• ২৯ কার্তিক ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Died

দেশ

২৪ ঘণ্টায় করোনার বলি প্রায় সাড়ে তিন হাজার

রূপ বদলে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে করোনা ভাইরাস। মাত্র মাস খানেকের ব্যবধানেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে ৪ লক্ষের দোরগোড়ায় এসে হাজির। তারই মধ্যে ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেনের ঘাটতি মেটাতে নাজেহাল অবস্থা কেন্দ্রর। সব মিলিয়ে গত বছরের থেকেও ভয়ংকর অবস্থার সাক্ষী দেশবাসী। গত কয়েকদিনের মতো শুক্রবারও লাগামছাড়া সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল মৃতের সংখ্যা। আর বাড়তে থাকা অ্যাকটিভ কেস বুঝিয়ে দিল, কেন চতুর্দিকে অক্সিজেন এবং বেডের অভাব।এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর বেশিরভাগটাই যে মহারাষ্ট্রে, তা বলাই বাহুল্য। জুলাই ও গস্টে সেখানে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিতও দিয়ে রাখলেন বিশেষজ্ঞরা। একইভাবে উদ্বেগ বাড়াচ্ছে রাজধানী দিল্লিও। লকডাউনের মেয়াদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬-এ। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩,৪৯৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন।পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৫৩ লক্ষ ৮৪ হাজার ৪১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ১৫ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে করোনার নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১ মে থেকে আবার ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। আইসিএমআর-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ২০ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে শুধু বাড়তে থাকা সংক্রমণই নয়, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেনও।

এপ্রিল ৩০, ২০২১
বিদেশ

ইজরায়েলের তীর্থস্থানে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৪৪

ইজরায়েলে ইহুদি সম্প্রদায়ের এক তীর্থস্থানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪৪ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। শুক্রবারের এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে।প্রতিবছর উত্তর ইজরায়েলের মেরন পর্বতের পাদদেশে লাগ বাওমের নামের এক ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। সেখানেই রয়েছে ইহুদি সন্ত শিমন বার ইওচাইয়ের সমাধি। এবছরও ওই পবিত্র স্থানে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচগানের মাধ্যমে এই ধর্মীয় উৎসবটি পালন করে রক্ষণশীল ইহুদিরা। বিবিসি সূত্রে খবর, উৎসবে অংশগ্রহণকারী কয়েকজন মানুষ পা পিছলে পড়ে যাবার পরই এই ঘটনা ঘটে। একজন আরেকজনের ওপর এসে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থানেই ৩৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরও কয়েকজন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। এই বিষয়ে তিনি বলেন, এটা বড়সড় বিপর্যয়। আহতদের সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি।উল্লেখ্য, করোনা মহামারির কথা মাথায় রেখে বড়ো জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েল। তবে লাগ বাওমের উৎসবে সর্বোচ্চ ১০ হাজার মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেয় নেতানিয়াহু প্রশাসন। কিন্তু অভিযোগ, গোটা দেশ থেকে প্রায় ৩০ হাজার মানুষ উৎসবে অংশ নিতে আসেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সেখানে মোতায়েন ছিলেন অন্তত ৫ হাজার নিরাপত্তারক্ষী। বলে রাখা ভাল, প্রায় ১ কোটি জনসংখ্যার অর্ধেককেই টিকার সম্পূর্ণ ডোজ দিয়েছে ইজরায়েল। বাকিদেরও দ্রুত টিকাকরণ করা হবে। ফলে দেশটি করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই সাফল্য পেয়েছে।

এপ্রিল ৩০, ২০২১
দেশ

করোনায় প্রয়াত নরেন্দ্র মোদির কাকিমা

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে করোনার থাবা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর কাকিমা। করোনা আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। গুজরাতের আমদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন প্রধানমন্ত্রীর কাকিমা। নাম নর্মদাবেন (৮০)। দিন কয়েক আগে কোভিড আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হল তাঁর। তাঁর প্রয়াণের জেরে শোকস্তব্ধ গোটা পরিবার।প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর কাকিমা নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ তাঁর মৃত্যু হল।যদিও পরিবারের সদস্যের মৃত্যু নিয়ে এখনও প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এপ্রিল ২৭, ২০২১
কলকাতা

করোনা প্রাণ কাড়ল খড়দহের তৃণমূল প্রার্থীর

রাজনৈতিক মহলে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনায় মৃত্যু হল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। রবিবার সকালে বেলেঘাটা আইডি-তে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ষষ্ঠদফা ভোটের আগের দিন সকালে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে পৌনে দশটায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

এপ্রিল ২৫, ২০২১
দেশ

ফের অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালে ২০ কোভিড রোগীর মৃত্যু

