ট্রাম্পের ‘আমেরিকা প্রথম’ নীতির ধাক্কা ভারতীয় কর্মীদের! আইবিএমের নতুন সিদ্ধান্তে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ?
আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। তাঁদের মধ্যে রয়েছেন বহু ভারতীয়ও। সৌজন্যে তথ্যপ্রযুক্তি সংস্থা আইবিএমের নয়া সিদ্ধান্ত। সংস্থার কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদে আর এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ডের জন্য স্পনসর করবে না আইবিএম। এর ফলে সমস্যায় পড়তে পারেন আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মী। সংস্থার তরফে কর্মীদের জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা ছাড়তে হবে তাঁদের। অন্যথায় চাকরি ছাড়তে হতে পারে। আইবিএমের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে ভারতীয় কর্মীদের মধ্যে।আইবিএমের কনসাল্টিং ব্যবসায় দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে আমেরিকায় কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাও কম নয়। এই কর্মীদের বড় অংশই ভারতীয় বলে জানা গিয়েছে। তবে সংস্থার এই সিদ্ধান্তে ঠিক কতজন ভারতীয় কর্মী প্রভাবিত হবেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসায় আমেরিকায় কাজ করছেন এবং গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিভিন্ন সূত্রের খবর, আমেরিকার বাইরে অন্য কোনও দেশে গিয়ে কাজ করার সুযোগও কর্মীদের দিচ্ছে আইবিএম। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে তাঁদের। কেউ যদি অন্য দেশে গিয়ে কাজ করতে না চান, সে ক্ষেত্রে তিন মাসের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।কেন এমন সিদ্ধান্ত নিল আইবিএম? সংস্থার দাবি, বদলে যাওয়া ব্যবসায়িক পরিস্থিতি এবং দক্ষ কর্মীদের সহজলভ্যতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। আইবিএমের এক মুখপাত্র জানিয়েছেন, আমেরিকায় দক্ষ কর্মীর চাহিদা মেটাতে এত দিন এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের নিয়োগ করা হত। কিন্তু গত কয়েক বছরে এই ধরনের কর্মীর প্রয়োজন অনেকটাই কমেছে। গ্রাহকদের চাহিদা এবং কর্মীদের দক্ষতার কথা বিবেচনা করেই কনসাল্টিং ব্যবসার অধিকাংশ ক্ষেত্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার সমস্ত বিভাগে এই নিয়ম কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে আইবিএমের কনসাল্টিং ব্যবসায় তেমন বৃদ্ধি হয়নি। ২০২৪ সাল থেকে এই ব্যবসায় প্রায় একই অবস্থায় রয়েছে সংস্থাটি। অন্য দিকে, নিজেদের ব্যবসার ধরন বদলে আরও বেশি সফটওয়্যার-কেন্দ্রিক সংস্থা হয়ে ওঠার চেষ্টা করছে আইবিএম। সেই লক্ষ্যে রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থাকে অধিগ্রহণ করেছে তারা।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির আবহে বিদেশি কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই আইবিএমের এই সিদ্ধান্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উদ্বেগ আরও বাড়াল। তবে সংস্থার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের মূল কারণ ব্যবসায়িক চাহিদার পরিবর্তন। ফলে কতজন ভারতীয় কর্মী শেষ পর্যন্ত সমস্যায় পড়বেন, তা এখনও স্পষ্ট নয়।

