• ১ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

TMC Bhavan

কলকাতা

মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন দলবদল করেনি, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন দলবদল করেনি। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল প্রতিষ্ঠা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে দলবদল বলে না। এভাবেই রবিবার মেদিনীপুর কলেজ মাঠের জনসভায় করা অমিত শাহের বক্তব্যের জবাব দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অমিত শাহর মতো একজন কেন্দ্রীয় মন্ত্রীর সেটা জানা উচিত ছিল। বারবার বাংলায় এসে একটা দল যদি তৃণমূলকে অপমানজনকভাবে উপেক্ষা করার চেষ্টা করে তা হলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। রাজ্য সরকারের নামে একের পর এক মিথ্যে কথা বললে আমরা চুপ করে বসে থাকব না। বাংলার মানুষ এই বঞ্চনার জবাব বিজেপিকে দেবে। আরও পড়ুন ঃ অনুব্রত বিজেপিতে যোগ দিতে চাইলে ভেবে দেখবেনঃ দিলীপ ঘোষ সুব্রত মুখোপাধ্যায় এদিন আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন, তাঁর সরকার নাকি বাংলাকে ধান, শস্য দিয়েছে। কিন্তু তৃণমূলের কর্মীরা সেই ধান, শস্য রাজ্যবাসীকে দেয়নি। নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। কিন্তু আসল সত্যি অন্য। মমতার সরকার রাজ্যের দশ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল। মহামারীর সময় দেশের কোনও রাজ্য সরকার মানুষের জন্য এমন ব্যবস্থা করতে পারেনি। মমতার সরকার যেটা করেছে তা ভারতের ইতিহাসে লেখা থাকবে। কেন্দ্র দাবি করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তারা বাংলার জনগণকে দিতে চেয়েছে। কিন্তু তৃণমূল নাকি রাজ্যে তা চালু করতে দেয়নি। এই রাজ্যে দেড় কোটির বেশি মানুষ বার্ষিক ৫ লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন। তৃণমূল সরকার কেন্দ্রের উপর নির্ভর করে ছিল না। অমিত শাহ হোম মিনিস্টার। এত বড় পদে থেকে ভুল তথ্য দিলে আমরা প্রতিবাদ করব। বাংলার মানুষও প্রতিবাদ করবে। তিনি এদিন আরও বলেন, যাঁরা বাংলার সংস্কৃতি বোঝেন না, বাংলার গর্ব বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেয় না, তাঁরা আবার বাংলা দখলের স্বপ দেখেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিভাঙা প্রসঙ্গও টেনে আনেন তিনি। আক্রমণ শানান শুভেন্দু-সহ দলত্যাগী সকল নেতাদের উদ্দেশেও। বর্ষীয়ান তৃণমূল নেতার অভিযোগ, যাঁরা এভাবে দল ছাড়েন তাঁরা বিশ্বাসঘাতক। তাঁরা মীরজাফর, জগৎ শেঠ। মানুষ এঁদের ক্ষমা করে না। বিজেপিকে খোঁচা দিয়ে সুব্রতবাবুর শ্লেষ, একা শুভেন্দুকে নিয়েই ২৫০ আসনের স্বপ্ন দেখছে। এরপর কোনদিন তো বলে বসবেন ৩০০-এর বেশি আসন পাবে! এখনই সামলে নেওয়া উচিৎ। এদিন সাংবাদিক সম্মেলনে পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা মামুদ হোসেন তার ৫০০ অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দেন। সুব্রত মুখোপাধ্যায় তার হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

ডিসেম্বর ২০, ২০২০
কলকাতা

‘বুকের পাটা থাকলে অভিষেকের নাম নিয়ে দেখান’, শুভেন্দুকে তোপ কল্যাণের

মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সভা শেষেই জবাব দিতে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপির মুখে শুধু মিথ্যের ফুলঝুরি। শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে তাড়ানো হয়েছিল। কিন্তু মমতা অন্য দলে যোগ দেননি, নিজে দল করেছেন। ১০ বছরে যারা শুধু ভোগ করেছে, বলেছেন মোদি হঠাও তাদেরকে যোগদান করানোর জন্য মিথ্যে বলতে হচ্ছে। এছাড়াও অমিত শাহকে জবাব দিয়ে তিনি বলেন, উনি বলছেন পরিবারতন্ত্র, অধিকারী পরিবারে সেটা নেই! অমিত শাহের তোলা পরিবারতন্ত্রের অভিযোগের উত্তরে তাঁর ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনার ছেলের কী যোগ্যতা ছিল? যোগ্যতা ছাড়াই বিসিসিআইয়ের সচিব অমিতের ছেলে। তিনি আরও বলেন, ২০২১-এর নির্বাচনে ঝড় উঠবে, আর সবাই বলবেন মমতা, মমতা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে ফের নির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, ৩০ টি সিআইএসএফ জওয়ান আর বুলেটপ্রুফ গাড়ি নিয়ে তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন তো, নাকি অন্য কোনও কেন্দ্রে সরে যাবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি (শুভেন্দু) যেন আসন পরিবর্তন না করেন। আরও পড়ুন ঃ সুকিয়া স্ট্রিটে ছেঁড়া হল মমতা-অভিষেকের ছবি কল্যাণ আরও বলেন, বিজেপি হচ্ছে লুঠেরাদের পার্টি। বিরোধী নেতাদের হুমকি দেওয়া হচ্ছে, লোভ দেখাচ্ছে। বিজেপি কৃষক বিরোধী একটা রাজনৈতিক দল। কৃষকের বাড়িতে খেলেই কৃষকবন্ধু হওয়া যায় না। বড় শিল্পপতিদের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপি। আজকের কৃষক আন্দোলন দেখে নীল বিদ্রোহের কথা মনে পড়ছে। বিজেপি দাঙ্গাবাজ, গুন্ডাবাজের দল। যাদের নাম নিলেন সেই মণীষীদের পথ নিলে গুজরাতে দাঙ্গা হত না। হুগলীর সাংসদ তোপ দাগেন, আজ যে প্রণাম শুভেন্দু অমিত শাহকে করলেন, একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও একদিন করেছিলেন! আপনাকে ৩-৩টে মন্ত্রিত্ব, ৪-৫টা জেলার পর্যবেক্ষক করা হয়েছিল। আর কী সম্মান দেবেন? মুখ্যমন্ত্রীর চেয়ারটা দিয়ে দিতেন? যে কোনও মিটিংয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুঁজতেন, শুভেন্দু না এলে মিটিংই শুরু করতেন না। আদর্শের কথা আপনি কী বলবেন? মেদিনীপুরের মাটিতে, বিদ্যাসাগর ও ক্ষুদিরামের দেশে এরকম আদর্শহীন, বিশ্বাসঘাতক! মানুষ ভাবতে পারে না। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর উদ্দেশে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। বলেন, এত বড় নেতা হলে, ১৯৯৬, ২০০১, ২০০৪ সালে হারলেন কেন? লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে? আসন্ন নির্বাচনে আবার নন্দীগ্রামেই দাঁড়ান, দয়া করে আসন বদলাবেন না। কিন্তু আসনটা আমরাই জিতবই। ২০২১-এ যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে ঝড় উঠবে। পাশাপাশি এদিন মেদিনীপুরের যোগ দান মঞ্চ থেকে শুভেন্দু অভিষেককে ব্যক্তি আক্রমণ করাতেই পাল্টা তাঁকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন ব্যক্তি আক্রমণ করছেন, বুকের পাটা থাকলে অভিষেকের নাম নিয়ে দেখান। ভাইপো বলে ব্যক্তি আক্রমণ কেন করছেন? বন্দ্যোপাধ্যায় পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চাননি। বাংলার মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী করেছিলেন। এদিন মেদিনীপুর কলেজ মাঠের সভায় স্থানীয় মানুষ তেমন ছিলেন না বলে দাবি করেন তৃণমূল সাংসদ। তিনি দাবি করেন, এদিন মেদিনীপুরের মাঠ ভরেনি। মাঠ ভরাতে পারেননি শুভেন্দু অধিকারী। যাঁরা যোগদান করেছেন, তাঁরা প্রচুর লোক নিয়ে গিয়েও মাঠ ভরাতে পারেননি। মাঠে যাঁরা ছিলেন, তাঁরা বেশিরভাগই সব বাইরের লোক। মেদিনীপুরের কেউ নন।