অক্সিজেনের অভাবে ফের মৃত্যুর ঘটনা দিল্লিতে। জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার রাতে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। ওই হাসপাতালের শীর্ষস্তরের এক আধিকারিক শনিবার এই ঘটনার কথা জানিয়েছেন। অক্সিজেনের অভাব দিল্লিতে কী ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, তা ফের সামনে আনল এই ঘটনা।জয়পুর মেডিক্যাল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডিকে বালুজা বলেছেন, সরকারের তরফে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। সেই অক্সিজেন শুক্রবার বিকাল ৫টার মধ্যে আসার কথা ছিল। কিন্তু তা এসে পৌঁছয় মধ্যরাতে। ততক্ষণে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে অন্তত ২২৫ জন কোভিড রোগীর অবস্থা সঙ্কটজনক। তাঁদের সব সময়ের জন্য অক্সিজেন দরকার বলেও জানিয়েছেন ওই আধিকারিক। যদিও ওই সব রোগীকে পর্যাপ্ত সরবরাহ করার মতো অক্সিজেন মজুত নেই বলে জানান তিনি।এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। দিল্লির অধিকাংশ হাসপাতালে অক্সিজেনের অভাব প্রকট। শনিবার সকালে মূলচাঁদ হাসপাতাল কর্তৃপক্ষ একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের উদ্দেশে। সেই জরুরি বার্তার বিষয় অক্সিজেনের অভাব। সেখানে লেখা হয়েছে, জরুরি সাহায্য দরকার। যা অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে ২ ঘণ্টাও চলবে না। অথচ ১৩৫ জন রোগীর অবস্থা সঙ্কটজনক।

এপ্রিল ২৪, ২০২১
দেশ

নিঃশেষ অক্সিজেন, হাহাকার দিল্লির হাসপাতালে !

যত তীব্র হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, তত বেশি করে হাহাকার বাড়ছে অক্সিজেনের । বুধবারই দিল্লি হাই কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, ভিক্ষে করেই হোক কিংবা চুরি-ধার, যেমন করেই হোক অক্সিজেন জোগাতে হবে। ছবিটা যে কতটা ভয়াবহ তা পরিষ্কার হয়ে যাচ্ছে দিল্লির মাতা চনন দেবী হাসপাতালের পরিস্থিতি দেখে। দুশোর বেশি কোভিড রোগী ভর্তি রয়েছেন সেখানে। কিন্তু অক্সিজেন অপ্রতুল। স্বাভাবিকভাবেই রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। খারাপ অবস্থা রাজধানীর বহু ছোট হাসপাতালেরও। সেখানেই জোগান নেই অক্সিজেনের।গোটা দেশেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজধানী দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাব ঘিরে ক্রমেই বাড়ছে অস্বস্তি। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা দিল্লির। অভিযোগ, দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য রাজ্যে। বুধবার সন্ধ্যা থেকেই আরও খারাপ হয়েছে পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে অক্সিজেন ফুরিয়ে গিয়েছে মাতা চনন দেবী হাসপাতালে। রাত থেকেই অক্সিজেনের জোগানের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ডোজ অক্সিজেন এসে পৌঁছলেও পরিস্থিতি এখনও গুরুতর।একই রকম অভিযোগ রয়েছে অন্য হাসপাতালগুলিরও। এমনকী, ৫০ শয্যার ছোট হাসপাতালগুলিতেও অক্সিজেন ফুরিয়ে গিয়েছে। কেন্দ্রের তরফে বাওয়ানা নামের একটি জায়গায় অক্সিজেন সিলিন্ডার ভর্তি করার ব্যবস্থা করা হলেও তা পূর্ব দিল্লি থেকে বেশ দূরে। ফলে সেখানে পৌঁছনোও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গতকালই দিল্লি হাইকোর্ট সরকারকে মনে করিয়ে দেয়, গুরুতর অসুস্থ নাগরিকদের জীবনরক্ষা করা কেন্দ্রে দায়িত্ব। বিশেষ করিডর করে হোক কিংবা বিমানের মাধ্যমেই হোক, যাঁদের অক্সিজেন প্রয়োজন তাঁদের কাছে তা পৌঁছে দিতেই হবে।

এপ্রিল ২২, ২০২১
কলকাতা

স্তব্ধ হল কবিতার মুহূর্ত, প্রয়াত কবি শঙ্খ ঘোষ

স্তব্ধ হল কবিতার মুহূর্ত। চলে গেলেন কিংবদন্তি বর্ষীয়ান কবি শঙ্খ ঘোষ। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যেত না। শারীরিক অসুস্থতার কারণে একপ্রকার গৃহবন্দিই ছিলেন। বাইরে কোথাও বেরোতেন না। ঘরের মধ্যেও চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যেই করোনা আক্রান্ত হন ৮৯ বছর বয়সি কবি। গায়ে জ্বর থাকায়, পরীক্ষা করানো হয়েছিল। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, করোনা থাবা বসিয়েছে তাঁর শরীরে। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালালেও শেষরক্ষা হল না। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। বুধবার চলে গেলেন শঙ্খ ঘোষও।শুধুমাত্র কবি নন। বাংলা সাহিত্য জগতের স্তম্ভ ছিলেন শঙ্খ ঘোষ। তাঁর সাহচর্যে বহু নবীন লেখক, সাহিত্যিক, কবিরা সৃষ্টির প্রেরণা পেয়েছেন। আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার পাশাপাশি বাংলা ভাষা নিয়ে চর্চাও করে গিয়েছেন।দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে থেকে গান্ধর্ব কবিতাগুচ্ছ, কবির অভিপ্রায় তাঁর সৃষ্টি বাংলা সাহিত্য জগতে চিরকালীন সম্পদ হয়ে থেকে যাবে। সাহিত্য অ্যাকাডেমি, পদ্মভূষণের মতো সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। কবিতার খোঁজ যাঁরা বিশেষ রাখেন না, তাঁদের কাছেও তিনি ছিলেন পরিচিত। হাতের উপর হাত রাখা খুব সহজ নয় / সারা জীবন বইতে পারা সহজ নয় / এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে / সহজ কথা ঠিক ততটা সহজ নয় প্রবাদ হয়েই থেকে যাবে শঙ্খ ঘোষের লেখা এই পংক্তিগুলি।

