সেন্সরের ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’, তবু ৬ নভেম্বর মুক্তি অনিশ্চিত কেন?
সলমন খানের নতুন ছবি মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস-এর ট্রেলার দেখার ছাড়পত্র দিল কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। বুধবার, ৪ নভেম্বর এই ছাড়পত্র মিলেছে। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিংহও।বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ট্রেলারটি ইউ/এ ১৬ প্লাস শংসাপত্র পেয়েছে। ট্রেলারের দৈর্ঘ্য ৪ মিনিট ৪৩ সেকেন্ড। তবে ট্রেলারের ছাড়পত্র মিললেও ছবিটি ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। কারণ, এখনও পুরো ছবির সেন্সর শংসাপত্র পাওয়া যায়নি।প্রতিবেদন অনুযায়ী, ছবির নির্মাতারা মুক্তির নতুন দিন ঠিক করার কথা ভাবছেন। ২০ নভেম্বর অথবা ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। সারা দেশে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জিয়ো স্টুডিয়োজ।প্রথমে ছবিটির নাম রাখা হয়েছিল ব্যাটল অফ গলওয়ান। চলতি বছরের শুরুতে নাম বদলে রাখা হয় মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবির বিষয়বস্তু এবং চিনের প্রসঙ্গ নিয়ে ছাড়পত্র পেতে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। পরে অবশ্য সরকারি ছাড়পত্র মেলে। ছবির নতুন মুক্তির তারিখ নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।এই ছবিতে কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সলমন। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তিনি। দেশের জন্য প্রাণ দেওয়ার পর তাঁকে মরণোত্তর মহাবীর চক্রে সম্মানিত করা হয়।ছবিতে কর্নেল সন্তোষ বাবুর নেতৃত্ব, সাহস এবং আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হয়েছে। প্রকৃত সামরিক অভিযানের পাশাপাশি সংঘর্ষের আবেগঘন দিকও ছবির গল্পে গুরুত্ব পেয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জ়েন শ এবং অভিলাষ চৌধুরী। তাঁরা সেনা আধিকারিক ও সীমান্ত অভিযানের সঙ্গে যুক্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। বর্ণনাকারীর কণ্ঠে রয়েছেন বিজয় রাজ।

