অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে কালীপুজোর আগে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই রাজ্যের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও কম। শুধু তাই নয়, সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা। ফলে ভূত চতুর্দশী ও কালীপুজোর রাতে মিলতে পারে মনোরম আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে রাতের দিকে কিছুটা ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলির আবহাওয়ায় পরিবর্তন দেখা গিয়েছে। কখনও আকাশ মেঘলা থাকছে, আবার কখনও রোদ উঠছে। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে ভূত চতুর্দশী ও কালীপুজোর রাতে বৃষ্টির কারণে উৎসবের আনন্দে ব্যাঘাত ঘটার আশঙ্কা আপাতত নেই।
তবে কালীপুজো মিটলেই ফের বদলাতে পারে আবহাওয়া। সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে পূর্বাভাস। ফলে উৎসবের পর ফের বৃষ্টির মুখে পড়তে পারে শহর ও আশপাশের এলাকা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র ০.২ মিলিমিটার। সব মিলিয়ে কালীপুজোর আগে আবহাওয়া ধীরে ধীরে মনোরম হওয়ার ইঙ্গিত মিলছে।
- More Stories On :
- Weather Update
- Winter
- Kalipuja

