শুরু করলেন পরম ঈশ্বরকে। দুঃ শাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান মেরেই গেলেন, তার পিছনে হলুদ বস্ত্রের পাহাড় তৈরী হয়ে গেলো কিন্তু দ্রৌপদীর শরীর নীরবস্ত্র করা সম্ভব হলোনা। ক্রমে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন দুঃশাসন। এহেন দৈবিক ঘটনা দেখে সভায় উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন, তারা ভাবতেও পারেন নি এরকম কিছু ঘটতে পারে আর যখন তারা দ্রৌপদীর দিকে তাকালেন তখন অগ্নিকন্যা দ্রৌপদীর ওই জ্বলন্ত চোখ দুটি দেখে ভয়ে আঁতকে উঠলেন। এতক্ষনে সভায় এসে উপস্থিত হয়েছেন মাতা কুন্তী আর মহারানী গান্ধারী কিন্তু অনেক দেরি করে ফেলেছেন তারা। দ্রৌপদী সভাস্থলে দাঁড়িয়ে বলে বসলেন, এই অশুদ্ধ সভাস্থলে কেও এমন ছিলোনা যে একজন নারীর অপমানে প্রতিবাদ করতে পারতো। আজ যারা যারা এই সভায় বসে এই ঘোর পাপকে সমর্থন জানিয়েছেন নিঃস্তব্ধভাবে তারা প্রত্যেকেই কঠিন মৃত্যু পাবেন যা গোটা বিশ্ব মনে রাখবে শতাব্দী পর শতাব্দী। এক এক করে সকলের মৃত্যু হবে, এই হলো যাজ্ঞশিনী দ্রৌপদীর অভিশাপ আর এই অভিশাপে শেষ হয়ে যাবে কৌরবকুল। এই বলে দ্রৌপদী সভাস্থল ছাড়লেন, আর দ্রৌপদীর এই অভিশাপ শুনে মাতা গান্ধারীর বুক কেঁপে উঠলো কারণ তিনি ইতিমধ্যে নিজের বংশের অন্তিম সময় দেখতে পাচ্ছেন, তিনি তৎক্ষণাৎ মহারাজকে এক স্ত্রী হিসাবে অনুরোধ করলেন পান্ডবদের সব ফিরিয়ে দেওয়ার জন্য।মহারাজ ধৃতরাষ্ট্র নিজেও এতক্ষনে বুঝে গেছেন দ্রৌপদী কোনো সাধারণ নারী নয় আর দ্রৌপদীর অসম্মান করে দুর্যোধন নিজের বিনাশ ডেকে এনেছে তাই তিনিও পান্ডবদের সব ফিরিয়ে দিতে রাজি ছিলেন তবে এখানে আবারও বাঁধ সাধলো গান্ধার রাজ শকুনি। তিনি বললেন এভাবে সব ফিরিয়ে দেওয়া উচিত না, ধর্মরাজ যুধিষ্টিরের কাছে সুযোগ ছিল হার মানার এবং থেমে যাওয়ার কিন্তু উনি নিজে নিঃস্ব হওয়া বেছে নিয়েছেন তাই কিছু শাস্তি তাদেরকে পেতেই হবে। এই কথার সমর্থনে দুর্যোধন নিজের প্রস্তাব দিলো এই যে পান্ডবদের বারো বছরের বনবাস আর এক বছরের অজ্ঞাত বাস পালন করতে হবে আর যদিও এই শেষের একবছর শেষ হওয়ার আগে তারা ধরা পরে যায় তবে তাদেরকে আবারও একই শাস্তি পালন করতে হবে।ধর্মরাজ যুধিষ্টির এই শর্তে রাজি হন, তবে সভা ছাড়ার আগে ভীম সভার কেন্দ্রে এসে বলে, এই সভা আজ আমার স্ত্রীর অপমান দেখেছে, এই সভা এরপর এই রাজকুমারদের রক্ত দেখবে। যে হাত দিয়ে আজ দুঃশাসন দ্রৌপদীর কেশ ধরার সাহস করেছে সেই হাত আমি উপড়ে ফেলবো আর বুক ছিঁড়ে ওর রক্তপান করবো। যে দুর্যোধন দ্রৌপদীকে নিজের জঙ্ঘায় বসার ইঙ্গিত করেছে তার আমি মৃত্যু দেবো ওই জঙ্ঘা ভেঙেই। সাথে এই শত ধৃতরাষ্ট্র সন্তানের মৃত্যু হবে কেবল আমার হাতে, এই হলো কুন্তীপুত্র ভীমের প্রতিজ্ঞা।ভীমের এই পৈশাচিক প্রতিজ্ঞা শুনে সকলের হৃদয়ে কম্পন ধরতে বাধ্য এরই মধ্যে অর্জুন হুঙ্কার দিয়ে বসলেন, নিজেকে মহান বীর, শ্রেষ্ট ধনুর্ধারি বলে বেড়ানো অঙ্গরাজ কর্ণ এতটাই কাপুরুষ যে একজন নারীর অসম্মানেও চুপ থাকেন, উল্টে সেই নারীর সমন্ধে কটুকথা বলেন। আজ অঙ্গরাজ কর্ণ যে পাপ করেছেন তার একটাই শাস্তি, মৃত্যু। ঠিক আজকের মতোই সেদিনও আপনি অসহায় থাকবেন, ভিক্ষা চাইবেন জীবনের জন্য কিন্তু পাবেন শুধুই মৃত্যু। বনবাসে যাওয়ার আগে পান্ডবকুমারদের এই প্রতিজ্ঞা শুনে এটুকু বোঝা যাচ্ছিলো যে যেদিন এরা ফিরে আসবে, একে একে এই কৌরবকুল এদের হাতে শেষ হয়ে যাবে।আজ অর্জুনের প্রতিজ্ঞা শুনে প্রথমবারের জন্য হলেও যেন বুক কেঁপে উঠলো কর্ণের, অর্জুনের এই রূদ্ররূপ তিনি এর আগে কোনোদিনও দেখেননি, বা হয়তো দেখেছিলেন কিন্তু তখন তিনি জানতেন তিনিও ঠিক কিন্তু আজ হয়তো তার মনই তাকে বলে উঠেছে তিনি পাপ করেছেন যার দন্ড অর্জুন তাকে অবশ্যই দেবে।ক্রমশ.......(পরবর্তী পর্বে)লেখকঃ সায়ন্তন গোস্বামী, বর্ধমান