এপ্রিল ২১, ২০২১
রাজ্য

রাজ্যে নতুন সংক্রমণ ১০ হাজার ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪৬

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। যা এখনও পর্যন্ত ১ দিনে আক্রান্তের নিরিখে সবচেয়ে বেশি। দৈনিক আক্রান্তের সংখ্যার মতোই মোট সংক্রমণের হারও সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশে।মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৯ জন। শুধুমাত্র কলকাতাতেই নতুন করে ২ হাজার ২৩৪ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। দৈনিক সংক্রমণের নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। ওই জেলায় নতুন আক্রান্ত ১ হাজার ৯০২ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬ লক্ষ ৭৮ হাজার ১৭২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।রাজ্য জুড়ে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি কোভিড রোগীদের মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক ভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৫ এবং কলকাতায় ১৩ জন মারা গিয়েছেন। মালদহে ৪, পশ্চিম বর্ধমান, হাওড়া, এবং হুগলিতে ২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৬৫২ জন কোভিড রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।আক্রান্তের সংখ্যায় নজির গড়লেও রাজ্য সরকারের তরফে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ অনেকটাই বাড়ানো হয়েছে। ওই সময়ের মধ্যে রাজ্যের ২ লক্ষ ১২ হাজার ৫৭০ জন বাসিন্দাকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। তবে তা সত্ত্বেও দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেট পৌঁছেছে ১৯.৬২ শতাংশে। প্রসঙ্গত, প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।দৈনিক টিকাকরণের মতোই কোভিড টেস্টের সংখ্যাও রবিবারের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৪৪টি কোভিট টেস্ট হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৯৯ লক্ষ ৩২২টি টেস্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।

এপ্রিল ২০, ২০২১
দেশ

দায়িত্ব থেকে অব্যাহতি চান বিহারের কোভিড হাসপাতালের সুপারিটেন্ডেন্ট

দেশে প্রথমবার করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলেই কোভিড হাসপাতালে বেডের সংখ্যার অপ্রতুলতা কিংবা অক্সিজেনের অভাবের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিহারের প্রথম কোভিড হাসপাতাল নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তীব্র অক্সিজেনের অভাব দেখা দেওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট।যেভাবে অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীরা ক্রমেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন তা দেখে উদ্বিগ্ন সুপারিনটেন্ডেন্ট ড. বিনোদকুমার সিং। স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিবকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, সমস্যা অত্যন্ত গভীর। রোগীদের মরতে হচ্ছে। এরপর সরকার আমাকে দায়ী করবে।কয়েকদিন আগে এক রোগীর মৃত্যুর পরে তাঁর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সংঘর্ষ বাঁধে। এক্ষেত্রেও অভিযোগের মূল কারণ অক্সিজেনের সরবরাহের অভাব।এই পরিস্থিতিতে সুপারিটেন্ডেন্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, তাঁর হাসপাতালের অক্সিজেনের নিয়ন্ত্রণ রয়েছে পাটনা জেলা প্রশাসনের হাতে। ফলে নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অক্সিজেন বহু সময়ই চলে যাচ্ছে অন্যান্য হাসপাতালে। এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক না হলে যে অচিরেই রোগীমৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কিত তিনি। আর তাই তাঁর আরজি, তিনি আর হাসপাতালের সুপারিটেন্ডেন্টের দায়িত্বে থাকতে চান না।

এপ্রিল ১৮, ২০২১
রাজ্য

করোনায় প্রয়াত প্রাক্তন বিধায়ক

মুরারইয়ের প্রাক্তন বিধায়ক আব্দুল রহমান করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। কলকাতার আরএন টেগোর হাসপাতালে মারা যান তিনি। প্রথমে তিনি মুরারই থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তারপর করোনা আক্রান্ত হলে তাঁর জায়গায় ওই আসন থেকে মোশারফ হোসেনকে প্রার্থী করে তৃণমূল।

এপ্রিল ১৮, ২০২১
রাজ্য

করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ, প্রয়াত জঙ্গিপুরের প্রার্থী প্রদীপ নন্দী

নির্বাচনের মাঝে ফের করোনা প্রাণ কাড়ল আরও এক প্রার্থীর। মারণ ভাইরাসে মৃত্যু হল মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। শুক্রবারই কোভিড-১৯-এর সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনি। আগামী ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল। এই আসনেই তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে প্রার্থী ছিলেন তিনি। ফলে এই কেন্দ্রেও স্থগিত হয়ে গেল নির্বাচন।পেশায় আইনজীবী ৭২ বছরের প্রদীপ নন্দী আরএসপির লোকাল সম্পাদক ছিলেন। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর জ্বরে আক্রান্ত হন তিনি। তারপরই বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধে ৬টা ৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আর এর জেরেই আপাতত স্থগিত হয়ে গেল সেই কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রদীপ নন্দীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সংযুক্ত মোর্চা শিবিরে। এর আগে করোনা প্রাণ কেড়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। গোটা রাজ্যে রোজই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই অতীত রেকর্ড ভাঙছে। এমন পরিস্থিতিতে আট দফাতেই ভোট হবে বলে নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এদিন নয়া নির্দেশিকা জারি করে কমিশন বলে দেয়, সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভোট প্রচার করতে পারবে না কোনও দল। করোনা সংক্রমণ রুখতেই এই নয়া সিদ্ধান্ত কমিশনের। কিন্তু এরই মধ্যে দুই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে যাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হল। কীভাবে, কবে সেখানে ভোটগ্রহণ হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এপ্রিল ১৬, ২০২১
দেশ

