বাংলাদেশে ফের অশান্তির আগুন! ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, সংঘর্ষে ঝরল ৪ প্রাণ
বাংলাদেশে ফের অশান্তির আবহ। ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণার পরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সে দেশে। বিভিন্ন জেলায় প্রকাশ্যে মিছিল ও বিক্ষোভ দেখাচ্ছেন নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীরা। বুধবার চট্টগ্রামে বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য দিকে, নড়াইলে বিএনপি ও আওয়ামি লিগের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশজুড়ে বন্ধের ডাক দিয়েছে হাসিনার দল।চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় রয়েছে ইউনূসের পৈতৃক বাড়ি। অভিযোগ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ওই বাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন, বাড়িটির নিচতলায় একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগানো হয়েছিল। কয়েক জন অজ্ঞাতপরিচয় যুবক এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। তবে পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।অন্য দিকে, বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির একটি মোটরবাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বেন্দারচর এলাকার বটতলা মোড়ে মিছিল পৌঁছতেই হামলা চালান আওয়ামি লিগের নেতা-কর্মীরা। আওয়ামি লিগের নেতা-কর্মীদের প্রতিবাদের জন্যই ওই মিছিল বের করা হয়েছিল বলে জানা গিয়েছে।এই ঘটনায় গুরুতর আহত হন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহম্মদ মফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শাহিন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।এ ছাড়াও, দুই দলের সংঘর্ষে ঢাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। সব মিলিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চার। এক দিকে হাসিনার দেশে ফেরার ঘোষণা, অন্য দিকে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং বিএনপি-আওয়ামি সংঘর্ষ সব মিলিয়ে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের বন্ধ ঘিরেও উদ্বেগ বাড়ছে।