নভেম্বর ১২, ২০২৬

ট্রেন্ডিং

দেশ

বিচারপতির বদলে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’! যোগীরাজ্যে পুলিশের কাণ্ডে তোলপাড়

বিচারপতির জন্য নির্দিষ্ট গার্ড অফ অনার পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে পুলিশের এই ভুল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণত সাংবিধানিক পদে থাকা বিশিষ্ট ব্যক্তিদেরই এই বিশেষ সম্মান দেওয়া হয়। তা হলে একজন সাংসদকে কেন গার্ড অফ অনার দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের দাবি, ওয়েইসিকে এই সম্মান দেওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্য তৈরি করা ব্যবস্থা ভুল করে তাঁকেই দেওয়া হয়েছে।শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁর জন্যই গার্ড অফ অনার-এর ব্যবস্থা করেছিল জেলা পুলিশ। কিন্তু আচমকাই সেখানে হাজির হন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি। ভোটের প্রচারের মাঝে বিশ্রাম নেওয়ার জন্য তিনি সার্কিট হাউসে যান। সেই সময় উপস্থিত পুলিশকর্মীরা ভুল করে তাঁকেই গার্ড অফ অনার দিয়ে বসেন। ঘটনায় প্রথমে কিছুটা অবাক হয়ে যান ওয়েইসি। পরে অবশ্য পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন ওঠে, একজন সাধারণ সাংসদকে কেন এমন সম্মান দেওয়া হল? সাহারানপুরের পুলিশ সুপারও ভুলের কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ওয়েইসির গার্ড অফ অনার পাওয়ার কথা ছিল না। এক বিচারপতির জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভুল করে ওয়েইসিকে তা দেওয়া হয়েছে। কী ভাবে এই ভুল হল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করে আসছে কংগ্রেস-সহ বিরোধী জোটের একাধিক দল। এবার উত্তরপ্রদেশে চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোটের ময়দানে নেমেছেন এআইএমআইএম প্রধান। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রচারও শুরু করেছেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশের কাছ থেকে গার্ড অফ অনার পাওয়ার ঘটনা নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে।

নভেম্বর ২২, ২০২৬
খেলার দুনিয়া

৭২০ রানের পাহাড় ভারতের, শতরান পন্থেরও! চতুর্থ দিনে ঘরের মাঠে হার বাঁচানোর লড়াই কিউয়িদের

