• ২৯ কার্তিক ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Chachol

রাজ্য

মালদায় বিডিও অফিসের পিছনে আমবাগানে এ কী কান্ড! তদন্ত শুরু করল পুলিশ

আমবাগানের মধ্যে উদ্ধার হল খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। মনে করা হচ্ছে, ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সাত সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল-২নং ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পায়ের অংশটুকু বাকি পড়ে আছে।এই ভয়ানক ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোন মহিলার। তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন, দেহটি মহিলার না কোন পুরুষের সেই ব্যাপারে তাঁরা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছেন।

ডিসেম্বর ২৭, ২০২৪
রাজ্য

দুই ভাইকে গাছে বেঁধে ছোট ভাইকে গুলিতে ঝাঁঝরা, চাঁচলের ঘটনায় উত্তাল

দুই ভাইকে পোলের সঙ্গে বেঁধে রেখে, আরেক ভাইকে বাড়ি থেকে ডেকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগ উঠলো জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর এলাকায় পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরে চরম বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মৃতদেহ গ্রামের রাস্তায় ফেলে রেখেই পুলিশের সামনে চলে তুমুল বিক্ষোভ। মঙ্গলবার সকাল দশটা নাগাদ এই শুট আউটের ঘটনাটি ঘটেছে চাঁচল থানার জালালপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ির ছোট ছেলেকে মাথায় গুলি করার পর দেহের বিভিন্ন অংশেও গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এরপর দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামবাসীরা অভিযুক্তদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। মৃত ওই যুবকের পরিবার হামলাকারী গফুর আলী, আহাদ শেখ, খাইরুল শেখ, শাহজাহান আলী সহ তার দলবলের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সহিদুল আলী (৩০)। তিনি পেশায় মুয়াজ্জেম ছিলেন। সহিদুলরা ছিল ছয় ভাই। সে বাড়ির ছোট। পরিবারে তাঁর স্ত্রী এবং এক নাবালক সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জমির দখলদারিকে ঘিরে গোলমালের জেরেই এই শুট আউটের ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর দুষ্কৃতীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে চাঁচল থানার পুলিশ। মৃতের এক দাদা সামিউল শেখ জানিয়েছেন, তাদের একটি চার বিঘার জমি দখলদারিকে ঘিরেই গফুর আলি ও তার দলবলের সঙ্গেই গোলমাল চলছিল দীর্ঘদিন ধরে। এই নিয়ে আদালতে মামলাও পর্যন্ত হয়েছে। কিন্তু এদিন অভিযুক্তরা দলবল নিয়ে তাঁদের জমি দখল করতে আসে। সেই সময় তাঁরা বাধা দিলে তাঁদের দুই ভাইকে জমির সামনে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। তারপরেই ছোট ভাই সাইদুল আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্রকাশ্য রাস্তায় গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই ঘটনার সময় কয়েকজন সিভিক ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা একবারের জন্য বাধা দিতে আসেননি। চোখের সামনে ভাইকে গুলি করে দেওয়ার পর দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায়। আর তারপরে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য , সহিদুল আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওই পরিবারটি কারও সঙ্গে কোন রকম ঝামেলার মধ্যে ছিল না। ওদের একটি জমির দখলদারি নিয়েই মামলা চলছিল। এরপরই এদিন দুষ্কৃতীরা প্রকাশ্যেই ওই পরিবারটির কয়েকজন সদস্যকে মারধর করে এবং সাইদুলকে গুলি করে খুন করেছে। এই ঘটনার পর পুলিশ এলাকায় এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চাচল থানার পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত ঘটনাকে ঘিরেই গোলমালে সূত্রপাত। তারপরই এই খুনের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে পাঁচ জনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। সেই সময় বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে গোটা এলাকায় তল্লাশি শুরু করা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

আগস্ট ৩০, ২০২৩
রাজনীতি

ব্যালট বক্স বাইকে করে সোজা থানায় নিয়ে গেল তৃণমূল কর্মীরা

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদার চাঁচল মহকুমায় তৃণমূল এবং বিরোধীদল বিজেপি ও কংগ্রেস, সিপিএমের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনার একাধিক অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতির মধ্যে অনেক বুথ থেকে নিরাপত্তার অভাব বোধ করে সরে গিয়েছেন অফিসার থেকে ভোট কর্মীরা। কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারের যে ব্যালট বাক্স তা লুঠ হতে দেননি চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও তৃণমূল কর্মীরা। শনিবার সংশ্লিষ্ট গ্রামের ১৯৬ বুথের ভোটদান পর্ব দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। আর তারপরেই সেখানে শাসক-বিরোধী গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে ব্যালট বাক্স যাতে লুঠ না হয়, তারজন্য স্থানীয় তৃণমূল কর্মীরাই সেই ভোট সম্পন্ন হওয়া ব্যালট বাক্স বাইকে করে সটাং থানায় নিয়ে এনে জমা দিলেন কর্তব্যরত চাঁচল থানার পুলিশ অফিসারদের কাছে।স্থানীয় তৃণমূলের একাংশ কর্মীদের বক্তব্য, খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর দুর্গাপুর গ্রামের ১৯৬ নম্বর বুথের ভোটদান পর্ব দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। তারপরে সেখানে গোলমাল শুরু করে কংগ্রেস, সিপিএমের জোট আশ্রিত দুষ্কৃতীরা। তাদের সঙ্গে এই গোলমালে সামিল হয় বিজেপির স্থানীয় কর্মীরা বলেও অভিযোগ। নিরাপত্তার অভাব বোধ করে ভোট কর্মীরা বুথ থেকে সরে পড়েন । সেই পরিস্থিতিতে কর্তব্যরত পুলিশকর্মীরা গোলমাল থামানোর চেষ্টা করে। তখনই ফাঁকা হয়ে যায় ওই নির্বাচন কেন্দ্রটি। সেই সময় ব্যালট বাক্স লুঠের চেষ্টা চালিয়েছিল হামলাকারীরা। তখনই তিনটি ব্যালট বাক্স উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে এনে জমা দেওয়া হয়েছে।জেলা কংগ্রেসের সহ-সভাপতি ইশাখান চৌধুরী। তিনি বলেন, এসব তৃণমূলের বানানো গল্প। ওরাই ওই বুথ থেকে ব্যালট লুঠ করে ছাপ্পা দেওয়ার পর পুলিশের কাছে জমা দিয়েছে।

জুলাই ০৮, ২০২৩
রাজ্য

রাসায়নিক সারের কালোবাজারি রুখতে গোডাউনে হানা কৃষি আধিকারীকের

মালদহের চাঁচলে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে নড়েচড়ে বসল কৃষি দপ্তর। দীর্ঘদিন ধরেই রাসায়নিক সারের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন চাষীদের একাংশ।পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল কৃষি দফতর।মজুত করে রাখা সারের গোডাউন খতিয়ে দেখলেন স্বয়ং মালদা জেলা উপ কৃষি অধিকর্তা সৌমেন্দ্রনাথ দাস,চাঁচল মহকুমা কৃষি আধিকারিক অতীন মোদক,ডেপুটি ম্যাজিষ্ট্রেট মনোজিৎ নস্কর সহ কৃষি আধিকারিকেরা।এদিন চাঁচল-১ ব্লকের খরবা পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি সারের দোকানের গোডাউনে অভিযান চালানো হয়।এর আগে চাঁচলে অভিযোগ উঠছিল, নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে রাসায়নিক সারের।কৃষি আধিকারিকরা জানিয়েছেন, যে সমস্ত সার ব্যবসায়ীরা সরকারি নিয়ম অনুযায়ী চলবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সারের সঠিক এমআরপি দামে কৃষকেরা সার কিনতে পারেন সেদিকেও আমরা লক্ষ্য রাখব।সারের কালোবাজারির অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন চাষীরা।কৃষি আধিকারিকের আশ্বাসের পর সঠিক এম আর পি তে কৃষকরা সার কিনতে পারেন কিনা সেটাই এখন দেখার।

