জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?
নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