ওয়েলিংটন: ব্যাট হাতে রীতিমতো দাপট দেখাল ভারত। একের পর এক ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বোলিংকে কার্যত দিশেহারা করে ৭২০ রানে ইনিংস ঘোষণা করল শুভমন গিলের দল। ঋষভ পন্থের দুরন্ত শতরান ভারতীয় ইনিংসের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। প্রথম ইনিংসে ৩৫২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। অন্যদিকে, চতুর্থ দিনের শেষে হার এড়াতে মরিয়া লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। বিদেশের মাটিতে টেস্টে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে নতুন নজির তৈরি করলেন গিলেরা। দলের ব্যাটিং গভীরতা এবং ধারাবাহিকতা এ দিন স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের প্রথম সাতটি উইকেটের জুটিতেই ৫০ বা তার বেশি রান ওঠা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।শনিবারের অপরাজিত ৫৫ রানকে শতরানে পরিণত করলেন ঋষভ পন্থ। আগ্রাসী ব্যাটিংয়ে ১৫৩ বলে ১২৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অনশুল কম্বোজের ৩৮ রান এবং ধ্রুব জুরেলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেয়। ওয়াশিংটন সুন্দর ২৪, আকাশ দীপ ১৩ রান করেন। জসপ্রীত বুমরাহ ৭ রানে অপরাজিত থাকেন।ভারতের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ৭৫৯ রান ভারতের সর্বোচ্চ। ২০০৯ সালে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯ উইকেটে ৭২৬ রান দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েলিংটনে ৯ উইকেটে ৭২০ রান করে সেই তালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। টেস্টে পঞ্চম বার ৭০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল।ভারতের ব্যাটিং তাণ্ডবে নিউজিল্যান্ডের বোলারদের কার্যত অসহায় দেখিয়েছে। গ্লেন ফিলিপস ১৫৪ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার। রাচিন রবীন্দ্র ৪৪ রানে দুটি উইকেট পান। নাথান স্মিথ, কাইল জেমিসন ও ম্যাট হেনরি একটি করে উইকেট নেন। জেকব ডাফি একটি উইকেট পেলেও খরচ করেছেন ২০১ রান।৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম কোনও রান না করেই ফিরে যান। প্রথম ইনিংসে শতরান করা হেনরি নিকোলসও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি। তাঁর সংগ্রহ ৩১। তবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র প্রতিরোধ গড়ে তোলেন। দিনের শেষে কনওয়ে ৫৯ এবং রাচিন ২৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ১১৯। এখনও ভারতের থেকে ২৩৩ রান পিছিয়ে তারা।ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি করে উইকেট নিয়েছেন। আকাশ দীপ ভাল বল করলেও উইকেট পাননি। শেষ দিনে ভারতের সামনে প্রথম ইনিংসের ব্যবধানে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ। নিউজিল্যান্ডের হাতে আট উইকেট থাকলেও লক্ষ্য একটাইযতক্ষণ সম্ভব উইকেটে টিকে থেকে হার এড়ানো। অন্যদিকে, ভারতীয় বোলারদের লক্ষ্য দ্রুত কিউয়িদের বাকি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিষ্পত্তি করা।শেষ দিনের লড়াইয়ে এখন নজর বুমরাহদের দিকে। ভারত কি বিশাল ব্যবধানে জয় তুলে নেবে, নাকি নিউজিল্যান্ডের ব্যাটারেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলবেন? টেস্টের শেষ অধ্যায় ঘিরে উত্তেজনা তুঙ্গে।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

২৫ বছর ধরে মিলবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ! আদানি গোষ্ঠীর সঙ্গে বড় চুক্তি রাজ্যের

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। এই মর্মে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠীর এই সংস্থা। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যে বিদ্যুতের ঘাটতি মেটানো সহজ হবে।রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর এই চুক্তিকে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশজুড়েই এই ধরনের বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে।সূত্রের খবর, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর পর ২০২৯ সালে দ্বিতীয় ধাপে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে আগামী ২৫ বছর ধরে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।এই বিদ্যুৎ তৈরি হবে কী ভাবে? জানা গিয়েছে, সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার করে ৪.৬ গিগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ব্যাটারিতে বিদ্যুৎ সঞ্চয় ও সরবরাহের জন্য ৩.৬ গিগাওয়াট ক্ষমতার ব্যবস্থাও গড়ে তোলা হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বা সরবরাহই নয়, স্মার্ট মিটার বসানোর কাজেও যুক্ত থাকবে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড।এই বিদ্যুৎ শুধু বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য নয়, শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। রাজ্য সরকারের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে বিদ্যুতের ঘাটতি কমবে এবং আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটানো আরও সহজ হবে।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বাবাকে খুন করে রান্নাঘরেই লুকিয়েছিল রক্তমাখা চাপাতি! সবজি রাখার ট্রে খুলতেই চমকে গেল পুলিশ