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর

প্রয়াত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ দিল্লিতে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন রঞ্জিত সিনহা। এমনকী শরীরে কোভিডের উপসর্গও দেখা দিয়েছিল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল তাঁর। আর করোনা সংক্রান্ত জটিলতার কারণেই মৃত্যু হয়েছে রঞ্জিত সিনহার। যদিও পরিবারের তরফ থেকে এই ব্যাপারে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।রঞ্জিত সিনহা চাকরিজীবনে বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র ডিজি, রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফের চিফ এবং সিবিআইয়ের পাটনা ও দিল্লি অফিসের অনেক উঁচু পদে দায়িত্বভার সামলেছেন। পরবর্তীতে সিবিআইয়ের ডিরেক্টরও হয়েছেন। ২০১২ সাল থেকে দুবছরের জন্য ওই দায়িত্ব সামলেছিলেন। যদিও ২০১৭ সালে কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রঞ্জিত সিনহার।

এপ্রিল ১৬, ২০২১
রাজ্য

করোনায় মৃত্যু কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উর্ধ্বমুখী মৃত্যুও। এবার করোনা প্রাণ কাড়ল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। ২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস। করোনার উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। প্রবল শ্বাসকষ্ট থাকায় বুধবার তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হল একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। এই মৃত্যুতে প্রশ্নের মুখে সামশেরগঞ্জের নির্বাচন। আপাতত ওই আসনে ভোটগ্রহণ বাতিল করা হবে, নাকি পিছিয়ে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। উল্লেখ্য, বাম-কংগ্রেস-আইএসএফের জোট বাঁধার পর আসনরফা নিয়ে জট তৈরি হয়েছিল। বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছিল বাম, কংগ্রেস উভয়েই। তার মধ্যেই একটি আসন সামশেরগঞ্জ। সেখানে বামেরা প্রার্থী করেছিল মোদাসসর হোসেনকে। এদিনে কংগ্রেস প্রার্থী করে রেজাউল হককে। জোটের জটিলতা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ মুহূর্ত পর্যন্ত চলে কাটাকুটির খেলা। বাকি আসনের সমস্যা মিটে গেলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আসনে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রস-আইএসএফ জোট কার্যকর হয়নি। ফলে ওই আসনে আলাদাভাবে প্রার্থী দিয়েছিলে বাম ও কংগ্রেস।

এপ্রিল ১৫, ২০২১
দেশ

টিকা নেওয়ার পরও মৃত্যু ১৮০ জনের!

দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ছে দেশের নানা প্রান্তে তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন কোনওভাবে দ্বিতীয়বার লকডাউনে যাবে না দেশ। বরং তিনি জোর দিয়েছেন টিকাকরণের উপরই। কিন্তু জানুয়ারির মাঝামাঝি থেকে টিকাকরণ শুরু হলেও তার বেশ কিছু নেতিবাচক প্রভাব সারা দেশে এখনও পর্যন্ত দেখা গিয়েছে। যা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসক ও গবেষকরা। মার্চের শেষ দিন পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে একটি রিপোর্টও পেশ করা হয়েছে।ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন বা এইএফআইয়ের একটি রিপোর্টে দেখা যাচ্ছে ৩১ মার্চ পর্যন্ত ১৮০ জনের মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেওয়ার পরও। এর মধ্যে ৭৫ শতাংশেরই মৃত্যু হয়েছে টিকা নেওয়ার তিন দিনের মধ্যে। শুরু থেকেই ভ্যাকসিন নেওয়ার পর প্রথম তিনদিনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন চিকিৎসক ও গবেষকরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন আর ভারতে টিকা নেওয়ার পর মৃত্যুর ক্ষেত্রে প্রচুর মিল দেখা গিয়েছে। সে কারণে ইউরোপীয় মেডিসিন এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মী কিংবা সাধারণ মানুষ, যাঁরাই টিকা নিচ্ছেন, তাঁদের মধ্যে রক্ত জমাট বাঁধা বা অনুচক্রিকা বা প্লেটলেট কম হওয়ার ঘটনা দেখা যাচ্ছে, তাদের সবই হচ্ছে দুসপ্তাহের মধ্যে। সেই বিষয়টিকেও নজরে রাখতে বলা হয়েছে। এখনও পর্যন্ত সারা দেশে ভ্যাকসিন নেওয়ার পর সাতশোটি গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। যাঁদের রক্ত জমাট বাঁধার সমস্যাই মূ্লত ধরা পড়েছে।টিকাকরণের পর এত মানুষের মৃত্যুর খবর যে রীতিমতো গুরুতর সমস্যার বিষয়, তা নিয়ে সংশয় নেই। কারণ, টিকাকরণ শুরু হলেও এখনও দেশের একটা বড় অংশের মানুষের এখনও টিকার প্রতি অনীহা রয়েছে। যে কারণে, দেশের টিকাকরণের অভীষ্ট লক্ষ্যে সরকার এখনও পৌঁছাতে পারেনি। শুধুমাত্র গুজরাত এবং ছত্তিশগড় ছাড়া আর কোনও রাজ্যেই ২০ শতাংশ মানুষকে এখনও টিকা দেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রের দাবি, সরকারের কাছে এখনও যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন মজুত আছে। শুধুমাত্র মানুষের আগ্রহ কম থাকায় টিকাকরণের হার কম। ভ্যাকসিন নেওয়ার পর একের পর এক মৃত্যু যে মানুষের আগ্রহ আরও কমাবে তাতে সংশয় নেই।

এপ্রিল ১০, ২০২১
দেশ

চোর সন্দেহে ব্যাপক মারধর, ঝাড়খণ্ডে মৃত্যু মুসলিম যুবকের

ফের সামনে এল গণপিটুনিতে খুনের ঘটনা। চোর সন্দেহে মুবারক খান নামে এক মুসলিম যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হল ঝাড়খণ্ডে। আর সেই মারের চোটেই মৃত্যু হল তাঁর। আর এই ঘটনাই ফের উস্কে দিল তবরেজ আনসারির স্মৃতি। দুবছর আগে ঝাড়খণ্ডেই গণপিটুনির জেরে মারা গিয়েছিলেন তিনি। জয় শ্রীরাম না বলায় মারধর করা হয়েছিল তাঁকে।শনিবার রাতে ঝাড়খণ্ডের সিরকা গ্রামে ঘটনাটি ঘটেছে। আদতে মহেশপুর গ্রামের বাসিন্দা হলেও, সেদিন ওই গ্রামে গিয়েছিলেন ২৬ বছর বয়সি মুবারক। স্থানীয়দের অভিযোগ, মোটরবাইকের ব্যাটারি এবং চাকা চুরির সময় তাঁকে নাকি হাতেনাতে ধরেন স্থানীয়রা। এরপরই বিদ্যুতের খুঁটিতে বাঁধা হয় মুবারককে। তারপরই চলে বেদম প্রহার। আর তাতেই মারাত্মকভাবে আহত হন ওই যুবক। এরপর খবর পেয়ে ভোর ৩টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে মারা যায় মুবারক। এরপরই আধিকারিকরা মৃতদেহটি পুলিশ স্টেশনে নিয়ে যান। তারপরই সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাঁচির পুলিশ সুপার নৌশাদ আলম জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।এই ঘটনার কথা জানতে পেরেই মৃত যুবকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মিথ্যে অভিযোগে মুবারককে মারা হয়েছে, এমনই দাবি তাঁর পরিবারের লোকজনের। এদিকে, ভাইয়ের মৃত্যুর পরই ১৯ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মুবারকের দাদা তাবারক খান। এছাড়া ১৫ থেকে ২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামও রয়েছে এফআইআরে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে এই ঘটনায় জড়িত থাকায় আটকও করা হয়েছে।

মার্চ ১৫, ২০২১
রাজ্য

ভ্যাকসিন নেওয়ার পরই রাজ্যে দু’জনের মৃত্যু!

করোনার টিকা নেওয়ার পর রাজ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। মৃত দুজনেরই ময়নাতদন্ত হয়েছে। তবে স্বাস্থ্যদপ্তরের প্রাথমিক ধারণা, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নয়, অন্য কোনও সমস্যা ছিল দুজনেরই। তাতেই মৃত্যু হয়েছে।রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, মৃত দু জনের নাম পারুল দত্ত (৭৫) এবং কৃষ্ণ দত্ত (৬০)। দুজনেরই বাড়ি উত্তরবঙ্গে। পারুল দত্ত ও কৃষ্ণ দত্ত কোভিশিল্ডের টিকা নেন। গত ৮ মার্চ টিকা নিয়েছিলেন পারুল দত্ত। তিনি দার্জিলিং জেলার বাসিন্দা। ঠিক পরদিনই টিকা নেন কৃষ্ণ দত্ত। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর কৃষ্ণ বাড়ি চলে যান। কিন্তু কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যা নাগাদ ডায়রিয়া ও অন্যান্য সমস্যা নিয়ে তাঁকে খরিবাড়ি ব্লকের বাতাসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয়।এদিকে আবার ধুপগুড়ির হসপিটাল রোডের বাসিন্দা বৃদ্ধ কৃষ্ণবাবু টিকা নেওয়ার পর হঠাৎ অসুস্থ বোধ করেন। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাতেই তাঁর বমি হয়। পরদিন শ্বাসকষ্ট আরও তীব্র হয়। কোনওরকম চিকিৎসা শুরুর আগেই ভোরে তাঁর মৃত্যু হয়। জেলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তা্ঁর দেহের ময়নাতদন্ত হয়েছে।

মার্চ ১১, ২০২১
কলকাতা

ঝলসে মৃত্যু রেলের আধিকারিক ও তাঁর রক্ষীর

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের কয়লাঘাট ভবনের অগ্নিকাণ্ডে পূর্ব রেলের সেই আধিকারিকের মৃতদেহ উদ্ধার হল ১২ তলা থেকে। ৩ তলায় অফিস ছিল। একটি লিফটের মধ্যে উদ্ধার হয় ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) পার্থসারথি মণ্ডল এবং তাঁর রক্ষী সঞ্জয় সাহানির দেহ। অন্য লিফ্টে মেলে ৪ দমকলকর্মী-সহ ৭ জনের দেহ।দমকলের তদন্তকারী অফিসারদের সূত্রে খবর, লিফটের মধ্যে আটকে ঝলসে, দমবন্ধ হয়ে মারা গিয়েছেন ডেপুটি সিসিএম ও তাঁর রক্ষী। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে তাঁরা মন্তব্য করতে নারাজ। জানা গিয়েছে, ওই আধিকারিক বসতেন কয়লাঘাট ভবনের ৩ তলায়। তবে অফিসের কাজে সর্বত্রই যাতায়াত করেতে হত তাঁকে। হতে পারে সোমবার রাতে অগ্নিকাণ্ডের সময় কোনও কাজে ১২ তলায় গিয়েছিলেন তিনি। এটাও হতে পারে যে, আগুন লাগার আগে থেকেই তিনি অফিসের কাজে ১২ বা ১৩ তলায় ছিলেন। উপরে ওঠার সময় তিনি অগ্নিকাণ্ডের খবর জানতেন না, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগুন দেখে তাড়াহুড়ো করে লিফ্টে নামার চেষ্টা করেন। অথবা লিফ্টে উপরে ওঠার পর আর সেখান থেকে বেরোতেই পারেননি। যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে যায় লিফ্ট। ফলে লিফটের দরজাও খুলতে পারেননি। অবশেষে আগুনের করাল গ্রাসে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তিনি ও অন্যান্যরা।

মার্চ ০৯, ২০২১
দেশ

নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে লস্কর-ই-তইবার দুই জঙ্গি খতম হল। পাশাপাশি ধরা পড়ল তাদের এক সহযোগী। ঘটনাটি ঘটেছে সুরানকোটে এলাকার চট্টপানি-দুগরান গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে সন্ত্রাসবাদীদের ডেরা ঘিরে ফেলেছিল নিরাপত্তাবাহিনী। তারপর জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। রবিবার সকাল থেকে তীব্র গুলিযুদ্ধ শুরু হয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দুগরানের মুঘল রোড এলাকায়। শেষ পর্যন্ত দুই জঙ্গিকে খতম করা হয় আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পড়ুন ঃ করোনায় আক্রান্ত জেপি নাড্ডা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের মধ্যে একজন স্থানীয় ও দুজন বিদেশি। তিনদিন আগে তারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকেছিল। জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার যৌথ অভিযান চালানোর ছক ছিল। জম্মু ও কাশ্মীরের স্থানীয় নির্বাচনে ঝামেলা পাকানোর পরিকল্পনা কষেছিল।

ডিসেম্বর ১৪, ২০২০
রাজ্য

প্রয়াত রাধিকারঞ্জন প্রামাণিক, শোকপ্রকাশ মমতার

প্রয়াত হলেন একদা সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেওয়া রাধিকারঞ্জন প্রামাণিক। বার্ধক্যজনিত অসুস্থতায় ৮৮ বছর বয়সে রবিবার ভোরে মথুরাপুরের পাঁচ বারের সাংসদের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবারকে জানিয়েছেন সমবেদনা। মথুরাপুর লোকসভায় ১৯৮৯ থেকে শুরু করে ১৯৯৯ সাল পর্যন্ত বাম প্রার্থী হিসেবে টানা পাঁচ বার জিতেছেন রাধিকারঞ্জন। কিন্তু ২০০৩ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হন এবং পরের বছর তৃণমূলে যোগ দেন তিনি। ২০০৪ সালে তৃণমূলের টিকিটে মথুরাপুর থেকে দাঁড়ালেও জিততে পারেননি। হেরে যান বাম প্রার্থী বাসুদেব বর্মনের কাছে। তারপর আর টিকিট পাননি। সাংসদ হওয়ার আগে দুদফায় পর পর তিন বার করে মোট ছবার মগরাহাট পূর্ব কেন্দ্রের বিধায়ক ছিলেন রাধিকারঞ্জন। প্রসঙ্গত, ২০০৩ সালের মে মাসে দুর্নীতি এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে তাঁকে বহিষ্কার করে সিপিএম। যদিও রাধিকারঞ্জনের অভিযোগ, সাংসদ উন্নয়ন তহবিলের টাকা পার্টির কাজে লাগাতে চেয়েছিল দল। সেই টাকা না দেওয়াতেই দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আরও পড়ুন ঃ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বটতলার উকিল বলে কটাক্ষ দিলীপের রাধিকারঞ্জনের প্রয়াণে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, দরিদ্র পরিবারের সন্তান রাধিকা তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের সেবা করেছেন। পরিণত বয়সে প্রথাগত বামপন্থী রাজনীতি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দিয়ে বৃহত্তর গনতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছিলেন। সেই সূত্রে তিনি আমার ঘনিষ্ঠ দলীয় সহকর্মী ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক রাধিকারঞ্জনের মৃত্যু রাজনীতির জগতে বড় ক্ষতি বলেও উল্লেখ করেছেন মমতা।

ডিসেম্বর ১৩, ২০২০
রাজ্য

উলেন রায়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

উলেন রায়ের মৃত্যুতে এবার সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি। মঙ্গলবার উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বনধ ডাকে বিজেপি। এদিন সকাল থেকেই বনধকে সফল করতে শিলিগুড়ির রাজপথে মিছিল করে বিজেপির একাধিক সাংসদ, রাজ্য ও জেলা নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন সায়ন্তন বসু, সাংসদ রাজু বিস্তা, নিশিথ প্রামাণিক এবং অগ্নিমিত্রা পাল সহ বিজেপির জেলার অন্যান্য কার্যকর্তারা। এই মিছিল থেকেই মৃত বিজেপি কর্মীর উলেন রায়ের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা। এই দাবিতে অবিলম্বেই হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি এমনটাও জানান তিনি। এদিন উলেন রায়ের ময়নাতদন্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। পাশাপাশি গোটা ঘটনার সিবিআই তদন্ত চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছেন বিজেপি সাংসদরা। এই প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে উলেন রায়ের। প্রমান লোপাট করতেই রাতের অন্ধকারে ময়নাতদন্ত করেছে প্রশাসন। যদিও রাজ্যপুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে যে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শটগানের গুলিতেই মৃত্যু হয়েছে উলেন রায়ের। পুলিশ শটগান ব্যবহার করে না। বিক্ষোভকারীদের মধ্যেই কেউ শটগান এনেছিলেন এবং খুব কাছ থেকেই গুলি ছোঁড়া হয়েছে। আরও পড়ুন ঃ বিজেপি নিজে খুন করে বলছে পুলিশ মেরেছেঃ মমতা অন্যদিকে, উলেন রায়ের মৃত্যু নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্ত শেষ করে রাতারাতি দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় পরিবারকে। এমন অভিযোগ মৃতের পরিবারের। তবে এই অবস্থায় দেহ বাড়ি নিয়ে যেতে অস্বীকার করেন উলেন রায়ের পরিবার। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। তাঁদের অভিযোগ, ময়নাতদন্ত হয়ে গিয়েছে জানিয়ে তাঁদের মুচলেকা লিখতে বলা হয় পুলিশের তরফে। মুচলেকায় অজ্ঞাত পরিচয়ের দেহ লিখতে বলায় তাঁরা দেহ নিতে অস্বীকার করেন। মৃতের পরিবারের অভিযোগ, সাদা কাগজে পুলিশের লেখা বয়ানেই জোর করে সই করতে হয়েছে তাঁদের। এমনকি মুচলেকায় উলেন রায়কে বিজেপি কর্মী বলে উল্লেখ করা হয়নি। রাতে কেন ময়নাতদন্ত হল? পাশাপাশি বাড়ি নিয়ে যাওয়ার চাপ কেন এমন একাধিক অভিযোগ জানিয়ে ফের দেহের ময়নাতদন্তের দাবি করেছে উলেন রায়ের পরিবার। এছাড়াও উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের যাবতীয় দায়িত্ব নিল উত্তরবঙ্গের বিজেপির চার সাংসদ। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের মেনঘোড়া গ্রামে যান কোচবিহারে বিজেপি সাংসদ, নিশিথ প্রামানিক, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, দার্জিলিং -এর সাংসদ রাজু বিস্তা, বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। এদিন মৃতের পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা হয় বিজেপির পক্ষ থেকে। এছাড়াও ওই পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

ডিসেম্বর ০৮, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • ›

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

পিছিয়ে পড়েও বাজিমাত! পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

ফুটবলের মহারণে ফের পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের জন্য চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফের খেতাব নিজেদের দখলে রাখল ব্লু টাইগার্স। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে পাকিস্তান। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। প্রথমার্ধের সংযুক্ত সময়ে, ৪৫+১ মিনিটে আলমগির গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। ফলে বিরতিতে ১-০ গোলে পিছিয়ে ছিল ভারত।দ্বিতীয়ার্ধে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রিসন ফার্নান্ডেজকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন জুনেইদ শাহ। ফলে বাকি সময় দশ জনে খেলতে বাধ্য হয় পাকিস্তান।এই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি ভারত। লাল কার্ড দেখার ঠিক পরের মিনিটেই, অর্থাৎ ৬০ মিনিটে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। খেলার শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে ৮৮ মিনিটে সন্দীপ নন্দীর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। ২-১ গোলে এগিয়ে যায় ভারত।শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি পাকিস্তান। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় ভারতীয় ফুটবলারদের উচ্ছ্বাস। এই জয়ের ফলে সাফ চ্যাম্পিয়নশিপে দশমবারের মতো শিরোপা জিতল ভারত। প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয় নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা

রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

নভেম্বর ১৭, ২০২৬
খেলার দুনিয়া

ধোনির বিদায়ের ‘মহেন্দ্রক্ষণ’! আইপিএলকে বিদায় জানিয়ে নতুন ইনিংসে ক্যাপ্টেন কুল

শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন কুল।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন থালা।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য এলাকায়

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাঁরা এখানে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর চড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম রুহুলশেখ এবং মনিরুল শেখ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কী উদ্দেশ্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর ১৭, ২০২৬
রাজনীতি

২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনঃ আসন ভাগাভাগি নিয়ে সপা-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ শুরু হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ১৮১টি আসনে লড়াই করার দাবি জানিয়েছে কংগ্রেস। যদিও কংগ্রেসের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির সাংসদ শিবপাল সিং প্যাটেল। তাঁর স্পষ্ট বক্তব্য, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। তাঁর মতে, ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে কংগ্রেসের সমঝোতা করা উচিত।কংগ্রেসের দাবি নিয়ে প্রশ্ন তুললেন সপা সাংসদ শিবপাল সিং প্যাটেল। সপা সাংসদ বলেন, কংগ্রেস ১৮১টি আসনের দাবি জানালেও এখনও আসন বণ্টন চূড়ান্ত হয়নি। দলটি শুধুমাত্র তাদের দাবির তালিকা জমা দিয়েছে। আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। প্যাটেলের মতে, কংগ্রেসকে ১০০টির কম আসন দেওয়া উচিত। ৫০ থেকে ৬০টি অথবা সর্বোচ্চ ৬৫টি আসনে সমঝোতা করে নেওয়া উচিত কংগ্রেসের।উত্তরপ্রদেশে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ২ জন বিধায়কয। তাহলে এত আসনের দাবি উঠছে কেন? এই নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের আসন দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শিবপাল সিং প্যাটেল বলেন, উত্তরপ্রদেশ বিধানসভায় বর্তমানে কংগ্রেসের মাত্র দুজন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির অবস্থান অনেকটাই শক্তিশালী। তিনি বলেন, কংগ্রেসের বর্তমান রাজনৈতিক শক্তির নিরিখে ৫০টি আসন পাওয়ার অধিকারও তাদের নেই। সেখানে ১৮১টি আসনের দাবি করা কোনওভাবেই যুক্তিসংগত নয়। তাঁর আরও বক্তব্য, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দিলে নির্বাচনে দলের সম্পদের অপচয় হতে পারে।এমন আসন বন্টন হলে সপা কর্মীদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে, বলছে সপা নেতৃত্ব। শিবপাল সিং প্যাটেল বলেন, আসন বণ্টনের সময় দলের তৃণমূল স্তরের কর্মীদের পরিশ্রমকেও গুরুত্ব দিতে হবে। সমাজবাদী পার্টির কর্মীরা পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘু (PDA) সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পঞ্চায়েত ও তৃণমূল স্তরে ধারাবাহিকভাবে কাজ করে গোটা রাজ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর মতে, কংগ্রেসকে প্রয়োজনের তুলনায় বেশি আসন দেওয়া হলে সমাজবাদী পার্টির কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ অখিলেশ যাদবের নেতৃত্ব এবং তাঁর জনকল্যাণমূলক প্রকল্পগুলির পাশে রয়েছেন।১৭ নভেম্বর সপা-কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুই দলের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য ১৭ নভেম্বর প্রবীণ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই আসন সংখ্যা এবং জোটের চূড়ান্ত সমীকরণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। অখিলেশ বার্তা দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে মিলেই নির্বাচনে লড়ব। এর আগে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, দুই দল একসঙ্গেই বিধানসভা নির্বাচনে লড়াই করবে।দুই দলের মূল লক্ষ্য হল রাজ্যের শাসক দল বিজেপিকে পরাজিত করা। আসন দাবি নিয়ে দুই দলের মধ্যে বড় ব্যবধান থাকলেও জোট বজায় রাখার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি জোটের বৃহত্তম শরিক দল। ফলে আগামী আলোচনায় আসন বণ্টন নিয়ে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে পারে সপা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট ৪৩টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেস ৬টি আসনে জয়ী হয়েছিল। এই সাফল্য দুই দলের জোটকে আরও শক্তিশালী করেছিল।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৩৯৯টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু জয় পেয়েছিল মাত্র ২টি আসনে। এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। অন্যদিকে, ২০২২ সালের নির্বাচনে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১১১টি আসনে জয়লাভ করেছিল। ২০১৭ সালে সপা পেয়েছিল ৪৭টি আসন।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

যাত্রা দেখতে গিয়ে ভয়াবহ ঘটনা! পুরুলিয়ায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত মাজরামুড়া গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করার কথা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রার অনুষ্ঠান ছিল। এক পরিচিতের আমন্ত্রণে সেখানে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, রাতের অন্ধকারে তিন যুবক তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় ওই কিশোরী।এর পর সোমবার নির্যাতিতার বাবা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে তিন জনকে আটক করা হয়। পরে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম সুদীপ মাণ্ডি, রাজেশ মাণ্ডি, সগুন মুর্মু, মেঘনাথ মাণ্ডি, সুশান্ত মাণ্ডি এবং বিনন্দ সোরেন। তাঁরা প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সুদীপ মাণ্ডির সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ইতিমধ্যেই নির্যাতিতার চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে।নারী নির্যাতনের ঘটনায় কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে পুলিশের উপর। পুরুলিয়ার এই ঘটনার ক্ষেত্রেও তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’! বুধবার থেকেই ভিজবে বাংলার একাধিক জেলা, শীতেও বাধা?

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে আরও শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। সব ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। এর প্রভাব পড়বে বাংলার আবহাওয়াতেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগমনও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।পুজোর পর থেকেই বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। এর আগে অর্ণব ও মুরাসু-র পর এ বার নজর কাড়ছে ঘূর্ণিঝড় আকভান। তবে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা নেই। আবহবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনি এলাকার কাছাকাছি উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হতে পারে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রঝড় ও বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।তবে আপাতত মৎস্যজীবীদের জন্য বিশেষ কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আবহাওয়া দফতর। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।আকভান নামটি দিয়েছে ইরান। শব্দটির অর্থ অশুভ শক্তি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। ফলে শীতের অপেক্ষায় থাকা বাংলার মানুষের কাছে আগামী কয়েক দিন আবহাওয়ার এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৭, ২০২৬
রাজ্য

মোথাবাড়ি কাণ্ডে ফের বড় পদক্ষেপ এনআইএ-র! এবার তলব সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে

মোথাবাড়ি-কাণ্ডে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আবারও তলব করল এনআইএ। শুধু সাবিনা নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন একদল মানুষের অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে মোথাবাড়ির বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষজন। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে হেনস্তার ঘটনায় তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে।এই ঘটনার তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেদিন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি সেখানে যাননি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।এ বার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনের বক্তব্য জানতে চায় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে তাঁদের কী ভূমিকা বা কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

নভেম্বর ১৭, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal