ঘূর্ণিঝড়ের দাপট কমলেও বৃষ্টি থেকে মুক্তি নেই! রবিবারও ভিজবে বাংলা, কোন কোন জেলায় সতর্কতা?
ঘূর্ণিঝড়ের শক্তি কমেছে। কিন্তু তার প্রভাব থেকে এখনও পুরোপুরি মুক্তি পায়নি বাংলা। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও তার জেরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের আগমনের মুখে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না।শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর দ্রুত শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়টি। শুক্রবার রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। তবে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য দিকে, মুর্শিদাবাদ, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও হলুদ সতর্কতা রয়েছে। ফলে সপ্তাহের শেষ দুদিনেও বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে।তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওই দিন থেকে রাজ্যের বেশির ভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির পরিস্থিতি কাটলে বুধবার থেকে কমতে পারে রাতের তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। ফলে আগামী সপ্তাহে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিঘায়। সেখানে বৃষ্টির পরিমাণ ১৭৬ মিলিমিটার। কাঁথিতে ১০৫ মিলিমিটার এবং সাগরদ্বীপে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ধমানে ৭৫ মিলিমিটার, মেদিনীপুর ও কলাইকুণ্ডায় ৫৫ মিলিমিটার করে এবং উলুবেড়িয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার আলিপুরে ৪১ মিলিমিটার এবং কল্যাণীতেও ৪১ মিলিমিটার বৃষ্টির খবর মিলেছে।প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। দৃশ্যমানতা কম থাকায় দিল্লি থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমানকে কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে নামাতে হয়েছে। সকাল ৫টা ২৭ মিনিটে দিল্লি থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রাঁচিতে নামতে সমস্যা হওয়ায় সকাল ৮টা ২৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ওই বিমানে ১৭১ জন যাত্রী ছিলেন।ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। তাই রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হলে বুধবার থেকেই তাপমাত্রা কমতে পারে। বৃষ্টির পর শীতের আমেজ ফেরার অপেক্ষায় রাজ্যবাসী।