বাবাকে খুনের পর রক্তমাখা চাপাতি লুকিয়ে রেখেছিল রান্নাঘরে। তাও আবার সবজি রাখার ট্রের ভিতরে! পুলিশ হেফাজতে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে সঙ্গে নিয়ে সেই অস্ত্র উদ্ধার করল পুলিশ। জলপাইগুড়ির নেতাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম পল লেপচা। বাবাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নেতাজিপাড়ার বাড়িতে খুন হন বৃদ্ধ অনিমা প্রসাদ লেপচা। বাবাকে খুনের অভিযোগ ওঠে তাঁর ছেলে পল লেপচার বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।এর পর শনিবার রাতেই অভিযুক্ত পলকে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীদের নিয়ে রান্নাঘরে যায় সে। সেখানেই সবজি রাখার ট্রের ভিতর থেকে উদ্ধার হয় মাংস কাটার একটি চাপাতি। পুলিশ সূত্রে খবর, সেটি রক্তমাখা ছিল। অভিযোগ, বাবাকে খুন করার পর ওই চাপাতিটিই রান্নাঘরের সবজি রাখার ট্রেতে লুকিয়ে রেখেছিল পল।পুলিশের দাবি, পল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার অভ্যাস ছাড়ানোর জন্য তাকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে বেশ কিছু দিন থাকার পর সম্প্রতি বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফেরার পর আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে বলে অভিযোগ।তবে নেশার কারণেই কি বাবাকে খুন করেছে পল? নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের প্রকৃত কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বর্তমানে চার দিনের পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণও করা হতে পারে। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। উদ্ধার হওয়া চাপাতি-সহ অন্যান্য নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। কেন এমন ঘটনা ঘটল, তা জানতে সব দিক খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

নভেম্বর ২২, ২০২৬
কলকাতা

৭০ বছরের অমীমাংসিত অঙ্কের সমস্যার সমাধান! কলকাতার নীনা এবার জায়গা পেলেন টাইমের বিশেষ তালিকায়

অঙ্কের নাম শুনলেই অনেকের মনে ভয় তৈরি হয়। কিন্তু কারও কারও কাছে অঙ্ক শুধু হিসাব মেলানোর বিষয় নয়, বরং নতুন প্রশ্নের উত্তর খোঁজার পথ। সেই পথ ধরেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছেন কলকাতার মেয়ে নীনা গুপ্তা। প্রায় ৭০ বছর ধরে অমীমাংসিত একটি জটিল গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এ বার তাঁর সেই সাফল্যের মুকুটে জুড়ল আরও একটি পালক। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঙালি গণিতবিদ। বিজ্ঞান ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবকদের বিভাগে নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক নীনা।তবে এই সাফল্য এক দিনে আসেনি। দীর্ঘদিনের গবেষণা, পরিশ্রম এবং অঙ্কের প্রতি গভীর আগ্রহ তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ২০১৪ সালে প্রায় সাত দশক ধরে অমীমাংসিত একটি গাণিতিক সমস্যার বিশেষ ক্ষেত্রে নতুন সমাধান সামনে এনে আন্তর্জাতিক গণিতের জগতে পরিচিতি পান নীনা। তাঁর গবেষণা গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা বীজগাণিতিক জ্যামিতিতে নতুন দিশা দেখায়।১৯৮৪ সালে কলকাতায় জন্ম নীনার। ছোটবেলা থেকেই অঙ্কের ধাঁধা সমাধান করতে ভালবাসতেন তিনি। তাঁর এই আগ্রহ তৈরিতে বড় ভূমিকা ছিল মা জ্ঞানলতা গুপ্তার। মেয়েকে বিভিন্ন অঙ্কের সমস্যা সমাধান করতে উৎসাহ দিতেন তিনি। শুধু নীনা নন, তাঁর ভাইকেও অঙ্কের প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করতেন মা। ছোটবেলা থেকেই প্রশ্ন করা, যুক্তি দিয়ে ভাবা এবং নতুন সমাধান খোঁজার অভ্যাস তৈরি হয়েছিল নীনার।কলেজে পড়ার সময়ই গণিত নিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন তিনি। বেথুন কলেজে গণিত নিয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৬ সালে স্নাতক হওয়ার পর কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে স্নাতকোত্তর পড়তে শুরু করেন। ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বীজগাণিতিক জ্যামিতি নিয়ে গবেষণা শুরু করেন।তবে তাঁর পড়াশোনার পথ সব সময় সহজ ছিল না। স্নাতকোত্তর পড়ার সময় গণিতের ক্লাসে একমাত্র মহিলা ছিলেন নীনা। সেই অভিজ্ঞতা তাঁকে বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। পরবর্তী সময়ে বিভিন্ন মঞ্চে মেয়েদের গণিত ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং গবেষণায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।নীনার আন্তর্জাতিক পরিচিতির পিছনে রয়েছে ২০১৪ সালের একটি গুরুত্বপূর্ণ গবেষণা। প্রায় ৭০ বছর ধরে গণিতবিদদের কাছে অমীমাংসিত ছিল জারিস্কি ক্যানসেলেশন প্রবলেম নামে একটি সমস্যা। ১৯৪৯ সালে গণিতবিদ অস্কার জারিস্কি এই সমস্যাটি সামনে এনেছিলেন।সহজ করে বললে, সমস্যাটির মূল প্রশ্ন ছিল, দুটি গাণিতিক কাঠামোর সঙ্গে অতিরিক্ত একটি মাত্রা যোগ করার পর যদি তাদের গঠন একই রকম হয়ে যায়, তা হলে কি বলা যায় যে অতিরিক্ত মাত্রা যোগ করার আগেও তাদের গঠন একই ছিল? দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গণিতবিদেরা।নীনা গুপ্তা এই সমস্যার একটি বিশেষ ক্ষেত্রে এমন একটি উদাহরণ সামনে আনেন, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। তাঁর গবেষণায় দেখানো হয়, দুটি আলাদা গাণিতিক কাঠামোতেও অতিরিক্ত মাত্রা যোগ করার পর মিল দেখা যেতে পারে। এই কাজের জন্য তিনি আসানুমার তৈরি একটি বিশেষ ত্রিমাত্রিক গাণিতিক কাঠামো ব্যবহার করেন। তাঁর এই গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে বিশেষ গুরুত্ব পায়।এই গবেষণার জন্য ২০১৪ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার পান নীনা। এর পর একের পর এক সম্মান এসেছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে গণিত বিজ্ঞানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান তিনি।২০২১ সালে উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য দেওয়া রামানুজন পুরস্কার পান নীনা। এই পুরস্কার পাওয়া তৃতীয় মহিলা তিনি। ২০২২ সালে তাঁকে দেওয়া হয় নারী শক্তি পুরস্কার। ওই বছর আন্তর্জাতিক গণিতবিদ সম্মেলনে বক্তব্য রাখার আমন্ত্রণও পান তিনি।২০২৩ সালে পান টিডব্লিউএএস-ক্যাস ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার। ২০২৪ সালে অ্যালজেব্রিক জিওমেট্রি এবং কমিউটেটিভ অ্যালজেব্রায় তাঁর অবদানের জন্য ইনফোসিস পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০২৫ সালে আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন ম্যাথমেটিক্সের উদ্যোগে আয়োজিত ৪৪তম এমি নোয়েথার বক্তৃতা দেন তিনি।এ বার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। টাইমের ১০০ নেক্সট ইন্ডিয়া তালিকায় জায়গা করে নিলেন কলকাতার নীনা গুপ্তা।ছোটবেলায় মায়ের উৎসাহে অঙ্কের ধাঁধা সমাধান করা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গণিতের কঠিন সমস্যার সমাধাননীনার এই যাত্রা অনেকের কাছেই অনুপ্রেরণার। বিশেষ করে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে চাওয়া মেয়েদের কাছে তাঁর সাফল্য একটি বড় উদাহরণ। তাঁর জীবন দেখিয়ে দেয়, কৌতূহল, পরিশ্রম এবং নতুন ভাবে ভাবার সাহস থাকলে গবেষণার জগতে নিজের জায়গা তৈরি করা সম্ভব।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

বিহার থেকে গ্রেফতার, দুর্গাপুর থানায় এনে রাখা হয়েছিল! রাতারাতি লকআপ ভেঙে পালাল অভিযুক্ত

পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত থানার লকআপের জানলা ভেঙে পালিয়ে গেলেন! বিহার থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসা হয়েছিল তাঁকে। আদালতের নির্দেশে রাখা হয়েছিল পুলিশ হেফাজতে। কিন্তু শনিবার রাতে থানার লকআপ থেকে উধাও হয়ে যান ওই অভিযুক্ত। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের নজরদারি এবং থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চুরির মামলায় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে দুর্গাপুরে নিয়ে এসে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে মনোজকে পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে কোকওভেন থানার লকআপে রাখা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে লকআপ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, জানলা ভাঙা। কিন্তু ভিতরে নেই মনোজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লকআপের জানলা ভেঙেই পালিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হতেই থানার পুলিশকর্মীরা তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। তবে রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।এই ঘটনায় থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্ত কী ভাবে লকআপের জানলা ভেঙে পালালেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। থানার ভিতরে পুলিশকর্মীদের নজরদারি থাকা সত্ত্বেও কেন বিষয়টি কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে। লকআপের জানলাটি আগে থেকেই ভাঙা ছিল কি না, সেটি মেরামত করা হয়েছিল কি না এবং অভিযুক্তের উপর যথাযথ নজর রাখা হয়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ঘটনায় অস্বস্তিতে পড়েছেন থানার পুলিশকর্মীরা। আপাতত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না থানার আধিকারিকেরা। অন্য দিকে, পলাতক অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশ আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ভাবে পুলিশের হেফাজত থেকে অভিযুক্ত পালালেন, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ২২, ২০২৬
বিদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মধ্যেই পেট্রাপোলে আওয়ামি লীগের চার নেতা! কী পরিকল্পনা দলের?

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনার মধ্যেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লীগের চার শীর্ষ নেতা। রবিবার তাঁদের বনগাঁর পেট্রাপোল সীমান্তে যাওয়ার কথা। দলীয় সূত্রে খবর, কলকাতায় থাকা আওয়ামি লীগের এই চার নেতা সেখানে তিন থেকে চার দিন থাকতে পারেন। তার পর তাঁদের ত্রিপুরার রাজধানী আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, এই চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। বর্তমানে তাঁরা কলকাতায় রয়েছেন। সেখান থেকেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন।অন্য দিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। আগামী মাসে তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে কবে, কী ভাবে এবং কোন পথে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামি লীগের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। মানবাধিকার দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিকে ঘিরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আকাশপথের বদলে স্থলপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করতে পারেন শেখ হাসিনা। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে আওয়ামি লীগ। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলিতেও ওই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।আওয়ামি লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ সালিম মাহমুদ ওই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে বাংলাদেশের রাজনৈতিক হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, নড়াইলে প্রায় দুই শতাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সব ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা।রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে আওয়ামি লীগকে নিশানা করে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপও চেয়েছে আওয়ামি লীগ। রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বাংলাদেশের পরিস্থিতি স্বাধীন ভাবে পর্যবেক্ষণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে দেশে রাজনৈতিক বহুত্ববাদ, নাগরিকের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা দাবি করেছে দলটি।

নভেম্বর ২২, ২০২৬
রাজ্য

মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে! জামিনে বাবার মুক্তির পরই সোনারপুরে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

মায়ের খুনের মামলায় বাবা ছিলেন মূল অভিযুক্ত। সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পান বাবা। আর তার কিছু দিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হল মেয়ের ঝুলন্ত দেহ। সোনারপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিশোরীর মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। ওই ঘটনায় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জামিনে জেল থেকে ছাড়া পান সমীর। তার পর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি বলে অভিযোগ। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, সায়নীর নিরাপত্তার কথা ভেবে মোবাইলের সিম কার্ড বদলে নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল পুলিশ। সেই মতো নতুন নম্বরও নেওয়া হয়। কিন্তু পরিবারের দাবি, সেই নম্বরও কোনও ভাবে জেনে যান সমীর।এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সায়নীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে সায়নী কারও সঙ্গে ফোনে কথা বলেছিল কি না, তা জানতে কলের তথ্য-সহ মোবাইলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, সায়নীর মৃত্যুর ঘটনায় তার বাবা সমীর শিকারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মামাবাড়ির পরিবার। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে সমীরের ভূমিকা থাকতে পারে। তবে পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। কী কারণে সায়নীর মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং মোবাইলের তথ্য সামনে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

নভেম্বর ২২, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal