ছটপুজোর মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে একযোগে আক্রমণ শুভেন্দুর! ‘জামাত প্রেম’ নিয়ে কী বললেন তিনি?
ছটপুজোর মঞ্চ থেকে ফের বাম ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বামেদের নাস্তিকতা এবং তৃণমূলের বিরুদ্ধে জামাতের প্রতি সমর্থনের অভিযোগ তুলে সরব হলেন তিনি। তাঁর দাবি, আগের সরকারগুলি ভাষা ও পুজোর নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছে। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের প্রতি তৃণমূল সরকারের নরম মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।বৃহস্পতিবার ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আগের বাম সরকার এবং গত ১৫ বছরের তৃণমূল শাসনকে নিশানা করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করাই ছিল আগের সরকারের অন্যতম কাজ।তিনি বলেন, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মানুষকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হত। অথচ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিশেষ সুবিধা দেওয়া হত বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর প্রশ্ন, তৃণমূলের নেতারা কখনও মুসলিমদের মধ্যে উর্দুভাষী ও বাংলাভাষীদের আলাদা করে দেখেননি। অথচ বিজেপিকে বারবার অবাঙালিদের দল বলে আক্রমণ করা হয়েছে।তৃণমূলের ১৫ বছরের শাসন নিয়েও একাধিক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, এই সময়ে বাংলার পরম্পরা ও ঐতিহ্য নষ্ট হয়েছে। পিতৃপক্ষ থেকে রামনবমী, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রামনবমীর মিছিলে পাথর ছোড়ার প্রসঙ্গও তুলে ধরেন।শুভেন্দুর বক্তব্য, পুজোর মধ্যেও বিভেদ তৈরি করার চেষ্টা হয়েছে। ছটপুজোকে বিহারের, রামনবমীকে উত্তরপ্রদেশের উৎসব বলে প্রচার করা হত। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের সনাতনীরা একসঙ্গে নানা ধর্মীয় উৎসব পালন করছেন। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, রামনবমী এবং ছটপুজোসব উৎসবই সনাতনীদের কাছে সমান গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি।২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করেছিল তৃণমূল। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দুর দাবি, বিভেদের রাজনীতি যারা করতে চেয়েছিল, তাদের রাজনৈতিকভাবে হারিয়ে দেওয়া হয়েছে। তাঁর কথায়, নন্দীগ্রাম ও রেজিনগরের ফলাফলেই স্পষ্ট, সংখ্যালঘুদের মধ্যেও সরকারের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে। বাংলায় মৌলবাদ ও জঙ্গিবাদের কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।এদিন আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেও তৃaণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করে দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্য শাসন করা হয়েছে। পাশাপাশি ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠানোর অভিযোগও করেন তিনি।শুভেন্দু বলেন, কাউকে ছাড়া হবে না। সকলকে জেলে পাঠানো হবে। তাঁর কথায়, সবে ছয় মাস হয়েছে, এখনও অনেক কিছু দেখা বাকি। একই সঙ্গে কমিউনিস্ট ও জামাতপন্থীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন।উল্লেখ্য, বক্তব্যের শেষ দিকে তিনবার ছটি মাইয়া কি জয় স্লোগান দেন শুভেন্দু। ছটপুজোর মঞ্চ থেকে তাঁর এই রাজনৈতিক আক্রমণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

