দিদির ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলেন তরুণী, তারপরই রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার দেহ, বরানগরে চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনার বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে তাঁকে। তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্জলি ডানলপের বাসিন্দা। বরানগরে তাঁর দিদি ও জামাইবাবুর একটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটি ফাঁকা থাকায় মঙ্গলবার সেখানে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, বিকেল ৪টের পর থেকে অঞ্জলির সঙ্গে আর ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বার বার ফোন করেও কোনও সাড়া না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। এর পরেই তাঁরা থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ ও ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘক্ষণ দরজায় ধাক্কা দিয়েও ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে ঢুকতেই উদ্ধার হয় অঞ্জলির দেহ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অঞ্জলিকে খুন করা হয়ে থাকতে পারে। তবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে। কারণ, ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। পুলিশের সূত্রে খবর, ওই দরজায় এমন ধরনের তালা রয়েছে, যা বাইরে থেকেও বন্ধ করা সম্ভব। ফলে দরজাটি ভিতর থেকে বন্ধ করা হয়েছিল, নাকি বাইরে থেকে, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।এই রহস্যের কিনারা করতে ফ্ল্যাট ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ওই আবাসনে ঘটনার আগে বা পরে কারা এসেছিলেন, তা জানার চেষ্টা চলছে। অঞ্জলির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, কিংবা ব্যক্তিগত কোনও বিবাদের জেরে এই ঘটনা কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে অঞ্জলির পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত বরানগরের এই রহস্যমৃত্যুর ঘটনায় একাধিক দিক খতিয়ে দেখছে পুলিশ।