নভেম্বর ২০, ২০২২
রাজ্য

একটানা বৃষ্টিতে নাকাল চাঁচল, বাড়ির ভিতরে জল

নেই নিকাশি ব্যাবস্থা। রাতের টানা বৃষ্টিতেই জল থই থই মালদার চাঁচলের একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে চাঁচলের অধিকাংশ বাড়িতে ঢুকলো জল। হাটু সমান জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। রাস্তার নোঙরা জল বাড়িতে ঢুকতেই অস্থায়ী ভাবে ঘর ছাড়লেন অনেকেই। টানা কয়েকঘন্টা জলমগ্ন থাকলে পঞ্চায়েতের তরফে নিস্কাশন না হওয়ায় সরব হয়ে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। জল যন্ত্রণা নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানোতোর।গভীররাতে ভারী বৃষ্টিপাতের জেরে জল থই থই করছে চাঁচল সদরের বিভিন্ন ওলি গলিতে। কোথাও হাটু সমান জল আবার কোথাও আবার রাস্তা উপচে জল ঢুকেছে শোবার ঘরে। মঙ্গলবার সাত সকালে জল যন্ত্রণার ছবি ফুটে উঠেছে চাঁচলে। চাঁচল সদরের ট্যান্ডেল পাড়া, হাসপাতালপাড়া, থানা পাড়া সহ বিভিন্ন এলাকায় জল থই থই করছে।থানা পাড়ার একাধিক বাড়িতে জল ঢুকে একাকার। পঞ্চায়েত প্রশাসনের তরফে জল নিস্কাশন না হওয়ায় বিক্ষোভ দেখান বাসিন্দারা। থানাপাড়ার বাসিন্দা সৌরভ দাসের অভিযোগ, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন নেতারা। কিন্তু ভোটপর্ব মিটতেই এলাকায় আর দেখা যায়না।কয়েকদশক ধরে থানা পাড়ার শতাধিক বাসিন্দা জলযন্ত্রনায় ভুগছি।বর্ষাকাল হোক বা বর্ষা শেষে। সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা। একাধিকবার ড্রেন নির্মাণের দাবি জানালেও কোন ভ্রুক্ষেপ নেই। স্থানীয় পঞ্চায়েত সদস্যেরও দেখা নেই। সকাল থেকে জল নিস্কাশনের ব্যবস্থা নেননি কেউ।চাঁচল গ্রাম পঞ্চায়েতে প্রধান আজমেরী খাতুনের স্বামী মোক্তার হোসেন জানিয়েছেন,১০০ দিনের প্রকল্পে ড্রেন নির্মাণের টেন্ডার ধরা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার সেই প্রকল্প বন্ধ রাখায় কাজ থমকে রয়েছে।তবে বৃষ্টির জল নিস্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। জল যন্ত্রণা নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কটাক্ষ করেছেন বিজেপি। চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, পঞ্চায়েত ও প্রশাসনের উদাসীনতার কারণেই মানুষ জল যন্ত্রণার শিকার হচ্ছে।

আগস্ট ৩০, ২০২২
রাজ্য

পরিত্যক্ত ঘর থেকে দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে পুলিস

বাড়ির পরিত্যক্ত ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের কলিগ্রাম এলাকায়। খবর পেয়ে গতকাল রাতে দেহ দুটি উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। কেন এই আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে সবাই। এনিয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও রহস্যের কিনারা করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।মৃত দম্পতির নাম যোগেন রক্ষিত (৫২) ও সোনামনি রক্ষিত (৪৩)। যোগেনবাবু জমি কেনাবেচার ব্যবসা করতেন। তাঁরা নিঃসন্তান। কলিগ্রামে পৈতৃক পুরোনো বাড়িতে বসবাস করতেন এই দম্পতি। গতকাল রাতে ওই বাড়িরই একটি পরিত্যক্ত ঘরে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাঁরা যোগেনবাবুদের আত্মীয়দের খবর দেন। খবর দেওয়া হয় চাঁচল থানাতেও। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে ওই দম্পতি ওই বাড়িতেই থাকতেন। প্রতিবেশীদের সাথে তেমন যোগাযোগ রাখতেন না তারা।যোগেনবাবুর ভাইপো ছোটন রক্ষিত জানান, কাকু-কাকিমা একাই থাকতেন। তাঁদের ছেলেমেয়ে নেই। নিঃসঙ্গ ছিলেন। কারও সঙ্গে সেভাবে মেলামেশাও করতেন না। কাকু জমির ব্যবসা করতেন। কাকিমা বাড়িতেই থাকতেন। রাতে তাঁদের প্রতিবেশীরা আমাদের এই খবর দেন। এসে দেখি, কাকু-কাকিমা দুজনেই গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছেন। ব্যবসার জন্য বাজারে কোনও ঋণ ছিল কিনা জানা নেই। কাকু-কাকিমার মধ্যে কোনওদিন অশান্তির খবরও শোনা যায়নি। কেন এমন হল, বুঝতে পারছি না।স্থানীয় বাসিন্দা সৌমেন রায়চৌধুরী বলছেন, শুনলাম, এক বয়স্ক দম্পতি নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন। লোকজনের মুখে শুনেছি, তাঁদের অনেক দেনা হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে বাড়িটাতে তালা মারা থাকত। তাঁদের দেখাও যেত না। তাঁরা কারও সঙ্গে মিশতেনও না। এখন শুনছি, বাড়িতে তালা মারা থাকলেও তাঁরা এখানেই থাকতেন। এর বাইরে আমাদের আর কিছু জানা নেই।চাঁচল থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে গতকাল রাতেই দেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আজ দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হচ্ছে।

আগস্ট ২৭, ২০২২

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

পিছিয়ে পড়েও বাজিমাত! পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ফুটবলের মহারণে ফের পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফের খেতাব নিজেদের দখলে রাখল ব্লু টাইগার্স। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাকিস্তান। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্ডেজকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। ফলে বাকি সময় দশ জনে খেলতে বাধ্য হয় পাকিস্তান।এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখার ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। খেলার শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে ৮৮ মিনিটে সন্দীপ নন্দীর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। ২-১ গোলে এগিয়ে যায় ভারত।শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে দশমবারের মতো শিরোপা জিতল ভারত। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা

রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ের ‘মহেন্দ্রক্ষণ’! আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ইনিংসে ক্যাপ্টেন কুল

শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন কুল।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন থালা।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাঁরা এখানে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর চড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম রুহুলশেখ এবং মনিরুল শেখ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর ১৭, ২০২৬
রাজনীতি

২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনঃ আসন ভাগাভাগি নিয়ে সপা-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শিবপাল সিং প্যাটেল। তাঁর স্পষ্ট বক্তব্য, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। তাঁর মতে, ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে কংগ্রেসের সমঝোতা করা উচিত।কংগ্রেসের দাবি নিয়ে প্রশ্ন তুললেন সপা সাংসদ শিবপাল সিং প্যাটেল। সপা সাংসদ বলেন, কংগ্রেস ১৮১টি আসনের দাবি জানালেও এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। দলটি শুধুমাত্র তাদের দাবির তালিকা জমা দিয়েছে। আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। প্যাটেলের মতে, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে সমঝোতা করে নেওয়া উচিত কংগ্রেসের।উত্তরপ্রদেশে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ২ জন বিধায়কয। তাহলে এত আসনের দাবি উঠছে কেন? এই নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের আসন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিবপাল সিং প্যাটেল বলেন, উত্তরপ্রদেশ বিধানসভায় বর্তমানে কংগ্রেসের মাত্র দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির অবস্থান অনেকটাই শক্তিশালী। তিনি বলেন, কংগ্রেসের বর্তমান রাজনৈতিক শক্তির নিরিখে ৫০টি আসন পাওয়ার অধিকারও তাদের নেই। সেখানে ১৮১টি আসনের দাবি করা কোনওভাবেই যুক্তিসংগত নয়। তাঁর আরও বক্তব্য, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দিলে নির্বাচনে দলের সম্পদের অপচয় হতে পারে।এমন আসন বন্টন হলে সপা কর্মীদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে, বলছে সপা নেতৃত্ব। শিবপাল সিং প্যাটেল বলেন, আসন বণ্টনের সময় দলের তৃণমূল স্তরের কর্মীদের পরিশ্রমকেও গুরুত্ব দিতে হবে। সমাজবাদী পার্টির কর্মীরা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু (PDA) সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পঞ্চায়েত ও তৃণমূল স্তরে ধারাবাহিকভাবে কাজ করে গোটা রাজ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর মতে, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দেওয়া হলে সমাজবাদী পার্টির কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ অখিলেশ যাদবের নেতৃত্ব এবং তাঁর জনকল্যাণমূলক প্রকল্পগুলির পাশে রয়েছেন।১৭ নভেম্বর সপা-কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুই দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য ১৭ নভেম্বর প্রবীণ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই আসন সংখ্যা এবং জোটের চূড়ান্ত সমীকরণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। অখিলেশ বার্তা দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে মিলেই নির্বাচনে লড়ব। এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দুই দল একসঙ্গেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে।দুই দলের মূল লক্ষ্য হল রাজ্যের শাসক দল বিজেপিকে পরাজিত করা। আসন দাবি নিয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও জোট বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জোটের বৃহত্তম শরিক দল। ফলে আগামী আলোচনায় আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে পারে সপা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট ৪৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছিল। এই সাফল্য দুই দলের জোটকে আরও শক্তিশালী করেছিল।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু জয় পেয়েছিল মাত্র ২টি আসনে। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টি আসনে জয়লাভ করেছিল। ২০১৭ সালে সপা পেয়েছিল ৪৭টি আসন।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

যাত্রা দেখতে গিয়ে ভয়াবহ ঘটনা! পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত মাজরামুড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করার কথা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রার অনুষ্ঠান ছিল। এক পরিচিতের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে তিন যুবক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় ওই কিশোরী।এর পর সোমবার নির্যাতিতার বাবা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে তিন জনকে আটক করা হয়। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম সুদীপ মাণ্ডি, রাজেশ মাণ্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন। তাঁরা প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সুদীপ মাণ্ডির সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ইতিমধ্যেই নির্যাতিতার চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে।নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে পুলিশের উপর। পুরুলিয়ার এই ঘটনার ক্ষেত্রেও তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’! বুধবার থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা, শীতেও বাধা?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগমনও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। এর আগে অর্ণব ও মুরাসু-র পর এ বার নজর কাড়ছে ঘূর্ণিঝড় আকভান। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা নেই। আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।তবে আপাতত মৎস্যজীবীদের জন্য বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।আকভান নামটি দিয়েছে ইরান। শব্দটির অর্থ অশুভ শক্তি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ফলে শীতের অপেক্ষায় থাকা বাংলার মানুষের কাছে আগামী কয়েক দিন আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মোথাবাড়ি কাণ্ডে ফের বড় পদক্ষেপ এনআইএ-র! এবার তলব সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে

মোথাবাড়ি-কাণ্ডে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আবারও তলব করল এনআইএ। শুধু সাবিনা নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন একদল মানুষের অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে মোথাবাড়ির বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষজন। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে হেনস্তার ঘটনায় তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে।এই ঘটনার তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেদিন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি সেখানে যাননি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।এ বার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনের বক্তব্য জানতে চায় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে তাঁদের কী ভূমিকা বা কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

নভেম্বর ১৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal