দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোয় বৃষ্টির কারণে কিছুটা হলেও সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। তবে কালীপুজোয় আকাশ পরিষ্কার থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মেনেই কালীপুজোর সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে ঝলমলে রোদ। সেই সঙ্গে কিছুটা কমেছে তাপমাত্রাও। ফলে শীতের আমেজ আসার অপেক্ষায় রয়েছেন অনেকে। তবে এখনই কি রাজ্যে শীতের প্রবেশ ঘটবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহ থেকেই ফের বদলাতে পারে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার ও বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোর পরেই ফের ভিজতে পারে রাজ্যের বিভিন্ন এলাকা। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কমতে পারে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সেদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের সমতলের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
সব মিলিয়ে কালীপুজোর পরেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আপাতত তাপমাত্রা কমলেও বৃষ্টির কারণে শীতের আমেজ আসতে আরও কিছুটা দেরি হতে পারে। এখন নজর বৃহস্পতিবারের পর আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে।
- More Stories On :
- Weather Update
- West Bengal
- Kali Puja