ডিসেম্বর ১৯, ২০২০
কলকাতা

তৃণমূলের ক্ষতি হবে না, শুভেন্দুর দলত্যাগ প্রসঙ্গে সুব্রত

শুভেন্দু দল ছাড়ায় দলের কোনও ক্ষতি হবে না। সাংবাদিক বৈঠকে পরিস্কারভাবে জানিয়ে দিলেন সুব্রত মুখোপাধ্যায়। শুভেন্দুর ইস্তফা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুব্রত মুখোপাধ্যায় বলেন, এত বড় দল, কয়েক লাখ মেম্বার। এতবড় দলে আমি বা কেউ যদি না থাকি তার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করবে। এরকম একজন, দুজন গেলে কোনও ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জনসভা করছেন, সেখানে কত মানুষ ভিড় করছেন। অসুবিধা সত্বেও ছেলে কোলে নিয়েও মায়েরা সভায় হাজির থাকছেন। তিনি আরও বলেন, শুভেন্দু ইস্তফা দিয়েছে, তবে বিধানসভার অধ্যক্ষ এখনও সিদ্ধান্ত নেননি। এক প্রশ্নের জবাবে সুব্রত বলেন, সারা পৃথিবীতে যত গণতান্ত্রিক দল আছে সেখানে একজন কেউ পদত্যাগ করে দল উঠে গেছে এমন নজির কি আছে? আমি যদি দল ছেড়েদি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উঠে যাবে? আরও পড়ুন ঃ নিয়ম মেনে করা হয়নি, অধ্যক্ষের দাবি গৃহীত হয়নি শুভেন্দুর পদত্যাগ তৃণমূল দলটা উঠে যাবে, অধীর চৌধুরির এই মন্তব্য প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের কটাক্ষ, একটা কাক একটি বাটি নোংরা করেছে, তাতে পুরো বাড়িতে আগুন ধরে যাবে ! একজন পদত্যাগ করলে সেই পার্টি উঠে যাবে ? হয় নাকি ! এটা দলের জন্য খুব বড় কিছু না। আসানসোল পৌরনগমের প্রশাসক পদ থেকে জিতেন্দ্র তিওয়ারির পদত্যাগ প্রসঙ্গে কিছু বলতে চাননি সুব্রত মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, আমার কাছে এরকম কোনও খবর নেই। আমি তো জানি জিতেন্দ্র বলেছে, সে মুখ্যমন্ত্রীর ফোনের জন্য অপেক্ষা করছে।

ডিসেম্বর ১৭, ২০২০
কলকাতা

পরিসংখ্যান তুলে ধরে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির দাবি বিদ্যুৎমন্ত্রীর

বঙ্গধ্বনির হাত ধরে প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড। অন্যদিকে, বিজেপির যুব মোর্চার তরফেও ব্লকে ব্লকে শুরু হয়েছে চাকরির প্রতিশ্রুতি কার্ডে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও। ৭৫ লক্ষ যুবকের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপির যুব মোর্চা। আর এবার তৃণমূল ভবন থেকে রাজ্যে কর্মসংস্থানের ছবি তুলে ধরলেন বিদুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, এক কোটি মানুষের বেশি কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে। বাম আমলের তুলনায় রাজ্য এখন বিদ্যুৎ উৎপাদনে যে অনেক স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ, সে কথা বললেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চ্যাটার্জী। তথ্য পরিসংখ্যান দিয়ে জানালেন, ১০০ শতাংশ গ্রামে বিদ্যুতের কথা। আগে যেখানে রাজ্যে ৩০০-র বেশি লো ভোল্টেজ পকেট ছিল, এখন সেখানে সেই সংখ্যাটা ২০-তে এসে ঠেকেছে। সৌরবিদ্যুতেও বাংলা অনেক এগিয়ে বলে দাবি করেন মন্ত্রী। রাজ্যে অচিরেই যে সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হতে চলেছে, তার সৌজন্যে গোটা পূর্বাঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেশ ভাল জায়গায় থাকবে বাংলা, এ কথাও মনে করিয়ে দেন। আরও পড়ুন ঃ তৃণমূলের ফেল কার্ড প্রকাশ বিজেপির দেশে যেখানে বেকারত্ব বাড়ছে সেখানে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি আরও বলেন, সিলিকন ভ্যালিতে যা কর্মসংস্থান হবে তা হায়দরাবাদ, ব্যাঙ্গালুরুকেও ছাড়িয়ে যাবে বলে তার ধারনা। পাশাপাশি বিভিন্ন আইটি হাবের কর্মসংস্থানের হিসেবও এই সাংবাদিক বৈঠকে তুলে ধরেন শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া, গতিধারা প্রকল্পে ২৮ হাজারেরও বেশি যুবক যুবতীদের গাড়ি দেওয়া হয়েছে স্ব উপার্জনের জন্য বলেও জানান তিনি। পাশাপাশি, ৬ লক্ষ যুবকযুবতীদের স্বনির্ভর হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও জানান বিদুত্মন্ত্রী। এছাড়া, ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্য এগিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতবর্ষে রাজ্য একনম্বরে রয়েছে। বলেও জানান তিনি। অন্যদিকে, তাজপুরে সমুদ্র বন্দরে ২৫ হাজার কর্মসংস্থানের কথা জানান মন্ত্রী।পাশাপাশি, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বিদুত্মন্ত্রী বলেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে বিজেপি।পাশাপাশি এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, সহ লাভজনক সংস্থা বিক্রি করছে বিজেপি। বলেও তোপ দাগেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, রেলের ৪০০ স্টেশনকে বেসরকারিকরন করারও অভিযোগ আনেন তিনি। এছাড়া এদিন সাংবাদিক বৈঠক থেকে সোলার সিস্টেমে ১৩০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছে রাজ্য বলেও জানান বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, ২৩ জেলার ১০০ শতাংশ বিদ্যুত্ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তৃণমূলের আমলে বেড়েছে সাব স্টেশন বলেও জানান বিদ্যুত্মন্ত্রী। এছাড়া, বিভিন্ন স্কুল কলেজে ১৫০০ বেশি সোলার বিদ্যুত্ দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি পুরুলিয়া ১০০০ মেগাওয়াটের নতুন প্রকল্পের কথাও জানান বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ডিসেম্বর ১৪, ২০২০
কলকাতা

আগামীকাল প্রকাশিত হবে তৃণমূলের রিপোর্ট কার্ড

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল ভবনে প্রকাশিত হবে দলের রিপোর্ট কার্ড। গত দশ বছরে রাজ্যের সাধারণ মানুষের জন্য কি কি উন্নয়ন হয়েছে, তা এই রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরা হবে। রিপোর্ট কার্ডটি সাংবাদিকদের সামনে ব্যাখ্যা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল বিধায়ক ও সাংসদরা । প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। আরও পড়ুন ঃ তৃণমূলের পরিবারটাই দল, আর বিজেপির দলই পরিবারঃ নাড্ডা তার আগেই বিরোধীরা রাজ্য সরকার কোন উন্নয়ন করেনি বলে প্রচারে নেমে পড়েছে। জেলা সফরে বেরিয়ে উন্নয়নের ফিরিস্তি দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের তরফ থেকেও সেই কাজ শুরু হতে চলেছে। রিপোর্ট কার্ড প্রকাশ করেই সাধারণ মানুষের উদ্দেশে প্রচারের কাজে ঝাপিয়ে পড়বে তৃণমূল।

ডিসেম্বর ০৯, ২০২০
কলকাতা

পুলিশ নয়, নিজেদের শট গানের ছররা গুলিতেই মৃত্যু বিজেপি কর্মীর, দাবি সুব্রতর

বিজেপির নিজেদের দুষ্কৃতীদের শটগানের ছররা গুলিতেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মী উলেন রায়ের। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পাঠানো রিপোর্ট সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। সেই রিপোর্টে জানানো হয়েছে, শটগানের ছোট ছোট গুলি বুকে লেগে মৃত্যু হয়েছে উলেন রায়ের। সুব্রত মুখোপাধ্যায় জানান,পুলিশের কাছে কখনোই ছোট গুলি থাকে না। পুলিশের গুলি আকারে একটু বড় হয়। শটগানের গুলি আকারে ছোট হয়। সেইগুলি বুকে লেগেই বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। শটগান পাখিমারা থেকে শুরু করে খেলনা পিস্তল হিসেবেও ব্যবহার করা হয়। অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে উত্তর কন্যা অভিযানে আন্দোলনের নামে বিজেপি বহিরাগত দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এসেছিল।সুব্রত বাবু আরো জানান,তৃণমূল কংগ্রেস কখনোই গুলির রাজনীতি করে না। এই ঘৃণ্য রাজনীতি একটা সময় করেছিল সিপিএম। সেই সময় তারা বহু মানুষকে গুলি করে খুন করেছিল। তাই তাদের বিদায় নিতে হয়েছিল রাজ্য থেকে। এবার সেই গুলির রাজনীতি করছে বিজেপি। তাই তাদেরও আগামী বিধানসভা নির্বাচনের পর বাংলা থেকে বিদায় করে দেবে সাধারণ মানুষ। আরও পড়ুন ঃ সাংবাদিকদের সম্পর্কে মহুয়া মৈত্রর মন্তব্যকে মান্যতা দিল না তৃণমূল কারণ, বাংলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তারা কখনোই গুলির রাজনীতি পছন্দ করে না। শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিজেপির গুলির রাজনীতি অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, ওইদিন বিজেপি প্রথম থেকেই প্ররোচিত করছিল পুলিশকে। হাজারও প্ররোচনা সত্বেও গুলি করা হয়নি। লাঠি উঁচিয়ে তাড়া করেছেন মাত্র। এর বেশি আর কিছুই হয়নি। আমরা বারবার দেখেছি পুলিশের কোনও ভুল ছিল কিনা। পুলিশ মার খেয়েও লাঠি চালায়নি। উত্তরবঙ্গে যা হচ্ছে তা সত্য নয়। অসত্য প্রচার করে ধর্মঘট ডেকেছেন। পাশাপাশি কৃষি বিল নিয়ে কৃষকদের ডাকা বনধকে এদিন নৈতিকভাবে সমর্থন করেন সুব্রতবাবু। তিনি জানান, বনধ সমর্থন করি না। কিন্তু কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছি। পাশে আছি আমরা। বনধ শান্তিপূর্ণভাবে হচ্ছে। আন্দোলনকে সমর্থন করে আজ থেকে পরপর তিনদিন মিছিল হবে। গান্ধীর মূর্তির পাদদেশে জমায়েত হবে। অনেক কৃষকভাই এসেছে। এই আন্দোলনের জয় হবেই। কৃষক আন্দোলনের বার্তা দিতে ব্লকে ব্লকে আন্দোলন হবে।

ডিসেম্বর ০৮, ২০২০
কলকাতা

বাংলায় আমদানি করা গব্বর সিংদের মানুষ মেনে নেবে নাঃ ইন্দ্রনীল সেন

বিজেপির সঙ্গে বাংলার আত্মিক যোগাযোগ নেই। সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, বাংলার জন্য বিজেপির আন্তরিকতা নেই। কিন্তু তৃণমূল বাঙালি অবাঙালি ভাগ করে না। যে গব্বর সিংগুলিকে বাংলায় আমদানি করা হচ্ছে তাদের বাংলার মানুষ মেনে নেবে না। সেটা সিনেমাতেই ভালো লাগে। ইন্দ্রনীল সেন আরও বলেন, লোকশিল্পীদের পাশে কোনও বিজেপি নেতা দাঁড়ায়নি। লোকশিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আরও পড়ুনঃ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলীপ ঘোষের আইনজীবীর রাজ্যের প্রকল্প পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে সরকার-এর কথাও উল্লেখ করেন তিনি। বলেন, রাজ্যের প্রকল্প অনুকরণ করছে কেন্দ্রীয় সরকার। শুধু কেন্দ্র নয়, অন্য রাজ্যও বাংলাকে অনুকরণ করে বলে মন্তব্য করেন তিনি। এদিন তিনি তিনি নাম না করে দিলীপ ঘোষকে মিস্টার বিন বলে উল্লেখ করেন। গুন্ডা শব্দ নিয়ে যে বিতর্ক হয়েছে সে বিষয়ে ইন্দ্রনীল বলেন, অভিষেক ব্যানার্জীর সৎসাহস আছে তাই মঞ্চ থেকে এ কথা বলতে পেরেছেন। বলেন, গুন্ডামি মানুষ সিনেমায়, যাত্রায় বা নাটকে দেখতে ভালবাসে কিন্তু এলাকায় দেখতে অভ্যস্ত নন। বাংলার মানুষ গুন্ডাদের এখানে আমদানিও করবেন না।

নভেম্বর ৩০, ২০২০
কলকাতা

আমি দলেই আছিঃ রাজীব

আমি দলেই আছি। অন্য ভাবনার কোনও অবকাশ নেই। বৃহস্পতিবার তৃণমূল ভবনে একথা জানিয়ে দিলেন তৃণমূল নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুভেন্দু আধিকারীর হয়েও সওয়াল করলেন তিনি। অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হলেই এমন নয় যে দল থেকে দূরত্ব তৈরি হয়েছে। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন তিনি। তিনি আরও বলেন, শুভেন্দু আমার সহকর্মী বন্ধু। আমরা যে কোনও সময়ে অরাজনৈতিক মঞ্চে যেতেই পারি। আমি আজকেও যাব। তার মানে এই নয় যে সেটা দলের বিরুদ্ধ। শুভেন্দু নিজেও জানিয়েছেন যে তিনি দল ছাড়েননি এবং নেত্রী তাঁকে তাড়িয়ে দেননি। সুতরাং জল্পনার কোনও কারণ নেই বলেও দাবি করেন তিনি। আরও পড়ুন ঃ ডিসেম্বর থেকে স্বাস্থ্যসাথীর আওতায় রাজ্যের সমস্ত পরিবারঃ মমতা প্রসঙ্গত, লকডাউনের মধ্যেই আমফান পরবর্তী পর্যায়ে প্রকাশ্যে আসে হাওড়া জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। পূর্বতন জেলা সভাপতি তথা বিধায়ক অরূপ রায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরোধ নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন ওই জেলার তৃণমূলের নেতারা। পরে দলের সাংগঠনিক রদবদলের মাধ্যমে জেলা সভাপতি বদল করা হয়। পরিস্থিতি এখন তৃণমূলের নিয়ন্ত্রণে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেই জল্পনা অতটাও জোরাল ছিল না।

নভেম্বর ২৬, ২০২০
কলকাতা

রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব কল্যাণ

ফের রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত। অভিযুক্তদের পক্ষ নিয়ে তদন্ত প্রভাবিত করার চেষ্টার করার অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক বলেও দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুদীপ্ত রায়চৌধুরী গরুপাচারে যুক্ত। মানুষ পাচারের সঙ্গেও যোগ রয়েছে তার। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। ধৃত গোবিন্দ আগরওয়াল এবং সুদীপ্ত রায়চৌধুরীর হয়ে কেন টুইট করছেন রাজ্যপাল? কেন বাংলার রাজ্যপাল অভিযুক্তদের সাহায্যে এগিয়ে আসছেন? পশ্চিমবঙ্গের অনেক অপরাধীর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রাজ্যপালের। আরও পড়ুন ঃ করোনায় আক্রান্ত কংগ্রেস নেতা আব্দুল মান্নান তাঁর আরও দাবি, তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। পুলিশ-সহ সরকারি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন। হুমকি দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অসাংবিধানিক কাজ করছেন। যারা তদন্তে বাধা দেন কিংবা তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ ও ১৮৯ ধারায় ব্যবস্থা নেওয়া যায়। কলকাতা পুলিশকে অনুরোধ করব রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। শেষে বলে যান, আগামী দিনে রাজ্যপাল সম্পর্কে দ্বিতীয় পর্যায়ে পর্দা উন্মোচন করব। এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই আইআরএস আধিকারিক নীরজ সিংয়ের গ্রেফতারির প্রসঙ্গ তোলেন। তাঁর বিরুদ্ধে প্রচুর আর্থিক দুনীতির অভিযোগ রয়েছে। বেনামী সম্পত্তিও রয়েছে। কলকাতা পুলিশ ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। পরে সেই তদন্তভার ইডি হাতে নিয়ে নীরজ সিংকে গ্রেফতার করে। শুধু তাই নয়, এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, ইডি তাঁর ৩ কোটি ৮৮ লক্ষ টাকার সম্পত্তিও অ্যাটাচ করেছে। তবে পরবর্তীতে ওই মামলার কাগজ হাতে পেয়ে কলকাতা পুলিশও সমান্তরাল তদন্ত চালাচ্ছিল।

নভেম্বর ২৬, ২০২০
কলকাতা

সারা দেশে এক দল, এক ভাষা করতে চাইছে বিজেপিঃ সৌগত রায়

রাজ্য বিজেপি অন্তর্কলহে ক্লান্ত। বিজেপি মমতার সমান্তরাল মুখ তৈরি করতে পারছে না, যে কারণে ভিন রাজ্য থেকে বিজেপি নেতাদের নিয়ে আসছে। আমাদের আশঙ্কা তাঁরা এখানে বিভাজনের রাজনীতি করতে আসছেন। যাতে আমাদের রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্নিত হতে পারে। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি আরও বলেন, বিজেপি দেশের অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে। আবার যেখানে ক্ষমতায় ছিল না, সেখানে দলত্যাগে উৎসাহ দিয়ে বিজেপি-বিরোধী রাজ্য সরকারকে ফেলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি এটা করতে পারবে না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌগত রায় বলেন, দেশে যেটা ঘটছে, সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। বিজেপি সারা দেশে এক দল, এক ভাষা করতে চাইছে। যা ভয়ঙ্কর চিন্তাভাবনা। আমাদের দেশের স্বশাসিত সংস্থাগুলি ধীরে ধীরে ভেঙে পড়ছে। আরও পড়ুন ঃ ৬০ বছর অবধি কাজের দাবিতে বিক্ষোভ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে। কেন্দ্র কৃষকদের কথা ভাবে না। এমনিতে কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্যের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। সেই টাকা মেটানো হচ্ছে না। এই সংকটের মধ্যে দিয়ে চলেও রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন করে চলেছে। নিজের রাজনৈতিক জীবনে রাজনীতির মান এতটা নীচে নামতে পারে তা কল্পনাও করতে পারেননি বলে দাবি করলেন সৌগত রায়।

নভেম্বর ২৪, ২০২০
কলকাতা

রাজ্যে মিমের একাধিক নেতার যোগ তৃণমূলে

রাজ্যে মিমের একাধিক নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে যোগ দেওয়া মিমের বাংলার নেতৃত্বের তালিকা পড়ে শোনান ব্রাত্য বসু। সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, এআইএমএমের পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্তম্ভ, সব থেকে বড় মুখ। যিনি এ রাজ্যে মিমের ভিত সেই আনোয়ার হোসেন পাসা সহ রাজ্যের নানা জেলা থেকে মিমের একাধিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই সরকারের কাজে ও উন্নয়নে আকৃষ্ট হয়ে মিমের রাজনীতিতে বিতশ্রদ্ধ হয়ে এঁরা সবাই তৃণমূলে যোগ দিয়েছেন। জামিরুল হাসান মিমের তেমন কোনও নেতা নয় বলে পাল্টা দাবি করেছেন আনোয়ার পাসা। আরও পড়ুন ঃ রাজ্যে আমলাদের দুর্নীতি নিয়ে সরব ধনকড় পাসা বলেন, জামিরুল হোসেনকে কেউ চেনে না। উনি একজন শিল্পপতি। উনি একবছর হয়েছে দলে এসেছেন। আনোয়ার হাসান পাসাকে সকলে চেনে।। সারা বাংলায় আমরা মাটিতে থেকে সংগঠনের কাজ করেছি। আমরা বিজেপির বিরুদ্ধে সার্বিক শক্তি দিয়ে ঝাঁপাব। এরাজ্যে বিজেপিকে রুখবই। বিহার হতে দেব না। পাসা আরও বলেন, ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হচ্ছে দেশজুড়ে। এটাই এখন দেশে সবচেয়ে বড় সংশয়। সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে।বিহারে ক্ষমতায় এসেছে ধর্মীয় মেরুকরণ করেই। বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।অন্যদিকে, বাংলার মিম নেতা সৈয়দ জামিরুল হাসান বলেন, আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দল ৬ মাস আগেই আনোয়ার সহ অন্যদের সাসপেন্ড করেছে। এঁরা এখন মিমের কেউ নয়।

নভেম্বর ২৩, ২০২০
কলকাতা

সম্মান না পাওয়ায় তৃণমূল ভবনের সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের

দলে পর্যাপ্ত সম্মান পাচ্ছেন না , এই অভিযোগে শনিবার তৃণমূল ভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন দলীয় কর্মীরা। এদিন বেলার দিকে মেদিনীপুর থেকে দার্জিলিং বিভিন্ন প্রান্তের কয়েকশো কর্মী জড়ো হন তৃণমূল ভবনের সামনে। নিরাপত্তারক্ষীরাও তাঁদের সরাতে পারেননি। সারা দুপুর তৃণমূল ভবনের সামনের রাস্তা দুধারে তাঁরা অবস্থান করেন। কখনও কখনও স্লোগান তুলে বিক্ষোভও দেখান। বারবারই দাবি করতে থাকেন যে তাঁরা নেত্রীর সঙ্গে দেখা করে তাঁকেই সমস্যার কথা জানাবেন। আরও পড়ুন ঃ কেন্দ্রে এখন ফেক নিউজের সরকার চলছেঃ কাকলি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁদের বক্তব্য, আমরা দলের বহু পুরনো কর্মী। কিন্তু তেমন গুরুত্ব পাচ্ছি না। ভোট কিংবা দলের অন্যান্য কাজে আমাদের ডাকা হচ্ছে না। তাই আমরা নেত্রীর কাছে জানতে এসেছি, এর কারণ কী। আমরা আবার ভোটের কাজ করতে চাই আগের মতো। আমাদের দলকে ফের ক্ষমতায় আনতে চাই।এরপর পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন সুব্রত বক্সি। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, অভিযোগের কথা শোনেন। তারপর জানান যে আগামী বৃহস্পতিবার তাঁদের এক প্রতিনিধিদলের সঙ্গে তিনি নিজে আলোচনায় বসবেন। সমস্ত শুনে সমাধানের চেষ্টা করবেন। এতে খানিকটা আশ্বস্ত হন দলীয় কর্মীরা। অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে ফিরে যান।

নভেম্বর ২১, ২০২০
কলকাতা

বাংলায় বহিরাগতদের তাণ্ডব চলছেঃ ব্রাত্য

গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতির মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বহিরাগত। এবার এই ইস্যু্তে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, রবীন্দ্রনাথের জন্ম বোলপুরে বলা এবং বাংলা দখল করা, একইসঙ্গে সম্ভব? বিজেপি বহিরাগত তত্ত্ব খাঁড়া করতে এবার এমনই প্রশ্ন তুলে দিল তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসুর দাবি, আপনারা বহিরাগত নিয়ে আমাদের নিয়ন্ত্রণ করবেন ? আমাদের জাতির কি এত বড় দুর্দশা এসে গেল। একসময় ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ন্ত্রণ করত এই বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বসু সেই আন্দোলনের কাণ্ডারী ছিলেন। মন্ত্রী বলেন, নেতাজিতে তাড়ানো হয়েছিল, এবং দেশের ক্ষমতাভার কলকাতা থেকে সরানো হয়েছিল। সেইসময় বাংলার ওপর নিয়ন্ত্রণ করেছিল হিন্দিভাষীরা। বর্তমান সময়ই ঠিক একই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বিদ্যাসাগরের মূর্তি যেদিন ভাঙা হয় সেদিন ভাটপাড়ায় উল্লাস হয়েছিল৷ সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ বোসকে কেউ অপমান করলে আপনারা ছেড়ে দেবেন? আমাদের রাজ্যে ধর্ম দেখে ভাগ করা হয় না৷ আমাদের উপর যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে তা ঠিক না৷ তিনি আরও বলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছে। তার নাম তৃণমূল কংগ্রেস। সেই ফৌজ নিয়ন্ত্রণ করার জন্য উত্তর ভারত থেকে বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে। যদিও পরে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, আমি একথা বলে কোনওমতেই নেতাজির সঙ্গে মমতার তুলনা করছি না। আরও পড়ুন ঃ রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ ব্রাত্য আরও বলেন, আমাদের এখানে রচপাল সিং থাকেন, ওনাকে আমরা নিজেদের লোকই ভাবি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনও বাঙালিকে সম্মান দেওয়া হয় না। প্রশ্ন করেন, যদি এখানে অর্জুন সিং বিধায়ক থেকে সাংসদ হতে পারেন, তাহলে উত্তরপ্রদেশ-গুজরাতে কেন বাঙালি পদবিধারী ব্যক্তিরা নির্বাচিত সদস্য হন না? পাশাপাশি আরও একটি উদাহরণ তুলে ধরেন তিনি। বলেন, ১৯২৫-এ তৈরি আরএসএস কেন এখনও পর্যন্ত কোনও বাঙালি প্রধান পেল না? সীমান্ত এলাকায় যারা প্রচার করছেন তাদের প্রশ্নটা জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না? নাগপুরের বাহ্মণ হলেই ভাল, বাঙালি বাহ্মণ হলে খারাপ কেন? প্রশ্ন মন্ত্রীর। এছাড়াও ২০২০ সালের ২০ জুন গুজরাতের ভারুচে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের প্রসঙ্গ টেনে এনে ব্রাত্য বসু বলেন, ওইদিন ভারুচে বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছিল৷ আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন কর্মী৷ কিন্তু আমরা বলছি না যে সেখানে নাশকতা ঘটানো হয়েছে৷ কিন্তু বাংলায় বিস্ফোরণ হলেই নাশকতা দেখতে পান৷ আসলে পুরোটাই সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা৷

নভেম্বর ২০, ২০২০

ট্রেন্ডিং

দেশ

পুরী যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘূর্ণিঝড়ের জেরে বদলে গেল ট্রেনের সময়, বাতিল একাধিক এক্সপ্রেস

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।

নভেম্বর ১৯, ২০২৬
কলকাতা

বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি! কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা, বড় পদক্ষেপ পুরসভার

বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বৃষ্টিতে ভিজছে কলকাতা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি হয়েছে শহরে। একটানা বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতির অবনতি হতে পারে বুঝেই আগাম সতর্ক কলকাতা পুরসভা।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে শহরের একাধিক এলাকায় জল জমতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। শহরের কোথাও জল জমছে কি না, নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, কিংবা কোনও বিপর্যয় ঘটছে কি না, সব দিকেই নজর রাখা হচ্ছে।পরিস্থিতি মোকাবিলায় বুধবার কলকাতা পুরসভায় বিশেষ বৈঠক করেন আধিকারিকেরা। রাস্তা, নিকাশি, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেখানে দ্রুত জল বার করার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে ম্যানহোলের ঢাকনা খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।নিকাশি নালায় যাতে আবর্জনা জমে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাফাইকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুরসভা। অন্য দিকে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃষ্টির জেরে কোথাও সমস্যা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার কলকাতার পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর প্রশাসনের।

নভেম্বর ১৯, ২০২৬
টুকিটাকি

ডিজিটাল ডিটক্স আসলে কী? কিভাবে করবেন অভ্যাস? ফিরিয়ে আনুন নিজের জন্য সময়

ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত হাতে স্মার্টফোন! সোশ্যাল মিডিয়া, মেসেজ আর নোটিফিকেশনের ভিড়ে হারিয়ে যাচ্ছে নিজের সময়। মানসিক চাপ কমাতে ও মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ডিজিটাল ডিটক্স।সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ মোবাইল দেখা। সারাদিন কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, বন্ধুদের সঙ্গে চ্যাট কিংবা ভিডিও দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোন হাতছাড়া হয় না। অজান্তেই স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ দখল করে নিয়েছে। এই অভ্যাস থেকে সাময়িক বিরতি নেওয়ার নামই ডিজিটাল ডিটক্স।ডিজিটাল ডিটক্স আসলে কী?ডিজিটাল ডিটক্স হল নির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা। এর উদ্দেশ্য প্রযুক্তিকে পুরোপুরি জীবন থেকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনে মনোযোগ বাড়ানো।সপ্তাহে একদিন ফোন থেকে দূরে থাকবেন কেন?দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে অনেকের ঘুমের সময় কমে যায়, মনোযোগে ব্যাঘাত ঘটে এবং অকারণে সোশ্যাল মিডিয়া দেখার অভ্যাস তৈরি হয়। সপ্তাহে অন্তত একদিন ফোন থেকে দূরে থাকলে নিজের পছন্দের কাজে সময় দেওয়া সম্ভব। বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাগান করা কিংবা বাইরে হাঁটতে যাওয়াএমন অভ্যাস মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করতে পারে।কীভাবে শুরু করবেন ডিজিটাল ডিটক্স?১. সপ্তাহের একটি দিন বা নির্দিষ্ট কয়েক ঘণ্টা ফোন ব্যবহার বন্ধ রাখুন।২. অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন।৩. খাওয়ার সময় ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ফোন দূরে রাখুন।৪. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফোন সরিয়ে রাখার চেষ্টা করুন।৫. অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বই পড়া, শরীরচর্চা বা পছন্দের কোনও শখে মন দিন।মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রয়োজনীয় অংশ। তাই প্রযুক্তি থেকে পালিয়ে যাওয়া নয়, বরং তার ব্যবহার নিয়ন্ত্রণ করাই ডিজিটাল ডিটক্সের আসল উদ্দেশ্য। সপ্তাহে একদিনের ছোট্ট বিরতিই আপনাকে নিজের জন্য কিছুটা সময় খুঁজে পেতে সাহায্য করতে পারে।

নভেম্বর ১৯, ২০২৬
নিবন্ধ

আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে অচেনা যুবকের সুরে মুগ্ধ বিশ্ব, কে ছিলেন তিনি?

সুরের সীমানা ভেঙে এক বিশ্বনাগরিক সলিল চৌধুরীলোকসুর, পাশ্চাত্য শাস্ত্রীয় সংগীত আর মানুষের জীবনের কথায় যিনি তৈরি করেছিলেন এক স্বতন্ত্র সংগীতভুবনবাংলা তথা হিন্দি চলচ্চিত্রের সংগীতের ইতিহাসে সলিল চৌধুরী এমন এক নাম, যাঁকে কোনও একটি ভাষা, কোনও একটি ঘরানা কিংবা কোনও একটি সময়ের মধ্যে বেঁধে রাখা যায় না। তিনি ছিলেন সুরকার, গীতিকার, গল্পকার, চিত্রনাট্যকার, কবি এবং এক অসাধারণ সংগীত-পরীক্ষক। তাঁর সুরে কখনও মিশেছে বাংলার মাটির গন্ধ, কখনও অসমের লোকসংগীত, আবার কখনও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের জটিল অর্কেস্ট্রেশন।১৯২৫ সালের ১৯ নভেম্বর জন্ম। আজ তাঁর জন্মশতবর্ষের প্রেক্ষাপটে ফিরে দেখা যাক এমন এক শিল্পীকে, যাঁর সংগীতের ভাষা ছিল আন্তর্জাতিক, অথচ অনুভূতির শিকড় ছিল একেবারে মাটির কাছাকাছি।সংগীতের ভিত গড়ে উঠেছিল শৈশবেইসলিল চৌধুরীর সংগীতজীবনের সূচনা কোনও প্রথাগত সংগীতশিক্ষার প্রতিষ্ঠানে নয়, বরং পারিবারিক পরিবেশে। অসমের চা-বাগান অঞ্চলে তাঁর শৈশব কেটেছিল। তাঁর বাবা চিকিৎসক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরীর সংগ্রহে ছিল ভারতীয় ও পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের বহু রেকর্ড।ছোটবেলা থেকেই তিনি শুনতেন মোৎসার্ট, বিটোফেন, চাইকোভস্কি, শোপাঁর মতো বিশ্বখ্যাত সুরকারদের সৃষ্টি। অন্যদিকে চা-বাগানের শ্রমিকদের গান, অসমের লোকসংগীত এবং বাংলার গ্রামীণ সুরও তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।বাঁশি, হারমোনিয়াম, এসরাজ, বেহালা ও পিয়ানোর মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর ছিল স্বাভাবিক আকর্ষণ। বিশেষ করে সংগীতের কাঠামো বোঝার এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দকে একত্রে ব্যবহার করার অসাধারণ ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।পাশ্চাত্য সংগীতের সঙ্গে ভারতীয় সুরের মেলবন্ধনসলিল চৌধুরীর সংগীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাশ্চাত্য ও প্রাচ্যের সুরকে একসূত্রে বাঁধার অসাধারণ দক্ষতা। তিনি পাশ্চাত্য সংগীতের অন্ধ অনুকরণ করেননি। বরং তার হারমনি, কাউন্টার মেলোডি, অর্কেস্ট্রেশন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহারকে ভারতীয় সুরের আবহে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন, যা আগে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের সংগীতে খুব একটা দেখা যায়নি।তাঁর সংগীতে মোৎসার্টের প্রভাব যেমন স্পষ্ট, তেমনই রয়েছে হাঙ্গেরীয় লোকসুর, রুশ সংগীত এবং লাতিন আমেরিকার ছন্দের অনুষঙ্গ।১৯৬১ সালের হিন্দি ছবি ছায়ার ইতনা না মুঝসে তু পেয়ার বাড়া গানটির কথাই ধরা যাক। মোৎসার্টের ৪০তম সিম্ফনির সুরের অনুপ্রেরণায় তৈরি এই গানটি ভারতীয় চলচ্চিত্র সংগীতে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতের এক অনন্য উদাহরণ।আবার মধুমতীর দিল তড়প তড়প কে গানে শোনা যায় হাঙ্গেরীয় লোকসুরের প্রভাব। কাবুলিওয়ালার অ্যায় মেরে প্যারে ওয়তন গানে ফুটে উঠেছে এক ভিন্ন সাংগীতিক আবহ।তাঁর সংগীতে মূল সুরের পাশাপাশি অন্য বাদ্যযন্ত্রের চলমান সুরও সমান গুরুত্ব পেত। একে বলা হয় কাউন্টার মেলোডি। ফলে গান শুনতে শুনতে শ্রোতা যেন একাধিক সুরের আলাদা আলাদা গল্প আবিষ্কার করতে পারতেন। আমেরিকার বাদ্যযন্ত্রের দোকানে এক বিস্ময়কর ঘটনাসলিল চৌধুরীর জীবনের একটি ঘটনা তাঁর অসাধারণ বহুমুখী সংগীতপ্রতিভার পরিচয় দেয়।১৯৫৮ সাল। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি ভারতীয় বাদ্যযন্ত্রের দোকানে প্রবেশ করলেন সাধারণ পোশাক পরা এক ভারতীয় যুবক। দোকানের কর্মী ক্রিস্টিনা প্রথমে তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর ধারণা হয়েছিল, আর পাঁচজন কৌতূহলী ক্রেতার মতোই হয়তো এই যুবকও বাদ্যযন্ত্র দেখতে এসেছেন।যুবকটি দোকানে রাখা বিভিন্ন সেতার দেখলেন। কিন্তু কোনওটিই তাঁর পছন্দ হচ্ছিল না। শেষ পর্যন্ত দোকানের অনেক উঁচু তাকে রা একটি অত্যন্ত দামি ও বিশেষ ধরনের সেতারের দিকে তাঁর নজর পড়ল। তিনি সেটি নামিয়ে বাজিয়ে দেখতে চাইলেন।প্রথমে কর্মী ক্রিস্টিনা আপত্তি জানালেও দোকানের মালিক ডেভিড বার্নার্ডের অনুমতিতে শেষ পর্যন্ত সেতারটি নামানো হল।যন্ত্রটির তারে সুর বাঁধতে বাঁধতে যুবকটি জানালেন, দোকানে যেটিকে বস সেতার বলা হচ্ছে, ভারতীয় সংগীতের পরিভাষায় সেটি সুরবাহার।এরপর শুরু হল তাঁর বাজনা।কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতরে এবং বাইরে মানুষের ভিড় জমে গেল। তাঁর বাজনায় মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সংগীতপ্রেমীরা। দোকানের মালিক ডেভিড বার্নার্ড এগিয়ে এসে জানালেন, এমন অসাধারণ বাজনা তিনি আগে কেবল পণ্ডিত রবিশঙ্করের পরিবেশনায় শুনেছেন।তিনি যুবকটির পরিচয় জানতে চাইলেন। যুবকটি জানালেন, তিনি যন্ত্রটি কিনতে চান। কিন্তু তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে দোকানের মালিক সেটি তাঁকে উপহার দিতে চাইলেন।এখানেই শেষ নয়। দোকানের কর্মী ক্রিস্টিনা আবেগাপ্লুত হয়ে নিজের একটি ডলারের নোট এগিয়ে দিয়ে তাঁর অটোগ্রাফ চাইলেন। সেই নোটে সই করে নিজের নাম লিখে দিলেন যুবকটি।নামটি ছিল সলিল চৌধুরী।এই ঘটনার আরও একটি সুন্দর পরিণতি রয়েছে। সেই সুরবাহার পরবর্তীকালে তাঁর সংগীতসৃষ্টিতে ব্যবহৃত হয়। ১৯৫৮ সালে তৈরি হয় না যেয়ো না, রজনী এখনও বাকি। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি আজও বাংলা সংগীতের অমূল্য সম্পদ। পরবর্তী সময়ে গানটির হিন্দি সংস্করণও তৈরি হয়।একজন ভারতীয় সংগীতকারের প্রতিভা কীভাবে বিদেশের মাটিতেও মানুষকে মুগ্ধ করতে পারে, এই ঘটনাটি তারই এক স্মরণীয় উদাহরণ। গণসংগীত থেকে চলচ্চিত্রের রোমান্টিক সুরসলিল চৌধুরীর সংগীতজীবন শুধু চলচ্চিত্রের জনপ্রিয় গান দিয়ে শুরু হয়নি। ১৯৪০-এর দশকে তিনি যুক্ত হয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ-র সঙ্গে। সেই সময় তাঁর কলম ও সুরে উঠে এসেছিল সাধারণ মানুষের বঞ্চনা, কৃষকের সংগ্রাম, দুর্ভিক্ষ এবং শোষণের বিরুদ্ধে প্রতিবাদ।হেই সামালো ধান হো, বিচারপতি তোমার বিচার করবে যারা, ঢেউ উঠছে কারা টুটছে এই গানগুলি শুধুমাত্র সংগীত ছিল না, ছিল সময়ের প্রতিবাদী ভাষা।১৯৫৩ সালে বিমল রায়ের দো বিঘা জমিন ছবির সংগীত পরিচালনার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তাঁর যাত্রা নতুন মাত্রা পায়। এরপর মধুমতী, কাবুলিওয়ালা, ছায়া, আনন্দ, মেরে আপনে, রজনীগন্ধা এবং ছোটি সি বাত-এর মতো ছবিতে তিনি সৃষ্টি করেছেন একের পর এক স্মরণীয় সুর।বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান সমান গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে তাঁর অসংখ্য আধুনিক বাংলা গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।তাঁর সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, কিশোর কুমার, মহম্মদ রফি-সহ ভারতীয় সংগীতের বহু কিংবদন্তি শিল্পী। সুরের কোনও সীমানা হয় নাসলিল চৌধুরী ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সংগীত আজও জীবন্ত। বাংলা, হিন্দি, মালয়ালম-সহ একাধিক ভারতীয় ভাষার চলচ্চিত্রে তাঁর সৃষ্টির বিস্তার প্রমাণ করে, সংগীতের কোনও ভাষাগত সীমানা নেই।তাঁর কাছে সংগীত ছিল একদিকে মানুষের প্রতিবাদের হাতিয়ার, অন্যদিকে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশের মাধ্যম।তিনি দেখিয়েছিলেন, মোৎসার্টের সিম্ফনি, অসমের চা-বাগানের লোকসুর, বাংলার মাটির গান এবং ভারতীয় রাগসংগীত সবকিছুই একই সুরের সংসারে সহাবস্থান করতে পারে।তাই সলিল চৌধুরীকে শুধু একজন সুরকার বললে তাঁর পরিচয় অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন এমন এক সংগীত-স্থপতি, যিনি ভারতীয় চলচ্চিত্রের সুরের ভাষাকে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।তাঁর সুরে সময় থেমে থাকে না, বরং প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসে।তথ্যসূত্র1. আনন্দবাজার পত্রিকা অটোগ্রাফ দিলেন ডলারের উপর2. Sangeet Natak Akademi Salil Chowdhury.3. ThePrint Salil Chowdhury: So much more than a Hindi-Bengali film music composer.4. The Tribune Dharti Kahe Pukar Ke

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ দুর্যোগের আশঙ্কা বাড়ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে। বিশেষ নজরে রয়েছে পর্যটনকেন্দ্র পুরী। বৃহস্পতিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। আগামীকাল, শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গোপালপুরের আশপাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রকাশিত IMD-র বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিকেল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। সেই সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্র গোপালপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার এবং পুরী থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুর নাগাদ নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার ওড়িশার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। পুরী-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু স্থলভাগেই নয়, সমুদ্রেও পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার পূর্বাভাস রয়েছে।এমন পরিস্থিতিতে পর্যটকদের সমুদ্রসৈকতে না যাওয়ার এবং সমুদ্রে স্নান বা জলক্রীড়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী ও গঞ্জাম জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের সময় নিচু উপকূলবর্তী এলাকায় প্রায় ০.৫ থেকে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল বাড়ি, কাঁচা ঘর এবং সমুদ্রের কাছাকাছি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।সব মিলিয়ে শুক্রবার পুরী-সহ দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারাতে পারে বলে পূর্বাভাস। তবে তার আগে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং সমুদ্রের উত্তাল পরিস্থিতি নিয়ে সতর্ক থাকছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
রাজ্য

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দীঘায় দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই বৃষ্টি, সতর্ক প্রশাসন

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকার আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই দীঘা, মন্দারমণি-সহ বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় আকাশের মুখ ভার। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে সমুদ্র সৈকত। পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও পুলিশ।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি গোপালপুরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। তবে সরাসরি দীঘায় আছড়ে পড়ার পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন দীঘায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা ছিলই। সমুদ্র উত্তালও হয়েছে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।ইতিমধ্যেই দীঘা সৈকতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে।সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দীঘার পর্যটন ও উপকূলবর্তী জনজীবনে সতর্কতার আবহ তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৯, ২০২৬
খেলার দুনিয়া

দেশের মাটিতে শুরু এশিয়ায় হকির সেরার লড়াই, শিরোপা জয়ের লক্ষ্যে বিরাট চ্যালেঞ্জ ভারতীয় মহিলা দলের

ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই হকি প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এশিয়ার সেরা মহিলা হকি দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে প্রতিটি দল।ভারতীয় মহিলা হকি দলের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মাটিতে খেলার সুবিধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা। প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল।এবারের প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও এশিয়ার অন্যান্য শক্তিশালী দলগুলি শিরোপার লড়াইয়ে রয়েছে। প্রতিটি ম্যাচেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ, রক্ষণ এবং পেনাল্টি কর্নারের দক্ষতার উপর নির্ভর করবে দলগুলির সাফল্য।ভারতীয় মহিলা হকি দল সাম্প্রতিক বছরগুলিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। কোচিং স্টাফদের পরিকল্পনা এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এবারের প্রতিযোগিতায় ভারতের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারতীয় সমর্থকদের আশা, নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে ট্রফি জয় করবে দেশের মহিলা হকি দল। এখন দেখার বিষয়, প্রতিপক্ষদের চ্যালেঞ্জ সামলে ভারত শেষ পর্যন্ত কতটা সফল হতে পারে।এশিয়ান হকির মঞ্চে ভারতের এই অভিযান নিঃসন্দেহে দেশের ক্রীড়াপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে।

নভেম্বর ১৯, ২০২৬
দেশ

পুরীর সমুদ্রে ভয়াবহ ঢেউ, সৈকতে লাল পতাকা! ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। গতকাল সকাল থেকেই পুরীতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আজ থেকে পরিস্থিতি মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। পরের দিন সকাল থেকে জগন্নাথধাম পুরীতে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সমুদ্রের গর্জনে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। বিপদের আশঙ্কায় সৈকতে লাল পতাকা লাগানো হয়েছে। পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধ করেছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।পর্যটকেরা যাতে কোনও ভাবেই নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে না যান, তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন লাইফগার্ড ও প্রশাসনের কর্মীরা। পুরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং সৈকতে সতর্ক রয়েছেন দমকলকর্মীরাও। যে কোনও জরুরি পরিস্থিতি বা উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাঁদের।ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পুরী শহরের গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন এবং মন্দির পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।অন্য দিকে, ওড়িশা উপকূলের পাশাপাশি দিঘার কাছে তালসারি থানা এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। মাইক প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সচেতন করছেন প্রশাসনের কর্মীরা। মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরে যেতে এবং কোনও ভাবেই সমুদ্রে না নামতে বলা হচ্ছে।

নভেম্বর ১৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal